স্মৃতিসৌধ
ঢাকার বাতাসে কার্বন-কণা বেশি বলেই কিনা এখানে আলোর বিন্দু পলকে পাল্টে যায় অন্ধকারে; দূষিত বাতাসের গায়ে আঁধার যেন একটু বেশিই আটকায়, সময়ের চেয়ে তাই তাড়াতাড়িই সন্ধ্যা নামে এখানে—প্রতি সেকেন্ডের ভগ্নাংশে পাল্টে যায় বিদায়ী বিকেলের চেহারা, বোঝা যায়। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনের ফাঁকা জায়গাটায় বসে আছি, জলের ধারে, একা একা। সামনে থইথই পানিতে বাতাসের সাঁতার, তাই জলের উপরিতল চঞ্চল! তার ছটফটে শব্দে একটা দিশেহারা ভাব। জল সাঁতরে বাতাস পাড়ে চলে আসছে। তাই বাতাসের বসন ভেজা! তার শরীরে পানির গন্ধ! বহিরাগত সেই বিশুদ্ধ জলজ বাতাসে আরাম লাগছে বড়; মনে হচ্ছে, আমি বাতাসে স্নান করছি! বাতাসের মতো আমিও ঢাকাবাসী নই, বহিরাগত।যাই-যাই গোধূলিতে ওপাশের দূরের কেরানীগঞ্জের দিকে প্রকৃতির সবুজ রং পাল্টে পাল্টে কালো হচ্ছে। জলেও কালো কালো ছোপ লাগতে শুরু করেছে। অথচ পেছনেই ঢাকার প্রান্তে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ আলো জ্বলে উঠছে রকমারি। মাঝখানে আমি এবং স্মৃতিসৌধ। শহর আর গ্রামের মধ্যিখানের বিভাজন রেখা যেন সে মুহূর্তে আমরা দুজন!আমার চট করে ঘরে ফেরার তাড়া নেই। বসে বসে সিগারেট ফুঁকছি।কদিন আগেই ঢাকায় এসেছি। কয়েক বছর দেশের বাইরে ছিলাম। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমে গেছে, কারও কারও সঙ্গে একেবারেই নেই। তাই জানি না কে কোথায় আছে, কী করছে? পশ্চিম ধানমন্ডির একটি মেসে উঠেছি। চাকরির তালাশ চলছে। দলছুট আমি খোঁজ করছি বন্ধুদলেরও। নতুন কোনো বন্ধু জোটেনি। তাই প্রায় প্রতিদিনই হাঁটতে হাঁটতে সন্ধ্যার আগে আগে এখানে চলে আসি। প্রথম দিন অনেকটা সময় নিয়ে স্মৃতিসৌধটা দেখলাম। বিষণ্নতার সঙ্গে বেশ একটা গাম্ভীর্য আছে গঠনে। যেন ধ্বংসের আলামত নিয়ে দাঁড়ানো, মাঝের জানালাটা চলে গেছে অসীমে, যে পথে তাঁরাও! তাঁদের সম্মানে সৌধের সামনেই জলের চুপচাপ, স্থির, সজল নিবেদন! অথচ স্মৃতিসৌধের কুড়ি হাত পেছনেই বিস্তৃত বিক্ষুব্ধ জলরাশি। যেন পেছনে অস্থির অতীত, সামনে স্তব্ধ সমাসীন বর্তমান!দেখতে থাকি আর মাথায় ঘুরতে থাকে না-দেখা সেই সময়ের কথা। সেই সব মানুষ, তাঁদের আত্মত্যাগ। তাঁরা আজ বেঁচে থাকলে কি দেশটা অন্য রকম হতে পারত? তাঁদের প্রাণ-বিনিময়ের প্রাপ্তি কি দেশ, স্বাধীনতা? তাঁদের পরিবারের ক্ষতি কি জাতির ক্ষতির চেয়ে বেশি? ভাবতে চেষ্টা করি, ভাবনা ছিঁড়ে ছিঁড়ে যায়। জোড়া দিতে পারি না। পরক্ষণেই মাথায় আসে একটা চাকরির চিন্তা...আবার...তাঁরা ফিরে আসেন...সেদিনও এমন উল্টাসিধা ভাবতে ভাবতে আকাশের রংবদলের খেলা দেখছি। মাছরাঙা যেমন শিকারের জন্য ঝুপ করে জলে ঝাঁপ দেয়, তেমনই ক্ষিপ্রতায় সন্ধ্যা নামল। মেঘে কালো আকাশেরও মুখ ভারী, বৃষ্টির আভাস তাতে। সেই সতর্কতায় বুঝি কেউ নেই আশপাশে। হঠাৎ আমার পিঠে হাত পড়ল কারও। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি—রানা, আমার কলেজের বন্ধু। পেছন দিক থেকে ওর ওপর ঝুঁকে আসা ল্যাম্পপোস্টের আলোয় যতটা চেহারার স্পষ্টতা চোখে ধরা পড়ল, তাতে বেশ বিষণ্ন, মন-মরা দেখাচ্ছিল ওকে। মনে হলো কয়েক রাত ও ঘুমোয়নি। তবু ওর শরীরের হালতের চেয়ে সহসা ওর আগমন, এত দিন পর আমাদের দেখা এবং অপ্রত্যাশিতভাবে এখানে এভাবে দেখা হওয়ার উচ্ছ্বাসই আমাকে বেশি মাতিয়ে দিল। ভেতর থেকে ছিটকে এল—‘আরে রানা, তুই? কোত্থেকে এলি? জানলি কী করে আমি ঢাকায়? না না তার আগে বল, আমি এখানে এ কথা তোকে কে বলল?’আমার একসঙ্গে এতগুলো প্রশ্নের রানা কোনো উত্তর করছে না, কেবল মিটিমিটি হাসছে। তারপরও ওর হাসির জল ওর মুখের কালশিটে বিষণ্নতা ধুয়ে দিতে পারছে না। বেশ ক্লান্ত স্বরেই ও বলল, ‘একটা সিগারেট দে।’প্যাকেটে দেখি একটাই সিগারেট পড়ে আছে। শেষটাই ওর দিকে বাড়িয়ে বললাম, ‘তোর কপাল ভালো। নে, একটাই আছে।’সিগারেট হাতে নিল ঠিকই কিন্তু যেন জ্বালানোর আগ্রহ নেই রানার। এবার আমি সত্যিই ওর জন্য চিন্তিত হলাম। বললাম, ‘কী হয়েছে রানা? আমায় বল তো। কোনো অসুখবিসুখ করেছে?’‘নারে, তেমন কিছু না। এমনিতেই শরীরটা ভালো যাচ্ছে না। একটু খুশখুশ কাশি আর জ্বর।’ বলেই বেশ কাঁপা-কাঁপা হাতে ও সিগারেটটা জ্বালাল। ধোঁয়ার সঙ্গে কাশিও উগরে দিল কিছুটা। বলল, ‘এখন ভালো লাগছে। তোর সঙ্গে দেখা হলো।’ওর এ কথায় আমি পুরোনো প্রশ্নটাই নতুন করে পাড়লাম। ‘এখানে আমি আছি তুই জানলি কী করে?’বেশ একটা রহস্যের হাসি মুখে টেনে বলল, ‘আমি জাদু জানি।’‘ধুর ব্যাটা, গুল দিস না। এবার বল কেমন আছিস, কী করছিস? আমি তো কদিন আগে ঢাকা এলাম। চাকরিবাকরি খুঁজছি। তোর কাছে কোনো খবর থাকলে বল।’‘চাকরি দিয়ে কী করবি? জীবনটাকে টাকা-পয়সা দিয়ে বিচার করছিস!’ওর উত্তরটা শুনে শরীর জ্বলে গেল! বললাম, ‘দার্শনিক-টাইপের কথা ছাড়। তোর হয়তো চাকরি না হলে চলে, আমার চলবে না।’কোনো উত্তর করল না ও। জলের দিকে চেয়ে সিগারেট টানতে লাগল। মাঝেমধ্যেই খুক খুক করে কাশছে। বুঝলাম বেচারার শরীর সত্যিই ভালো যাচ্ছে না। বললাম, ‘আচ্ছা, বাদ দিলাম চাকরির কথা। এবার বল বাকিরা সবাই কেমন আছে? মেট্রোদের খবর কী? সাজুরা কোথায় আছে, কী করছে ওরা?’কথা বলতে ইচ্ছে করছিল না, নাকি ওদের ব্যাপারে কোনো আগ্রহ নেই রানার, বোঝা গেল না। দায়সারাভাবে কোনো রকমে বলল, ‘আমার সঙ্গে ওদের যোগাযোগ নেই। সবাই ঢাকায় আছে—এইটুকু জানি।’এবার আমার অবাক হওয়ার পালা। ‘তুই ঢাকায়, ওরাও ঢাকায়, অথচ যোগাযোগ নেই! সামথিং রং রানা। বল তো কী হয়েছে?‘ধুর বাদ দে তো। এসব কথা বলতে ভালো লাগছে না!’‘আচ্ছা, তোর কথা না হয় বাদ দিলাম। কিন্তু আমি? কত দিন তোদের সঙ্গে দেখা নেই। তোর কাছে ওদের নাম্বার-টাম্বার নেই?’ও পকেট থেকে একটি কার্ড বের করে আমার দিকে এগিয়ে ধরল। ‘কার কার্ড?’‘মেট্রোর। ওর কন্টাক্ট নাম্বার আছে এখানে।’ আমি কার্ডটা মানিব্যাগে পুরলাম। তখনো আমার কোনো মোবাইল ফোন নেই। বললাম, ‘তোর মোবাইল আছে?’‘নাহ্।’ ‘তবে যোগাযোগ হবে কী করে? তুই বরং আজ আমার মেসে চল। চিনে গেলি। পরে সময়-সুযোগমতো চলে আসবি। আর তুই কোথায় থাকছিস?’‘যেখানে রাত, সেখানেই কাত!’‘মানে?’‘মানে কিছু না।’ বলেই সিগারেটের শেষ অংশটা পানিতে ছুড়ে ফেলে দিল।‘কিরে, আমাকে দুই টানও দিলি না?’ও আমার কথায় লজ্জা পেয়ে গেল। বলল, ‘সরি, দোস্ত। আমি তোর জন্য সিগারেট নিয়ে আসছি।’ বলেই উঠে দাঁড়াল।‘তুই কি পাগল হয়েছিস? আমি কি তাই বললাম? বোস। পরে দুজন মিলেই যাব।’হঠাৎ ঝুপ করে বৃষ্টি এল খানিক। বৃষ্টিতে আমার একটু-আধটু ভিজতে ভালোই লাগে। তা ছাড়া তখন বিশেষ কোথাও যাওয়ারও ছিল না। ভিজলে ক্ষতি নেই। কিন্তু রানার কথা ভেবেই বললাম, ‘চল গেটের কাছে ছোট একট ঘর আছে। ওখানে যাই। তোর এমনিই শরীর খারাপ। ভিজলে আরও খারাপ হবে।’আমার কথায় কোনো গা করল না রানা। বৃষ্টিও থেমে গেল প্রায় তখনই। ছ্যাচড়া চোর স্বভাবের বৃষ্টি। হঠাৎ একটু আসে, মুহূর্তেই চলে যায়। না ভেজা হয়, না শুকনো থাকা যায়। অথচ শ্রাবণে আকাশ ভেঙেই তো বৃষ্টি নামার কথা। বললাম, ‘চল, এবার তাহলে উঠি।’‘আরেকটু বসি। সিগারেট খেতে ইচ্ছে করছে, তোকেও খাওয়াই। তুই বরং বোস। আমি সিগারেট নিয়ে আসি।’ বলেই রানা হাঁটা ধরল।‘কিরে, সত্যি সত্যি যাচ্ছিস? তাহলে আমিও আসি।’‘না, তুই বোস, আমি এখনই আসছি।’পাঁচ মিনিট। দশ মিনিট। প্রায় কুড়ি মিনিট হতে চলল, রানার ফেরার নামগন্ধ নেই। কিরে বাবা, কোনো বিপদ-টিপদ হলো না তো? স্মৃতিসৌধের সামনের রাস্তায় চলে এলাম। রাস্তাটা আসলে শহর-রক্ষা বাঁধ, সবাই বলে বেড়িবাঁধ। বাঁধের রাস্তা একেবারে ফাঁকা। সামনের একটা ছোট্ট দোকান ছিল, সেটাও দেখি বন্ধ। রিকশাটিকশাও নেই। তবে কি রানা এখানে সিগারেট না পেয়ে মোহাম্মদপুরের দিকে গেল? আরও কিছু সময় অপেক্ষা করলাম রাস্তায়। না, রানার দেখা নেই।বাঁধের ঢালে দুয়েকটি ঝুপড়িঘর, ক্ষয়াটে আলোর লণ্ঠন জ্বলছে তাতে। তারপরই নোংরা জলা-জায়গা। তার মধ্যেই কোথাও কোথাও গলগণ্ডের মতোই বস্তির আকার বাড়ছে। সেখান থেকেও পাওয়া যাচ্ছে রুগ্ণ আলোর বিক্ষিপ্ত দিশা। তারপরই শহরের রেখা। আলোর শুরু। তবে স্মৃতিসৌধের চত্বরটায় আলো আছে। বেশ মন খারাপ নিয়েই অগত্যা আমি ফিরতে শুরু করলাম।রাতেও রানার ব্যাপারটা মাথা থেকে গেল না।এর দিনকয়েক পর একটি ইন্টারভিউ দিতে কারওয়ান বাজার গেছি। জীবনের প্রথম চাকরির পরীক্ষা। তারিখটা ঠিক মনে আছে, ২৭ আগস্ট ২০০৫। ওখানে মেট্রোর সঙ্গে দেখা। ও আমার মতোই চাকরিপ্রার্থী। যদিও ও একটা চাকরি করছে, ‘বেটার অপরচুনিটি’র খোঁজ। ওকে দেখেই মনে পড়ে গেল, রানার কাছ থেকে তো ওর একটা কার্ড পেয়েছি। ফোন আর করা হয়নি। কোনো রকমে হায়-হ্যালো করে ইন্টারভিউ শেষ করে বেরিয়ে এলাম দুজন। বললাম, ‘চল, চা খাই। চা খেতে খেতে কথা বলা যাবে।’এ কথা-সে কথায় রানার কথা উঠতেই মেট্রো বলল, ‘ও তুই তো জানিস না। বাইরে ছিলি। গত ২৭ এপ্রিল রানা মারা গেছে!’আমার কথা গলায় আটকে গেল। তার মানে পাঁচ মাস হলো রানা নেই! কদিন আগে যে ওর সঙ্গে স্মৃতিসৌধে...। আমি ম্যানিব্যাগ বের করে ভেতরে দেখলাম, হ্যাঁ, মেট্রোর কার্ডটা পড়ে আছে। রানাই আমাকে দিয়েছিল!আমার সিগারেটটা ধরিয়ে নিজেরটাও ধরাল মেট্রো। বলতে লাগল রানার শেষ দিনগুলোর কথা। কীভাবে ও একসময় মাদকাসক্ত হয়ে পড়ে, পড়ালেখা গোল্লায় যায়, শরীর ভাঙতে শুরু করে, লিভারে গণ্ডগোল ধরা পড়ে...। মেট্রোর মুখে রানার সেসব বিনাশিত দিনের কথা কেবল শব্দ হয়ে কানে আঘাত করছিল আমার, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল স্মৃতিসৌধে সেই শ্রাবণ দিনের ভেজা সন্ধ্যাবেলাকার কথা, রানার স্মৃতি, স্মৃতিসৌধ...আমি কার্ডটার কথা মেট্রোর কাছে গোপন করলাম।[email protected]