স্বর্ণালি আলোর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি পাঠ করার বিষয়। দৃশ্যশিল্পে দৃষ্টিনন্দন আবহ দর্শককে মুগ্ধ করে। শিল্পী রফি হকের শিল্পকর্মে কবিতার পঙিক্ত, দিনপঞ্জির পাতা, রঙিন আলোকচিত্রের টুকরা অংশ ছবির ক্যানভাসে যুক্ত করেন। আশির দশকে শিল্পী রফি হক ছাপচিত্রে যুক্ত করেন নতুন আবহ। মোহাম্মদ কিবরিয়ার স্নেহধন্য এই শিল্পীর শিল্পকর্ম বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আদৃত হয়েছে। এ বছরের অক্টোবরে পঞ্চম আন্তর্জাতিক বেইজিং বিয়েন্নাল ২০১২তে পৃথিবীর ৯০টি দেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের সরকারিভাবে নির্বাচিত দুজন শিল্পী হলেন শিল্পী রফি হক ও আলপ্তগীন তুষার। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে এ প্রদর্শনীতে যোগ দিয়েছেন কাজী সালাউদ্দিন আহমেদ, মোস্তফা জামিল আকবর শামীম ও বিশ্বজিৎ গোস্বামী। ওই প্রদর্শনী ছাড়াও রফি হক টোকিও আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে আমন্ত্রিত হয়েছেন। টোকিওর প্রদর্শনীতে শিল্পীর চারটি অ্যাক্রিলিক মাধ্যমের কাজ প্রদর্শিত হবে। এ প্রদর্শনীতে বিশ্বের ১০০টি দেশের ১০০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। বেইজিং বিয়েন্নালের রফি হকের কাজের মাধ্যমে অ্যাক্রিলিক ও প্রিন্টমেকিং যুক্ত করেছেন। বাদামি রঙা জমিনে কালো রেখার দ্রুত চলাচলের সঙ্গে আলোকচিত্র অথবা প্রিন্টেড কাগজের টুকরা সেঁটে দিয়ে ছবিতে মায়া তৈরি করেছেন। এক ফ্রেমে ছয়টি খণ্ডের সমান্তরাল অবস্থান গতানুগতিক প্রথা ভেঙে নতুন আঙ্গিক গড়েছেন। টোকিও আর্টিস্ট অ্যাসোসিয়েশনের চারটি কাজে ক্যানভাসে ও কাগজে বিষয় হিসেবে নিয়েছেন বাহান্নর ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারিকে। আলপ্তগীন তুষার শৈশবের দুরন্তপনা থেকে নিজেকে স্থির করেছেন ছবির ক্যানভাসে। বেইজিং বিয়েন্নালে প্রদর্শিত কাজগুলো প্লাইউডে অ্যাক্রিলিক মাধ্যমে করা। তিনি মনে করেন, ‘দৃশ্যশিল্পের যেকোনো মাধ্যম আমার কাছে এক রকম ভ্রমণের মতো। এ ভ্রমণের মাঝপথে কখনো যাত্রাবিরতি করি। নিজের শিল্পকর্মের কৌশল পরিবর্তন করি।’