স্বাধীনতার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ড্রিম অব দ্য কেল্ট: মারিও বার্গাস য়োসা \ আলফাগুয়ারা, স্পেন: নভেম্বর, ২০১০ \ পৃষ্ঠা ৪৬৪ পরাধীন ও অত্যাচারিত মানুষ যুগ-যুগান্তর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখছে। অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে করতে একসময় বিপুলসংখ্যক পদানত মানুষ স্বল্পসংখ্যক ক্ষমতাবানকে ক্ষমতাচ্যুত করেছে। প্রাচীন যুগ থেকে শুরু করে দুর্ভাগ্যবশত বর্তমানকাল পর্যন্তও শৃঙ্খলিত মানুষের স্বাধীনতার স্বপ্ন দেখা শেষ হয়নি। কবি-সাহিত্যিক-ঋষি-সন্ত এবং পয়গম্বরদের প্রধান যুদ্ধই ছিল অসত্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে এবং তাঁরাই মানুষের বিবেককে জাগ্রত করেছেন বারবার। বৃহত্তর মানবগোষ্ঠীর ওপরে ক্ষুদ্রসংখ্যক ক্ষমতাধরের যথেচ্ছাচার ক্ষমতা ও ক্ষমতায়নের ইতিহাসে বারবার পুনরাবৃত হয়েছে এবং সম্ভবত এখনো সর্বত্রই হচ্ছে—কোথাও অস্পষ্ট ও পরোক্ষভাবে এবং কোথাও প্রত্যক্ষভাবে। অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মুক্তিসংগ্রাম স্পষ্টভাবেই পরিলক্ষিত হয়েছিল এবং দুই শতাব্দী পার হতে না-হতেই সারা বিশ্বে পরাধীনতার শৃঙ্খল এবং ঔপনিবেশিক ক্ষমতার পরাকাষ্ঠা ভেঙে পড়তে থাকে। ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যবহার করে বাস্তবভাবে উপকৃত হয়, তখন তা স্বৈরাচারের পর্যায়ে পর্যবসিত হতে সামান্য সময় নিয়ে থাকে আর এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে মানুষের বিবেক, যা কবি, শিল্পী ও সাহিত্যিকের বলিষ্ঠ উচ্চারণে প্রকাশিত হয়। এমনই একজন ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা, যিনি পেরুর অধিবাসী এবং এখন স্পেনের নাগরিক। ২০১০ সালে ৭৪ বছর বয়সে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এবং ওই বছরই অর্থাৎ গত বছর নভেম্বরে নোবেল পুরস্কারপ্রাপ্তির মাস খানেক পরই তাঁর সাম্প্রতিকতম উপন্যাস কেল্টদের স্বপ্ন (দ্য ড্রিম অব দ্য কেল্ট) প্রকাশিত হয়েছে।উপন্যাসটির মূল চরিত্র রজার কেসমেন্ট (১৮৬৪-১৯১৬), যিনি তৎকালীন বেলজিয়ান কঙ্গোয় বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ কনসাল হিসেবে কাজ করছিলেন। এই অ্যাংলো-আইরিশ কূটনীতিক পরবর্তীকালে আইরিশ জাতীয়তাবাদী আন্দোলনে গভীরভাবে জড়িয়ে পড়েন। উপন্যাসটি এই রজার কেসমেন্টের জীবনের ওপর ভিত্তি করে রচিত। এ রচনা যখন তিনি শেষ করেন, সম্ভবত তখনো তিনি জানতেন না যে নোবেল তাঁর জন্য অপেক্ষা করছিল এবং এই বইটি বেরোনোর আগেই তিনি নোবেল পুরস্কার পান। তাঁর এই শেষ উপন্যাসেও রয়েছে ক্ষমতার কাঠামো ও সংগঠনের নিবিড় পরীক্ষা এবং অপব্যবহূত ক্ষমতার বিরুদ্ধে ব্যক্তির প্রতিবাদ, বিদ্রোহ এবং সেই প্রতিবাদী সত্তাকে অবদমনের তীক্ষ, তীব্র ও ভয়ংকর চিত্রাবলি। বিষয় ও গঠনের দিক থেকে কেল্টের গল্পে রয়েছে ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে জার্নালের মিশেল। যে ঐতিহাসিক ঘটনাবলির ওপর উপন্যাসের কাহিনির ভিত রচিত হয়েছে, তা হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে পূর্বকল্পিত ভয়াবহ অত্যাচারের মাধ্যমে কঙ্গো বেসিন ও পেরুভিয়ান আমাজনের অধিবাসীদের পদানত করে দাসে পরিণত করার ইতিহাস। এসব ঘটনা ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত। উপন্যাসে যে কৌশল ব্যবহার করা হয়েছে, তা প্রায়ই যোসেফ কনরাডের দ্য হার্ট অব ডার্কনেস উপন্যাসকে মনে করিয়ে দেয়। এমনই একটা আবহের মধ্য দিয়ে একটি জটিল এবং শেষ পর্যন্ত কেসমেন্টের বিয়োগান্ত পরিণতির কথা বলা হয়। রজার কেসমেন্ট তাঁর রিপোর্টিংয়ের জন্য স্যার উপাধিতে ভূষিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আয়ারল্যান্ডের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন এবং এই উদ্দেশ্যে জার্মান সামরিক শক্তির ব্যবহার করে বিখ্যাত ইস্টার রাইজিং সম্ভব করেছিলেন। পরে তাঁকে ব্রিটিশ ইনটেলিজেন্স কর্তৃক সমকামী বলে প্রচার করা হয় এবং প্রহসনের বিচার করে রাষ্ট্রদ্রোহের জন্য ফাঁসি দেওয়া হয়। বইটি ৪৬৪ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে স্পেন থেকে। মারিও বার্গাস য়োসার ৩০টির বেশি উপন্যাস, নাটক ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। য়োসা একসময় বামপন্থী চিন্তায় উদ্বুদ্ধ ছিলেন, কিন্তু পরবর্তীকালে রক্ষণশীল দলের হয়ে ১৯৯০ সালে পেরুর রাষ্ট্রপতি পদে নির্বাচন করে হেরে যান। তিনি নব্য বামপন্থী নেতাদের সমালোচনা করেন এবং এ কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শাভেজকে সমর্থন করেন না। ১৯৯০ সালে মেক্সিকোর অক্টাভিও পাজ নোবেল পুরস্কার পাওয়ার পর লাতিন আমেরিকায় স্প্যানিশ ভাষীদের মধ্যে তিনি এই নোবেল পেলেন। এর আগে চিলির পাবলো নেরুদা এবং কলম্বিয়ার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পেয়েছিলেন। বইটি নিপীড়িত মানুষের কথা বলে, তাই তার আবেদন গভীর ও সর্বত্রগামী হবে বলে বলা যায় আর সঙ্গে এর শৈল্পিক উৎকর্ষও উল্লেখ করার মতো।