স্বপ্নের বইমেলা
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বইমেলার কলেবর। লেখক-পাঠকের সংখ্যাও হয়েছে ঊর্ধ্বমুখী। কিন্তু স্বপ্ন ছুঁতে পেরেছে কি? কেমন সেই ‘স্বপ্নের বইমেলা’ এ নিয়ে কথা বলেছেন এই সময়ের কয়েকজন বিশিষ্ট লেখক—সৈয়দ শামসুল হকএকুশের বইমেলা বাংলা একাডেমী থেকে স্থানান্তরের কথা বলছেন অনেকে। তবে আমি এটা দৃঢ়ভাবে মনে করি, বইমেলা বাংলা একাডেমী প্রাঙ্গণেই থাকবে। কারণ এই মেলা বাংলা একাডেমীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। মূল কাঠামো অক্ষুণ্ন রেখে মেলাকে বরং সম্প্রসারণের চিন্তা করতে হবে। দীর্ঘদিন যাবৎ আমি বাংলা একাডেমীর দেয়াল স্বচ্ছ করে রাস্তা ছাপিয়ে মেলাকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত করার প্রস্তাব দিয়ে আসছি, যদিও এটা অদ্যাবধি কার্যকর হয়নি। একাডেমী প্রাঙ্গণের বাইরের রাস্তায় ও উদ্যানে বড় প্রকাশকদের প্যান্ডেল স্থাপনের ব্যবস্থা করলে মেলায় স্টল বরাদ্দ নিয়ে সমস্যা অনেকটাই কমে আসবে বলে মনে করি।গ্রন্থনা: পি. মজিদনির্মলেন্দু গুণচিত্তরঞ্জন সাহার হাত ধরে যে বইমেলা শুরু হয়েছিল, তার আয়োজন এখনকার মতো এতটা বিশাল-ব্যাপক না হলেও তা ছিল প্রকৃতই আমাদের প্রাণের মেলা। এখন তো মানুষের ঢল, নিরাপত্তার কড়াকড়ি ইত্যাদি কারণে বইমেলায় প্রবেশই একটা ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বইমেলা নিয়ে আগের মতো তাই আর উৎসাহ জাগে না মনে। স্বপ্ন দেখি এমন এক বইমেলার, যেখানে ঠিকমতো ঘুরেফিরে পছন্দের বইটি কিনতে পারব। শাহীন আখতার বইমেলায় পড়ার উপযুক্ত ভালো বই থাকবে, এ সব সময় আশা করি। বই মানুষের মনের খোরাক জোগায়; আর দশটি নিত্যপ্রয়োজনীয় জিনিস খরিদ করার চেয়ে এ ভিন্ন। বইমেলায় মাছের বাজারের মতো গাদাগাদি, হইচই থাকবে না, খোলামেলা প্রশস্ত জায়গায় প্রশান্ত মনে পাঠক বই দেখবেন, এ সুযোগ অন্তত থাকা দরকার। বইমেলায় নতুন বই নিয়ে দেদার মাতামাতি চলে। বই যে গায়ের পোশাকের মতো বছর পরিক্রমায় পুরোনো বা বাতিল হয়ে যায় না, বই বিক্রেতা-প্রকাশক, প্রিন্টিং-ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের এ বোধোদয় ভবিষ্যতে প্রত্যাশা করি। সমপ্রতি পারস্যের কবি ফেরদৌসী তুসির শাহনামা মহাকাব্যের সহস্র বছর পূর্ণ হয়েছে। বইটি গায়েব হয়ে যায়নি। বহাল তবিয়তেই আছে, নানা ভাষায় তর্জমা হয়ে এমনকি বাংলায়ও। বইকে বছরওয়ারি হিসেবে না বেঁধে লেখক-প্রকাশক সবাই চিরায়ত হিসাবে দেখবেন (এ প্রত্যাশা ভবিষ্যতের বইমেলায়। ওয়াসি আহমেদ এমন এক বইমেলার স্বপ্ন দেখি, যেখানে এখনকার মতো হাজার হাজার অসম্পাদিত বইয়ের জঞ্জাল দেখতে হবে না। পৃথিবীর আর কোনো লেখকসমাজে সম্পাদনা-সংস্কৃতিকে বাংলাদেশের মতো এতটা গুরুত্বহীন করে দেখা হয় কি না আমার জানা নেই। একজন যোগ্য সম্পাদকই পারেন একটি বইকে যথাযথ পাঠোপযোগী করে পাঠকের সামনে হাজির করতে। বিশ্ববিখ্যাত ব্রিফ হিস্টরি অব টাইম-এর একটি অধ্যায় সম্পাদকের নির্দেশনায় হকিন্সকে ১৯ বার পর্যন্ত পুনর্লিখন করতে হয়েছে। আর আমাদের অনেক লেখক-প্রকাশককে বইমেলা এলেই যেনতেনভাবে বই প্রকাশের প্রতিযোগিতায় নামতে দেখা যায়। তাড়াহুড়ো করে বের করা এই বইগুলোতে থেকে যায় ভুলের পাহাড়।ভবিষ্যতের বইমেলা নিয়ে ভাবতে গেলে এর স্থান নিয়েও ভাবতে হবে। বাংলা একাডেমী প্রাঙ্গণে বইমেলা আয়োজন নিশ্চয়ই আমাদের সুমহান ঐতিহ্য, কিন্তু একই সঙ্গে বাস্তবতার বিষয়টিও ভুলে গেলে চলবে না। কলকাতা বইমেলা যখন ময়দান থেকে সল্টলেকে স্থানান্তরিত হলো, তখনো ঐতিহ্যের কথা উঠেছিল, তবে শেষ পর্যন্ত সময়ের প্রয়োজনকে সবাই মেনে নিয়েছেন। আমরা একটি সুপরিসর-খোলামেলা-স্থায়ী মেলা প্রাঙ্গণের স্বপ্ন দেখি।