স্বরগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বেতপায়রার পাখসাটে উড়ে আসা
এই স্বরগ্রাম—খড়কুটোর খোলনলচে খুলে
জেগে ওঠা এই গান—
তুমি কি আমাকে আজ শুনতে পাচ্ছো
দূর থেকে ভেসে আসা রক্তবীজ প্রাণ?
হাওয়া আমাকে ডেকে নিচ্ছে দ্যাখো
কোনো এক সুরের ডেরায়—নিয়ে যাচ্ছে
ঘুমঘোর এক সরোবরে—
ডাহুকি ও ডাকিনীর বুক চিরে
দূরের সরোদ ওঠে বেজে সান্ধ্যস্বরে!
ধূলিপথে ধীরপায়ে আমি যাই হেঁটে
সেই জলভ্রমে—যার তিয়াসার ফেনাপাত্রে
ভেসে ওঠে শুধু রক্ত বুদ্বুদ—ফেলে দেওয়া হাড়ের মর্মর—
আর মৃত নর্তকীর ঘ্রাণ!