স্মৃতি ও সত্তার যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীদের কারও বাড়ি ফরিদপুর, কারও খুলনা, কারও পাবনা, কারও চট্টগ্রাম, কারও ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ আবার কারও বা সুদূর টেনেসি কিংবা কেন্টাকি। কর্মসূত্রে তাঁরা ছড়িয়ে গেছেন দেশ-বিদেশের নানা প্রান্তে; কিন্তু স্মৃতিতে সজীব জন্মস্থান। বাংলাদেশের দি আমেরিকান সেন্টারের উদ্যোগে ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ১২ জন শিল্পী শীতলক্ষ্যা থেকে মেঘনা নদী পর্যন্ত এক ভাসমান স্টুডিওতে জড়ো হয়েছিলেন। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে তুলির আঁচড়ে, রেখা আর রঙে জীবন্ত করে তুলতে চেয়েছেন নিজ নিজ জন্মস্থান। অংশগ্রহণকারী মার্কিন শিল্পী অ্যান্ড্রু স্যাফটেল একজন ছাপচিত্রকার ও শিল্পশিক্ষক। আর হুইটনি বেকার ল্যান্ডস্কেপ ডিজাইনার, চলচ্চিত্রকার ও কবি। তাঁদের দুজনের শিল্পকাজের মূল বিষয়বস্তুই হলো অনিকেত মানুষের জন্মভূমিকেন্দ্রিক আবেগ। নিজেদের কাজের সঙ্গে বাংলাদেশের শিল্পীদের অভিজ্ঞতা মিলিয়ে নিতে তাঁদের ঢাকায় আসা। ভাসমান স্টুডিওতে সঙ্গী হিসেবে তাঁরা পেলেন অলকেশ ঘোষ, কালিদাস কর্মকার, রোকেয়া সুলতানা, মো. মনিরুজ্জামান, গোলাম ফারুক, আনিসুজ্জামান, মিন্টু দে, আবদুস সাত্তার তৌফিক, এ এইচ ঢালী তমাল, অসিত কুমার মিত্র প্রমুখ প্রবীণ ও নবীন বাঙালি শিল্পীকে। ‘ন্যাটিভ ল্যান্ড’ বা ‘জন্মস্থান’ শীর্ষক এই ভাসমান স্টুডিও সম্পর্কে আমেরিকান সেন্টারের পরিচালক মিসেস লরেন লাভলেস বলেন, ‘জন্মস্থান’ আসলে শেকড়ের সন্ধানে যাত্রা এবং একই সঙ্গে সুন্দর আগামীর অঙ্গীকার। বিশ্বব্যাপী যুদ্ধ, রক্ত, হিংসার বিস্তার মানুষকে যেভাবে উন্মূল করে দিচ্ছে; তাতে এখন সাংস্কৃতিক বিনিময়ের প্রয়োজন আরও বেশি করে অনুভূত হচ্ছে। কারণ, পারস্পরিক বোঝাপড়া ছাড়া বিশ্বশান্তি অসম্ভব।লরেন মনে করেন, ‘জলবায়ু পরিবর্তনগত যে সংকট আজ বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীর মানুষ মোকাবিলা করছে; সেই সংকটের মূলে আছে আমাদের প্রকৃতিবিচ্ছিন্ন উন্নয়ন কর্মসূচি। এর প্রতিকারে দেশগুলোর সরকারের যেমন করণীয় আছে, তেমনি সভ্যতার ভ্রাম্যমাণ দূত শিল্পীদেরও কিছু করার আছে। নিজ নিজ জন্মস্থানের স্মৃতিকে কেন্দ্র করে প্রকৃতিনির্ভর জনজীবন ছবিতে ফুটিয়ে তোলার জন্যই নদীতে ভাসমান স্টুডিওতে দুই দেশের শিল্পীদের এই সম্মিলনের আয়োজন। ২২ অক্টোবর শীতলক্ষ্যা পেরিয়ে ‘এমভি অবসর’ যখন মেঘনাভিমুখী, তখন আকাশে কেবল কালো মেঘের দল। আর প্যালেটে রং ঢেলে যখন শিল্পীরা তুলি ফেলছেন ক্যানভাসে, তখন জন্মস্থানের স্মৃতির মতোই যেন দু-এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলো। রৌদ্র-মেঘ আর ক্ষীণ বৃষ্টির খেলা দ্রুতলয়ে এগিয়ে নিল শিল্পীদের কাজ। কেউ কেউ পেনসিলে কাজ করলেও ভাসমান স্টুডিওজুড়ে ছিল জলরঙের রাজত্ব। শিল্পী অহিদুজ্জামান জানালেন, উডকাঠে নিয়মিত কাজ করলেও জন্মস্থানের ছবি আঁকতে গিয়ে জলরং ছাড়া অন্য কোনো মাধ্যমের কথা ভাবতে পারিনি। তাঁর গ্রামের কাঁচা সবুজ জলরঙেই বেশি বাঙ্ময়। রোকেয়া সুলতানা নিজ জন্মস্থান চট্টগ্রামের সাগর, পাহাড়, নদীকে যেন প্রতিস্থাপন করে চললেন মেঘনায় ভাসমান লঞ্চ, নৌকা ও কচুরিপানার দঙ্গলের ভেতর।২২ অক্টোবর রাতভর চন্দ্রস্নানে মগ্ন হলেন শিল্পীরা। অলকেশ ঘোষ একবার রবীন্দ্রসংগীত ধরেন তো একবার শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। আবার জীবনানন্দের মৃত্যুবার্ষিকীর কথা মনে করে পূর্ণচন্দ্রের নিচে খোলা লঞ্চে কে যেন বলে উঠলেন, ‘সারাটি রাত তারাটির সঙ্গে কেবল তারাটিরই কথা হয়।’ মধ্যরাতে কালিদাস কর্মকারের নেতৃত্বে কয়েকজন নদীতেও ঝাঁপ দিলেন। রাতভর এই উচ্ছ্বাস যেন জন্মস্থানের স্মৃতিকে ঝালিয়ে নেওয়ার আয়োজন। তাই পরদিন ভোরেই দেখা গেল সবাই বোটে করে নদীতীরের বকচর গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। সাজানো বাঁশের কঞ্চি দেখে এক শিল্পীর মনে হলো, এটা বাংলাদেশের প্রকৃত ইনস্টলেশন আর্ট। আমাদের শিল্পীদের এই গ্রাম যতটা চেনা, ততটাই অচেনা হুইটনি বেকার ও অ্যান্ড্রু স্যাফটেলের। তাই উদোম শিশুর দল, কচি লাউয়ের ডগা আর ভাঙাচোরা ঘাটের দৃশ্য তাঁদের ছবিতে প্রাণ পেতে লাগল পরে।ঢাকার উদ্দেশে চাঁদপুরের ষাটনল থেকে লঞ্চ যখন আবার এগোতে শুরু করল, তখন শিল্পীরা গুটিয়ে আনছেন ছবির পাট। ৫০টির মতো ছবি আঁকা হলো দুই দিনে। হুইটনি বেকারের পাহাড়ের স্মৃতি কিংবা অলকেশ ঘোষের নৌকার স্মৃতি শিল্পচিন্তায় কতটা প্রভাবশীল, তা বোঝা গেল তাঁদের প্রায় প্রতিটি কাজে; পাহাড় বা নৌকার প্রকাশ্য প্রচ্ছন্ন উপস্থিতি দেখে।যখন আর পানকৌড়ির ওড়াউড়ি দেখা যাচ্ছে না, চারপাশের নদীতীরে শুধু শিল্প কলকারখানা দৃশ্যমান, তখন সবাই বসলেন দুই দিনের কাজ নিয়ে। এই ভাসমান স্টুডিওতে শিল্পীদের সঙ্গে এসেছিলেন গ্যালারি কসমসের এনায়েতউল্লাহ খান। সৃজনশীল শক্তির প্রদর্শনী শিল্পীদের ছাপিয়ে সব মানুষের মাঝে পৌঁছে গেলেই সুন্দর পৃথিবীর স্বপ্ন সত্যি হবে বলে তাঁর ধারণা। কালিদাস কর্মকার মনে করেন, এই ভাসমান স্টুডিও জন্মস্থানেরই শুধু নয় বরং লুপ্ত সব স্মৃতিরও পুনরুজ্জীবন ঘটিয়েছে। মার্কিন শিল্পী স্যাফটেল বাংলাদেশের তরুণ শিল্পীদের কাজ দেখে প্রাণিত বোধ করার কথা বললেন। তবে শিল্পী মো. মনিরুজ্জামানের কথাই যেন সবার মনের কথা, ‘শিল্পীর কাছে তাঁর আঁকা প্রতিটি ছবি এতই প্রিয় মনে হয়, প্রতিটি ছবিই তাঁর নিজের জন্মস্থান।’১০ অক্টোবর শুরু হওয়া ‘জন্মস্থান’ শীর্ষক আমেরিকান সেন্টারের শিল্প কর্মসূচির আওতায় ছিল গ্যালারি কসমস ও চারুকলা ইনস্টিটিউটে কলোগ্রাফ প্রিন্টমেকিং কর্মশালা, চারুকলার জয়নুল নিকেতনে শিশুশিল্পীদের জলরং কর্মশালা, মেঘনায় এই ভাসমান স্টুডিও, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক আরেকটি শিল্পী সম্মিলন।মেঘনায় ভাসমান স্টুডিওতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিল্পীদের আঁকা ছবিগুলোর তিন দিনব্যাপী প্রদর্শনী গতকাল শুরু হলো ঢাকা আর্ট সেন্টারে। এ ছাড়া আঁকা ছবিগুলোর একটি সংকলনও শিগগিরই প্রকাশ করবে আমেরিকান সেন্টার।