স্বপ্নভাঙার উল্লাস
এবারের ১১ জ্যৈষ্ঠ নজরুলের শুধু ১১৩তম জন্মবাষির্কীই নয়, একসঙ্গে এ বছরই নব্বই বছর পূর্তি ঘটছে কবির ‘বিদ্রোহী কবিতার’ওনির্ঘুম নজরুল হঠাৎ এক রাতেই লিখে ফেলেছিলেন তাঁর ‘বিদ্রোহী’ কবিতা। এটি তাঁর শ্রেষ্ঠতম কবিতা কি না, তা নিয়ে ইচ্ছা করলে কেউ তর্ক করতে পারেন, কিন্তু এ কবিতা যে তাঁর জীবনের পরিধি ও পরিচিতি একেবারে আমূল পাল্টে দিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধরিত্রীর গর্ভে সুপ্ত আগ্নেয়গিরি যেমন হঠাৎ একদিন ফেটে পড়ে তার আগুন আর লাভাস্রোত নিয়ে, ‘বিদ্রোহী’ তেমনি তাঁর সৃজনশীলতার বিস্ফোরণ। এ কবিতায় নিজেই তিনি বলেছেন, ‘আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ।’সত্যি সত্যি, পর্বতের শৃঙ্গ থেকে প্রচণ্ড বেগে বেরিয়ে এসে তিনি ছুটতে শুরু করেন সৃষ্টিসমুদ্রের দিকে। কবিতাটা অনেকটা রবীন্দ্রনাথের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’র মতো। কিন্তু স্বভাবতই এই উচ্চকণ্ঠ কবি চিৎকার করে উচ্ছ্বাসে ফেটে পড়ে যা বলেছেন, বক্তব্য ও প্রকাশভঙ্গি—উভয় দিক দিয়েই তা সংযমী এবং সমাহিত রবীন্দ্রনাথের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’র চেয়ে চোখ-ধাঁধানো, কান-ফাটানো। অতি অমনোযোগী পাঠকের কাছেও তা গোপন থাকে না। ‘জন্ম-রোমান্টিক’ রবীন্দ্রনাথও আকস্মিকভাবে নিজের সৃজনশীলতায় টগবগ করে ফুটে উঠেছিলেন। প্রাণের আবেগ, প্রাণের বেদনা রোধ করতে না পেরে উপমায়, উৎপ্রেক্ষায়, উচ্ছ্বসিত ভাষায়, ছন্দবন্ধনে তাঁর সেই প্রাণস্ফুর্তি প্রকাশ করেছিলেন। পাঠকও স্বভাবতই তাঁর জাগরণে আবেগে চঞ্চল হয়ে ওঠেন।অপরপক্ষে, আর্কিমিডিসের মতো ‘ইউরেকা’ বলে আপাদমস্তক রোমান্টিক নগ্ন নজরুল সদর সড়ক দিয়ে বিশাল ঝান্ডা উড়িয়ে ছুটেছিলেন। তাঁর উল্লাসের কথাই তিনি হিন্দু-মুসলিম-খ্রিষ্টান রূপকল্প দিয়ে উদ্ধতভাবে প্রকাশ করেননি; সেই সঙ্গে ঘোষণা করেছিলেন তাঁর বিদ্রোহের মেনিফেস্টো—অতঃপর তিনি কী করতে চান। এ কবিতার পর ‘সৃষ্টি সুখের উল্লাস’ এবং ‘ধূমকেতু’র মতো কবিতায়ও তিনি এই সৃজনশীলতার বলিষ্ঠ বাণী ইসরাফিলের শিঙ্গার মতো বিশ্ব-কাঁপানো হুংকার দিয়ে প্রকাশ করেছিলেন। তাতেও তিনি তাঁর সৃজনশীলতার কথা বলেছেন অসাধারণ সাফল্যের সঙ্গে। কিন্তু তাতে নতুন কোনো বক্তব্য ছিল না। ‘বিদ্রোহী’ তাঁর সৃজনশীলতার প্রথম বিস্ফোরণ এবং তাঁর জীবনদর্শনের দিগন্তপ্রসারিত দর্পণ।প্রশ্ন হচ্ছে, এই কবিতার জন্ম কি একেবারে আকস্মিক? সম্ভবত নয়। আসলে, এখানে পৌঁছানোর একটা ইতিহাস আছে।নজরুল-জীবন বাঁক নিয়েছে বহুবার। কিন্তু প্রথাবদ্ধ হাবিলদার হঠাৎ যেদিন আইন না মানা বিদ্রোহীতে পরিণত হলেন, সে রকমের অসামান্য পরিবর্তন তাঁর চড়াই-উতরাইপূর্ণ সদাপরিবর্তনশীল জীবনেও আর কখনো দেখা যায়নি। আগেও নয়, পরেও নয়। প্রথাবদ্ধ বলার কারণ, তিনি যখন লিখতে শুরু করেন, তখন ঐতিহ্যের সঙ্গে একাত্মবোধ করে এবং তার আশ্রয়ে থেকেই কলম ধরেছেন। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সুদূর করাচি থেকে মুসলিম-পরিচালিত পত্রিকাগুলোর গ্রাহক হয়েছিলেন। সম্পাদকদের সঙ্গে চিঠি লেখালেখিও আরম্ভ করেছিলেন। কিন্তু বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, সওগাত, নূর, এমনকি মোসলেম ভারত প্রকাশিত হয়েছিল মুসলমান পাঠকদের চাহিদা মেটানোর উদ্দেশ্যে। এবং নজরুলসহ মুসলমানরাই এসব পত্রিকার গ্রাহক হয়েছিলেন। লিখতেনও তাঁরাই।নজরুলও তাঁর প্রথম রচনা প্রকাশ করেছিলেন এই মুসলিম পরিচালিত পত্রিকার একটিতে—সওগাত-এ। ১৯১৯ সালের জ্যৈষ্ঠ মাসে প্রকাশিত হয় তাঁর এই রচনা—একটি গল্প—‘বাউন্ডেলের আত্মকথা’। আর ভাদ্র সংখ্যায় ‘স্বামীহারা’। যেসব বৈশিষ্ট্য দিয়ে নজরুলকে চেনা যায়, তেমন দুটি বৈশিষ্ট্য—ভাবোচ্ছ্বাস আর আত্মকথন—‘বাউন্ডেলের আত্মকথা’তে প্রকাশিত হয়েছে। অভিমানী ব্যাকুল প্রেমও ছিল যথেষ্ট মাত্রায়। নয়তো, যেসব বৈশিষ্ট্যের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, সেসবের বেশির ভাগই এ গল্প দুটির মধ্যে ছিল না। আরও লক্ষ করার বিষয়, পরে তিনি কবি বলেই পরিচিত হলেও গদ্য রচনা দিয়েই তাঁর প্রথম আত্মপ্রকাশ। তা ছাড়া পরবর্তীকালে অসাম্প্রদায়িকতার অতুলনীয় দৃষ্টান্তে পরিণত হলেও এই গল্প দুটির বিষয়বস্তু এবং চরিত্রগুলো মুসলমানি। অতঃপর এই পথেই তিনি চলেছিলেন আরও এক বছর। এক বছর কেন, তারও বেশি।পল্টন থেকে কলকাতায় তিনি ফিরেছিলেন ১৯২০ সালের চৈত্র মাসে। এর দুই মাসের মধ্যে প্রকাশিত হয় তাঁর প্রথম উল্লেখযোগ্য কবিতা ‘শাতইল আরব’। তার দুই মাস পরে অর্থাৎ শ্রাবণ মাসে ‘খেয়াপারের তরণী’। দুটির বিষয়বস্তুই মুসলমানি। তা ছাড়া তার ভাষাও আরবি-ফারসি-হিন্দি শব্দে সয়লাব। তাই বলে দোভাষী পুঁথির মতো নয়, তার মধ্যে ছিল কুশলী শিল্পীর অভ্রান্ত স্বাক্ষর। আরবি-ফারসি শব্দ, মন-মাতানো ছন্দ আর বলিষ্ঠ ভঙ্গির জন্য ‘খেয়াপারের তরণী’ পাঠকের মনকে এতই আকর্ষণ করল যে মোহিতলাল মজুমদারের মতো সমালোচক-কবিও মুগ্ধ হলেন। কেবল তা-ই নয়, নিজের উচ্ছ্বসিত সমালোচনা লিখে তিনি পাঠালেন সম্পাদকের কাছে। একজন সুপরিচিত সাহিত্যিকের উৎসাহমূলক সমালোচনা পড়ে উচ্ছ্বসিত হয়েছিলেন হাবিলদার-কবিও। তাই তিনি দ্বিগুণ উৎসাহে মার্চ করতে থাকলেন একই পথে। একে একে তিনি লিখলেন ‘কোরবানী’, ‘মোহররম’, ‘ফাতেহা-ই-দোয়াজদহম (আবির্ভাব)’, ‘আজান’, ‘রণভেরী’, ‘কামাল পাশা’, ‘আনোয়ার’ আর ‘ফাতেহা-ই-দোয়াজদহম (তিরভাব)’। এই কবিতাগুলোর মধ্যে তাঁর মুসলমানি পরিচয় নির্ভুলভাবে পাকাপোক্ত।কিন্তু এ পথে তিনি বেশি দিন চলতে পারেননি। অল্পকালের মধ্যে অনেকগুলো জিনিস তাঁকে এ পথ থেকে সরিয়ে এনেছিল। সরিয়ে কেবল ভিন্ন খাতে নিয়ে যায়নি, তাঁর দৃষ্টিও প্রসারিত করেছিল। এর অন্যতম কারণ, রাজনীতি আর মানবিকতার শিক্ষায় তিনি সৌভাগ্যক্রমে গুরু হিসেবে পেয়েছিলেন আপাদমস্তক কমিউনিস্ট এবং অসাম্প্রদায়িক মুজফফর আহমদকে। কলকাতায় ফিরে আসার চার মাসের মধ্যেই এই মুজফফর আহমদ আর তিনি মিলে তখনকার প্রধান মুসলিম নেতা এ কে ফজলুল হকের টাকায় প্রকাশ করেছিলেন একটি সান্ধ্য দৈনিক পত্রিকা, নবযুগ। যেসব ঘটনা তাঁর জীবনকে বদলে দিয়েছিল, এই পত্রিকা ছিল তারই একটি। সাংবাদিকতা ও রাজনীতিতে এই পত্রিকা ধরেই তাঁর হাতেখড়ি। এই পত্রিকার সূত্রেই কংগ্রেসের অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন, যে অধিবেশনে গান্ধীজির অসহযোগ প্রস্তাব গৃহীত হয়। রাজনৈতিক প্রয়োজনেই যে হিন্দু-মুসলমানের ঐক্য অত্যাবশ্যক এবং হিন্দুদের ছোঁয়াছুঁইয়ের বাধা যে হিন্দু-মুসলিম ঐক্যের পথে একটা প্রধান বাধা, সে কথা কেবল অনুভব করলেন, তা নয়, আবেগপূর্ণ ভাষায় তা লিখলেন নবযুগ-এর সম্পাদকীয় নিবন্ধে। এভাবে আদি মুসলিম পরিচয় থেকে ধীরে ধীরে সরে এসে মানুষ হিসেবে তাঁর পরিচিত হওয়ার যাত্রা শুরু। এ ছাড়া জ্বালাময়ী ভাষায় এ পত্রিকায় লিখতে থাকলেন এমন সব সম্পাদকীয়, যার জন্য দুবার করে নবযুগ-এর জামানত বাতিল হলো।পত্রিকায় লেখা ছাড়া তাঁর প্রাণোচ্ছল ব্যক্তিত্ব, হা হা হাসি ও দরদভরা রবীন্দ্রসংগীত আর গজল দিয়ে তিনি অচিরেই চুম্বকের মতো আকর্ষণ করেছিলেন অসংখ্য বন্ধু। তাঁদের মধ্যে মুসলমান সাহিত্যিক ও পেশাদার ব্যক্তিরা তো বটেই, ছোট-বড় বহু হিন্দু সাহিত্যিক-সাংবাদিক-সংগীতজ্ঞও ছিলেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় আর পবিত্র গঙ্গোপাধ্যায় তো আগে থেকেই তাঁর বন্ধু ছিলেন। নতুন যাঁদের সঙ্গে তাঁর পরিচয় তাঁদের মধ্যে ছিলেন মোহিতলাল মজুমদারসহ সত্যেন্দ্রনাথ দত্ত, শশাঙ্কমোহন সেন, প্রেমাঙ্কুর আতর্থি, হেমেন্দ্রকুমার রায়, হেমেন্দ্রলাল রায়, কান্তি ঘোষ, ধীরেন গঙ্গোপাধ্যায়, যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। বছর খানেক পর পরিচয় হয় বিজলী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে। সেখানেই দেখা হয় বিপ্লবী বারীন ঘোষ এবং নলিনীকান্ত সরকারের সঙ্গে। অতঃপর নলিনীকান্ত তাঁর অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। সমাজের এই বৃহত্তর পরিধিতে এসে তিনি হিন্দু-মুসলমানের ভেদরেখাটা কখন যে অতিক্রম করেছিলেন, নিজেও সে বিষয়ে সচেতন ছিলেন না। অথচ সীমানা অতিক্রমের পথেই তিনি রচনা করেছিলেন ‘শাতিল আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘মোহররম’, ‘কোরবানী’, ‘কামাল পাশা’ ইত্যাদি নামকরা কবিতা, যেগুলোর বিষয়বস্তু ও ভাষা মুসলমানি লেবাস পরিহিত। তাহলে তিনি যে উদারতার পথে অগ্রসর হচ্ছেন, তার কোনো চিহ্ন কি নেই এসব কবিতায়? বিশ্লেষণ করলে দেখা যাবে, এই কবিতাগুলোর মধ্যে সেকালের অন্য পাঁচজন শিক্ষিত মুসলমানের মতো আরব-ইরানের স্বপ্নে তিনি বিভোর ছিলেন না। তিনি দৃষ্টি নিবদ্ধ করেছিলেন নিজের শৃঙ্খলিত জন্মভূমির দিকে। মুসলমানি বিষয়বস্তু দিয়েই ভারতবর্ষের পরাধীনতার দিকে তাকানোর এই প্রয়াস ছিল একেবারে অভিনব। মুসলিম উপাদানের এই নতুন ব্যাখ্যা তখন পর্যন্ত অন্য কেউ করেনি। ‘মোহররম’ কবিতায় মুসলিম জাগরণের হায়দারি হাঁক দিলেও সে ডাক দিয়ে মধ্যপ্রাচ্যকে জাগাতে চাননি। চেয়েছিলেন অতীতমুখী বাঙালি মুসলমানদের জাগিয়ে তুলতে। কামাল পাশাকে মুসলমান বীর হিসেবে চিত্রিত করেননি, বরং সরাসরি সাম্রাজ্যবাদবিরোধী এবং আধুনিকতার প্রতীকে পরিণত করেছিলেন। এভাবে তিনি অগ্রসর হয়েছিলেন নতুন রাজপথের দিকে, যে পথ ধরে তিনি অসাধারণ খ্যাতি, জনপ্রিয়তা এবং প্রথাবিরোধী বলে পরিচিত হয়েছিলেন। এই প্রায়-অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছিল ১৯২১ সালের ডিসেম্বরে। তার আগেই অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চিত্তরঞ্জন দাশ তাঁর ব্যারিস্টারির রমরমা ব্যবসা ছেড়ে দিয়েছিলেন। নিজের বাড়ি বিলিয়ে দিয়ে অসামান্য ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হিন্দু-মুসলমানের ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। ফলে তিনি কেবল বঙ্গদেশের ‘ভদ্রলোক সমাজের’ সবচেয়ে প্রিয় নেতায় পরিণত হলেন না, মুসলমানরাও তাঁর দিকে আকৃষ্ট হতে থাকেন। নজরুলও যে তাঁর দিকে আকৃষ্ট হবেন, সেটা ছিল খুবই প্রত্যাশিত। তদুপরি চিত্তরঞ্জনের বাংলার কথা নামে একটা পত্রিকা ছিল, সেটাও আকর্ষণের একটা বাড়তি কারণ। সেই চিত্তরঞ্জন গ্রেপ্তার হন ১০ ডিসেম্বর (১৯২১)। দেশাত্মবোধের আগুনে ভেতরে ভেতরে আগে থেকেই নজরুল টগবগিয়ে ফুটছিলেন। এই গ্রেপ্তারের ঘটনা কাজ করেছিল বারুদে আগুন লাগিয়ে দেওয়ার মতো। হঠাৎ করেই তিনি লিখে ফেলেন তাঁর সবচেয়ে নামকরা কবিতাগুলোর একটি, ‘ভাঙার গান’ (কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট)। এ কবিতা ছিল সোনার কাঠির ছোঁয়ার মতো, নজরুলের ঘুম-ভাঙানিয়া।এই কবিতা রচনার কদিন পরেই তিনি যেন হঠাৎ নিজের সুপ্ত ক্ষমতা উপলব্ধি করে উচ্চকিত হলেন। তখন তিনি এক ঘরে থাকতেন তাঁর বন্ধু মুজাফ্ফর আহমদের সঙ্গে। সেই ঘরেই এক রাতে তিনি লিখতে আরম্ভ করেন তাঁর স্বপ্নভঙ্গের কবিতা, ‘বিদ্রোহী’। এ কবিতায় তিনি যে বলেছেন, তাঁর সমস্ত বাঁধ ভেঙে গেছে, সে কথার মধ্যে কাব্যিক উচ্ছ্বাস থাকলেও অতিশয়োক্তি নেই একটুও। এ তাঁর নিজের সম্পর্কে একাধারে অকপট এবং বলিষ্ঠ উচ্চারণ। এ ঘোষণায় ঘোষণা নয়, নিজের জীবনদর্শন-সম্পর্কিত স্বীকারোক্তিতে ঠাসা ছিল অনেকগুলো নির্ভেজাল সরল এবং স্পষ্ট ভাষণ। তাঁর নিজের জবানিতেই শোনা যাক।কবিতার একেবারে সূচনাতেই তিনি বলেছেন, ‘উন্নত মম শির!’ এ কথার মধ্যে কোনো কাব্যিক অতিরঞ্জন ছিল না। কিন্তু এরপর তিনি যখন বলেন, তাঁকে দেখে হিমালয় নতশির; এবং তিনি উদিত হয়েছেন মহাবিশ্বের মহাকাশ ফেড়ে, চন্দ্রসূর্য গ্রহতারা ছাড়িয়ে, ভূলোক-দ্যুলোক-গোলোক ভেদ করে, খোদার আসন আরশ ছাড়িয়ে বিশ্বের চিরবিস্ময় হিসেবে—তখন, বলাবাহুল্য, তাতে তাঁর কাব্যিক আবেগ ও উচ্ছ্বাস ঝরনাধারার মতো ঝরতে থাকে। এসব উক্তির মধ্য দিয়ে তাঁর বিদ্রোহের প্রচণ্ডতা প্রকাশ পায়, প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে প্রত্যাখ্যান করার স্পর্ধাও প্রকাশ পায়, কিন্তু নতুন কোনো বক্তব্য প্রকাশ পায় না। যেন আগে যা বলেছেন তাতে যথেষ্ট তৃপ্তি হয়নি। এভাবে তিনি আবার বলেন, তিনি দুর্দম, দুর্বিনীত, মহাপ্রলয়ের নটরাজ, তিনি সাইক্লোন, তিনি ধ্বংস।বিদ্রোহের দ্বিতীয় তরঙ্গে তিনি বলেন নতুন কথা। তিনি সবকিছু ভেঙে চুরমার করেন, তিনি অনিয়ম, উচ্ছৃঙ্খল। নিয়ম কানুন শৃঙ্খলা—কিছুই গ্রাহ্য করেন না তিনি। আরও একটু ব্যাখ্যা করে বলেন, ‘মানি না কো কোন আইন।’ কাব্যিক উচ্ছ্বাসের প্রচণ্ড আলোড়নে উদ্দীপ্ত হয়ে তিনি আবার বলেন, তিনি ভরাতরী ডুবিয়ে দেন, তিনি জাহাজ-বিধ্বংসী টর্পেডো। কেবল টর্পেডোর কথায় যখন তৃপ্তি হলো না, তখন তিনি নিজেকে তুলনা করেন বিশাল ভাসমান মাইনের সঙ্গে। তিনি ধূর্জটি, তিনি অকাল বৈশাখীর এলোকেশে ঝড়। তিনি পথের সামনে যা পান তাকে চুরমার করেন। তিনি নৃত্য-পাগল ছন্দ, আপনার তালে নেচে যান, তিনি মুক্ত জীবনানন্দ। তাঁর রোমান্টিক সৌন্দর্যবোধের পালে পুরোদমে হাওয়া লাগে। কাব্য করে তিনি বলেন, তিনি হাম্বীর, তিনি ছায়ানট, তিনি হিন্দোল—চপল, চিরচঞ্চল। কথার ফুলঝুরি ফুটিয়ে তিনি বলেন, ‘আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা।’আর একটু ব্যাখ্যা করে বললে বলতে হয়, প্রচলিত নিয়ম মেনে সুবোধ বালকের মতো তিনি জীবন ধারণ করতে রাজি নন। নিজেকে তাই তিনি মূর্তিমান অনিয়ম বলে চিত্রিত করেছেন। এবং এ কথা সত্য বলে বিশ্বাস করলে স্বভাবতই তাঁর পক্ষে বলা শোভা পায়, ‘আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল।’ এমন লোক যে আত্মীয়তার বন্ধন, সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিধিবিধানের তোয়াক্কা করবেন না, সেটাই তো স্বাভাবিক এবং তেমন অবস্থায় তিনি তো বলতেই পারেন, আপনার তালে নেচে যাই। তাঁর জীবনের দিকে তাকালে বোঝা যায়, সত্যিই তিনি কাউকে পরোয়া করতেন না এবং কারও সামনে তাঁর গর্বিত মস্তক নোয়ানো আদৌ তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নয়। প্রচলিত রীতিনীতি অগ্রাহ্য করে নিজের মতো চলা; আচার-বিচারকে উপহাস করা; কে গুরুজন, কে গুরুজন নয়, তার ধার না ধারা—এসব ছিল তাঁর স্বভাবের অন্তর্গত। বাস্তব জীবনে কখনো কখনো তাঁকে আপস করতে হয়েছে ঠিকই, কিন্তু তাঁর মন-মানসিকতা তেমন ছিল না। তিনি বেদুঈন, তিনি চেঙ্গিস, তিনি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করেন না। বিধির দর্পহারী এই বিদ্রোহী কবি যে জাহান্নামের আগুনে বসে পুষ্পের মতো হাসবেন, সে আর আশ্চর্যের কী!তৃতীয় অঙ্কে তিনি আবির্ভূত হন নতুন এক রূপে। দেখতে পাই, তাঁর এক হাতে রণ-তুর্য থাকলেও অন্য হাতে তিনি নিয়ে এসেছেন ‘বাঁকা বাঁশের বাঁশরি’। রোমান্টিকভাবে বিভোর হয়ে তিনি বলেন, তিনি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী নয়নে বহ্নি। ‘ষোড়শীর হ্রদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি।’ ‘চিত-চুম্বন-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর।’ তিনি গোপন প্রিয়ার চকিত চাহনি, তিনি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন-চুড়ির কন-কন। আসলে তাঁর হূদয়ের এক কোঠায় বিদ্রোহের আগুন, আর এক কোঠায় পরিপূর্ণ আত্মসমর্পণের পুষ্পবৃষ্টি। বিদ্রোহের লাল ঝান্ডা ওড়ালেও এই স্বঘোষিত ‘দুরন্ত ছেলে’ ভালোবাসা ও সৌন্দর্যের সামনে অসহায়, পরাজিত। প্রিয়ার পদপ্রান্তে তাঁর বিদ্রোহের কেতন ভূমিতে লুটিয়ে পড়ে। সে প্রিয়া নার্গিস, প্রমীলা, ফজিলতুন্নেসা অথবা নাম-না-জানা যে কেউই হন না কেন।শেক্সপিয়ারের পঞ্চাঙ্ক নাটকের মতো চতুর্থ অঙ্কে খানিকটা স্বস্তি। তিনি আগের কথাগুলোই নতুন নতুন উপমা-উৎপ্রেক্ষার অলংকারে খোদাই করেন। তিনি পতন, তিনি উত্থান; হংস নয়, পদ্ম নয়, কোমলতার কোনো প্রতীক নয়—তাঁর বাহন শক্তিশালী বোরাক আর উচ্চৈঃশ্রবা। ঝড়ের বেগে তিনি ছুটে চলেন; তড়িতের ওপর ভর করে তিনি উড়ে যান; তিনি বাসুকির ফণা জাপটে ধরেন, সাপটে ধরেন জিব্রাইলের আগুনের পাখা। সপ্ত নরক প্রবল বেগে কেঁপে ওঠে তাঁর ভয়ে। তিনি ভূমিকম্প, তিনি ধূমকেতু-জ্বালা, উল্কা, তিনি শনি। যা কিছু অমঙ্গল, অকল্যাণ, তিনি তার সঙ্গে একাত্মবোধ করেন। তিনি ছিন্নমস্তা চণ্ডী, রণদা সর্বনাশী, তিনি পরশুরামের কঠোর কুঠার। তিনি ‘মানব দানব দেবতার ভয়’।কথার এসব তুবড়ি ছোটাতে ছোটাতে তিনি এসে আবির্ভূত হন পঞ্চম অঙ্কে। আগের মতো চড়া সুরেই তিনি বলতে থাকেন, তিনি জগদীশ্বর-ঈশ্বর, পুরুষোত্তম সত্য। তিনি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে পদচিহ্ন এঁকে দেবেন। খেয়ালি বিধির বক্ষ তিনি ছিন্নভিন্ন করবেন। নতুন নয়, এসব তাঁর আগের কথারই প্রতিধ্বনি। নতুন যা বলেন তা তাঁর চরিত্রের একেবারে নতুন একটি দিক নির্দেশ করে।মহাবিদ্রোহী রণক্লান্তআমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না—বিদ্রোহী রণ-ক্লান্তআমি সেই দিন হব শান্ত।উৎপীড়িতের পক্ষে তাঁর এই যে বলিষ্ঠ ঘোষণা, কোনো পূর্বাভাস না দিয়েই, তিনি তা প্রকাশ করেন কবিতা প্রায় শেষ হয়ে যাওয়ার মুহূর্তে। আগেকার বক্তব্যের সঙ্গে এ কথার তেমন কোনো সংগতি নেই। অথচ আশ্চর্যের বিষয়, তাঁর এই চূড়ান্ত ঘোষণা এবং সূচনার ‘উন্নত মম শির’—এই দুটি কথাই সবচেয়ে বেশি উচ্চারিত হয় ‘বিদ্রোহী’ কবিতা, এমনকি, তাঁর সম্পর্কে আলোচনা প্রসঙ্গে।এ কবিতায় অভ্রান্তভাবে তিনি যা বলেছেন এবং বারবার বলেছেন তা হলো, তিনি কারও কাছে মাথা নত করেন না। মানুষ তো দূরের কথা, এমনকি সেই ঈশ্বরের কাছেও নয়। কারণ তিনি পরমেশ্বরের ঈশ্বর; তিনি পুরুষোত্তম সত্য। এ কবিতার সমস্তটায় তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে খাড়া করেন ঈশ্বরকে, কারণ ঈশ্বরই সর্বোচ্চ শক্তির প্রতীক। আর ঈশ্বরকেই যেখানে তিনি অগ্রাহ্য করেন, সেখানে দেশের শাসনযন্ত্রকে অস্বীকার করা কিছুই নয়। তাঁর আর একটা বক্তব্য, তিনি মূর্তিমান অনিয়ম। তিনি একই সঙ্গে বিদ্রোহী এবং প্রেমিক। বিদ্রোহের কথায় তাঁর মানসপটে যেমন রোমান্টিকতার বন্যা নামে, প্রেম ও সৌন্দর্যের কথায়ও তেমনি তাঁর রোমান্টিকতা শত ধারায় উৎসারিত হয়। দারুণ দুরন্ত ছেলে হলেও ভালোবাসা ও সৌন্দর্যের সামনে তিনি অসহায়, পরাজিত। রবীন্দ্রনাথ কেন, বেশির ভাগ কবির সঙ্গেই নজরুলের একটা বড় পার্থক্য এই যে, তিনি যা বলার রেখেঢেকে নয়, তা বলেন তারস্বরে, উচ্ছ্বাসের তাপে টগবগ করতে করতে। কখনো গুরুগম্ভীর, কখনো বা পেলব শব্দ, উপমা, পুরাণ এবং রূপকল্পের আড়ালে তা অপ্রকাশিত থাকে না। এমন রোমান্টিক, এমন অসংযমী, এমন উচ্ছৃঙ্খল, বেহিসেবি, এমন স্পষ্টভাষী কবি বাংলা ভাষায় আর কি আবির্ভূত হয়েছেন, তাঁর আগে অথবা পরে? এমন প্রচণ্ড আবেগে ব্যাকুল আর কোনো রোমান্টিক কবি শেলি-বায়রন-কিটস ছাড়া? হিন্দু-মুসলিম-খ্রিষ্টান পুরাণ এবং ঐতিহ্য একই সঙ্গে এমন অকৃপণ এবং সাবলীল ব্যবহার আর কি কেউ করেছেন? এমনকি মাইকেল অথবা রবীন্দ্রনাথ?