স্বাধীনতাবিরোধীর মনস্তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদি মিয়ার রাজাকারের ডায়েরি
বদি মিয়ার রাজাকারের ডায়েরি
বদি মিয়ার রাজাকারের ডায়েরি
মাহফুজুর রহমান
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: চন্দ্রাবতী একাডেমি
২৫৯ পৃষ্ঠা
দাম: ৫০০ টাকা।

ডায়েরির আদলে লেখা আলোচ্য পুস্তককে উপন্যাসও বলা যায়। আবার একে ‘রাজাকারের রোজনামচা’ বলে মনে করলেও ভুল হবে না। বলা যায়, মাহফুজুর রহমানের লেখা বদি মিয়ার রাজাকারের ডায়েরি বইটি একাধারে ডায়েরি ও উপন্যাস—দুই রকম রচনা পাঠের অভিজ্ঞতা দিতে সক্ষম।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এ দেশের জন্ম নিয়ে যুদ্ধের মিত্রশক্তি ভারত তাদের রাষ্ট্রীয় নথিতে যে কথাগুলো লিখেছে, পরাজিত পাকিস্তান যা লিখেছে তাদের দলিলে, সেগুলো কি মিলবে আমাদের লেখা ইতিহাসের সঙ্গে? অর্থাৎ একই যুদ্ধের ইতিহাস একেক পক্ষ লিখেছে একেক দৃষ্টিকোণ থেকে। আবার এই দেশে মুক্তিযুদ্ধের বহু পরে জন্ম নেওয়া প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো হয়েছে নানা অর্ধসত্য ও মিথ্যার মিশেলে। ফলে মুক্তিযুদ্ধ নিয়ে ৪৩ বছর পরও ঐকমত্যে পৌঁছাতে পারিনি আমরা। বিশেষত, পঁচাত্তরে রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাস বিকৃতির যে মচ্ছব শুরু হয়, তাতে বিভ্রান্ত হয়েছে নতুন প্রজন্ম। আর পরাজিত শক্তি দীর্ঘ চার দশক পরে আজও মেনে নিতে পারেনি তাদের পরাজয়। ওই পরাজিতদের একজন প্রতিনিধি আলোচ্য ডায়েরিটির লেখক বদি মিয়া ওরফে আলহাজ বদিউজ্জামান—একাত্তরের রাজাকার আর স্বাধীন বাংলাদেশে বিশিষ্ট শিল্পপতি।
বইটি লেখা হয়েছে এক কল্পিত রাজাকারের ডায়েরির আদলে। কথাশিল্পের শিল্পসৌকর্যের চেয়ে মুক্তিযুদ্ধের সময় একজন পাকিস্তানপ্রেমীর প্রতিদিনকার ঘটনার বর্ণনাই মুখ্য হয়ে উঠেছে এখানে। এই বর্ণনার মধ্য দিয়ে বইটির লেখক দেখাতে চেয়েছেন রাজাকারদের কার্যকলাপ। এ ক্ষেত্রে তিনি সফল। কেননা, এ বইয়ে দারুণভাবে মূর্ত হয়েছে এক স্বাধীনতাবিরোধীর মনস্তত্ত্ব।
মুক্তিযুদ্ধের নয় মাসের নানা ঘটনা ও পরিপ্রেক্ষিত এই ডায়েরি লেখক বদি মিয়া ব্যাখ্যা করেছে নিজের অবস্থান থেকে। সেখানে বাঙালির বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ও সৈন্যদের প্রতিটি সাফল্যকে সে লিখে রেখেছে নিজের ‘বিজয়’ হিসেবে। অন্যদিকে, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বাঙালির সাফল্যগুলো তাকে করেছে ভীত ও আতঙ্কিত। আবার উপায় না দেখে ডায়েরির শেষে সে লিখেছে তার ভোল পাল্টানোর কাহিনি—যোদ্ধার ছদ্মবেশে কীভাবে মুক্তিকামী বাঙালির দলে ভিড়ে গিয়েছিল সে।
না, ঘটনাগুলো আমাদের অচেনা নয়, বদি মিয়ার এই সব ঘটনা প্রকৃত অর্থেই ঘটেছে এ দেশে। স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন রূপ ধরে, নানাভাবে পুনর্বাসিত হয়েছে এখানে। কল্পনার আশ্রয়ে বইটি লেখা হলেও এতে যেসব বিবরণ আছে, সেখানে রয়েছে সত্যের নির্যাস। এ প্রসঙ্গে বইটির ‘বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দান এবং ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধিজীবী হত্যা’ অংশটির কথা বলা যায়। মুক্তিযুদ্ধকালীন হত্যা, ধর্ষণ, লুট আর অগ্নিসংযোগকারী এক ভ্রষ্টের এ ডায়েরি পড়লে বোঝা যায়, কতটা নৃশংস, নির্মম আর অমানবিক ছিল পাকিস্তানের ওই দোসররা। স্বাধীনতাবিরোধীদের সেই সব কর্মকাণ্ড ও অনুভূতি মাহফুজুর রহমান তুলে এনেছেন নিখুঁতভাবে। বাঙালি তার শত্রুপক্ষের অনুভূতি জানতে পারবে এই বই পড়ে।