>কান চলচ্চিত্র উৎসবের ‘ক্লাসিকস’ বিভাগে সম্প্রতি প্রদর্শিত হলো জাগো হুয়া সাভেরা। ১৯৯০-এর দশকে অস্ট্রেলিয়ার ফিল্ম আর্কাইভে এই ছবির খোঁজ পেয়েছিলেন এক চলচ্চিত্র গবেষক। সিনেমার একটি ভিডিও কপি তিনি নিয়ে এসেছিলেন বাংলাদেশ। তাঁর জবানিতে সেই ছবি উদ্ধারের কাহিনি

সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবে জাগো হুয়া সাভেরা ‘ক্ল্যাসিকস’ বিভাগে প্রদর্শিত হয়েছে—এ তথ্যটি প্রথম আলোর মারফতে কদিন আগে জানতে পারি। তথ্যটি বাংলাদেশের চলচ্চিত্রের একজন শিক্ষক-গবেষক হিসেবে আমাকে ভাবায়—ছবিটির প্রত্নতত্ত্ব ও পুনর্জন্ম বিষয়ে, আবার একই সঙ্গে আমাকে স্মৃতিতাড়িতও করে তোলে।
প্রথমে স্মৃতিভ্রমণটাই সারা যাক। প্রয়াত আলমগীর কবীরের কাছে আশির দশকের মাঝামাঝিতে যখন চলচ্চিত্রের নানা বিষয়ে পাঠ নিতে শুরু করেছি—তখন আমি কলেজে একাদশ বর্ষের ছাত্র—সেই সময় থেকে জাগো হুয়া সাভেরা ছবিটির নাম শুনেছি। ১৯৫৮ সালে ঢাকার চলচ্চিত্র নির্মাণের যখন হাঁটিহাঁটি পা পা, তখন পদ্মা নদীর মাঝি উপন্যাসের স্বাধীন চলচ্চিত্রিক অনুবাদ করে এ ছবির চিত্রনাট্য লিখেছিলেন কবি ফয়েজ আহমেদ ফয়েজ। ব্রিটিশ চিত্রগ্রাহক ওয়াল্টার ল্যাসালিকে নিয়ে এসেছিলেন (পশ্চিম) পাকিস্তানের তরুণ চলচ্চিত্র নির্মাতা এ জে কারদার। অভিনয় করেছিলেন আমাদের খান আতাউর রহমান ও পশ্চিমবঙ্গের স্বনামধন্যা তৃপ্তি মিত্র। সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন জহির রায়হান। কিন্তু এসব মিলিয়ে এই বহুজাতিক প্রয়াস প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছিল আমাদের পূর্ববাংলার জল-জীবনের এক দৃশ্য-ভাষ্য, যা ১৯৫৯ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। ছবির প্রথম দৃশ্যকে আলমগীর কবির তুলনা করেছেন ভিসকন্তির লা টেরা ট্রেমা ছবির সঙ্গে।
এসব তথ্য জানা থাকলেও আমরা বাংলাদেশের চলচ্চিত্রকর্মীরা জাগো হুয়া সাভেরা সত্তর-আশির দশকে দেখার কোনো সুযোগ পাইনি। ১৯৯০-এর দশকের শেষে সে সুযোগ মিলল প্রথমবারের মতো, নাটকীয়ভাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ বিষয়ে পাঠ শেষ করে মেলবোর্নে সিনেমা স্টাডিজে পিএইচডি করতে গিয়ে মিলল এ সুযোগ। ১৯৯৭ সালে ডক্টরাল গবেষণার শুরুতে যখন পথ খুঁজে বেড়াচ্ছি লা ট্রব বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের শেলফে শেলফে, আমার গবেষণা-তত্ত্বাবধায়ক ক্রিস বেরি (বর্তমানে লন্ডনে কিংস কলেজে সিনেমা স্টাডিজের অধ্যাপক) আমাকে বললেন, দক্ষিণ এশীয় ছবির ওপর অস্ট্রেলিয়ার ফিল্ম আর্কাইভে অনুসন্ধান করতে। খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে ওখানে জাগো হুয়া সাভেরার ১৬ মিমি একটি প্রিন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে অনুরোধ পাঠিয়ে ক্যানবেরার আর্কাইভ থেকে প্রিন্টটি আনালাম আমাদের সিনেমা স্টাডিজ বিভাগে। ক্রিস আর আমি একসঙ্গে বসে বিভাগের মিলনায়তনে ছবিটি দেখলাম। আর ঢাকার চলচ্চিত্রকর্মী বন্ধুদের কথা ভেবে একটি ভিডিও ক্যামেরায় রেকর্ড করলাম ছবিটি। ১৯৯৭-এর শেষে ঢাকায় যখন ছুটিতে ফিরলাম, নিয়ে এলাম এই ভিডিও কপিটি। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটিতে আমার দুই অগ্রজ মোরশেদুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের উদ্যোগে এই কপিটি প্রদর্শন করলাম ঢাকার শিল্প ও চলচ্চিত্রবোদ্ধাদের জন্য।
জাগো হুয়া সাভেরা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের পাতায় পাতায় আমার প্রত্নতাত্ত্বিক খননের নিদর্শন ১৯৯৭-৯৮ সালের এ ঘটনাটি। একই সঙ্গে চলচ্চিত্র-টেক্সটের পুনর্জন্মেরও উদাহরণ হিসেবে দেখা যায় এই ছবি সংগ্রহ, কপি করা ও প্রদর্শনের মধ্য দিয়ে।
চলচ্চিত্রে মাধ্যমের একটা মৌলিক রূপান্তর ঘটে গেছে গত এক দশকে। সেলুলয়েড-ভিত্তিক মাধ্যম থেকে এটি এখন রূপ নিয়েছে একটি ডিজিটাল মাধ্যমে। একটি নিছক প্রযুক্তির উন্নয়ন বা রূপান্তর ভাবলে ভুল হবে। নির্বাক ও সবাক ছবির মতোই, সেলুলয়েড-চলচ্চিত্র ও ডিজিটাল-চলচ্চিত্র দুটি ভিন্ন প্রকাশমাধ্যম। এ বাস্তবতায় দেশে দেশে উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষ বিশেষ চলচ্চিত্রের ‘রেস্টোরেশন’ বা পুনর্জন্মের। প্রত্নতত্ত্ববিদদের মতো যত্ন ও মনোযোগ দিয়ে ডিজিটাল বিশেষজ্ঞরা গড়ে তুলছেন বিখ্যাত ছবির মূলানুগ এক টেক্সট, এভাবে পুনর্জন্ম ঘটছে বার্থ অব এ নেশন বা বাইসাইকেল থিভস-এর।

একই ধারার কান চলচ্চিত্র উৎসবে সম্প্রতি জাগো হুয়া সাভেরার যে পুনর্জন্ম ঘটল, তার পেছনের রয়েছে ছবিটার রেস্টোরেশনের উদ্যোগ। কান ক্ল্যাসিকসের প্রচারণায় আমরা জানতে পারি যে ছবিটির কোনো সেলুলয়েড নেগেটিভ না থাকায় ছবির বিভিন্ন প্রিন্টের সমন্বয়ে ‘বেস্ট অ্যাভেইলেবল কম্পোন্যান্টস’ নিয়ে ছবিটির দৃশ্য ও শব্দ পুনর্নির্মিত হয়েছে লন্ডনের ডিলাক্স রেস্টোরেশনের তত্ত্বাবধানে।
ছবিটির পুনর্জন্মের উদ্যোগ নেন বেশ কয়েক বছর আগে ছবিটির প্রযোজক নৌমান তাসিরের ছেলে আনজুম তাসির। জাগো হুয়া সাভেরার ৩৫ মিমি প্রিন্ট সংগ্রহ করে স্ক্যান করে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে এবং হাতে ধরে ধরে ছবিটির প্রতিটি ফ্রেম পুনর্নির্মাণ করেছেন তিনি লন্ডনের ডিলাক্স রেস্টোরেশন ল্যাবে। এই পুনর্নির্মিত ছবিটি ২০০৮ সালে নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
পুনর্নির্মিত জাগো হুয়া সাভেরা কানে কিংবা নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে পাকিস্তানি সিনেমার ‘ক্ল্যাসিক’ হিসেবে। চলচ্চিত্রের ‘জাতীয়তা’ নির্ধারণে চলচ্চিত্র উৎসবগুলো সাধারণত যেভাবে ছবির নির্মাতা-প্রযোজকের জাতীয়তাকে ভিত্তি হিসেবে দেখে (যে কারণে মার্কিন ভ্যারাইটি পত্রিকায় মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন আখ্যায়িত হয় বাংলাদেশি-জার্মান চলচ্চিত্র হিসেবে), এখানেও তার পুনরাবৃত্তি দেখি আমরা।

কিন্তু জাগো হুয়া সাভেরার পুনর্জন্মের এ লগ্নে এ ছবিকে শুধু ‘পাকিস্তানি’ ছবি বললে তখনকার তরুণ চলচ্চিত্রকর্মী পাঞ্জাবি এ জে কারদার এবং বর্ষীয়ান কবি ফয়েজ আহমেদ ফয়েজ মানিক বন্দ্যাপাধ্যায়ের উপন্যাসের চলচ্চিত্রিক অনুবাদের যে দক্ষ-যজ্ঞ মেঘনার পারে ষাটনলে এক বহু ভাষাভাষী নির্মাণ দল নিয়ে ৫৮ বছর আগে শুরু করেছিলেন, তাকে খানিকটা খাটো করা হয়। চলচ্চিত্র মাধ্যম যে চরিত্রগত ভাবেই ট্রান্সকালচারাল, তার উদাহরণ যেন জাগো হুয়া সাভেরা। এ ছবির চিত্রগ্রাহক ল্যাসালি (যিনি এ ছবির সাত বছর পর ১৯৬৫ সালে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে অস্কারে ভূষিত হন) তাঁর আত্মজীবনীমূলক আইটিনার্যািন্ট ক্যামেরাম্যান (১৯৮৭) বইতে স্মরণ করেছেন যে ছবির সেটে বাংলা, উর্দু, পাঞ্জাবি ও ইংরেজি ভাষাভাষী কর্মী ও কুশলীদের মধ্যে অনুবাদজনিত বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আলমগীর কবির তাঁর ফিল্ম ইন বাংলাদেশ (১৯৭৯) বইয়ে ছবিটি দর্শকপ্রিয়তা না পাওয়ার পেছনে এ ছবিতে বাংলা ও উদুর্র মিশ্রণ ব্যবহারকে চিহ্নিত করেছেন।
জাগো হুয়া সাভেরা ছবির এ প্রমাদকে আমি স্থিরশক্তি মনে করি। এটি ছবিটির বহুজাতিক-বহুভাষিক নির্মিতির একটি কৌশল। ছবিটির পুনর্জন্মকালে আমি স্মরণ করতে চাই, এ ছবিকে ঘিরে ছয় দশক আগে আমাদের মেঘনাপারে দক্ষিণ এশীয় ও ইউরোপীয় চলচ্চিত্র কুশলীদের এক জমায়েত অনুষ্ঠিত হয়েছিল। এ ছবির জন্মলগ্ন থেকেই এটি তাই একটি বহুমাত্রিক ও বৈশ্বিক প্রয়াস, একই সঙ্গে এটি এ দেশেরই নদীর জল-কাদা আর সংগ্রামী মানুষকে সিনেমার পর্দায় তুলে ধরার প্রথমদিককার উদ্যোগ—কান চলচ্চিত্র উৎসবে ছবিটির পুনর্জন্মের বর্ণনায়ও তা উঠে এসেছে।