একাত্তরে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লে. জেনারেল জে এফ আর জ্যাকব তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে ভারতের সরকারি ইতিহাসের যথার্থতা নিয়ে যথেষ্ট জোরালো ভাষায় নতুন করে প্রশ্ন তুলেছেন।জ্যাকব প্রকারান্তরে ইতিহাসের বিকৃতি ঘটানোর অভিযোগ এনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এ নিয়ে তিনি তাঁর আত্মজীবনীতে গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ৮৮ বছর বয়সী জেনারেল জ্যাকবের কথায়, ‘মুক্তিযোদ্ধারা সাহসী হূদয়ের অধিকারী।’জ্যাকব মনে করেন, জেনারেল মানেকশ বা জেনারেল অরোরা নন, তাঁর পরিকল্পনাতেই ১৬ ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। মানেকশ বরং ঢাকাকে বাদ দিয়ে ওই সময় অন্যান্য শহর দখলের নির্দেশ দিয়েছিলেন। অথচ সেই সত্য ভারতে সরকারিভাবে স্বীকৃত হয়নি। এ জন্য তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস রচনা দলের সঙ্গে যুক্ত ব্রিগেডিয়ার ভিমাকে সাক্ষী মেনেছেন। ভিমা তাঁকে জানিয়েছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ১৬ ডিসেম্বরের বিষয়ে মানেকশর বক্তব্য গ্রহণ এবং জেনারেল জ্যাকবের বক্তব্য বর্জন করা হবে। ভিমা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।প্রথম আলোর প্রশ্নের জবাবে জেনারেল জ্যাকব বইয়ের বাইরে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।একাত্তরে জেনারেল স্যাম মানেকশ ছিলেন ভারতের সেনাপ্রধান। ১৯৭২ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘পদ্মবিভূষণ’ পান। পরে তাঁকে ফিল্ড মার্শালও করা হয়। জেনারেল জগজিৎ সিং অরোরা ছিলেন ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান। তিনি বাংলাদেশ-ভারতের যৌথ কমান্ডের অধিনায়ক হিসেবে আত্মসমর্পণের দলিলে সই করেন। এ জন্য তাঁকে দেওয়া হয় ভারতের তৃতীয় সর্বোচ্চ খেতাব ‘পদ্মভূষণ’। অন্যদিকে লে. জেনারেল জ্যাক জ্যাকব একাত্তরে বাংলাদেশ-যুদ্ধে তাঁর ভূমিকার জন্য শুধু ‘পরম বিশিষ্ট সেবা মেডল (পিভিএসএম)’ নামের সামরিক খেতাব পান। জেনারেল মানেকশ এবং অরোরাসহ অনেকেই রাষ্ট্রের কাছ থেকে জমি পেয়েছেন। কিন্তু জ্যাকব পাননি। জানা যায়, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাংলাদেশের তরফে বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার কথা জেনারেল জ্যাকবকে জানিয়েছিলেন। কিন্তু সেটা আর ঘটেনি।জেনারেল জ্যাকবের সুস্পষ্ট বক্তব্য, ‘একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের যে অনন্যসাধারণ ভূমিকা, সে সম্পর্কে ভারতীয় জনগণ সঠিকভাবে অবগত নয়। এর কারণ, এ বিষয়ে বিস্তারিত লেখা হয়নি। ১৯৯৭ সালে আমার প্রথম বই সারেন্ডার অ্যাট ঢাকা প্রকাশিত হওয়ার পরই প্রথমবারের মতো ভারতের জনগণ মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকা সম্পর্কে জানতে পারে। বর্তমান বইটি পড়লে মুক্তিযোদ্ধা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা সম্পর্কে আরও ভালোভাবে জানতে ও বুঝতে সহায়ক হবে।’আরেক প্রশ্নের জবাবে জেনারেল জ্যাকব বলেন, ‘একাত্তরের রণাঙ্গনে পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনীর চেয়ে বেসামরিক মুক্তিযোদ্ধাদের ভূমিকা শ্রেয়তর ছিল।’অভিযোগজেনারেল জ্যাকব তাঁর বইয়ের ১১২ পৃষ্ঠায় লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের সংগঠন, ভূমিকা ও তাঁদের অপারেশনের ইতিহাস বাংলাদেশে ভালোভাবে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিবাহিনী সংগঠনে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং যৌথ অপারেশনসের কাহিনি ভারতে ঠিকমতো প্রচারিত হয়নি। পাকিস্তানিদের আত্মসমর্পণে বাধ্য করতে মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা ও নৌকমান্ডোরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে মিলে বিরাট ভূমিকা রেখেছেন। পাকিস্তানি জান্তার কবল থেকে তাঁদের দেশমাতৃকাকে স্বাধীন করতে তাঁদের যে ভূমিকা, তার ন্যায্য স্বীকৃত তাঁদের দিতেই হবে।‘অপর্যাপ্ত প্রশিক্ষণ ও পর্যাপ্ত কনিষ্ঠ নেতা না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধারা সাহস ও দৃঢ়সংকল্পের সঙ্গে যুদ্ধ করেন। তাঁরা এমন ত্রাসের পরিবেশ সৃষ্টি করেন, যাতে পাকিস্তানি সেনাবাহিনীর মনোবল একেবারে ভেঙে পড়ে। প্রতিরোধের সামর্থ্য হ্রাস পায় এবং সেনাছাউনিতে আটকা পড়ে। এতে তাদের যুদ্ধ করার ইচ্ছা ধূলিসাৎ হয়ে যায়। আর মুক্তিযোদ্ধারাই বিরাট ভূখণ্ড করতলগত করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর জীবন অতিষ্ঠ করে তোলেন।’পাশ্চাত্যেও বিভিন্ন সরকারি দলিল ও বইপত্রে একাত্তরের যুদ্ধকে বেশির ভাগ সময় ‘পাক-ভারত যুদ্ধ’ হিসেবে বর্ণনা করা হয়। ভারতীয় অনেক সমরবিদও বিষয়টি একইভাবে দেখতে অভ্যস্ত। কিন্তু জেনারেল জ্যাকব বলেন, ‘আমি মনে করি, একাত্তরের যুদ্ধকে দুই ভাগে দেখার অবকাশ রয়েছে। পশ্চিম ফ্রন্টে ভারতের সঙ্গে যে যুদ্ধ চলেছিল, সে অংশকে “ভারত-পাক” যুদ্ধ বলা যায়। কিন্তু পূর্ব পাকিস্তানের যুদ্ধকে অবশ্যই যৌথ কমান্ডের অধীনে “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ” হিসেবে দেখতে হবে।’অনন্য দৃষ্টান্তজেনারেল জ্যাকবের এর আগের বই সারেন্ডার অ্যাট ঢাকা ও নতুন বই অ্যান অডেসি ইন ওয়ার অ্যান্ড পিস পড়ে এ রকম ধারণা হয়, একাত্তরের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটি ছিল কার্যত জ্যাকবের নিজস্ব উদ্ভাবন। জেনারেল মানেকশ, অরোরা বা ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী সেটা ঘটেনি, বরং জ্যাকবের দাবি, মানেকশদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৬ ডিসেম্বরের দিনটি নিঃশর্ত আত্মসমর্পণ নয়, জাতিসংঘের আওতায় একটি অস্ত্রবিরতিতে রূপ নিত। এতে ওই দিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের উদয় ঘটত না। কাজেই এটা বলা যায়, শুধু তাঁর উপস্থিত বুদ্ধির বলেই নিয়াজির প্রস্তাবিত অস্ত্রবিরতির প্রস্তাবকে বিশ্ব ইতিহাসে একমাত্র প্রকাশ্য আত্মসমর্পণ অনুষ্ঠানে রূপান্তর করা সম্ভব হয়েছিল।উষ্মা: জেনারেল জ্যাকব তাঁর অবস্থান স্পষ্ট করতে নিয়াজির আত্মসমর্পণের দলিল থেকেও উদ্ধৃতি দেন। নিয়াজি সেখানে বলেন, জ্যাকবই তাঁকে ব্ল্যাকমেইল করে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। বইটির ১২৮ পৃষ্ঠায় জ্যাকব উল্লেখ করেছেন, ‘যদি নিয়াজির প্রস্তাবমতো জাতিসংঘের আওতায় অস্ত্রবিরতির প্রস্তাব পাল্টে দিয়ে আমরা একে নিঃশর্ত আত্মসমর্পণ অনুষ্ঠানে পরিণত করতে না পারতাম, তাহলে কী হতো?’ জ্যাকবই উত্তর দিয়েছেন, ‘এর ঠিক পরের দিনটিতেই আমাদের ফিরে আসতে হতো। আমি ব্যর্থ হইনি এবং ভারত আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত হয়েছিল।’ তিনি এরপর আরও লিখেছেন, ‘ইহুদিদের প্রতি পাকিস্তানের কোনো প্রেম নেই। পাকিস্তানিরা জানত, আমি একজন ইহুদি। সুতরাং, ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে পাকিস্তানিরা তাদের ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণায় বিস্ময়করভাবে ভারতীয় বিজয়ের জন্য কৃতিত্ব নির্দিষ্টভাবে “মেজর জেনারেল জ্যাকব”কেই দিয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, অথচ ভারতে এ সত্যটির ব্যাপকভাবে জানাশোনা নেই।জ্যাকব লিখেছেন, ‘সারেন্ডার অ্যাট ঢাকা আমার প্রথম বই প্রকাশের সময় জেনারেল মানেকশ ও অরোরা—দুজনকেই ব্যক্তিগতভাবে বইয়ের কপি দিই। তাঁরা তখন কর্মঠ ও সক্রিয় ছিলেন। কিন্তু তাঁরা কেউ আমার বক্তব্যের প্রতিবাদ করেননি।’জ্যাকবের আত্মজীবনীতে বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর ‘পাঠ্যবইয়ের চেয়েও এতে অধিক ইতিহাসের ঠাঁই’ দেখেছেন। ভারতের সাবেক উপ-সেনাপ্রধান লে. জেনারেল জমির উদ্দিন শাহের কথায়, ‘প্রশংসা নিশ্চয় জ্যাকবের প্রাপ্য। কিন্তু সামরিক প্রথায় হার-জিতের চূড়ান্ত দায়িত্ব শীর্ষ অধিনায়কের ওপরই বর্তায়।’জেনারেল জ্যাক জ্যাকব জন্ম কলকাতা। ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ১৯৪২ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লড়েছেন মধ্যপ্রাচ্যে, মিয়ানমারের পরে সুমাত্রায়।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় বাহিনীর ঢাকা অভিযানের নেতৃত্বে দেন, তাঁর পরিকল্পনাতেই পাকিস্তান সেনাবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণ সম্ভব হয়েছিল। ৩১ জুলাই ১৯৭৮ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।তাঁর উল্লেখযোগ্য বই হলো: সারেন্ডার অ্যাট ঢাকা, বার্থ অব এ নেশন।