স্মৃতির সম্মোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনা মানুষের মুখলেখক: আনিসুজ্জামানপ্রকাশক: প্রথমা প্রকাশনপ্রচ্ছদ: কাইয়ুম চৌধুরীদাম: ৩২০ টাকাস্মৃতিই হারিয়ে যাওয়া সময় ও মানুষকে ফিরিয়ে আনে। ‘স্মৃতি সততই সুখের’—প্রবচনতুল্য এই কথাটির দ্যোতনা অস্বীকার না করেও বলা যায়, এই সুখের আড়ালে আবার লুকিয়ে থাকে কত না দুঃখের ইতিহাস, শোক-বেদনার দীর্ঘশ্বাস আর হাহাকার। চেনা মানুষের মুখ বইয়ে অধ্যাপক আনিসুজ্জামান স্মৃতির সরণি বেয়ে এই ভূখণ্ডের ২৮ জন কৃতী ও স্মরণীয় মানুষের ‘আলেখ্যনির্মাণের প্রয়াস’ পেয়েছেন, যাঁরা ছিলেন সাহিত্য-সাংবাদিকতা-শিক্ষা-রাজনীতি-সমাজসেবা-সংস্কৃতিচর্চা—নানা বিষয়ের সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে আবার অনেকেই ছিলেন একই সঙ্গে নানা গুণের অধিকারী। প্রায় ৫০ বছর পরিসরের এই লেখাগুলো সবই উপলক্ষের ফসল—শোক-স্মরণ-সংবর্ধনা কিংবা জন্মদিনের।মওলানা আকরম খাঁকে দিয়ে এই বইয়ের আলোচনা শুরু, আর শেষ হয়েছে সেলিনা বাহার জামানের স্মৃতিচর্চায়। এঁদের সবার সঙ্গেই যে লেখকের সমান পরিচয় বা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, তা নয়। কিন্তু সম্পর্কের গভীরতা যতটুকুই থাকুক না কেন, তাতে সেই মানুষটির মূল্যায়নে বাধা হয়ে দাঁড়ায়নি। আকরম খাঁর সঙ্গে আনিসুজ্জামানের নিজের ততটা না থাকলেও পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। নিজের পঠন ও পর্যবেক্ষণে আকরম খাঁর একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পরিচয় তিনি তুলে ধরেছেন। ‘প্রাচীনপন্থীদের তুলনায় মওলানা আকরম খাঁর ভূমিকা ছিল প্রগতিশীল; আর আধুনিকদের তুলনায় ছিলেন রক্ষণশীল’—তাঁর এই মন্তব্যে আকরম খাঁর মন-মানসের পরিচয় সঠিকভাবে ফুটে ওঠে। প্রচলিত ধারণায় আকরম খাঁকে যে ঘোরতর রক্ষণশীল ও প্রগতিবিরোধী বলে চিহ্নিত করা হয়, লেখক সেই বক্তব্যকে যৌক্তিক বলে বিবেচনা করেননি।আনিসুজ্জামান পেশাসূত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যাঁদের কথা লেখকের কলমে এসেছে, তাঁদের মধ্যে অন্তত চারজন উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। উপাচার্য যাঁরা ছিলেন, তাঁদের জ্ঞান-প্রজ্ঞা-মেধা-সততা-অবদান-সাহস-ব্যক্তিত্বের সঙ্গে হাল আমলের অনেক পদাধিকারীর তুলনা করলে শরম পেতে হয়। আলোচনার সারিতে এঁদের বাইরে চার-পাঁচজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। ছয়জন ওজারতিও করেছেন—এর মধ্যে তিনজন শিক্ষক, দুজন আমলা, একজন রাজনীতিক। বঙ্গবন্ধুর ইচ্ছা ও আনুকূল্যে এ আর মল্লিক ও মুজাফ্ফর আহমদ চৌধুরীকে মন্ত্রিসভায় যোগ দিতে হয়। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরও বন্দুকের নলের মুখে তাঁরা মন্ত্রিত্ব করতে বাধ্য হন এক অস্বাভাবিক পরিবেশে। আনিসুজ্জামান সাক্ষ্য দিয়েছেন, দুজনই অনুশোচনায় পীড়িত হয়ে মনে করেছেন, তাঁদের হাতে যেন বঙ্গবন্ধুর রক্ত লেগে রয়েছে। এ বইয়ের তিনটি লেখা—আব্দুর রাজ্জাক, খান সারওয়ার মুরশিদ ও গিয়াসউদ্দিন আহমদকে নিয়ে সবচেয়ে বেশি মন কাড়ে। আব্দুর রাজ্জাক ছিলেন জীবন্ত জ্ঞানকোষ—খুব কাছ থেকে তাঁকে দেখেছেন লেখক। ছিলেন মজলিসি মেজাজের মানুষ, আড্ডার শিরোমণি—যা বলতেন সবই মুখে মুখে, লেখালেখিতে একেবারেই আগ্রহ ছিল না। বিচিত্রস্বভাবী এই মানুষটির আগ্রহ ছিল রান্না থেকে রাজনীতি এবং আরও অনেক কিছুতে। ঘনিষ্ঠ সাহচর্য ও নিবিড় পর্যবেক্ষণে আব্দুর রাজ্জাকের চরিত্রের নানা দিক উন্মোচিত হয়েছে তাঁর লেখায়। আব্দুর রাজ্জাকের চিন্তাচেতনার একটা ছাপও লেখকের ওপরে পড়েছিল। আনিসুজ্জামানের শিক্ষক ও পরে সহকর্মী ছিলেন খান সারওয়ার মুরশিদ। মার্জিত রুচির সংস্কৃতিমান এই শিক্ষকও বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রগতিচেতনা ছাত্রশিক্ষকের মধ্যে চালিয়ে দিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। ইতিহাসের শিক্ষক গিয়াসউদ্দিন আহমদের সঙ্গে ছাত্রাবস্থা থেকেই আনিসুজ্জামানের ছিল গভীর সখ্য-সম্পর্ক। পরে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী হিসেবে নানা কর্মকাণ্ডের ভেতর দিয়ে তা আরও নিবিড় হয়। মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর হাতে নিহত এই তরুণ শিক্ষকের মর্মান্তিক পরিণতি লেখককে গভীরভাবে শোককাতর করেছিল।কোনো কোনো ‘আলেখ্য’ কলেবরে একটু বেশিই ছোট, যাতে পুরো মানুষটিকে ধরা যায় না, সামান্য স্পর্শেই যেন হারিয়ে যায়, যেমন মন্মথনাথ নন্দী, মধুসূদন দে, আনোয়ারা বাহার চৌধুরী, রোকনুজ্জামান খান কিংবা আবু জাফর ওবায়দুল্লাহ। সম্পর্কের গভীরতার কারণে হাসান হাফিজুর রহমান লেখকের স্মৃতিচর্চায় যে আরও মনোযোগ দাবি করেন, তা মানতেই হবে। বইয়ের দু-একটি তথ্যে গরমিল চোখে পড়ে। আকরম খাঁর বইয়ের নাম যত দূর জানি, মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস—মোছলেম বঙ্গের সামাজিক সমস্যা নয়। কোহিনূর সম্পাদক প্রথমে তাঁর নাম লিখতেন এস কে এম মোহাম্মদ রওশন আলী। পরে এস কে এম বর্জন করে নামের শেষে চৌধুরী যোগ করেন। কিন্তু কখনো এস কে এম মোহাম্মদ রওশন আলী চৌধুরী লিখতেন, এমন খবর মেলে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলতে গিয়ে একই ঘটনার পুনরুক্তিও ঘটেছে।চেনা মানুষের মুখ, লেখকের পরিমিতিবোধ, সত্যকথন ও নিরপেক্ষ দৃষ্টির কারণে ভিন্ন তাৎপর্যে মণ্ডিত হয়েছে। নির্মোহ ভঙ্গিতে ব্যক্তির বৈশিষ্ট্য বা ঘটনার বিবরণ তুলে ধরেছেন। ব্যক্তিকেন্দ্রিক স্মৃতিচিত্রণে তিনি তাঁর কালকে ইতিহাসের সঙ্গে জুড়ে দিয়েছেন। নির্মেদ স্বাদু গদ্যে অনেকটা গল্পের বিন্যাসে আনিসুজ্জামান অতীত দিনের ধূসর ক্যানভাসে তাঁর কালের চেনা মানুষের যে অন্তরঙ্গ ছবি এঁকেছেন, তা পাঠককে মুগ্ধ ও স্মৃতিকাতর করে তোলে।