তিনি ছিলেন প্রজ্ঞা ও দ্রোহের কান্ডারি, আমাদের বাতিঘর। সম্প্রতি প্রয়াত হয়েছেন সরদার ফজলুল করিম। তাঁর প্রতি শ্রদ্ধা
স্মরণ

নিজেকে তিনি কৃষকের সন্তান বলে পরিচয় দিতে ভালোবাসতেন। ওই পরিচয়দানের মধ্যে নিজেকে এবং অন্যদের স্মরণ করিয়ে দিতেন তাঁর উৎসের কথা; এবং জানিয়ে দিতেন যে উত্তরজীবনে তাঁর সকল পরিবর্তন সত্ত্বেও মাটির সঙ্গে সত্য আত্মীয়তা বর্জিত হয়নি। এ তাঁর একধরনের অহংকারও বটে।
তবে সেই সত্তার ওপর প্রলেপ পড়েছিল তাঁর মেধার, আধুনিক শিক্ষার, বিপ্লবী চিন্তার। এক কৃষকসন্তান সরদার ফজলুল করিম হয়ে ওঠেন মেধা ও সাহসের জোরে।
আনুষ্ঠানিক বিদ্যাচর্চার প্রতিটি ধাপে তিনি যে অসাধারণ ফল লাভ করেছিলেন, তাতেই আছে তাঁর মেধার পরিচয়। ২১ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিযুক্ত হয়েছিলেন সেই ১৯৪৬ সালে। তত দিনে তিনি কমিউনিস্ট পার্টির একজন কর্মীও—চোখে-মুখে তাঁর সমাজ পরিবর্তনের স্বপ্ন। বিলেতে গিয়ে উচ্চতর ডিগ্রি লাভের সম্ভাবনা তিনি নাকচ করে দেন পার্টির নির্দেশে। পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয় থেকে। আত্মগোপন করে বিপ্লবী রাজনীতি চর্চা করার সংকল্প করেন। গোপন সভা থেকে ধরা পড়েন। কারাগারে নিক্ষিপ্ত হন। প্রথম দফায় আট বছর। সরদার অবিচলিত। এসবের জন্যে যে সাহস লাগে, সে সাহস তাঁর সহজাত।
জ্ঞানচর্চা অব্যাহত থাকে তাঁর কারাগারে গিয়েও। কারাগার থেকে মুক্তিলাভ করেন পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে। এই পর্যায়ে রাজনীতিতে যে একটা বড় ভূমিকা পালন করতে সমর্থ হয়েছিলেন তিনি, তা নয়। সংসদীয় রাজনীতিতে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। এ কে ফজলুল হকের প্রতি শ্রদ্ধা বোধ করেছিলেন, শেখ মুজিবুর রহমানের মধ্যে আবিষ্কার করেছিলেন নতুন সম্ভাবনা।
সামরিক শাসন জারির সঙ্গে সঙ্গে সরদার ফজলুল করিম আবার কারাগারে। সেখান থেকে বেরিয়ে যোগ দেন বাংলা একাডেমিতে, মুনীর চৌধুরীর দৌত্যে, পরিচালক সৈয়দ আলী আহসানের আগ্রহে। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আর সংস্রব নেই, কিন্তু জ্ঞানচর্চা অব্যাহত। ১০-১১ বছর পরে, স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে যখন সংসারজীবনে স্থিত, মুক্তিযুদ্ধের সময়ে তখন আবার কারাগারে। বেঁচে যে রইলেন, সেটাই ভাগ্য।
স্বাধীন বাংলাদেশে এবারে অধ্যাপক আবদুর রাজ্জাক—সরদার ফজলুল করিম যাঁকে নিজের দ্বিতীয় পিতা বলতেন, তিনি চাইলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরদারকে ফিরিয়ে আনতে। স্বভাবতই দর্শন বিভাগে—যে বিভাগের শিক্ষক ছিলেন তিনি এককালে। কিন্তু আমাদের শিক্ষকদের দলাদলি আছে না? ব্যক্তিগত লাভ-লোকসানের হিসাব কষাকষি আছে, পছন্দ-অপছন্দের ব্যাপার আছে, তাকে গৌরবান্বিত করতে আমরা বলি শিক্ষকদের রাজনীতি। সেই রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় সরদারের প্রত্যাবর্তনে। আবদুর রাজ্জাক তখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ। সেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই সরদারকে শিক্ষক করে আনেন। উপাচার্য মুজাফফর আহমদ চৌধুরী তাঁর সব কথাই শুনতে প্রস্তুত। তবু বঙ্গবন্ধুকে একটু বলে নেওয়া হয়, তিনি সোৎসাহে সম্মতি দেন।
১৩ বছর সেখানে কাটে সরদারের। একের পর এক অনুবাদ করেন প্লেটো, অ্যারিস্টটল, এঙ্গেলস—জ্ঞানতত্ত্বের একেবারে গোড়ায় চলে যান। যুক্তিবিদ্যার বই লেখেন। মুনতাসীর মামুনের সঙ্গে সংকলন করেন দর্শন-কোষ । আবদুর রাজ্জাকের কথোকথন দিয়ে প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পূর্ববঙ্গীয় সমাজ । বিতর্কের ঝড়ের মধ্যে পড়ে যায় শেষোক্ত বইটি। দ্বিতীয় পিতাকে বিব্রত করছেন জেনে বিব্রত হন সরদার নিজেও।
তারপরও অদম্য থাকেন লেখালেখিতে। টেপ-রেকর্ডার নামের যন্ত্র তাঁর এখন চিরসঙ্গী। সুযোগ পেলেই কাঁধের ঝোলা থেকে সেটা বের করেন। শব্দ ধারণ করেন অন্যের। এসবই ইতিহাসের উপকরণ। আর দিনপঞ্জি লেখেন প্রত্যহ। অনেক তুচ্ছ কথা থাকে তাতে, অনেক উচ্চভাব। সরদার ফজলুল করিমের কাছে ‘জীবনের ধন কিছুই যায় না ফেলা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনের শেষে যোগ দেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটিতে। সেখানে মধ্যবিত্ত ঘরের মেয়েরা তাঁর ছাত্রী—তাদের পাঠ ও জ্ঞানের মান তাঁর জানা। তারপরও সস্নেহে জানতে চান, কোথায় তাদের অসুবিধে। বলেন, তোমরা তো কেবল ছাত্রী নও, আগামী দিনের শিক্ষক। আমি স্বপ্ন দেখি সেই বাংলাদেশের, যেখানে প্রতিটি মেয়ে হবে শিক্ষাদাতা—ছেলেরা পাঠ নেবে তাদের কাছ থেকে। আশা করেন, গভীর সীমাবদ্ধতা ভেঙে এরা প্রতিষ্ঠিত হবে জীবনে। যেমন তিনি হয়েছিলেন নিজে।
শিক্ষাদাতা সরদার ফজলুল করিমের জীবনে বিপর্যয় তাঁকে ছেড়ে যায়নি কখনো। রামপুরায় বাড়ি বানাচ্ছেন, বন্যায় জলবন্দী হয়েছেন সেখানে। অবুঝ ছেলের অত্যাচারে তিক্ত-বিরক্ত হয়ে চলে গেছেন শ্যামলীতে৷ গ্যারেজের ওপরে একটিমাত্র ঘর ভাড়া নিয়েছেন, সেখানে কোথায় তাঁর বই, কোথায় টেপ-রেকর্ডার। ইন্দিরা রোডে বেশ সংসার করছিলেন—তারই মধ্যে চলে গেলেন স্ত্রী কলি। দুর্ঘটনায় পা ভেঙেছেন—লাঠি নিয়েছেন বটে, কিন্তু চলতে-ফিরতে কষ্ট হয়। তারই মধ্যে টিকাটুলিতে গিয়ে ক্লাস নেওয়া, শাহবাগে আজিজ মার্কেটে বইয়ের দোকানে যাওয়া, কখনো বা কলাভবনের লাউঞ্জে পুরোনো সঙ্গী-সাথিদের সঙ্গে দেখা করতে আসা। ধানমন্ডিতে যখন এসেছেন, তখন যাতায়াতের পালায় প্রায় ছেদ পড়েছে।
মুখের হাসিটি তবু মিলিয়ে যায়নি, আশাবাদ অব্যাহত রেখেছেন। সে-আশাবাদকে উসকে রেখেছে জ্ঞানচর্চা। জ্ঞানের শক্তিকে উপলব্ধি করেছেন নিজের মধ্যে। অপরের মধ্যে জাগাতে চেয়েছেন সেই শক্তি। দাঙ্গা-দুর্ভিক্ষ কলহ-নিপীড়ন দৈব-দুর্বিপাকের মধ্যেও পড়ালেখায় ছেদ ঘটতে দেননি। সামান্যের মধ্যেও প্রত্যক্ষ করেছেন অসামান্যকে। কৃষক-সন্তান জাতীয় অধ্যাপক হয়েছেন। আগাগোড়া রয়ে গেছেন সরদার ফজলুল করিম। মৃত্যু তাঁর দেহটিকে নিয়ে গেছে, আর কিছুই নিতে পারেনি।