গ্রামটার নাম তল্লাপাড়া। এখানকার অধিবাসীদের উল্লেখযোগ্য অংশ সাঁওতাল জাতিগোষ্ঠী। গ্রামে ঢুকতেই বোঝা যায় সেটা। পথের দুই ধারে তাদের বাড়িঘর। খড়ে ছাওয়া মাটির ঘর। ছোট্ট উঠোন। অনুচ্চ বারান্দা। বাঁশের খুঁটি। সবই অতি সাধারণ; কিন্তু অসাধারণ তার পরিপাট্য। একেবারে ঝকঝকে তকতকে। দরিদ্র ও অসহায় এক সংখ্যালঘু জনগোষ্ঠীর আবাসস্থল। তারা যেমন জাতিগত সংখ্যালঘু, তেমনি ভাষাগত সংখ্যালঘু এবং অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু। তাদের এসব বৈশিষ্ট্য মাথায় রেখে এ দেশে প্রতিবেশী সংখ্যাগুরুরা প্রায় সর্বত্রই চড়াও হয়েছে তাদের ওপর। এভাবে ভূমির ওপর ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করে একেবারে নির্মূলে উদ্যত হয়েছে সংখ্যাগুরুরা। এই নিষ্ঠুর কর্মযজ্ঞে সমতলের বহু আদিবাসীরই অসহায়ত্ব প্রকাশ ছাড়া কিছুই করার থাকছে না। তাদের বেশির ভাগই আজ হতদরিদ্র।তল্লাপাড়ার সাঁওতালেরাও যে তেমন ধনী নয়, তা তাদের বসতবাড়ির দিকে তাকালে বেশ বোঝা যায়। উঠোনের কোনায় ঘোরাফেরা করছে দু-চারটে পোষা শূকর। একপাশে গাছতলায় মাটির উনুন। একেবারে খোলা রান্নাঘর। খোলা পথে রোদে অতিষ্ঠ হয়ে সাঁওতালপাড়ার একটা বাড়িতে আশ্রয় নিলাম কিছুক্ষণের জন্য। আমাকে দেখে একটা শূকর সরে গেল দূরে। আর হাসিমুখে এগিয়ে এলেন এক নারী। কর্মব্যস্ত তিনি। তবুও আন্তরিকতায় কমতি নেই। তাঁর সঙ্গে কথা বলতে বলতেই হঠাত্ নজর পড়ল চুলার কাছে রেখে দেওয়া একটা জিনিসের ওপর। ভালো করে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। শেষে ওটার পাশে বসে পড়লাম। নেড়েচেড়ে দেখলাম এবং নিশ্চিত হলাম ওটার পরিচয় সম্পর্কে। বুঝলাম, ওটা একটা পাথরখণ্ড। কালো পাথর। ব্ল্যাক ব্যাসল্ট। জিজ্ঞেস করে জানা গেল, গাঁয়েই পেয়েছেন। এ গাঁয়েও আছে প্রাচীন দিঘি। উত্তর-দক্ষিণে লম্বা সেসব দিঘি ছাড়াও নাকি প্রাচীন ইট-পাথরে পূর্ণ ঢিবিও এখানে এককালে ছিল। তবে তার সবই এখন স্মৃতি। সেই স্মৃতিরই একটা নিদর্শন সম্ভবত ঠাঁই পেয়েছে এ বাড়িতে। বুঝলাম, স্মৃতিময় জনপদেই রয়েছি। এখানেও মাটির পরতে পরতে জমা রয়েছে স্মৃতির ভান্ডার। ইটের টুকরোয়, খোলামকুচির কাদামাখা খণ্ডে। আর? আর এই পাথরের ভাঙা অংশে। এই পাথর দেখে অনুমান করা যায়, তা যদি দালানে ব্যবহূত হয়ে থাকে, তবে দালান নিশ্চয়ই মজবুত ও বিশাল ছিল। তবে পাথর দিয়ে মূর্তিও গড়া হতো। কিন্তু এটিকে কোনো মূর্তির ভাঙা অংশ বলে মনে হলো না।রোদের যন্ত্রণা থেকে বাঁচতে এ বাড়িতে আশ্রয় নেওয়ায় কাকতালীয়ভাবেই দেখা মিলল পাথরখণ্ডটি। মনে হলো, সার্থক হয়েছে এ গাঁয়ে আসা।প্রায় এক কিলোমিটার পথ অতিক্রমের সময় একাধিক মাঝারি আয়তনের দিঘির দেখা মিলল। গ্রামবাসীর কাছে জানলাম, ওগুলো প্রাচীন দিঘি। কে কবে খুঁড়েছে, তা জানা নেই কারও।এরই মধ্যে এসে পড়েছি অন্য গ্রামে। নাম নালোপাড়া। এ গাঁয়েই দেখা মিলল বেশ চওড়া একটা মজা খালের। এতে এখন জল নেই। তবে দুই পাশের উঁচু পাড় দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, এ খাল একসময় গভীর ছিল। এটি যে প্রাকৃতিক নয়, বরং মানুষের কাটা, তার প্রমাণ হলো, এর উঁচু পাড়। খাল কেটে গভীর করার কারণেই তলদেশের মাটিতে উঁচু হয়েছে দুই পাড়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার অধিবাসী সফরসঙ্গী উত্তম কুমার জানালেন, এটি আসলে ঘোড়াঘাট পরিখার শেষ অংশ। মনে মনে বললাম, তাহলে সত্যি সত্যিই ইতিহাসের জনপদেই আছি!এগিয়ে গেলাম আরও সামনে এবং অবশেষে ভরদুপুরে হাজির হলাম হামিদপুর চিত্তিপাড়া নামের গ্রামে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি গ্রাম এটি। তবে মোটেই প্রত্যন্ত এলাকা নয়। এখান থেকে ঘোড়াঘাটের দালানকোঠা দেখা যায়। উপজেলা সদরের দুই কিলোমিটারেরও কম দূরত্বে এর অবস্থান।ছায়াঢাকা আর পাখিডাকা একটা গ্রাম এটা। তবে এই গ্রামেই মাঠের মধ্যে বড্ড বেমানানভাবে দাঁড়িয়ে আছে একটা ঢিবি। চারপাশে ফসলের খেত। এরই মধ্যখানে অনেকটা কাছিমের মতো উঁচু একটা পিঠ যেন দেখা যাচ্ছে দূর থেকে। গাছপালা-ঝোপজঙ্গলে ভরা এ ঢিবি। এটির আয়তন খুব বেশি নয়। তবে এককালে যে বেশ বড় ছিল, তা বুঝতেও কষ্ট হয় না মোটেও। কারণ, প্রায় গোলাকার এ ঢিবির চারপাশ থেকে মাটি কেটে নিয়ে এটি রীতিমতো সংকুচিত করে ফেলা হয়েছে। তার পরও ঢিবিটি ভরা খোলামকুচি ও ভাঙা প্রাচীরের ইটের টুকরোয়। নিশ্চিতভাবে বলা যায়, এখানে স্থাপত্যিক কাঠামো আছে। পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে যদি এটি খনন করা যায়, তাহলে অবশ্যই কোনো না কোনো ইমারতের ধ্বংসাবশেষ এখানে পাওয়া যাবে বলে দৃঢ় মত প্রকাশ করা যায়। ঢিবিটির উচ্চতা ২০ থেকে ২৫ ফুট।ঢিবিটির সোজা পশ্চিমে আরেকটি অনুচ্চ ঢিবি আছে। এতে একটি পুরোনো ইমারতের ধ্বংসাবশেষ দেখলাম। এটির গাঁথুনি চুন-সুরকির। দেয়ালের পুরুত্ব তিন দশমিক ৫০ ফুট। পূর্ব দেয়ালে একটি প্রবেশপথের অস্তিত্ব বোঝা যায়। উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন। পশ্চিমেও এমন কোনো বৈশিষ্ট্য চিহ্নিত করা যায় না, যা দেখে বোঝা যায় এটি কী ছিল। তবে লোকমুখে এটি মাজার নামে খ্যাত। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বললেন, এখানে মসজিদও ছিল হয়তো। তবে এটির প্রাচীনতা মোগল-পূর্ব কালের নয় বলেই মনে হলো।২০০৯ সালের সেপ্টেম্বরের শুরুতে শেষ হলো এই প্রত্নদর্শন। অভিজ্ঞতা আর আনন্দকে সাথি করে পা বাড়ালাম ঘোড়াঘাটের দিকে।