
ফেব্রুয়ারি ২০১১। আবদুল্লাহ আবু সায়ীদ—সায়ীদ স্যারের সঙ্গে আমরা সেবার যাচ্ছিলাম বান্দরবানের নীলগিরি। উঁচুনিচু যাত্রাপথে মিলনছড়ির একটা রেস্টুরেন্টে মধ্যাহ্নবিরতি। জম্পেশ খাওয়াদাওয়ার পর রেস্টুরেন্টের চমৎকার ঝুলবারান্দায় তুমুল আড্ডা চলছে। স্যারের পছন্দের গান বাজানো হয়েছে—দেবব্রত বিশ্বাসের কণ্ঠে ‘আকাশ-ভরা সূর্য তারা...’। স্মৃতিকাতর হয়ে স্যার নিজেই কিছুক্ষণ গলা মেলালেন।
এর মধ্যে স্যারকে দেখে এগিয়ে এলেন এক লোক। কথায় কথায় জানা গেল, অনেক বছর ধরে স্যারের ভক্ত তিনি। হঠাৎ এখানে এই পরিবেশে স্যারকে কাছে পেয়ে সে কী উচ্ছ্বাস লোকটার! বারবার বলে চলেছেন, সেই কবে ছোটবেলায় স্যারের টিভি অনুষ্ঠান দেখেছেন, তাঁর লেখা বই পড়েছেন, আরও কত কী! অনেকক্ষণ ধরে চলল তাঁর উচ্ছ্বাসপর্ব।
এরপর দেশের হালচাল, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নানা ঘটনা আর এ দেশে পর্যটনশিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রীতিমতো জ্ঞানগর্ভ আলোচনার সূত্রপাত করলেন ওই ভদ্রলোক। মজার ব্যাপার হলো, সব বিষয় নিয়েই ভদ্রলোক নিজের মতামত দিয়ে যাচ্ছেন। থামার কোনো লক্ষণ নেই। এদিকে বেশ ধৈর্য নিয়েই তাঁর বিভিন্ন কথার উত্তর দিচ্ছেন স্যার।
পাশ থেকে পুরো ব্যাপারটি দেখছি আমরা। সবাই কিঞ্চিৎ বিরক্ত। কারও মুখে চাপা হাসি। কেউ আবার খানিকটা উসখুস করতেও শুরু করেছেন। এমন জমজমাট আড্ডার মধ্যে হঠাৎ এই ছন্দপতন কেন? লোকটা যাবে কখন?
যাহোক, একসময় লোকটা চলে গেলেন। স্বাভাবিকভাবেই আমাদের হাসিটা আর চাপা থাকল না এরপর। তখন আড্ডার বিষয় হয়ে উঠল লোকটার এমন ছেলেমানুষি উচ্ছ্বাস। এ নিয়ে আমাদের যাবতীয় হাসি আর মন্তব্য স্যার নীরবে শুনলেন। আমরা একটু চুপ করলে নির্লিপ্ত ভঙ্গিতে কেবল একটা কথাই বললেন তিনি, ‘তোমরা মানুষের স্মার্টনেস আর মস্তিষ্কটা দেখো, আমি দেখি তার হৃদয়টা।’
২.
বছর দুই আগে স্যারের সঙ্গে শান্তিনিকেতন আর ওডিশা গিয়েছিলাম। ঢাকা থেকে যেদিন যাত্রা করেছি, সেদিন সারা বাংলাদেশ যেন ঘুম থেকে জেগে উঠেছিল একটা চিনচিনে কষ্টের অনুভূতি নিয়ে। আগের দিন (২২ মার্চ ২০১২) এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ খুব অল্পের জন্য হেরে গেছে পাকিস্তানের কাছে। হাতছাড়া হয়ে গেছে এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
সকাল আটটার বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেন ধরতে ক্যান্টনমেন্ট স্টেশনে জড়ো হয়েছি সবাই। কথাবার্তার শুরুতেই আগের দিনের খেলার প্রসঙ্গটি উঠল। আগের রাত থেকে সকাল অবধি জমে থাকা সব আক্ষেপ ঝাড়তে শুরু করলেন সবাই—কী করলে, কীভাবে খেললে, এমন কষ্টদায়ক হারটা ঠেকানো যেত, তার হরেক রকম ফিরিস্তি।
সকাল থেকেই খেয়াল করছিলাম স্যার খানিকটা বিষণ্ন। আগের দিনের খেলার ফলাফলই এর কারণ কি না, জানতে চাইলাম। স্যার বললেন, ‘বাংলাদেশ যে কাল হেরে গেল কিংবা এত অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারল না, সে জন্য কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আমার আসল দুঃখটা অন্যখানে। অমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাংলাদেশ যদি কাল শেষ পর্যন্ত জিততে পারত, তাহলে শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধসহ দেশের সব মানুষের ভেতরে, সর্বোপরি সারা জাতির মধ্যে একঝটকায় একটা শক্তি, আত্মবিশ্বাস আর কর্মোদ্যম চলে আসত; অন্তত কিছুদিনের জন্য হলেও দেশের প্রত্যেক মানুষ যার যার অবস্থান থেকে শক্তিমান হয়ে উঠত, নিজেকে অতিক্রম করে যাওয়ার একটা সাহস অনুভব করত। কাল বাংলাদেশ না জেতার ফলে সে উপলক্ষটা আমরা হারালাম, আমার দুঃখটা সেখানেই।’
চমকে উঠলাম কথাটা শুনে। স্যার পুরো বিষয়টা দেখেছেন সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে। বুঝলাম, স্যারের মতো মানুষদের সঙ্গে আমাদের পার্থক্যটা প্রতিভা কিংবা পারিপার্শ্বিকতায় ততটা নয়, আরও মৌলিক জায়গায়—সম্পূর্ণ জীবনদৃষ্টি আর চিন্তাশক্তির উচ্চতায়।
৩.
বক্তৃতায় কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় একটা কথা সায়ীদ স্যার প্রায়ই বলেন, ‘পৃথিবীর বেশির ভাগ মানুষই জয় চায়, এই নিদ্রাহীন চাওয়াটা অধিকাংশ সময়ই জীবনে যন্ত্রণা বাড়ায়। তাই জয় চেয়ো না, সব সময় আনন্দ চেয়ো। যে কাজটা করছ, আনন্দ নিয়ে করো। জয়ের পেছনে নয়, আনন্দের পেছনে ছোটো।’ এ কথা আপনার মুখেই মানায়, স্যার। আনন্দময় কর্মব্যস্ততার মধ্য দিয়েই তো জীবনটা কাটিয়ে দিলেন আপনি, পার করলেন জীবনের ছয় যুগেরও বেশি সময়। পূর্ণ করলেন আপনার ৭৫তম জন্মবার্ষিকী।
আজ ২৫ জুলাই। আপনার ৭৬তম জন্মদিনে প্রত্যাশা করি, আনন্দের ফল্গুধারায় আরও উচ্ছল হয়ে উঠুন আপনি।
লেখক: চিকিৎসক