স্মৃতিবিলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আমার চেয়ে বয়সে ১০ বছরের ছোট। বয়স মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বেলায় একটা বড় ব্যাপার বইকি। হুমায়ূনের ঘনিষ্ঠ সান্নিধ্যে আমি যে আসিনি তার কারণ দুটো। বয়সের এই তফাত আর আমার চিরকাল ঢাকার বাইরে জীবনযাপন। ধারণা করি, আমার এবং হুমায়ূনের যা স্বভাব, তাতে আমি ঢাকায় থাকলে বা আমি যেখানে আছি সেখানে হুমায়ূন থাকলে পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যই স্বাভাবিক হতো। অন্তত আমার স্বভাব থেকে সেটাই অনুমান করি। তা ছাড়া কাজের ক্ষেত্রও খুবই আলাদা ছিল, অধ্যাপনা-বৃত্তি থেকে ছুটি নেওয়ার পর সেটা খুবই আলাদা হয়ে গেল। হুমায়ূন কেবল সাহিত্যের ক্ষেত্রে নিজেকে আবদ্ধ না রেখে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে কাজ করেছিলেন, তাতে তাঁর প্রতি আমার সানুরাগ আগ্রহ থাকলেও সেখান থেকে অনেকটাই দূরেই ছিলাম আমি। টিভি নাটক যখন সংস্কৃতির ক্ষেত্রে একধরনের আগ্রাসী সর্বগ্রাসী একটা ক্ষেত্র প্রস্তুত করল, তাতে হুমায়ূন একাই এত জ্বালানি সরবরাহ করলেন, এতটাই আলো জ্বালালেন যে অতি অল্প সময়ের মধ্যেই তিনি অগণিত দর্শককে জয় করে নিলেন। বাংলাদেশের প্রায় সর্বস্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলেন। স্বাধীনতার পরে শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে যে শ্রেণী এগিয়ে থাকে, তার আকারটা দ্রুত বড় হয়ে গেল। যে বিশাল তরুণ পাঠকগোষ্ঠী তৈরি হতে শুরু করেছিল, হুমায়ূন তাঁদের সর্ব অর্থে জয় করে নিলেন। এ কারণেই হুমায়ূনের জনপ্রিয়তার বিশাল একটা ওজন তৈরি হয়েছে। সেটা আগ্রাহ্য করার মতো নয়। শুরুটা আমরা জানি। নন্দিত নরকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে হুমায়ূন হাজার হাজার পাঠকের মনে তাদের অজান্তেই ঢুকে পড়েন। মনে আছে, আমিও একটা নতুন সৃজনের দেখা পেয়েছিলাম। তারপর থেকে হুমায়ূনের দিকে চেয়ে আছি। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার ও আরও একটি-দুটি বই বেরোবার পর যত দূর মনে পড়ে হুমায়ূন আহমেদ বেশ কিছুকাল একরকম অবসরে চলে যান। আর কি লিখবেন না তিনি? এই সময়টার কথা আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ঢুকেছেন আর লেখাপড়ার জন্যে দেশের বাইরে গেছেন মনে হয়। জনপ্রিয়তা তখনো তাঁর তুঙ্গে রয়েছে। এই সময় তিনি সেলিনা হোসেনের সঙ্গে একবার রাজশাহী এসেছিলেন। এখানে একটি মহিলা সাহিত্য প্রতিষ্ঠানের আমন্ত্রণে বোধ করি। আমার বাসায় ওঁরা দুজনেই এসেছিলেন। মানুষটিকে এই প্রথম দেখি। সাদামাটা চেহারার বাঙালি তিনি। নাতিদীর্ঘ বহরের একেবারে ঠিক-ঠাক বাঙালি লেখকটি। মৃদুভাষী এবং স্বল্পভাষী কিন্তু তীক্ষধীসম্পন্ন মানুষ। সেটা তাঁর দু-একটি কথা থেকে বোঝা গিয়েছিল। সেলিনাই তাঁকে আমার কাছে নিয়ে এসেছিলেন মনে হয়। সম্ভবত আমার বয়সের জন্যই একটু সংকোচের সঙ্গে কথা বলছিলেন। আমার স্বভাব হইহই করে কথা বলা। অনেক কথাই তাঁকে আমি বলেছিলাম। তাঁর লেখা নিয়েই কথা। প্রথম দুটি উপন্যাস সম্পর্কে। তিনি এমন বিনয়ের সঙ্গে কথাগুলো শুনছিলেন, আমি একটু অবাকই হয়েছিলাম। তারপর আমার যে খোঁচানো অভ্যাস তাতে তাঁকে বলেছিলাম, আর লেখা নেই কেন? তিনি শুধু এতটুকুই জানিয়েছিলেন, লেখা ছাড়ছেন না। খুব মৃদু স্বরে বলা এই কথা তিনি যে এমন অক্ষরে অক্ষরে পালন করে এমন ব্যাপক একটা কর্মযজ্ঞ সম্পন্ন করে যাবেন, তা আমি তখন ভাবতে পারিনি। সন্ধ্যাবেলায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে যে জনসমাগম হয়েছিল, তাতে আমি একটু আশ্চর্যই হয়েছিলাম। অধিকাংশই তরুণ। তাদের কলকল কথায় বিশাল মিলনায়তন সরগরম হয়ে উঠেছিল। তারপরের ঘটনাটি আমার আজও মনে আছে। বলা হয়েছিল, হুমায়ূন আহমেদ এখানে এসেছেন, এখানে সেলিনা হোসেনও আছেন এবং আমার উপস্থিতির কথাও জানানো হয়েছিল। উপলক্ষ যে তিনিই এটা ছিল খুবই স্পষ্ট। তাঁকেই প্রথমে বলতে ডাকা হলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এখানে বয়োজ্যেষ্ঠ বহুমান্য লেখক রয়েছেন। সেলিনা হোসেনের মতো লেখক রয়েছেন, আমি তো এখনো তরুণ, লেখা শুরু করেছি মাত্র। ওঁদের আগে আমি কথা বলব কেন? ওঁরা বলুন। এই বলে নিজের আসনে ফিরে এলেন। এই ছোট্ট ঘটনাটি আমার আজও মনে আছে। এর পরে প্রায় এ রকমই একটা ঘটনা নেত্রকোনায় ঘটেছিল। যত দূর মনে পড়ছে, নেত্রকোনা সাহিত্য সমাজ বা ওই রকম একটা প্রতিষ্ঠান থেকে হুমায়ূন আহমেদকে ‘খালেকদাদ চৌধুরী পুরস্কার’ দেওয়া হবে। এ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একটা গাড়ির ব্যবস্থা হয়েছিল ঢাকা থেকে নেত্রকোনা যাওয়া-আসার। সঙ্গী ছিলেন, তখন অতি তরুণ লেখক আনিসুল হক। আনিসুল হকের স্বচ্ছ গদ্য তখন আমাদের ভীষণ টানছিল। তাঁর লেখা গদ্য-কার্টুন রুপালি তরঙ্গ তৈরি করছিল। তরুণ এক কথাকার আসছেন। আনিস অপ্রয়োজনে কথা বলেন না। একই সঙ্গে যেতে যেতে আনিস দু-একটি প্রশ্নের বাইরে আর কিছু বলেন না, আমার বকবকানি শুনে যান।যে গেস্ট হাউসে আমাদেরকে তোলা হলো সেখানেই পাশের ঘরে হুমায়ূন আছেন। আমি তাঁর ঘরে গেলাম। সংকোচে উঠে দাঁড়ালেন তিনি। বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মান দেখানো তাঁর প্রায় স্বভাবগত ছিল। খানিক পরে অনুষ্ঠানে আমার হাত থেকে তিনি পুরস্কার নিলেন। তারপর আমার কথার পরে তিনি কথা বলতে উঠে দাঁড়িয়ে যেসব কথা বললেন, তা আমার প্রায় অবিকল মনে আছে। কিন্তু সেই কথাগুলো এখানে বললে তা আত্মপ্রশংসায় দাঁড়িয়ে যাবে। তাঁর শ্রদ্ধা এবং সম্মানবোধ যে তাঁর স্বভাবেরই অঙ্গ, বাইরের ঠাট নয়, তা আমি তখুনি বুঝেছিলাম। মনে হয়, এই মানুষটি এই রকমই ছিলেন। কখনো বদলাননি, অতি প্রশংসায় টাল খাননি। এর পরেও অনেকবার তাঁর সঙ্গে দেখা হয়েছে। বিদেশে একাধিক সভায় আমরা একসঙ্গে কথা বলেছি। দু-এক ঘণ্টা ধরে মঞ্চে হুমায়ূন, সমরেশ মজুমদার ও আমি বাক-বাহুল্য ঘটিয়েছি। কথার চাপান উতোর দিয়েছি। উচ্চকণ্ঠে হেসেছি, কখনো বা কোনও কথা মনঃপূত না হওয়াতে ভ্রূ কুঁচকে থেকেছি। ২০০৯-এর জুলাই মাসে তাঁর সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছিল। তখন আমি অসুস্থ হয়ে ম্যানহাটনের একটি হাসপাতালে। ওই আরকি! হূদ্যন্ত্রঘটিত গোলযোগে। হাসপাতালে টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছিলেন হুমায়ূন। আমার স্বাস্থ্য নিয়ে তাঁর আন্তরিক উদ্বেগ জানালেন। এই সদাচরণ ভোলার নয়। ফেরার সময় ঢাকা এয়ারপোর্টে যখন কনভেয়ার বেল্ট থেকে আমার জিনিসপত্র নিচ্ছিলাম, তখন দেখি হুমায়ূন আর শাওন তাঁদের পুত্রকে নিয়ে জিনিসপত্র সংগ্রহ করার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হুমায়ূন আমাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলেন। চোখের দৃষ্টিতে সহানুভূতির ছায়া। আপনি এখন সম্পূর্ণ ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি—বলে আমি চলে এলাম এবং বাঁচার জগতে অগণ্য মানুষের সঙ্গে মিশে গেলাম আর হুমায়ূন মাত্র তার তিন বছরের মধ্যে চিরকালের জন্য অন্তর্ধান করলেন! তাঁর বেঁচে থাকার অদম্য কামনা মৃত্যুর কঠিন আঘাতে বড় রূঢ়ভাবে প্রত্যাখ্যাত হলো!