স্মৃতির রোদ্দুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. ফজলুল করীম পেশায় একজন চিকিৎসক। নেশায় লেখক। এ কথা কোনোভাবেই সিকি, অর্ধ কিংবা পৌনে সত্য নয়। যার অকপট সাক্ষী আলোচ্য বই। অর্ধসহস্র পৃষ্ঠার এই বইয়ের উপস্থাপন ও পাঠযোগ্য বিনির্মাণ নেশাগ্রস্ত লেখকের পক্ষেই সম্ভব। তাঁর অন্যান্য গ্রন্থ বা উপন্যাস হলো—মহাস্থানগড়ের উপকথা (২০০৯), অর্ধেক মানবী (২০০৬), ধ্বংসস্তূপে আলো (২০০৬), মৃত্যু (২০০৬), ক্যান্সার: মৃত্যু অবধারিত নয় (২০০৬), দুরন্তকাল (২০০৫), আঁধারে আলো (২০০৫) প্রভৃতি।শুরুতে ভূমিকায় উল্লিখিত হয়েছে: এই উপন্যাস একটি জীবন রূপকথায় রূপান্তরিত হওয়ার কাহিনি, কিন্তু একই সঙ্গে কঠিন বাস্তবও—এতে অতীতের ও বর্তমানের ইতিহাসও চমৎকারভাবে বিধৃত হয়েছে। ফেলে আশা দিনগুলোর স্মৃতিতে পাঠকেরাও অবগাহন করতে পারবেন, এমনকি নিজেদেরও এই কাহিনিতে কোথাও না কোথাও খুঁজে পাবেন। স্বীকার্য যে এখানে অতিকথন নেই। এক জীবনের রূপকথায় বিবিধ মাত্রায় নানাজনের প্রত্যাশিত উপাদানের সমাহার ঘটেছে। এই উপন্যাসের সর্বত্র অটোবায়োগ্রাফির ছায়া রয়েছে, যা পাঠের সময় প্রবলভাবেই উপলব্ধি হয়। খটকাও লাগে, এটি কোনো উপন্যাস, না অটোবায়োগ্রাফি, নাকি রূপকথা। এই যে খটকা কিংবা প্রশ্নের উপস্থিতি তা বোধ করি নন্দনতাত্ত্বিক বোধ কিংবা ভাবনাতাড়িত। যার মধ্যে খুঁজে পাওয়া যায় একজন লেখকের মুনশিয়ানা। বৃহৎ কলেবরের এই বই এখন শিল্পের নানা আঙ্গিককে ধারণ করে অভীষ্ট ও উদ্দিষ্টকে নির্দিষ্ট মাত্রায় নিয়ে যায় তখন এটি শুধু রূপকথা নয়, হয়ে ওঠে তারও অধিক কিছু। হয়ে ওঠে রূপকথার মোড়কে জীবনাভিজ্ঞতার কথারূপ, যা কল্পনা ও বাস্তবের সহাবস্থানে ঋদ্ধ।২. এক জীবনের রূপকথা অর্ধশতাব্দীরও অধিক সময়-পরিধির গল্প। আদল সহজিয়া গল্প ভঙ্গিমায় বিনির্মিত, যা একই সঙ্গে ইতিহাসকে ধারণ করে, সময়ের নিরীক্ষায় খুঁজে নিয়েছে সরাসরি সম্পৃক্ত অধ্যায়সমূহ। শুধু ব্যক্তির গল্প নয়, যূথবদ্ধভাবে এসেছে গ্রাম, শহর, দেশ-বিদেশ, যার শুরুটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূঢ় বাস্তবতায়। রূপকথার নায়ক কবীর। তার হাত ধরে এসেছে বাকি চরিত্র। কবীরের এক জীবনের বিবিধ অভিজ্ঞতার নির্যাস এই বই। সাদামাটা জীবনযাপন করেনি সে। জীবনের বাঁকে বাঁকে সঞ্চয় মানসে সিঞ্চন করেছে হাজারো মণিমানিক। হয়েছে পরশপাথরসম, যার সান্নিধ্যে পাল্টে গেছে নীহারের জীবন। যার জন্য এক জীবন অপেক্ষায় থেকেছে ঊষা। সম্পূর্ণ আধুনিক ও কর্মঠ এক মানুষ কবীর। প্রেমিকও বটে। কিংবা বড় সত্যি হলো, এই বই একজন প্রেমিক মানুষের জীবনের গল্প। প্রেম তাকে সফলতা দিয়েছে। বগুড়ার কবীরকে নিয়ে গেছে আন্তর্জাতিকতায়। গৌণ হয়েছে, ফুৎকারে নিঃশেষিত হয়েছে বৈরী বাস্তবতা। কবীর হয়েছে সব, স্মরণীয় ও বরণীয় একজন মানুষ। যার জীবনের ধারাপাত ঘেঁটে আমরা পাই দেশের বিখ্যাত সব ব্যক্তিত্বকে। ফজলুল হক, দেশের প্রথম সিনেমা পত্রিকার সম্পাদক, তাঁর অনুজ। যার বিবাহকালীন গল্প পাঠেরই সুযোগ এই উপন্যাসে। একসময় বঙ্গবন্ধুও আবির্ভূত হন, যা বইটির বহুরৈখিকতাকে মঞ্জরিত করে।৩. এক জীবনের রূপকথা নিঃসন্দেহে সুখপাঠ্য বই। যার প্রাবল্য একটু বেশিও, যা কখনো কখনো বইটির মাত্রাকে খর্ব করে। দুঃখ-কষ্ট-বিপদ-আপদ-লড়াই-সংগ্রাম জীবনেই থাকে, মৃত্যু তা থেকে মুক্তি দেয়। এক জীবনের রূপকথায় তার উপস্থিতি অনেকাংশেই গৌণ। কিছু বানানবিভ্রাট বইটির সুখপাঠকে বিনষ্ট করে। বাঁধাই ও পৃষ্ঠাসজ্জায়ও ত্রুটি দৃষ্টিগোচর হয়। (পৃষ্ঠা ১৫, ১১৭, ১৪৪ প্রভৃতি দ্রষ্টব্য, এমনকি কাইয়ুম চৌধুরীর বানানটা ভুল হয়েছে, যা সামান্য সতর্কতায় এড়ানো সম্ভব)বইটির একটি বিশেষত্ব হলো এটির পাঠ আকর্ষণ। বিশেষ করে শুরুর পর একটু কষ্ট করে যদি কিছু পাতা পড়া যায়, তাহলে একধরনের মুগ্ধতায় আবিষ্ট হতে হয়, যা পাঠকমাত্রকেই ভাবায়, আলোড়িত করে এবং অদ্ভুত এক বোধে উদ্দীপিত করে, আলোকের পথে আহূত করে। যার কারণে সব শ্রেণীর পাঠকের জন্য বইটির নিবিড় পাঠ দাবি রাখে। কারণ এই বই স্মৃতির গল্প, যেখানে লেখক স্বাধীনভাবে সবকিছু প্রকাশ করেছেন। এমনকি মনোগত-দেহগত বিষয়গুলোও। যেখানে রোদ্দুরের প্রত্যক্ষ উপস্থিতি উপলব্ধি হয়। এক জীবনের রূপকথা তাই স্মৃতিময় রোদ্দুরের চিত্রকল্প।কাজল রশীদ