স্মরণে ও শ্রদ্ধায় কিবরিয়া
সদ্যপ্রয়াত চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া নিরবচ্ছিন্ন চিত্রসাধনা ও চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পচর্চায় সৃজনশীল বোধকে নানাভাবে আলোকিত করেছেন। তাঁর শিল্প মনীষা ও মনন দ্বারা তিনি হয়ে উঠেছেন এ দেশের শিল্প আন্দোলনের অন্যতম শিল্পী। শিল্পী মোহাম্মদ কিবরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ২২ জুলাই থেকে আয়োজন করেছে ১০ দিনব্যাপী ‘শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া’ শিরোনামে এক বিশেষ একক চিত্রকলা প্রদর্শনী।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ‘কিবরিয়া সংগ্রহ’ থেকে প্রদর্শিত হচ্ছে ১১১টি শিল্পকর্ম।বাংলাদেশের চিত্রশিল্প আন্দোলনের ইতিহাসে বিমূর্ত ধারার সফলতম চিত্রকর মোহাম্মদ কিবরিয়া। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ছাপচিত্র মাধ্যমের এচিং, লিথোগ্রাফ রয়েছে।ছাপচিত্র মাধ্যমে করা কাজগুলো অদ্ভুত রকমের মিনিমাইজড—রেখায়, ফর্মে, রঙে। ‘মেমোরি’ শীর্ষক এচিংয়ে দেখা যায়, হালকা হলুদ রঙের পটভূমিতে প্লেট এসিডে খাওয়ানোর পর তৈরি হওয়া টেক্সচার, রেখা সবুজ রঙে একরকম ল্যান্ডস্কেপ তৈরি করেছে। মনে হতে পারে, ‘বার্ডস আই ভিউ’ থেকে দেখা কোনো স্থান। আর তার নিচের অংশে দুদিক থেকে আসা কালো রেখা একটি চতুর্ভুজের অংশ, যেটি আবার বিভক্ত মাঝ বরাবর একটি সরল উলম্ব রেখায়। সাতচল্লিশের দেশভাগ আরও অনেক ভারতীয় বাংলাদেশি নাগরিকের মতোই কিবরিয়ার জীবনের একটি অতীব বিধুর বিষাদময় ভেঙে যাওয়া সম্পর্কের পরিণতিতে একাকিত্বের অনুভূতি। বাংলাদেশে তিনি চলে আসেন বীরভূমের পৈতৃক নিবাস ও আত্মীয়-পরিজন ছেড়ে। নতুন দেশে নতুনভাবে জীবন শুরু করেছেন। মানিয়ে নিয়ে এগিয়েছেন চিত্রশিল্প নিয়ে একজন ধ্যানমগ্ন শিল্পীর মতো। উৎসাহ ও সাহস দিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী শফিউদ্দিন আহমদসহ আরও অনেক শিল্পগুরু ও সহপাঠী। প্রদর্শনীতে দুর্লভ কিছু পেইন্টিং ও কোলাজ দেখার সুযোগ মিলেছে দর্শকের। শিল্পী কিবরিয়ার ছবিগুলোর বেশির ভাগই সহজ জ্যামিতিক কাঠামো, রেখা ও রঙের বিন্যাস কম্পোজিশন। কিবরিয়ার চিত্রকর্মের বিষয়বস্তু কখনো খুব জটিল লাগতে পারে একজন সাধারণ দর্শকের চোখে অথচ মনোযোগ দাবি করে, উপরন্তু প্রশান্তি দেয়। ‘ব্রাউন, ব্লু অ্যান্ড গ্রিন’ শীর্ষক পেইন্টিংয়ে দেখা যায় কিবরিয়া খুব সচেতনভাবে টেক্সচার এবং রং ব্যবহার করেছেন। রং ব্যবহারে এর ব্যাকরণগত উপায়কে আশ্রয় করেছেন। ‘ব্লু কম্পোজিশন’, ‘ব্লু অ্যান্ড ইয়োলো’, ‘ব্রাউন কম্পোজিশন’ প্রভৃতি ক্যানভাস দারুণ শক্তিমান একজন চিত্রশিল্পীর কঠোর অধ্যবসায়ের রোমান্টিক ফসল। কিবরিয়ার ছবি, ছবির বিষয়, স্থান বিভাজন, ভাষা বিভিন্ন পরতে রঙের পরিশীলিত রূপ প্রমাণ করে, কিবরিয়া ধরতে চেয়েছেন মানুষ, জীবন, সময়, প্রকৃতি, আনন্দ-বেদনার মূল সারসংক্ষেপ-সুরটির গভীরতম অনুভূতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে জটিল জীবন-মনস্তাত্ত্বিক আবহে বিমূর্তায়নের যে আবির্ভাব ইউরোপে শুরু হয়, তার প্রভাব বাংলাদেশের তৎকালীন তরুণ শিল্পীদের (যাঁরা অনেকে ইউরোপ-ফেরত) চর্চায় দেখা যেতে থাকে। সে সময়ের তরুণ শিল্পী কিবরিয়াও সেই আবেগে পা বাড়ান। কিন্তু একাডেমিক চর্চার বাইরে সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করাটা সহজসাধ্য ছিল না। ধীরে ধীরে কিবরিয়া আরও বেশি ধ্যানমগ্ন হতে থাকেন এবং আবিষ্কার করতে থাকেন নিজের ভাষা। প্রদর্শনীতে ছোট ছোট ড্রয়িং, পোস্টাল করা কম্পোজিশন যেন সেই চর্চা ও ধ্যানমগ্নতার একটি সম্পর্ক। কগজ কেটে কোলাজ করার, এর সঙ্গে সরাসরি সম্পর্ক পাওয়া যায় কিবরিয়ার বিমূর্ততার। কিবরিয়ার বিমূর্তায়ন অর্থময় আকার ধারণ করেছে। কারণ, আকার রচনায় অভ্যন্তরীণ ও একরকম দ্বান্দ্বিক কাঠামোকে উপাদান হিসেবে উপস্থিত করেছেন।