স্মৃতির সোনালি সুতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখালেখি আমার বেঁচে থাকার অনুষঙ্গ। আমার রচিত গল্প-উপন্যাসের চরিত্রাবলি ক্ষণে ক্ষণে যেন ঘোরাঘুরি করে এই বেঁচে থাকা ও জীবনের চারপাশে। জীবন-পথের একটি পর্যায় পার হয়ে বারবার এখন মধুর শৈশব হাতছানি দিয়ে ডাকে। মনে হয়, এই তো সেদিন, তখনকার ছোট মফস্বল শহর ফরিদপুরে বেড়ে উঠছে একরত্তি একটি মেয়ে...। পরবর্তী সময়ে কত ভাঙা-গড়ার মধ্য দিয়েই না নদীর স্রোতের মতো সে পেরিয়ে গেছে একের পর এক জীবনের সিঁড়ি। আসলে ক্ষণকালের এই জীবনটা যেন নদীর মতো। তো, এখন ভেতর থেকে যখন জীবনস্মৃতি লেখার তাগিদ এল, জীবনস্মৃতির নাম তখন রাখলাম ‘নদী নিরবধী’।এই আত্মকথায় আমার শৈশব থেকে কিশোরী রিজিয়া রহমানের অবয়ব ফুটে উঠবে। অবশ্য স্মৃতিকথার কিছু অংশ ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সব অধ্যায় ও অংশ মিলিয়ে নিয়ে ভবিষ্যতে এটিকে বইয়ে রূপ দেওয়ার ইচ্ছে আছে আমার। আমার জন্ম কলকাতার ভবানীপুরের পুলিশ হাসপাতালে। চাকরিসূত্রেই বাবা একসময় ফরিদপুরে বদলি হয়ে আসেন। ফলে ১৯৪৬ সালের দিকে সপরিবারে আমরাও ফরিদপুরে স্থায়ী হই। সেসব কী মধুর দিন-রাত, শরীর শিহরিত হওয়ার মতো স্মৃতি। আমরা যখন পাকাপাকিভাবে এ দেশে চলে এলাম, তখন ভারতীয় উপমহাদেশের মানচিত্র ভেঙে জন্ম নিচ্ছে দুটি দেশ—ভারত ও পাকিস্তান। চারদিকে দাঙ্গা-হাঙ্গামা, নিজের অস্তিত্বের জন্য মানুষের লড়াই; এর মধ্যে ছোট্ট এক মেয়ে কিন্তু সবার অগোচরে দিনে দিনে লেখক হয়ে উঠছে! নানাবাড়ি মানিকগঞ্জের পদ্মাপাড়ে মহানন্দে দিন গুজরান করছে—এসব স্মৃতির সোনালি সুতো দিয়ে মোড়ানো আমার এই বই। জীবনস্মৃতিটি আমি ধারাবাহিকভাবে লিখিনি। তবে রচনার সব স্মৃতিকে জোড়া দিয়ে একটি বিশেষ সময়ের রং ও আবহ এবং সেই সময়ের বাস্তবতায় একটি মুসলমান পরিবারের মেয়ের বেড়ে ওঠা, সংগ্রাম হয়তো খুঁজে পেতে পারেন পাঠক। জীবনস্মৃতি ছাড়াও বর্তমানে একটি উপন্যাসের চিন্তা মাথায় করে ঘুরে বেড়াচ্ছি। যদিও নাম এখনো ঠিক করিনি, তবে এটুকু ভেবেছি, উপন্যাসের কেন্দ্রে থাকবে একটি নারী চরিত্র। নারীর জীবনটা আসলেই খুব ট্র্যাজিক। জীবনের বাঁকে বাঁকে প্রতি মুহূর্তেই তাকে পাল্টে যেতে হয়। বাবার বাড়িতে সে যেমন পাল্টায়, তেমনি বিয়ের পর স্বামীগৃহে গিয়েও আরেকবার বদল ঘটে তার। এমনকি শেষ জীবনে পৌঁছেও তাকে আবার বদলাতে হয়। মানে অবস্থান পরিবর্তনের ফলে প্রতিনিয়তই বিচিত্রমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে পার করে সে। এক জীবনে বিভিন্ন ভূমিকায় তাঁকে দেখা গেলেও বেলা শেষের পথের ধারে তিনি হয়ে ওঠেন চরম নিঃসঙ্গ, একাকী। এই রকম এক প্রেক্ষাপটে উপন্যাসটি লেখা হবে। অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ