স্বপ্নের ভেতর খুন হওয়া মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যালেন্ডারে সপ্তাহ খানেক আগে শেষ হয়েছে শীতকাল। এর মধ্যে বসন্তের শুরুর দিনগুলো রোদ-তাতানো হয়ে উঠতে শুরু করেছে। তবে ভোরে এখনো নিয়মিত জেঁকে বসছে শীত। মারুফের শীত করছিল এবং সে কারণেই হয়তো ফিকে হয়ে এসেছিল ঘুম। একটা কাঁথা টেনে আপাদমস্তক ঢাকার সময় সে অনুভব করেছিল, ফুটছে ভোরের আলো। তখন আড়মোড়া ভাঙা দুই–একটা পাখির ডাক শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছিল আবারও। ওই ঘুমেই তৃতীয়বারের মতো সেই স্বপ্নটা দেখে মারুফ।
স্বপ্ন নিয়ে মোটা দাগে দুটি তথ্য জানা তার। এক—মানুষের কোনো স্বপ্নের দৈর্ঘ্যই আট সেকেন্ডের বেশি হয় না; দুই—স্বপ্নে দেখা পরিপার্শ্ব ও দৃশ্যাবলি সব সময় সাদাকালো হয়। তবে মারুফের স্বপ্নটি ছিল সম্পূর্ণ রঙিন আর সময়টাও বেশ দীর্ঘ। স্বপ্ন দেখতে শুরু করার পর থেকেই, বহুবার দেখা প্রিয় কোনো সিনেমার মুখস্থ দৃশ্যাবলির মতো, সে—মারুফ দিব্যি বুঝতে পারছিল, এরপর কী ঘটবে এবং কোথায় স্বপ্ন শেষ হয়ে ঘুম ভেঙে যাবে তার।
শীত-শীত ভোরবেলার মধুর ঘুম আর বিছানা-বালিশ-কাঁথার ওম উপভোগ্য বলেই নয়তো স্বপ্নটা কিছু বাদে যেভাবে শেষ হয়ে মারুফের মনে অসহায়ত্ব বা অপরাধ বোধ কিংবা কিছু করার তাগিদ তৈরি করবে, সেটা এড়াতে; অথবা উভয় কারণেই ঘুমের ভেতরে স্বপ্ন দেখার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল সে। তবে এটাও বুঝতে পারছিল, নিতান্তই এ এক ব্যর্থ প্রচেষ্টা! স্বপ্ন শেষ হওয়ার আগে তার নিস্তার নেই।
অন্য মানুষের ক্ষেত্রে, কিংবা বলা ভালো, তার দেখা অন্যান্য স্বপ্নের বেলায় যেমনটা হয়—সাধারণত স্বপ্নগুলো হয় এলোমেলো-ছেঁড়াখোঁড়া, একটা ঘটনার সঙ্গে অন্যটার যৌক্তিক সম্পর্ক থাকে না, স্বপ্ন শেষে বাস্তবে কোনো তাৎপর্য তৈরি হয় না; এবং হয় না বলেই হয়তো ঘুম ভাঙতে না ভাঙতেই স্বপ্নদ্রষ্টার স্মৃতি থেকে সিংহভাগ মুছে গিয়ে থাকে বুদ্‌বুদের মতো পলকা কিছু রেশমাত্র! মারুফের এই স্বপ্নটা অবশ্য সে রকম নয়। শুরু থেকে শেষ অব্দি শুধু স্মরণই নয়, সময়-কাল-পাত্র, তাদের অভিব্যক্তি, এমনকি শব্দ-বর্ণ—সবই সে হুবহু বলে দিতে পারে বহুবার দেখা সিনেমার মুখস্থ দৃশ্যের মতো।

তাহলে মারুফের স্বপ্নটা কী রকম? বাস্তবে মারুফ যেসব জিনিস অপছন্দ করে, তার একটি হলো অপেক্ষা। নিজে সময়ানুবর্তী বলে অন্য কেউ বরখেলাপ করলে খুব বিরক্ত হয় সে। আর এ বিষয়ে একমেবাদ্বিতীয়ম্ রিনি। যথাসময়ে তার—অন্তত মারুফের সঙ্গে দেখাসাক্ষাতের বেলায়—হাজির হওয়ার নজির নাই। অপেক্ষার সময় মারুফ বিরক্ত হয়, অস্থির হয়ে ওঠে, বেশি বেশি চা-সিগারেট খায় এবং এসব জানা সত্ত্বেও কী করে জানি রিনির কোনো দিনই নির্দিষ্ট সময়ে, নির্ধারিত স্থানে উপস্থিত হওয়া সম্ভব হয় না। এক-দেড় ঘণ্টা আগে রওনা দিয়েও না। রিনি যে অসচেতন বা অনান্তরিক, তা-ও নয়, কিন্তু খেয়াল করলে দেখা যাবে, এ রকম ক্ষেত্রে অনিবার্যভাবেই সে শিকার হয় কোনো-না-কোনো দুর্ভোগের—হয় রিকশা অ্যাক্সিডেন্ট করে, নয়তো মাঝপথে সিএনজি অটোরিকশা বিকল হয়; বাবার গাড়িতে চড়লে সেদিন শহরে দেখা দেয় অসহনীয় যানজট!

তো বাস্তবের মতো স্বপ্নেও, একদিন অফিস শেষে, শেষ বিকেলে কোনো এক নির্জন রাস্তায় রিনির জন্য অপেক্ষমাণ মারুফ। বিরক্তি নিয়ে রাস্তার ধারে টং দোকানে চা-সিগারেট ধ্বংস করছিল আর অস্থিরভাবে বারবার তাকাচ্ছিল হাতঘড়ির দিকে। তখন ছিল গ্রীষ্মকাল। ভেতরে ভেতরে ঘামছিল সে। আর তখনই হলো কী…!

কী হলো বলার আগে মারুফ আর রিনি সম্পর্কে আরও দু-চার কথা বলা যাক। অবশ্য বলার মতো আহামরি কিছু—দুজনের এমন কোনো বিশেষত্ব নেই, যা ফলাও করে বলা যায়। মফস্বল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল মারুফ, অর্থনীতিতে। অনার্স-মাস্টার্স দুটোতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে এখন সে ওই বিভাগেরই তরুণতম প্রভাষক। চোখে মোটা লেন্সের চশমা, তবে খুব যে পড়ুয়া তা-ও নয়। শ্যামলা। উচ্চতা গড়পড়তা। প্রথম সাক্ষাতেই কারও সঙ্গে কথার ফুলঝুরি ছোটাতে পারে না। রাজনীতি-শিল্পসাহিত্য-সিনেমা নিয়ে কেউ তাকে কোনো দিন কথা বলতে শোনেনি। তবে এসব বিষয়ে অনেকের চেয়ে সে বেশিই খোঁজখবর রাখে।

অন্যদিকে রিনি একটু বেশিই মুখরা। রান্না থেকে হিন্দি সিনেমা পর্যন্ত সব বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা চালাতে পারে। নেই বন্ধুবান্ধবেরও কমতি। অর্থনীতিতে মারুফের সহপাঠী হলেও রেজাল্ট ততটা ভালো না। বাবা ব্যাংকার। সে-ও ব্যাংকে পরীক্ষা দিয়ে অপেক্ষা করছে নিয়োগপত্রের। জন্ম ঢাকাতেই, কলাবাগানে। আহামরি সুন্দর না হলেও একধরনের স্নিগ্ধ-সৌম্য ব্যাপার আছে চেহারায়।

বছর পাঁচেকের সফল প্রণয় শেষে সম্প্রতি আনুষ্ঠানিক বাগ্‌দান হয়েছে দুজনের। দুই পরিবারের সিদ্ধান্ত, চলতি বছরেই একটা ভালো দিনে পরিণয়ে বেঁধে দেওয়ার। বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন, ভর্তির জন্য ডিপার্টমেন্টে পে-ইন-স্লিপ সংগ্রহ করতে গেলে মারুফ-রিনির প্রথম দেখা হয়। সেদিন নাকি দুজনেই অনুভব করেছিল, এই তো সেই মানুষ, যার সঙ্গে প্রথমে বন্ধুত্ব, পরে প্রেম এবং তারও পরে জীবন কাটাতে হবে। এর বাইরে কিছু ভাবার প্রয়োজন পড়েনি দুজনের এবং কোনো টানাপোড়েন বা ব্রেকআপের শঙ্কা ছাড়াই দিনগুলো পার করেছে তারা। অনাগত দিনগুলোও শান্তিতে কেটে যাবে—তাদের কাছের মানুষের এমনই বিশ্বাস।

তবে জীবনের সব আশা সব সময় পূর্ণতা পায় না। মানুষ যেভাবে ভাবে, জীবন সাজায়, স্বপ্ন দেখে, তার বাইরেও কে যেন কলকাঠি নাড়ে। আরেক রকম করে রচিত হয় চিত্রনাট্য। আর তা করতে গিয়ে প্রয়োজনে সবকিছু লন্ডভন্ড করে দিতেও দ্বিধা করে না। সুখের আশা সত্ত্বেও মারুফ-রিনির জীবনেও নেমে আসে দুঃখের রাতদিন। তার সূত্রপাত তৃতীয়বার ওই স্বপ্নটা দেখার পর। কী ছিল সেই স্বপ্নে?

একটা নির্জন রাস্তায় টং দোকানে বসে রিনির জন্য অপেক্ষা করছে মারুফ। দ্রুত নেমে আসছে সন্ধ্যা। রিনির আসতে দেরি হচ্ছে। সময়টা গ্রীষ্মকাল। ভেতরে ভেতরে ঘামছে মারুফ। অস্থির হয়ে ধ্বংস করছে চা-সিগারেট। ঘন ঘন দেখছে হাতঘড়ি। নির্জন রাস্তায় কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়ছে। একটা ছাইরঙা মাইক্রোবাস এসে দাঁড়ায় রাস্তায়। স্টার্ট বন্ধ না করেই দাঁড়িয়ে থাকে নম্বর-প্লেটবিহীন গাড়িটা। অস্থির হয়ে ওঠে মারুফ। এক কিশোরী নির্জন রাস্তা ধরে হেঁটে আসছে। হাঁটার তালে তালে দুলছে জোড়া বিনুনি। মাইক্রোবাসের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা একদল দুর্বৃত্ত কিশোরীটিকে গাড়িতে উঠিয়ে নেয়। মেয়েটি একবারমাত্র ‘বাঁচাও’ বলে চিৎকার দেওয়ার সুযোগ পায়। মুহূর্তেই ঘটে কিডন্যাপের ঘটনা।

স্বপ্ন এটুকুই। ঘুম ভাঙে মারুফের। এ নিয়ে পরপর তিনবার স্বপ্নটা দেখা হলো। প্রথমবার, ডিপার্টমেন্টে জয়েন করার দিন দশেক আগে। সব ছাপিয়ে ঘটনাস্থলের ভৌত অবকাঠামো বিশেষভাবে নজরে আসে তখন। রাস্তার এক পাশে মা ও শিশুস্বাস্থ্য হাসপাতালের উঁচু লম্বা সীমানাপ্রাচীর। উল্টো দিকে সারি সারি বাড়ির দেয়াল। ফুটপাত ঘেঁষে টং দোকান। দোকানের পাশে নুরে মদিনা আজমিরি দরবার। নির্জন রাস্তাটি মিশেছে যে রাস্তায়, সেখানে ঝুরি নামিয়ে দাঁড়ানো একটা প্রবীণ বটগাছ। পাশেই ঈদগাহ ময়দান।

প্রথমবার দেখার পর খুব সহজেই স্বপ্নটাকে মন থেকে তাড়াতে পেরেছিল। কিন্তু দ্বিতীয়বার সেই কাজটায় কঠিন হয়ে যায়। ভরদুপুরে ডিপার্টমেন্টে নিজের রুমে কাজ করতে করতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল মারুফ। দ্বিতীয়বার বর্ণ আর শব্দ বিশেষভাবে ধরা পড়ে। সবকিছু ছাপিয়ে মাথায় গেঁথে থাকে টং দোকানে চা বানানোর টুংটাং, স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ইঞ্জিনের গুঞ্জন, দূরে ঈদগাহ মাঠে শিশুদের হই-হুল্লোড়, কিশোরীর আর্তচিৎকার, রাস্তায়-ফুটপাতে ঝরে পড়া কৃষ্ণচূড়া, কিশোরীর বিনুনির সাদা ফিতা, কচুপাতা রঙের কামিজ, হলুদ সালোয়ার আর বাদামি স্যান্ডেল।

তৃতীয় দফায় স্বপ্নটা সে দেখে শীত-শীত ভোরবেলা। এবার শব্দ নয়, বর্ণ নয়, সীমানাপ্রাচীর বা কৃষ্ণচূড়াও নয়, প্রধান হয়ে ওঠে অপহৃত কিশোরীর সন্ত্রস্ত অভিব্যক্তি। অবিশ্বাস-আতঙ্কে ভরা দুচোখের ভেতর ক্রমশ ফুটে ওঠা প্রাণ বাঁচানোর করুণ আকুতি আর অনুনয় এতটা জাজ্বল্যমান হয়ে ওঠে যে, তা মারুফের অস্তিত্বকে স্বপ্নের ভেতর, এমনকি জাগরণেও দখল করে রাখে। অমোঘ হয়ে ওঠা চোখজোড়া মারুফের চোখের ভেতর দিয়ে বিদ্যুদ্বেগে ঢুকে পড়ে স্নায়ুতে, মজ্জায়, রন্ধ্রে রন্ধ্রে।

এবার আর স্বপ্নটাকে কোনোভাবেই বিদায় করা সম্ভব হয় না; বরং তা মারুফের মনোজগতে ভিন্ন বাস্তবতায় অধিষ্ঠিত হয়। কেন বারবার একই স্বপ্ন দেখছে? কে দেখাচ্ছে এই স্বপ্ন? এর পেছনে কি অবগুণ্ঠিত আছে কোনো রহস্য—এসব প্রশ্নের জবাব পেতে অস্থির হয়ে ওঠে সে। একের পর এক উত্তর সাজায়। কোনোটাই জুতসই হয় না। বিষাদে-অবসাদে, হতাশা-ব্যর্থতায় মুষড়ে পড়ে। কিচ্ছু ভাল্লাগে না। রিনির সঙ্গে সাক্ষাতের আগ্রহ মরে যায়, ইচ্ছে করে না ফোন ধরতে, কথা বলতে, ক্লাস নিতে, খেতে বা ঘুমাতে। ছুটি নিয়ে সেঁধিয়ে যায় ঘরের ভেতর।

আকাশ ভেঙে পড়ে রিনির মাথায়। কী হলো মারুফের? আচমকা এই পরিবর্তন কেন? কারণ খুঁজে পেতে চেষ্টা করে সে। বিষণ্ন মারুফকে প্রাণিত করার, কথা বলানো ও হাসানোর চেষ্টা করে আর ব্যর্থ হয় বারবার। মন ভালো করে তুলতে মারুফকে নিয়ে এদিক-সেদিক ঘুরতে যায়, হুডখোলা রিকশায় সন্ধ্যার হাওয়া খায়, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হয় না। শেষে একদিন হাতে-পায়ে ধরে, অনুনয়-বিনয় করে, কেঁদেকেটে ভাসালে মারুফ জানায় পরপর তিনবার দেখা স্ব​েপ্নর আদ্যোপান্ত।

প্রথমে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও মারুফের অভিব্যক্তি আর বেদনা ছুঁয়ে যায় রিনিকে। চমকে ওঠে ভেতরে ভেতরে। মারুফ জানায়, শিগগিরই কিডন্যাপের একটা ঘটনা ঘটবে। প্রকৃতি তাকে জানাচ্ছে সেই ঘটনা খুঁজে বের করে রুখে দিতে। আর তাতে ব্যর্থ হলে খুব ক্ষতি হবে তার। এসব শুনে সত্যিই ভয় পায় রিনি। কী হচ্ছে এসব? দুদিন বাদে যে মানুষটার সঙ্গে তার বিয়ে, সে কি পাগল হয়ে যাচ্ছে? উপায়ান্তর না দেখে শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ও মনোরোগবিশারদ মুশাররফ মাজহারের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ ঠিক করে সে।

কিন্তু যে সন্ধ্যায় মুশাররফ মাজহারের চেম্বারে যাওয়ার কথা, সেদিন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা।

সকালে জানালা দিয়ে দিগন্তের দিকে লক্ষ্যশূন্যভাবে তাকিয়ে ছিল মারুফ। হঠাৎই তার নজরে আসে দূরে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে। রক্তলাল কৃষ্ণচূড়া রক্তে তোলপাড় তোলে। একটা অস্থিরতার বেলুন বড় হতে হতে ফেটে যায়। মারুফের চেতনাজুড়ে একটা বার্তাই অনুরণিত হয়: কে যেন অদৃশ্য, তাকে বলছে, আজই সেই দিন। ঘর থেকে বেরিয়ে যাও। মেয়েটিকে বাঁচাও, যাও!

অপ্রকৃতিস্থের মতো ঘর থেকে বেরিয়ে যায় মারুফ। স্বেচ্ছায়, নাকি কেউ অদৃশ্য সুতায় বেঁধে নিয়ে যাচ্ছে? জানে না সে। দিনভর শহরের এরাস্তা-সেরাস্তায় হেঁটে বেড়ায় এবং অবিশ্বাস্য শোনালেও সত্যি, বিকেল নাগাদ স্বপ্নে দেখা সেই নির্জন রাস্তার সন্ধান পায় সে। অবিকল সেই রাস্তা—এক পাশে লম্বা হলুদ সীমানাপ্রাচীর, ভেতরে তিন-চারটে বড় কৃষ্ণচূড়াগাছ। গাছগুলো তো বটেই, ফুলে ফুলে লাল নিচের কালো পিচের রাস্তা আর ফুটপাতও। রাস্তার অন্যপাশে পেছন ঘুরে দাঁড়ানো সারি সারি বাড়ি। একটা টং দোকান। সীমাহীন নির্জনতায় দোকানি নিজেই যেন মস্ত রহস্য। পাশে আজমিরি দরবার। নির্জন রাস্তাটি মিলিত হয়েছে যে বড় রাস্তায়, সেখানে ঝুরি নামানো বটগাছ। পাশের ঈদগাহ মাঠ শিশু-কিশোরের হই-হুল্লোড়ে পরিপূর্ণ।

আবিষ্কারের উত্তেজনায় বিহ্বল মারুফ পাগলের মতো শব্দ করে হাসে। এবার একাই সে রুখে দেবে। পাল্টে দেবে এক কিশোরীর সম্ভাব্য নিয়তি। টেলিফোনে রিনিকে জায়গাটা চিনিয়ে দ্রুত আসতে বলে। তারপর টং দোকানে চা-সিগারেট খায়। এই প্রথমবারের মতো অবিশ্বাস্য দ্রুততায় অকুস্থলে পৌঁছায় রিনি। নির্জন রাস্তাটা দেখে চমকে ওঠে—মারুফের স্বপ্নবর্ণনার সঙ্গে হুবহু মিলে গেছে। তার ভেতর রোমহর্ষ জেগে ওঠে। দুজনে টং দোকানের বেঞ্চে বসে পরবর্তী ঘটনাক্রমের জন্য অপেক্ষা করতে থাকে। মারুফের একটা হাত চেপে ধরে রিনি। চকিতেই বুঝতে পারে, থরথর করে কাঁপছে ছেলেটা।

বিকেল সন্ধ্যার দিকে গড়াতে থাকে। প্রতিটি ক্ষণকে মনে হতে থাকে অনন্তকাল। দূর থেকে বাচ্চাদের হইচই ভেসে আসে। গাছ থেকে টুপটাপ ফুল ঝরে পড়া ছাড়া অন্য কিছু ঘটে না। দীর্ঘ অপেক্ষার পর যখন মারুফ ভাবছে, তবে কি সবই বিভ্রম! তখনই ছাইরঙা একটি মাইক্রোবাস এসে দাঁড়ায় রাস্তায়। স্টার্ট বন্ধ না করে দাঁড়িয়ে থাকে। টিন্টেড গ্লাসের কারণে দেখা না গেলেও ওরা অনুমান করে নম্বর-প্লেটবিহীন গাড়িটার ভেতর একদল দুর্বৃত্ত ওত পেতে আছে।

ক্রমশ হাত-পা-চোয়াল শক্ত আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠছে মারুফের। স্নায়ুর ভেতরে জন্ম নিচ্ছে চিতার ক্ষিপ্রতা। শক্ত করে মারুফকে চেপে ধরে রিনি। মারুফ সম্মোহিতের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, অলৌকিক টেনে এনেছে এখানে। আমি একাই পারব। রিনি কিছু বলে না। মারুফ অনুভব করে, ওর স্পর্শই সর্বান্তঃকরণে জানিয়ে দিচ্ছে ভরসা রাখছে সে।

কিছুক্ষণ পর রাস্তার উল্টো দিক থেকে সাদা ফিতার বিনুনি দোলাতে দোলাতে এক কিশোরী হেঁটে আসে। শরীরময় নতুন যৌবনের আভাস। কচুপাতা রঙের কামিজ আর হলুদ সালোয়ার পরা মেয়েটিকে দূর থেকে দেখে মনে হয়, পাছে পায়ের নিচে ফুল থেঁতলে যায় বলে হাঁটছে না সে, রাস্তার ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। মেয়েটি মাইক্রোবাসের কাছাকাছি এলে মারুফ সিদ্ধান্ত নেয় চিৎকার করে সাবধান করার। কিন্তু উঠে দাঁড়াতেই পেছন থেকে রিনি টেনে ধরে। ফিসফিসিয়ে বলে, কয়েক মুহূর্ত অপেক্ষা করো, প্লিজ!

বাধা পেয়ে থমকে যায় মারুফ। তখনই ওদের বোকা বানিয়ে মাইক্রোবাস থেকে নেমে আসে মাঝবয়সী দুই মহিলা। রাস্তা পেরিয়ে টং দোকানিকে বলে দুই খিলি পান সাজাতে। এত দিন ধরে যে অনিবার্য ঘটনার জন্য অপেক্ষা, তা না ঘটায় বজ্রাহতের মতো বসে থাকে মারুফ। তাকে বাকরহিত করে দিয়ে কিশোরীটি নির্বিঘ্নে এগোতে থাকে রাস্তার মোড়ে বটগাছের দিকে। রিনি মুচকি হেসে মারুফকে বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ফেরা যাক। মারুফের মুখে কথা জোগায় না। নির্বোধ শিশুর সারল্য নিয়ে রিনিকে অনুসরণ করে সে।

২.

নিজের নির্বুদ্ধিতা নিজেই টের পায় মারুফ আর লজ্জিত হয়। ভাবে, কী এক বিভ্রমে আটকা ছিল এত দিন! ক্রমশ তার কাছে স্বপ্ন আর বাস্তবের ভেদরেখা স্পষ্ট হয়। হতাশা-বিষাদ ঝেড়ে আবারও হাসিখুশি হয়ে ওঠে। যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের কাজে। জীবনের আনন্দের দিকে মারুফের ফেরা দেখে খুশি হয় রিনিও। আর অপেক্ষা করে না সে। দুই পরিবারের যৌথ আয়োজনে একদা মালাবদল হয় দুজনের।

বিয়ের পর হাসি-আনন্দে, প্রেমে-ভালোবাসায় দ্রুত কেটে যায় কয়েক মাস। একটি বেসরকারি ব্যাংক থেকে নিয়োগপত্র আসে রিনির কাছে। কিন্তু সে যোগ দেয় না। সবাই জেনে যায়, গর্ভধারণ করেছে সে। মারুফের জীবন এক অনন্যসাধারণ উজ্জ্বলতায় পূর্ণ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের কাজের বাইরের সময়টা সে রিনির যত্ন নেয়। দুজনে এক অনাগত প্রাণের বেড়ে ওঠা পর্যবেক্ষণ করে। আনন্দ নতুন মাত্রা পায় যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের জন্য মারুফের মনোনীত হওয়ার খবরে। মারুফ সিদ্ধান্ত নেয়, রিনিকেও সঙ্গে নেবে। কারণ, তাকে এবং তার গর্ভের অনাগত সন্তানকে ছেড়ে একটি দিনও আলাদা থাকা সম্ভব নয়। বিমানের টিকিট কাটা হলে দ্রুত গোছগাছ করতে থাকে তারা।

এর মধ্যে একদিন লন্ড্রি থেকে আনা কাপড় গোছাতে গিয়ে রিনি পায় পুরোনো সংবাদপত্রের একটি পাতা। উল্টেপাল্টে দেখতে গিয়ে বিরাট ধাক্কা খায়। গাজীপুরের জঙ্গলে ধর্ষিতা কিশোরীর লাশ। কিশোরীর জীবদ্দশার একটা ছবি খবরের সঙ্গে। ছবিটা খুব চেনা মনে হয় রিনির। নির্জন রাস্তার মেয়েটির কথা মনে পড়ে। রিপোর্টটি বলছে, প্রত্যক্ষদর্শী এক টং দোকানি জানায়, একটি ছাইরঙা মাইক্রোবাসে করে মেয়েটিকে অপহরণ করতে দেখেছে সে। দুষ্কৃতকারীরা ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে গাজীপুরের জঙ্গলে। সাত দিন পর পুলিশ উদ্ধার করে গলিত লাশ। মেয়েটির পরনে ছিল কচুপাতা রঙের কামিজ, হলুদ সালোয়ার।

সন-তারিখ মিলিয়ে দেখে রিনি নিশ্চিত হয়, এটি সেই মেয়েই, যাকে তিন দফা স্বপ্নে দেখে প্রাণে বাঁচাতে চেয়েছিল মারুফ। কিন্তু তা-ও বা কী করে সম্ভব! শুধু সে-ই নয়, মারুফও দেখেছে মেয়েটি নির্বিঘ্নে চলে গেছে। অজানা আশঙ্কায় খবরটা মারুফের কাছে গোপন করে রিনি। খবরের কাগজের পাতাটা ছিঁড়ে কুচিকুচি করে ফেলে। সে রাতেই স্বপ্ন দেখে রিনি—একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা কিশোরীটিকে নিয়ে যাচ্ছে। ঘুমের ভেতরে ঘামতে থাকে সে। চিৎকার করে ওঠে। আলো জ্বালিয়ে মারুফ দেখে, তলপেট চেপে ধরে বসে আছে রিনি। রক্তে ভাসছে বিছানা।

অ্যাম্বুলেন্স আসে। হাসপাতালে ভর্তি করা হয় রিনিকে। ডাক্তার জানান, গর্ভপাত হয়েছে তার। দুদিন বাদে বাসায় ফিরে আসে গর্ভশূন্য ফ্যাকাশে রিনি। ওই রাতেই মারুফকে সে বলে পুরোনো খবরের কাগজে ছাপা হওয়া কিশোরী ধর্ষণ ও মৃত্যুর খবরটার কথা। বলতে বলতেই কেঁদে ওঠে।

প্রবল কান্নার সামনে দাঁড়িয়ে, সান্ত্বনার ভাষা হারিয়ে, মারুফ বোবা হয়ে যায়।