এই বইয়ের দুই খণ্ডে বিজ্ঞান-লেখক মুহাম্মদ ইব্রাহীম চারণ করেছেন ১৯৪৯ থেকে ১৯৯১-৯২ পর্যন্ত স্মৃতি।
প্রথম খণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর স্মৃতিচারণ করেছেন। স্কুল-কলেজের দিনগুলোর বহুবর্ণিল স্মৃতি উজাড় হয়ে রয়েছে বইয়ের সূচনায়।
চট্টগ্রাম শহরের অদূরে দাদাবাড়ি ও নানাবাড়িতে কিশোরী ফুপু ও খালার হাত ধরে তাঁর উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যাচর্চার সূচনা। পরিণত বয়সে তিনি এই দুটি বিষয়ে বই লিখেছেন, টেলিভিশনে ও ব্রিটিশ কাউন্সিলে গণবক্তৃতা দিয়েছেন।
বিজ্ঞানের প্রতি শৈশবের আগ্রহের সঙ্গে সঙ্গে সংগীতের প্রতিও তাঁর ঝোঁক অক্ষুণ্ন। বাসায় বড় দুই ভাই এবং তাঁদের রাজনীতিসচেতন বন্ধু ও আত্মীয়দের ‘কথা গেলা’র অভ্যাসের কারণে লেখকও দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির সমঝদার হয়ে ওঠেন।
কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ওবায়দুল্লাহর মতো বিজ্ঞানপাগল শিক্ষকের সংস্পর্শে এসে তাঁর জীবনে ওই অনন্যসাধারণ শিক্ষকের প্রভাব পড়ে।
কলেজিয়েট স্কুলে স্কাউটিংয়ে যোগ দিয়ে, তাঁর মেজো ভাই (পরে নোবেলজয়ী) মুহাম্মদ ইউনূসের প্রভাবে স্কাউট জাম্বুরীর ক্যাম্পজীবনও এই কিশোরকে উদ্বুদ্ধ করেছে। পরে দুই ভাইই একই সঙ্গে জাপান জাম্বুরীতে যাওয়ার সুযোগ পেয়েছেন। পরে স্কাউটিংয়ের মাধ্যমেই এল বিশ্বদৃষ্টি অর্জনের সুযোগ।
চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচনে তাঁর বয়স মাত্র দশ। তখন থেকেই রাজনীতির প্রতি চরম আকর্ষণ সৃষ্টি হয়। কলেজে ইউএসপিপি ছাত্রসংগঠনে নির্বাচন করে সাহিত্য সম্পাদক পদ পান ছাত্রসংসদের। অন্বেষা বার্ষিকী সম্পাদনায় যে অভিজ্ঞতা হয়, সেটি পরবর্তী অর্ধশতক তাঁকে মুদ্রণ ও প্রকাশনার জগতে ব্যাপৃত রাখে।
অবশ্য তার আগেই প্রশ্ন করা ও উত্তর পাওয়ার চেষ্টার অভ্যাসটি গড়ে উঠেছিল মায়ের কাছ থেকে। তাঁর মায়ের পূর্বাপর বিবরণদানে লেখকের কলমের জোর বোঝা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় অনার্স ও এমএসসি পড়া, ঐতিহ্যবাহী সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্রত্ব, হল সংসদের ভিপি নির্বাচিত হওয়া ও উপভোগ করা—এমনকি নির্বাচনী প্রচারের কথারও নিখুঁত এবং খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে ছাত্রলীগের শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুর রাজ্জাক, ফজলুল হক মনি, ছাত্র ইউনিয়নের আবদুস শাকুর, ফরাসউদ্দিন, ওয়ালীউল ইসলাম, এনএসএফের (ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন) সিএম শফি শামী, এপসুর (পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন) তরুণতর ছাত্র আনিসুল ইসলাম মাহমুদ, মীর্জা আলমগীর, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আহমেদ কামাল, কিংবা তাঁদের দু–এক বছরের ওপরের সা’দাত হোসাইন, মাহবুবউল্লাহ, কাদের ভূঁইয়া, মোয়াজ্জম থেকে শুরু করে রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, মতিয়া চৌধুরী—অসংখ্য চরিত্রের কথা আছে এই জীবনস্মৃতির বিশাল চরিত্রশালায়।

মুহাম্মদ ইব্রাহীম
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: মাওলা ব্রাদার্স, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
৩৯২ ও ৪০৮ পৃষ্ঠা
দাম: (দুই খণ্ড) ১২০০ টাকা
দ্বিতীয় খণ্ডে অন্যতম উল্লেখযোগ্য বিষয় ভিপির ডায়েরি। তিনি নিজেই সলিমুল্লাহ হলের ভিপি হওয়াকে জীবনের স্মরণীয় অধ্যায় বিবেচনা করেছেন।
১৯৬৫-৬৬ শিক্ষাবর্ষে এপসু তাঁকে ভিপি পদে মনোনয়ন দেয়। ওই প্যানেলের অন্য প্রার্থীরা ছিলেন আবুল কাসেম ফজলুল হক, ফারুক আলমগীর, মূসা আহমেদ, আরবাব আহমদ ও ওয়াহিদ মাহমুদ। ঠিক নির্বাচনের অব্যবহিত আগের মুহূর্তে ভেঙে গেল এপসু—মেনন গ্রুপ ও মতিয়া গ্রুপে—চীন-রুশ দ্বন্দ্বের ফলে।
প্রথম খণ্ডে চট্টগ্রাম কলেজ ও কলেজিয়েট স্কুলকেন্দ্রিক একটি দশকের ছবি আঁকা হয়েছে। দ্বিতীয় খণ্ডে ষাটের দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি ও পাকিস্তানি রাজনীতির যে চিত্র অঙ্কিত হয়েছে তা তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয়।
দ্বিতীয় খণ্ডে কথক ঢাকায় পারমাণবিক শক্তি কেন্দ্রে যে গবেষণার সুযোগ পেয়েছিলেন তার উল্লেখ করেছেন, ছাত্রজীবনের শেষ লগ্নে বাংলা একাডেমির অনুরোধে দুন ও দোভজানস্কির হেরেডিটি রেস অ্যান্ড সোসাইটির বাংলা তরজমা করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, পারমাণবিক শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তার কর্ম লাভ করেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার আকর্ষণ ও স্বপ্ন লালনের এবং ড. ইন্নাস আলীর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে যোগদানের কথা বলেছেন বিস্তারিতভাবে। এই শেষ খণ্ডেই বিলেতের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে গবেষণার রোমাঞ্চকর অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন, ১৯৬৯-এ মানুষের প্রথম চাঁদে অবতরণ, ইয়ুথ হোস্টেলের কল্যাণে ইউরোপ, মেজো ভাইয়ের (ড. ইউনূস) সঙ্গে দেখা করতে মার্কিনদেশ ভ্রমণ বিষয়ে যে বিবরণ দিয়েছেন তাও আকর্ষণীয়। এই খণ্ডের অন্যতম প্রধান গুরুত্ববহ বিষয়—প্রবাস থেকে মুক্তিযুদ্ধের ঘটনাবলি অবলোকন ও অংশগ্রহণ।
অনুসন্ধানী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহদানের কথাও আছে এই খণ্ডে। বিজ্ঞান গণশিক্ষা কেন্দ্র ও মৌলিক বিদ্যালয় প্রতিষ্ঠাও লেখকের অর্জন।
এই বইয়ের দুই খণ্ডে বিশ শতকের শেষার্ধের যে যুগচিত্র ও সমাজচিত্র আঁকা হয়েছে, তাতে লেখকের সমাজচেতনা, রাজনীতিসচেতনতা, সংস্কৃতিবোধ ও সর্বোপরি মানবিকতাবোধের পরিচয় পাওয়া যায়।
বইটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় লেখকের দক্ষতার পরিচয় আছে। আমাদের মনে পড়বে ষোড়শ শতকে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যকে যেমন পদ্যে রচিত উপন্যাস বলা হয় তার খুঁটিনাটি সমাজচিত্র আঁকার কারণে, জীবনস্মৃতিতে মানুষ দেশ ও বিজ্ঞানকেও তেমনি স্মৃতিকথার আদলে লেখা উপন্যাস বললে অতিশয়োক্তি হবে না।