স্বপ্নভরা দিন, স্বপ্নভরা রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে সন্ধানী প্রকাশনীর সংবর্ধনা অনুষ্ঠানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে রূপসী বাংলা হোটেল) বক্তৃতারত জহির রায়হান। মঞ্চে বাঁ থেকে কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান ও গাজী শাহাবুদ্দিন আহমেদ
শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে সন্ধানী প্রকাশনীর সংবর্ধনা অনুষ্ঠানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে রূপসী বাংলা হোটেল) বক্তৃতারত জহির রায়হান। মঞ্চে বাঁ থেকে কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান ও গাজী শাহাবুদ্দিন আহমেদ

বায়ান্নের একুশে আমাদের উত্থানের সূচনা। এর পরপরই শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে উপচে পড়ে নবীন সৃজনশীলতা। পঞ্চাশ-ষাটের দশকে এর দুর্বার স্রোত আমাদের মন এক নতুন চেতনায় উজ্জীবিত করে। জাতি উন্মুখ হয়ে ওঠে আত্মপ্রতিষ্ঠার স্বপ্নে। এই লেখা সেই স্বপ্নময় দিনগুলোরই প্রতিচ্ছবি।

‘নারীর স্বপ্ন’, জলরং, শিল্পী: কামরুল হাসান
‘নারীর স্বপ্ন’, জলরং, শিল্পী: কামরুল হাসান

বিশ শতকের পঞ্চাশ-ষাটের দশকে কৈশোর আর যৌবনের মাঝামাঝি যখন, তখন পারিবারিকভাবে বামপন্থী রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠছিলাম। সেই সময় স্বপ্নের জগৎজুড়ে ছিল কবিতা, গান, চিত্রকলা আর খেলার মাঠ। স্কুলজীবনে পড়াশোনা নিয়ে বাড়তি কোনো আকর্ষণ ছিল না। স্কুলে যেতে হয়, পড়তে হয়, যতটুকু না করলেই নয়, ততটুকুই করেছি। এভাবেই ১৯৬১ সালে নবাবপুর সরকারি হাইস্কুল থেকে মাধ্যমিক শেষে ঢাকা কলেজে প্রবেশ করি। ওই বছরের একদম শেষ সময়ে গোপন সাম্যবাদী দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ি।

বামপন্থী রাজনীতির সঙ্গে যোগাযোগের সূত্রেই ১৯৬২-র ঐতিহাসিক ছাত্র আন্দোলনে ফেব্রুয়ারির শুরুর দিন থেকে প্রতিটি কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছি। এভাবে উনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ছাত্ররাজনীতির বড় বড় নানা কার্যক্রমে অংশ নিয়েছি। লিফলেট লেখা ও ছাপানো, পোস্টার লাগানো, চিঠিপত্র কপি করা, সংগঠনের নানা কাজ, গোপন ও প্রকাশ্য বৈঠক আয়োজন এবং বিভিন্ন রকম কর্মসূচি প্রণয়নসহ উত্তাল দিনগুলোর অশান্ত মিছিলে সরাসরি অংশগ্রহণ করেছি। ধীরে ধীরে সে সময়ের ছাত্রনেতাদের সঙ্গে পরিচয় হয়েছে, যোগাযোগ বেড়েছে এবং তাঁদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। সেই দিনগুলো আর রাতগুলো কেটেছে অবিশ্বাস্য এক স্বপ্নময় উদ্দীপনার মধ্য দিয়ে।

‘একুশের শহীদ’, ছাপচিত্র শিল্পী: মুর্তজা বশীর
‘একুশের শহীদ’, ছাপচিত্র শিল্পী: মুর্তজা বশীর

’৬২-র সেই ছাত্র আন্দোলনই আমাদের ভবিষ্যৎ জীবনের পথযাত্রার লক্ষ্য নির্ধারিত করে দিয়েছিল। ভেতরে ভেতরে শোষণহীন এক সমাজ নির্মাণের স্বপ্নে বিভোর ছিলাম। সে লক্ষ্য ছিল জীবনের সব বাধা ভেঙে এগিয়ে যাওয়া ও মানুষের কল্যাণে নিজেকে যুক্ত করা; পতন-অভ্যুদয়-বন্ধুর পথ সত্ত্বেও সেই যাত্রা থেমে নেই আজও।
’৬২-র ছাত্র আন্দোলনের সময়টাতেই আমরা কবিতা, রবীন্দ্রনাথের গান আর গণসংগীতের প্রতি বেশ আগ্রহী হয়ে পড়ি। সুকান্ত ভট্টাচার্য আর সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় আমরা স্বপ্নের কণ্ঠস্বর শুনতে পাই। একই সঙ্গে আলতাফ মাহমুদ, শেখ লুৎফর রহমান প্রমুখের গানে উজ্জীবিত হই। সে সময় আমাদের কাছে রবীন্দ্রনাথের গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ হয়ে ওঠে অপরিমেয় অনুপ্রেরণার উৎস।

নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের হাতে লেখা কবিতার কপি ‘বুক তার বাংলাদেশের হূদয়’
নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের হাতে লেখা কবিতার কপি ‘বুক তার বাংলাদেশের হূদয়’

’৬২-র পর ’৬৩ এবং তার পর থেকে প্রতি একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস উপলক্ষে সংকলন প্রকাশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়ে পড়ি। ফলে লেখক-কবি-শিল্পীদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। তখন কবিতা লিখি। কবিতা পাঠ করি। এখনো মনে পড়ে ’৬৩-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একুশের অপরাহ্নে প্রথম স্বরচিত কবিতা পাঠের কথা।
’৬৪-র একুশে ফেব্রুয়ারিতে ডাকসুর উদ্যোগে একুশের প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শহীদ মিনারে। সেই অনুষ্ঠানের প্রস্তুতির সব কাজে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়ি। সামনাসামনি বসে আলতাফ মাহমুদ, জাহেদুর রহীম, অজিত রায়, ফাহমিদা খাতুনদের দেখি, তাঁদের সঙ্গে পরিচিত হই। একই সঙ্গে সে সময়ের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তি ওয়াহিদুল হক আর কামাল লোহানীর সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে উঠি। সেই সব দিনে ঢাকার রাজপথের সব আন্দোলন কর্মসূচি আর গভীর রাত পর্যন্ত গোপন রাজনৈতিক দলের কার্যক্রম একসঙ্গে চলেছে প্রতিদিন। সে এক আশ্চর্য উজ্জ্বল সময় আমাদের জীবনের!

মোহাম্মদ কিবরিয়ার অটোগ্রাফ
মোহাম্মদ কিবরিয়ার অটোগ্রাফ

সেই সময় থেকেই সব রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এরই সুবাদে যেমন বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তেমনি সংকলন প্রকাশ আর সেমিনারও করেছি। এসব কাজের সঙ্গে আমরা দেশের সেরা কবি, লেখক, গায়ক ও চিত্রশিল্পীদের যুক্ত করতে পেরেছিলাম।
ওই দিনগুলোতে লেখা ও পরামর্শ দিয়ে অব্যাহতভাবে সাহায্য করেছেন জসীমউদ্দীন, সুফিয়া কামাল, রণেশ দাশগুপ্ত, শহীদুল্লা কায়সার, সন্তোষ গুপ্ত, শামসুর রাহমান, জহির রায়হান, আনিসুজ্জামানসহ সেরা লেখকেরা। ষাটের দশকজুড়েই তাঁরা ছিলেন আমাদের অনুপ্রেরণার আশ্রয়।
আমাদের সংকলনগুলোর প্রচ্ছদ ও ভেতরের ড্রয়িং, পোস্টার, আমন্ত্রণপত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও মঞ্চের ব্যাকড্রপ তৈরিসহ অন্যান্য কাজে সাহায্য পেয়েছিলাম দেশের সেরা শিল্পীদের কাছ থেকে। তাঁদের মধ্যে ছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, দেবদাস চক্রবর্তী, ইমদাদ হোসেন, রশিদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, নিতুন কুন্ডু, আবদুল মুক্তাদির, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, প্রাণেশ কুমার মণ্ডল, হাসান আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম সারোয়ার প্রমুখ।
’৬৯ ও ’৭০-এর একুশের কবিতা আর ড্রয়িং দিয়ে সাজানো বড় আকারের দুটি সংকলনে ছবি এঁকে দিয়েছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, দেবদাস চক্রবর্তী, মোহাম্মদ কিবরিয়া, হামিদুর রহমান, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, রফিকুন নবী, হাশেম খানসহ দেশের সেরা শিল্পীরা।
সেরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোয় সরাসরি অংশ নিয়েছেন শেখ লুৎফর রহমান, আবদুল লতিফ, আলতাফ মাহমুদ, সুখেন্দু চক্রবর্তী, অজিত রায়, জাহেদুর রহীম, ফাহমিদা খাতুন, মাহমুদা খাতুন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহমুদুন্নবী, ইকবাল আহমেদ প্রমুখ। এসব অনুষ্ঠানে সরাসরি সাহায্য পেয়েছি ওয়াহিদুল হক ও সন্জীদা খাতুনের কাছ থেকে।

শহীদুল্লা কায়সারের সংশপ্তক বইয়ের প্রচ্ছদ
শহীদুল্লা কায়সারের সংশপ্তক বইয়ের প্রচ্ছদ

সে সময়েই আমরা রক্তকরবী, তাসের দেশসহ বেশ কটি নাটক মঞ্চস্থ করেছিলাম অত্যন্ত সফলভাবে। পরিচালনা ও অভিনয়ে ছিলেন গোলাম মুস্তাফা, হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, গোলাম রাব্বানী, কাজী তামান্না, ইনামুল হক প্রমুখ। এ ছাড়া আরও অনেক লেখক, গায়ক, চিত্রশিল্পীর কথা মনে পড়ে, যাঁরা আজও আমাদের সঙ্গে আছেন। তাঁদের অনেকে নেই।
এভাবেই ষাটের দশকজুড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষার অধিকার, সুস্থ সংস্কৃতি আর গণতন্ত্রের দাবিতে দেশব্যাপী যে প্রবল গণ-আন্দোলন গড়ে উঠেছিল, তার পেছনে সে সময়ের ‘পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সংস্কৃতি সংসদ’ এক বড় ভূমিকা পালন করেছিল। এসব কর্মকাণ্ডে সব সময় যুক্ত ছিলেন বন্ধু আবুল হাসনাত। আরও ছিলেন আসাদুজ্জামান নূর, মফিদুল হকসহ অনেকে। পরে অবশ্য হাসনাত নিজেই হয়ে ওঠেন এসব কাজের প্রধান এক ব্যক্তি।
ষাটের দশকজুড়ে সেই উত্তাল দিনগুলোয় যাঁদের সঙ্গে পরিচয় হয়েছিল, যাঁদের কাছ থেকে বহুমুখী সাহায্য পেয়েছিলাম, কত-না সময় কাটিয়েছি তাঁদের সঙ্গে! তাঁদের সঙ্গে সেই যোগাযোগ আর ঘনিষ্ঠ মেলামেশা অব্যাহত রেখে চলেছি পাঁচটি দশক ধরে। এখনো যাঁরা সক্রিয় রয়েছেন, তাঁদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি। আর যাঁরা বেঁচে নেই, তাঁদের অবদান স্মরণ করি প্রায় প্রতিদিন। এখনো তাঁদের স্মৃতি আমাকে উদ্দীপ্ত করে। এই সব কৃতী মানুষের কবিতা, গান, চিত্রকলা আর জীবনসংগ্রামের সঙ্গে আমার সারা জীবনের বসবাস।
প্রথমা থেকে এবারের বইমেলায় মতিউর রহমানের প্রকাশিতব্য বই
আকাশভরা সূর্যতারা: কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় থেকে