স্বাতন্ত্র্যময় ভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের অন্যতম চিত্রকর গণেশ পাইনের প্রয়াণ একটি বৃহৎ শূন্যতার পরিসর নির্মাণ করেছে। এই শূন্যতা সমসাময়িক সমগ্র উপমহাদেশের দৃশ্যকলার প্রেক্ষাপটে বিবেচনাযোগ্য, যার পর্যবেক্ষণ আমাদের নিজেদের শিল্পজগতেও প্রাসঙ্গিক বিবেচিত হতে পারে। ভারতের বিশ্বখ্যাত শিল্পী মকবুল ফিদা হুসেন একদা মন্তব্য করেছিলেন, বাংলার দৃশ্যকলা নিয়ে কুণ্ঠার কোনো কারণ নেই, কারণ তাঁদের রয়েছে গণেশ পাইনের মতো চিত্রশিল্পী। এই মন্তব্য গণেশ পাইনের উৎকর্ষের শুধু নয়, স্বাতন্ত্র্যেরও স্বীকৃতি। এটি অবশ্য অনুধাবনে তেমন বেগ পেতে হয় না যে এই শিল্পীর চিত্রকর্ম তাঁর সমকালের অন্যদের চেয়ে বেশ লক্ষণীয়ভাবে ভিন্নতর। সমকালে সৃজনকর্মে নিয়োজিত শিল্পীর একটি গুরুতর প্রতিবন্ধ স্থানিক শিল্প-ঐতিহ্যের সঙ্গে কালিক সময়চেতনার সমন্বয় ঘটানো। এটি হয়তো নির্দ্বিধায় বলা সম্ভব যে একটি স্বকীয় ও শক্তিমান চিত্রভাষা নির্মাণের মাধ্যমে এই সংকট মোকাবিলায় শুধু বাংলায় নয়, সমগ্র উপমহাদেশেই তিনি একালের অন্যতম স্বাতন্ত্র্যময় ও গুরুত্বপূর্ণ শিল্পী।গণেশ পাইনকে ষাটের দশকের শিল্পী হিসেবেই দেখা হয়, যখন সমসাময়িক ভারতশিল্পের স্বরূপ বিষয়ে চলছে নানা টানাপোড়েন। চল্লিশের ক্যালকাটা গ্রুপ বা অনতিপরের বম্বে প্রগ্রেসিভ গ্রুপ নব্য-বঙ্গীয় শিল্পরীতি ও অবনীন্দ্রনাথ-নন্দলালের পেলব ভারতীয় উত্তরাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমের আধুনিকতার অনুসরণকেই সমসাময়িকতায় উত্তরণের উপায় হিসেবে ভেবেছিল (যেমনটি ঘটেছিল এক দশক পরে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পধারায়ও)। রবীন্দ্রনাথের ছবি তাঁদের কাছে ছিল প্রহেলিকাময়, তাঁকে এড়িয়ে যাওয়াটাই ছিল সুবিধাজনক। এঁদের অনুপ্রেরণার প্রধান আঙ্গিকগত কাঠামো ছিল ‘কিউবিজম’, যদিও কিউবিজমের সূচনা আরও প্রায় চল্লিশ বছর আগে বিংশ শতকের প্রথম দশকে। কিউবজমের বলিষ্ঠ জ্যামিতিকতা ও রূপের নানা অতিশায়নের সুযোগ গণেশ পাইনকেও আকর্ষিত করেছে এবং নানা পরিবর্তনময়তার মধ্য দিয়ে যাওয়া তাঁর চিত্রমালায় শেষ পর্যন্তও কিউবিজমের ছায়াপাত রয়ে যায়। তবে একই সঙ্গে অবনীন্দ্রনাথ যখন প্রায় বিস্মৃতির গর্ভে, সে সময় অবনীন্দ্রনাথের চিত্রধারার এক একনিষ্ঠ অনুরাগী হিসেবেও দেখা যায় তাঁকে। তাই কিউবিজমের পাশাপাশি প্রায় অব্যাহতভাবে অবনীন্দ্রনাথের মায়াবী আলো-আঁধারির জগৎও হানা দেয় তাঁর চিত্রকর্মে। রবীন্দ্রনাথকেও কি নূতন করে আবিষ্কার করেন গণেশ পাইন? তাঁর আলুলায়িত নারীর অবয়বে রাবীন্দ্রিক নারীচিত্রণের রহস্যময়তার আভাস কি ধরা দেয়? মূলত ষাটের দশকে আবির্ভূত শিল্পী তাঁর শিল্পজগৎকে সমসাময়িক শিল্প-সতীর্থদের থেকে ধীরে কিন্তু বেশ পরিষ্কারভাবে আলাদা করে নেন, কি রচনশৈলীতে, কি মাধ্যমের ব্যবহারে। গণেশ পাইন নির্বস্তুকতার দূরযায়ী লোকে যেমন নিজেকে স্থাপন করেন না, আবার সমসাময়িকতার দুঃসহ তাপও তাঁর চিত্রের অবয়বে বাস্তবিকতার অশ্রু-ঘামসহ উপস্থিত করেন না। তিনি থাকেন মাঝামাঝি, এক স্বল্প-আভাসিত ঐন্দ্রজালিক রহস্যালোকের পরিসরে। তাঁর জগৎ জীবন-অধ্যুষিত, তবে মানুষ ও পশুর আদলকে তিনি বিনির্মাণ করেন অভিব্যক্তি ও আবেগকে অপসৃত করে আলো ও আঁধারের প্রহেলিকাময় পটভূমে। কঙ্কাল, করোটি, দাঁত ও দেহাস্থির অতিশায়ন চিত্রপটজুড়ে নির্মাণ করে হতাশা, নির্জনতা, বিষাদ ও মৃত্যু-আভাসিত অনুভূতির এক অজানা বেদনা। তাঁর আত্মসৃষ্ট একধরনের একাকিত্বের বোধও সম্ভবত শিল্পীকে নিরন্তর চালিত করেছে জীবনের বিষাদময়তার প্রতি। অন্যতর তিনি এমনিতেই ছিলেন খানিকটা। ভোগবাদী বিশ্বে যখন চিত্র-ভাস্কর্যও পণ্য বিনা অন্য কিছু নয়, তখন তিনি শিল্পবাজারের ইঁদুরদৌড় আর পাদপ্রদীপের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। ব্যক্তিগতভাবে থেকেছেন অনুচ্চ, নিভৃতচারী, নির্জনতার পরিমণ্ডল-প্রত্যাশী। অন্য অনেক সৃজনশীল স্রষ্টার মতো তাঁর শিল্পও হয়তো অনেকটাই আত্মজৈবনিক কিংবা আত্মানুসন্ধানের নানা স্তর। আত্মানুসন্ধান বা সমকালীন যুগশিল্পী হয়ে ওঠার নিরীক্ষা আসলে তো কাল ও স্থানের সঙ্গে নিজের শিল্পকর্মকে সম্পৃক্ত করার ব্যক্তিগত সংগ্রাম। সমসাময়িকদের নানামুখী নিরীক্ষা মাঝে মাঝে উৎকর্ষমণ্ডিত সৃষ্টিতে রূপায়িত হলেও গণেশ পাইন এসবের বাইরে খুঁজে পেলেন তাঁর অনুপ্রেরণাস্থল, মূলত অবনীন্দ্রনাথে, কিছুটা বা রবীন্দ্রনাথে। তাঁর ছবিতে রেমব্রান্টের প্রভাবের কথা বলা হয়, তবে আলো-আঁধারির আপাত-সাদৃশ্য সত্ত্বেও সেটি সম্ভবত যথার্থ নয়। বরং তাঁর ছবিতে আলগোছে রয়ে গেছে কিউবিজমের বিবর্তিত নিজস্ব বিন্যাস, আছেন কিছুটা কি নন্দলাল আর কিছুটা বিনোদবিহারী? তবে গণেশ পাইনের সেরা সৃষ্টিগুলো অতি অবশ্যই এঁদের কারও শিল্পধারার বিবর্তিত আধুনিকায়ন নয়। সমকালীন তমসা-পরিকীর্ণ জীবনের বিক্ষত পরিণামহীন নাস্তির বিরুদ্ধে জীবনের অর্থময়তার অস্তিবাচক প্রত্যাশার যে দ্বন্দ্ব নিরন্তর রক্তাক্ত করছিল এই চিত্রশিল্পীর সৃজনজগৎকে, উল্লিখিত শিল্পীদের অনুভবের বলয়ে এই সংকট অতটা প্রবল ছিল না।গণেশ পাইন এই দ্বৈতসত্তার জটিল কিন্তু মায়াবী রূপক নির্মাণ করেন। তাঁর ছবি একদিকে ব্যক্তিগত নির্জনতা ও বিচ্ছিন্নতাবোধের এক কল্পরূপ, অন্যদিকে বিষাদবোধ বনাম স্বপ্নচারিতার, আলো বনাম অন্ধকারের দ্বৈততার দ্বান্দ্বিক কিন্তু ধ্যানমগ্ন চিত্ররূপ। বলা বাহুল্য, গণেশ পাইনের ছবি দূরবর্তী লোকায়ত জীবনের চিহ্ন-সংকেত-প্রতীক ও রূপকের সঙ্গে আজকের পরিচয়-অনির্দিষ্ট মানব ও জীবজগতের সমন্বয় আর কুহেলিকাময় আলো-আঁধারির যে কল্পরূপাত্মক প্রেক্ষাপট উপস্থাপন করে, তাকে সুনির্দিষ্ট অর্থময়তার গণ্ডিতে ব্যক্ত করা সম্ভব নয়। সম্ভব নয় এই মরমি রহস্যালোকের ভেতর দিয়ে স্থান ও কালকে অবলোকনের মাধ্যমে শিল্পী যে বার্তাটি জানান দেন তার ব্যবচ্ছেদ। আমরা হয়তো এভাবে বলতে পারি যে চারপাশে বহমান জগৎপ্রবাহের সঞ্চালন তাঁকে তো আন্দোলিত করেই, তার বাইরে মৃত্যুর অবশ্যম্ভাবিতা শিল্পীর সংবেদকে তাড়িত করে চলে। আর জীবনের সার্বিক তাৎপর্য বিষয়ে ব্যাকুলতা তাঁকে টেনে নিয়ে যায় স্বপ্নময়তা ও বিষাদচেতনার আলো-আঁধারির এক দ্বান্দ্বিকতায়। জীবনের সীমাচিহ্নিত অমোঘতার বিপরীতে আনন্দ ও সুন্দরের নিরর্থকতাকে তিনি বিবৃত করতে চান, কিন্তু সঙ্গে এই আশ্বাসটিও হয়তো রোপণ করে দিতে চান যে জীবনের বিপুলতার মধ্যে তার চরিতার্থতার সন্ধানই মানবের অভিযাত্রা।কোনো শ্রেষ্ঠ সৃজনকর্মই সহজ ব্যবচ্ছেদের অবকাশ রাখে না। গণেশ পাইনের চিত্রকর্ম জীবনের সার্থকতা ও অনিবার্য নিরর্থকতার মধ্যখানের দ্বৈততাকে ধারণ করে এক মরমি প্রহেলিকাময় আলো-আঁধারির নিজস্ব একটি ভাষ্য রেখে গেছে। শিল্পী জীবনের স্পন্দিত জগৎকে ছেড়ে গেছেন, কিন্তু তাঁর সৃজনকর্ম সংবেদী দর্শককে আরও অনেককাল টেনে নিয়ে যাবে অনির্দিষ্ট কিন্তু অনিবার্য সেই বোধের জগতে।