২০০৮-এ বেরিয়েছিল ইমদাদুল হক মিলনের আত্মজৈবনিক উপন্যাসের প্রথম পর্ব কেমন আছ, সবুজ পাতা। আট বছর পর প্রকাশিত হলো এরই দ্বিতীয় পর্ব জিন্দাবাহার। গত শতকের ষাটের দশকের শুরুর ভাগের পুরান ঢাকার জীবন নিয়ে এক মায়াময় আখ্যান লিখেছেন মিলন, যেখানে তাঁর নিজের জীবনের একটি পর্বও বিশেষভাবে বিম্বিত। ওরহান পামুকের ইস্তাম্বুল বইয়ে এক তুর্কি শহরের স্মৃতিকথার সঙ্গে লেখকের নিজের জীবনকথার মধ্যবর্তী পরিখা গুঁড়িয়ে যায়। একটি শহর তখন যেন নিজেই বয়ান করতে থাকে ব্যক্তিলেখকের বিকাশপর্বকে। আর আমাদের এই ‘স্মৃতির শহর’ ঢাকার জিন্দাবাহার থার্ড লেনের ৭ নম্বর বাড়িকে প্রেক্ষায় রেখে কথাশিল্পী ইমদাদুল হক মিলন যুগপৎ দেখতে চেয়েছেন তাঁর ফেলে আসা জীবন ও শহর। মাওয়া ঘাট থেকে রওনা দিয়ে এক সন্ধ্যাবেলায় সদরঘাটে থামা লঞ্চ থেকে নেমে:
পুব দিক দিয়ে ঢুকে আমাদের গাড়ি এল পশ্চিমে। তারপর উত্তরে বাঁক নিল। তারপর পশ্চিমে। তারপর আবার উত্তরে। এই রাস্তায় খানিক এগোলে হাতের বাঁপাশে নওয়াববাড়ির মসজিদ, ডানে অজুখানা। মসজিদ আর অজুখানার মাঝখান দিয়ে গাড়ি এসে পড়ল ইসলামপুর রোডে। এদিকটায় নওয়াববাড়ির উত্তরের গেট। ওই পুব দিককার গেটের মতোই, পাল্লা নেই, চব্বিশ ঘণ্টা খোলা। ইসলামপুর রোড থেকে গাড়ি ঢুকেছিল আরেক গলিতে। জিন্দাবাহার থার্ড লেন। আমাদের বাসা। (পৃষ্ঠা: ১২)

জিন্দাবাহার
ইমদাদুল হক মিলন
প্রচ্ছদ: ধ্রুব এষ l
প্রকাশক: অনন্যা, ঢাকা l
ফেব্রুয়ারি ২০১৬
২৫৬ পৃষ্ঠা l
দাম: ৪০০ টাকা।
জিন্দাবাহার বইটি ইসলামপুরের মতোই ফেলে আসা জীবন ও শহরের এমন অনেক অলিগলি—তস্য গলির দরদালানের ফাঁক দিয়ে আকাশ দেখায়, যেখানে রাঙা মেঘ সাঁতরে যায়, শৈশব-কৈশোরের রূপছায়া ভেসে বেড়ায়। এই বই পড়তে পড়তে আমাদের মনে আসে স্মরণীয় চিত্রকর পরিতোষ সেনের জিন্দাবাহার বইটির কথাও। আমরা অতঃপর জিন্দাবাহারের জানালা দিয়ে দেখি লায়ন সিনেমার গলি, আহসান মঞ্জিলের নওবাববাড়ি, শাঁখারীবাজারের পশ্চিম দিকে মরণচাঁদের মিষ্টির দোকান, নয়াবাজারে বিকিকিনির পসরা, ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমি, পাটুয়াটুলিতে ব্রাহ্মসমাজ, ভিক্টোরিয়া পার্ক, লালকুঠি, মনিজা রহমান হাইস্কুল, নারিন্দা খ্রিষ্টান কবরস্থান, বলধা গার্ডেন, হরদের গ্লাস ফ্যাক্টরি ইত্যাদি। আর তারপর গেন্ডারিয়া, দীননাথ সেন রোড, সীমান্ত গ্রন্থাগার হয়ে যোগেশচন্দ্র ঘোষের সাধনা ঔষধালয় থেকে ভেষজ ঔষধের আদলে ভুর ভুর ভেসে আসা প্রয়াত সময়ের স্মৃতিঘ্রাণ। পুরান ঢাকায় জীবন অতিবাহনের পর্বে লেখক যেমন বিচিত্র সব মানুষের গল্প করেন, তেমনি এই শহরের প্রকৃতি ও প্রাণিজগৎও জীবন্ত হয়ে দেখা দেয় তাঁর দরদি কলমে।
দীর্ঘ নির্জন দুপুরবেলার কথাকাহিনিতে আমরা জাজ্বল্য দেখি আর শুনি কখনো টিনের চোঙায় ঘোষণা এমন, ‘আসিতেছে আসিতেছে! লায়ন সিনেমায় আসিতেছে—হনুমান পাতাল বিজয়’, কখনো বাংলা গান-বিরল জিন্দাবাহারে উর্দুর হিন্দি গীতের কলি ‘ইচেকদানা বিচেকদানা’, আবার কখনো-বা কটকটিঅলার হাঁক ‘আছে নি শিশি বোতল, তামা পিতল, লোহা লক্কড়?’ লিচু পাতা থেকে পিছলে পড়া সকালবেলার রোদ লেখককে ভুলতে দেয় না স্বপ্নের রেলগাড়ির কু-ঝিকঝিক, হলুদ বগির ওপর হলুদ রোদ, সেই সঙ্গে ব্যান্ড পার্টির হইচই, রূপবান-রহিম বাদশা যাত্রাপালা, ঘোড়ার গাড়ির সহিসের শ্বাস। স্মৃতি সততই সুখের হয়তো নয়। তাই অনেক দুঃখের নির্মম মর্মরও ধারণ করতে দেখি জিন্দাবাহারকে। এই স্মৃতির হাওয়ার ঝাপটা থেকেই মনে আসে হাওয়া নামের এক ছোট্ট মেয়ের মায়ের কোল থেকে কুয়োর মুখে পড়ে চিরকালের মতো হারিয়ে যাওয়ার কথা।
ব্যক্তিস্মৃতির চোরা টানের সমান্তরালে জিন্দাবাহার বইটি হয়ে ওঠে সামাজিক ইতিহাসের অনন্য আকরও। কত পেশার মানুষ, কত সামাজিক-সাংস্কৃতিক কৃত্য, কত যৌথ পরিবারের ভিতরবিন্দু মুহুর্মুহু উপচে পড়ে এখানে। আর বিক্রমপুরের আঞ্চলিক ভাষারীতি এসে পুরান ঢাকার বোলচালের সঙ্গে মিলেমিশে তৈরি করে এক অনন্য আবহ।
ফেলে আসা সময়ের ঘাসে জন্মানো ডালিম-চারার মতোই ফেলে আসা জীবনের অনেক কিছুর জন্যই ইমদাদুল হক মিলনের জিন্দাবাহার পাঠককে স্মৃতিসিক্ত করে তোলে।