স্মৃতিস্মারকে ভাষাসংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বাদে পরশু সেই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। রক্তের দামে এদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার পথ তৈরি করেছািলন বাঙালি ছাত্র ও পেশাজীবীরা। অনেকবার শোনা সেই ইতিহাসের বিভিন্ন স্মারক ছড়িয়ে আছে দেশের নানা জায়গায়। ডাকসু সংগ্রহশালা ও ভাষা আন্দোলন জাদুঘরে সংরক্ষিত এ রকম কয়েকটি স্মারক নিয়ে গল্প আজ—শহীদের রক্ত১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিনা উসকানিতে পুলিশের গুলি চালানোয় শহীদ হন রফিকউদ্দিন, আবদুল জব্বার, আবুল বরকতসহ বেশ কয়েকজন। পরদিনও প্রাণ দিতে হয়েছিল কয়েকজনকে। এই শহীদদের অন্যতম আবুল বরকতের লেখা চিঠি এটি। ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করা আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। ১৯৫১ সালের ৯ অক্টোবর এ চিঠিটি বরকত লিখেছিলেন বাবা মৌলভী শামসুজ্জোহাকে। চিঠিতে আইন বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন। তা আর হলো কই!আন্দোলনের ডাকপাকিস্তানের জন্ম থেকে একেকটি দিন যায়, আর রাষ্ট্রভাষার বিষয়ে বাড়তে থাকে বাঙালিদের ক্ষোভ। একদিকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর দম্ভোক্তি, অন্যদিকে উর্দুবিষয়ক প্রচারণা উত্তপ্ত করে তোলে বাঙালিকে, আরেকদিকে কিছু তথাকথিত ভাষাবিদের নতুন নতুন প্রস্তাব পূর্ব পাকিস্তানকে ক্ষুব্ধ করে তোলে। প্রস্তাবগুলোর মধ্যে একটি ছিল, আরবি হরফে বাংলা লেখা। এ প্রস্তাবকে স্রেফ উড়িয়ে দেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা এবং ঢাকার অন্য পণ্ডিতেরা। ১৯৪৮ সালে শুরু হওয়া আন্দোলন ১৯৫১ সালে এসে তীব্র আকার ধারণ করে। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একের পর এক প্রচারণাপত্র বের করতে থাকে। সেসব প্রচারণাপত্রে সরকারের কাছে আহ্বান জানানো হয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে। অন্যদিকে দেশের মানুষকে বলা হয় বাংলা ভাষার পক্ষে একত্র হওয়ার জন্য।শেখ মুজিবসহ বিভিন্ন রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি মিছিল-সমাবেশের কর্মসূচি দেয় সংগ্রাম পরিষদ। এদিন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ মিছিলে কেঁপে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে হরতাল পালিত হয়। ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটি ২১ ফেব্রুয়ারি সারা দেশে হরতাল, ছাত্র ধর্মঘট, ঢাকায় মিছিলসহ আইন পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে।একজন ‘প্রিন্সিপাল’বাংলা ভাষা আন্দোলনের প্রথমভাগের অন্যতম নামগুলোর একটি প্রিন্সিপাল আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই প্রভাষক দেশ বিভাগের আগে থেকেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য সোচ্চার ছিলেন। পাকিস্তানের জন্মলগ্ন থেকে তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন বাংলার জন্য।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবুল কাশেম প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৪৬ সালে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বক্তৃতা করেন। ১৯৫২ সালে ‘খিলাফত-ই রব্বানী’ নামের একটি দল প্রতিষ্ঠার পর ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের হয়ে তিনি প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন। ১৯৪৮ সালে তমদ্দুন মজলিসের মুখপত্র হিসেবে তিনিসৈনিক নামের পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৬২ সালে মিরপুরে বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন এবং ১৯৮১ সাল পর্যন্ত এর অধ্যক্ষ ছিলেন।রক্তে রাঙানো দিন২১ ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে দেশজুড়ে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে কারবন্দী শেখ মুজিবুর রহমান ১৬ ফেব্রুয়ারি অনশন শুরু করেন। সব মিলিয়ে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে দারুণ এককাট্টা হয়ে পড়ে।২০ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করা হয় এবং এক মাসের জন্য ঢাকা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষিত হয়। ১৪৪ ধারা নিয়ে একটু দ্বিধায় পড়ে যান রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতারা। সর্বদলীয় পরিষদের অধিকাংশ সদস্য ১৪৪ ধারা ভঙের বিপক্ষে ছিলেন। কিন্তু তিনজন ছাত্র-যুব নেতার চাপে সিদ্ধান্ত হয়, পরদিন সাধারণ ছাত্রদের কাছেই জানতে চাওয়া হবে যে তাঁরা ১৪৪ ধারা ভাঙতে চান কি না।২১ ফেব্রুয়ারি সকালে মেডিকেল কলেজ ছাত্রাবাসের প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্ররা। আগের রাতেই কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে ছাত্র-জনমত যাচাই করতে ছাত্রাবাসে এসেছিলেন শহীদুল্লা কায়সার। পরদিন সকাল থেকেই রাস্তায় খাকি পোশাক পরা পুলিশ অবস্থান নেয়। আবারও এখানে ছাত্রদের মধ্যে ১৪৪ ধারা ভাঙা না-ভাঙা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ১০ জন করে ছোট ছোট দলে মিছিল নিয়ে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত হয়। মিছিল বের হওয়ার শুরু থেকেই পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। হঠাত্ করেই বেলা তিনটার দিকে বিনা প্ররোচনায় ছাত্রদের ওপর গুলি চালাতে শুরু করে পুলিশ। গুলিবিদ্ধ হন রফিক, বরকত, জব্বার, সালাম। প্রথম তিনজন সেই দিনই শাহাদাতবরণ করেন।সরকারের এ কর্মকাণ্ডে হতভম্ব ও ক্ষুব্ধ জাতি ২২ ফেব্রুয়ারি বিক্ষোভে জ্বলে ওঠে। ছাত্র আন্দোলন গণ-আন্দোলনে পরিণত হয়। এরপর বাঙালির আন্দোলন চলতেই থাকে। শেষ পর্যন্ত ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি সংবিধান সংশোধন করে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।গ্রন্থনা: দেবব্রত মুখোপাধ্যায় ও শিখতী সানী তথ্যসূত্র: ভাষা আন্দোলন: ইতিহাস ও উত্তরপ্রভাব—আহমদ রফিক