স্মৃতি ও পুরাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ বেঙ্গল গ্যালারি ছিল লোকে লোকারণ্য। ওই দিন ‘সৃজনে শিকড়ে’-এর নবম প্রদর্শনী উদ্বোধন হয়। প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্যে বেশ লক্ষণীয়। বেশির ভাগ ছবিই ছিল বর্ণময় এবং দৃষ্টিনন্দন।বরাবরের মতো সৃজনে শিকড়ের নবম প্রদর্শনীতে ১০ জন শিল্পীর চারটি করে মোট ৪০টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী। শিল্পীরা ফিগারেটিভ এবং অ্যাবস্ট্রাক্ট ফর্মের মাধ্যমে তাঁদের অভিব্যক্তি ও সৃজনশীলতা প্রকাশ করেছেন। কাজের মাধ্যমেও ছিল বৈচিত্র্য। এ ক্ষেত্রে তাঁরা তেল রং, অ্যাক্রিলিক, ক্যালিগ্রাফি, উডকাট ও মিশ্র মাধ্যমে কাজ করেছেন। বিষয় হিসেবে প্রকৃতি, সমাজ বাস্তবতার পাশাপাশি ফ্যান্টাসি এবং অ্যাবসার্ডিটি নিয়েও শিল্পীরা কাজ করেছেন। বেশির ভাগ শিল্পীই তাঁদের কাজে মডার্ন, পোস্ট মডার্ন এবং ফোক আর্টের এলিমেন্টগুলো একত্র ব্যবহার করে ছবিগুলোতে নতুন মাত্রা সঞ্চার করেছেন।বিখ্যাত শিল্পী নাজলী লায়লা মনসুরের চিত্রকর্মে দেখা যায় পোস্ট মডার্ন অনুষঙ্গ বিচ্ছিন্নতা, অ্যাবসার্ডিটি এবং যান্ত্রিক বাস্তবতা, যা আমাদের বর্তমান নাগরিকজীবনের রূপ। ছবির ফিগারগুলোর একটি বিশেষ স্টাইলাইজড ভঙ্গি, উদাস চাহনি, ভাবলেশহীন মুখ। সেই সঙ্গে চটকদার রং। ফিগারগুলোকে যে পরিবেশেই আঁকা হোক না কেন, তারা যেন ছায়ার মতোই বিলীয়মান। ভীষণ একাকিত্বের বোধ জড়িয়ে থাকে ফিগারগুলোকে। সামাজিক বৈষম্য, অসংগতি, রাজনৈতিক অনুষঙ্গ, পরিবেশের ভাঙচুর এবং দ্বান্দ্বিক বস্তুগত জগৎ তাঁর ছবির বিষয়বস্তু। তাঁর ছবিতে দেখা যায় অনেক ফোক মোটিফ, বিশেষ করে রিকশা পেইন্টিংয়ের রঙের ব্যবহার। এ প্রদর্শনীতে তাঁর চারটি কাজ এর ব্যতিক্রম নয়। কাজগুলোর শিরোনাম ‘লাভারস অ্যান্ড ডেড ফিশ, ইন রিমেম্বার অব রেমব্রান্ট’, অদ্ভুত উট এবং তালাশ।‘কলিকালের সকাল, দুপুর, সন্ধ্যা, রাতের মন্ত্র এবং নয়টি প্রতীক’ শিরোনামে শিল্পী নীলুফার চামানের চারটি শিল্পকর্মে তাঁর চিন্তাশীলতার ছাপ স্পষ্ট। ছবিগুলো হালকা বাদামি ব্যাকগ্রাউন্ডে কালো ফিগার আঁকা হয়েছে। তাঁর শিল্পে মিথ, টোটেম ও সিম্বল একত্রে সাম্প্রতিক সময়ের সঙ্গে মিলিয়ে পৃথিবীকে উপস্থাপন করেছেন। এখানে পৌরাণিক আস্থা, শান্তি এবং মঙ্গলবারতার প্রতীক এঁকেছেন। কিন্তু শিল্পী এই প্রতীকের দ্বান্দ্বিক ব্যাখ্যা করেছেন। গাঢ় বাদামি ফিগারের মধ্যে আঁকা সার্কেলের মধ্যে মর্নিং, নুন এবং ইভনিং মন্ত্র এবং কিছু পৌরাণিক মোটিভ রয়েছে। যেমন পদ্ম, শঙ্খ, পানির পাত্র, মাছ, যা চিত্রিত করে কলিকালকে। ফিগারগুলোর জীবন নেই, এরা মানুষের আকারে মনে হয় দাঁড়িয়ে আছে বা বসে আছে। যেভাবেই থাকুক, আসলে তাদের দিয়ে বোঝানো হয়েছে সমকালীন বিশ্বের বিপদ আসন্ন।তৈয়বা বেগম লিপির অনেক ছবিতে তাঁর নিজেরই পোর্ট্রেট আঁকা হয়েছে। কিন্তু সেখানে তিনি প্রকাশ করেন তাঁর রাজনীতি, বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বিষয়, যা নারীবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তৈরি করে। ১,২, Edge Homage to Shana. প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন নজীব মোহাম্মদ, রেজাউন নবী, মোখলেসুর রহমান, কাজী সালাহউদ্দিন আহমেদ, ড. মো. আমিরুল মোমেনীন চৌধুরী, মো. ফকরুজ্জামান ও মো. গোলাম রব্বানী।প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।