
মেয়ের কথা শুনে প্রথমে একটু চমকে ওঠে কল্পনা, ‘কী যে বলিস না’ ধরনের একটা মুখভঙ্গি করে সে। তারপর আবার কী ভেবে হঠাৎ ছলছল করে ওঠে তার চোখ। সেই ভেজা চোখ মুছে, হাসি-কান্না-বিস্ময়-আনন্দের মাঝামাঝি একটা চেহারা করে নিজের মেয়ের দিকে তাকায় কল্পনা। অবাক লাগে, এ রকম করে কীভাবে ভাবল ও? কত দিন আগের ঘটনা, সেটা নিয়ে কেউ তো কখনোই কিছু ভাবল না! অন্যের কথা আর কী বলবে, কল্পনা নিজেই কি কোনো দিন এমন করে ভেবেছে? অথচ এইটুকু মেয়ে, দুই দিন আগেও যে আধো আধো কথা বলত, টলমল পায়ে হেঁটে বেড়াত, সে কিনা এইভাবে চিন্তা করল! কত আর বয়স হয়েছে মেয়েটার? বারো পার হয়ে সবে তেরোতে পড়ল, হাতে-পায়ে বাড়-বাড়ন্ত, কিন্তু ভেতরে ভেতরে এখনো তো শিশুই। এরই মধ্যে আবার কিনা প্রথম রজঃস্বলা হয়েছে। স্কুল থেকে ফিরেছে মুখ কালো করে কেঁদেকেটে চোখ-মুখ ফুলিয়ে। স্কুলের সহপাঠীরা অবশ্য যথাসাধ্য প্রবোধ দিয়েছে, ম্যাডামরাও বুঝিয়ে বলেছে সবকিছু। তার পরও রক্ত দেখে খুব ভয় পেয়েছে কবিতা। ঘাবড়ে গেছে শরীরে হঠাৎ আসা এই নতুন পরিবর্তনের ধাক্কা সামলাতে গিয়ে।
‘আহা রে, আমার সেদিন জন্ম নেওয়া মেয়েটা, কীভাবে বড় হয়ে যাচ্ছে, সময় বুঝি এভাবেই দুরন্ত খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে চলে’—কল্পনা আপন মনেই ভাবে।
ওকে সাহস দিতে রাতের বেলা ঘুমানোর সময় মেয়ের ঘরে চলে আসে কল্পনা। ওর পাশে শুয়ে মাথার কোঁকড়া চুলে হাত বুলিয়ে দেয়, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ‘শোন রে মা, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সব মেয়েদেরই এমন হয়। তুই যে এখন বড় হচ্ছিস, নারী হচ্ছিস—এটা তারই লক্ষণ।’
‘তোমার যখন প্রথম এমন হলো, তখন তুমিও কি ভয় পাইছিলা, মা?’ মেয়ে দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরে জানতে চায়। সম্ভবত নিজের অভিজ্ঞতার সঙ্গে মায়ের অভিজ্ঞতার তুলনা করতে চায় সে।
৪২ বছর বয়সী কল্পনা এবার ধূলি সরিয়ে, স্মৃতি হাতড়ে তার ধূসর কৈশোরের কথা মনে করে। ২০০০ সাল থেকে ১৯৭১-এর দূরত্ব কত—কত মাইল? কত কিলোমিটার? কত বছর? কত মাস? কত দিন? কত রাত?
সেই যে ২৯ বছর আগে একদল ভীত-সন্ত্রস্ত্র মানুষের সঙ্গে তাড়া খাওয়া পশুর মতো দুই কিশোরী ছুটে পালাচ্ছিল নিষ্ঠুর এপ্রিলের এক বিবর্ণ বিকেলে, সামনে কী আছে জানা নেই, পেছনে কী ফেলে আসছে, তা-ও মনে পড়ছে না; আর এর ভেতরেই বরদাসুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী খোদেজা আকতার কল্পনা তার বড় বোন আলপনার শাড়ির আঁচল টেনে কাঁদো কাঁদো সুরে বলেছিল, ‘দিদি, একটু থাম না, দেখ, আমার গায়ে মনে হয় গুলি লাগছে...’
ছুটন্ত ও পলায়নরত দিদি অন্যদের পেছনে ছুটতে ছুটতে ছোট বোনের এসব কথায় কান দেয় না। তার কচি নরম হাতটা টেনে শুধু বলে, ‘এখন কথা কইস না, তাড়াতাড়ি দৌড়া।’
তখন অন্ধকার হয়ে নেমে আসছিল সন্ধ্যা। কল্পনা মরিয়া হয়ে চিৎকার করে উঠেছিল, ‘ও দিদি, থাম না। দেখ রক্ত বাইরাইতাছে, আমারে পাঞ্জাবিরা গুলি করছে।’
হতবিহ্বল দলটা ততক্ষণে পথ আগলে থাকা একটা নদীর ধারে থেমেছে। নারীদের একটা গাছের আড়ালে বসিয়ে রেখে পুরুষেরা গেছে নৌকার খোঁজে। আলপনা এই অবসরে ছোট বোনের দিকে নজর দেয়।
‘কী হইছে?’
‘আমার পেটে গুলি লাগছে, এই দেখ রক্ত...’
১৩ বছরের কিশোরী কল্পনা এবার হাউমাউ করে কেঁদে ফেলে। সন্ধ্যার নিভে আসা আলোয় তার উরু বেয়ে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসা সরু রক্তের ধারা দেখে আলপনা প্রথমে খানিকটা হতভম্ব, তারপর যেন একটু বিরক্তই হয়।
‘কান্দিছ না, বেক্কল, গুলি লাগে নাই—মাসিক হইছে তর, এইটা মাসিকের রক্ত।’
এভাবেই মানুষের তৈরি করা এক ভয়াবহ কঠিন দুর্যোগের মধ্যে নারীজীবনের আরেকটি নৈমিত্তিক প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পরিচয় ঘটল কল্পনার।
‘তারপর?’
হি হি করে একটু হেসে মায়ের গলা জড়িয়ে ধরে আবার জিজ্ঞেস করে কবিতা।
‘ওই অবস্থায় তুমি কীভাবে ম্যানেজ করলা, মা? প্যাড ছিল?’
‘প্যাড? আরে ধুর! তখন কি আর এই সব ছিল? মায়ের একটা পুরান শাড়ি ছিঁড়ে দিদি বলল, এইটা ল্যাঙ্গটের মতো পইরা নে।’
‘তারপর? কই যাইতাছিলা তোমরা?’
‘কই যাইতাছিলাম তাই তো জানতাম না। সবাই শুধু বারবার বলছিল, মহা বিপদ! কোনো একটা নিরাপদ জায়গায় যাওয়া লাগবে। তো, যাইতে যাইতে টানা দুই দিন দুই রাত নৌকার ছইয়ের নিচে গাদাগাদি করে বসে থাকার পর গিয়ে পৌঁছালাম একটা জায়গায়। তখন তো আর বুঝি নাই, কোথায় দিয়া কই গেলাম। পরে বড় হয়ে বুঝছি, গোমতী নদী পার হয়ে সোনামুড়া দিয়া আমরা আসলে ভারতের ত্রিপুরায় গিয়া উঠছিলাম—আমি, দিদি, বাবা-মা আর গ্রামের কাকা, জ্যাঠারা ছিল সঙ্গে। প্রথমে উঠলাম একটা শরণার্থীশিবিরে। শিবির মানে কী জানিস? কয়েকটা নড়বড়ে ঘর। কোনো ঘরের মাথার ওপর হোগলাপাতার চাটাই দেওয়া, কোনোটার ওপর পাতলা টিন, কোনোটার ওপর প্লাস্টিক, কয়েকটা তাঁবুও ছিল। বৃষ্টি আসলে ওই সব ঘরে ঝরঝরিয়ে পানি পড়ে। বাথরুম-টাথরুমের ঠিক নাই। সারাক্ষণ খোলা নর্দমার কটু দুর্গন্ধ নাকে বাড়ি দিতে থাকে। খাওয়া-দাওয়া রান্নাবান্না কিছুরই ঠিক নাই। এর মধ্যে আমার আর দিদির অবস্থা তো বুঝোসই। গোসল নাই, ঘুম নাই, বিশ্রী অবস্থা। কয় দিন পরে ওইখানেই আমাদের গ্রামের সুরেন্দ্র কাকার এক আত্মীয়বাড়িতে গিয়া উঠলাম। সেই আত্মীয়েরও ভাঙা টিনের ঘর, তবু শরণার্থী শিবিরের চেয়ে অনেক ভালো।
এর মধ্যে একদিন কীভাবে কীভাবে যেন খবর পেয়ে আমাদের চাচাতো ভাই নাজমুল; ওই যে তোদের ডাক্তার মামা—সে তখন ছাত্র, আমাদের দেখতে আসল। তার কাছেই শুনতে পাইলাম, ইস্টার্ন বর্ডারে, ত্রিপুরা-কুমিল্লার কাছে নাকি একটা ফিল্ড হাসপাতাল হইছে। সেই হাসপাতালে ও কাজ করে। ওইখানে ডাক্তার আছে কয়েকজন, ভলান্টিয়ার আছে, আর আছে ওর মতো মেডিকেলের ছাত্ররা।
নাজমুল ভাই কথায় কথায় বলল, ‘অনেক মেয়েরাও সেইখানে নার্সের কাজ করে।’
‘নার্সের কাজ? ওরা কি যুদ্ধের আগেও হাসপাতালে কাজ করত নাকি?’
‘আরে না, ওই রকম কাজ জানা অভিজ্ঞ মেয়েদের এখন কোথায় পাব? এই তোদের মতো মেয়েরাই কাজ করতেছে।’ নাজমুল ভাই বলল।
‘তাইলে কি আমরাও পারব?
আলপনা-কল্পনা দুই বোনের কণ্ঠেই তখন প্রবল উত্তেজনা। নাজমুল বলে, ‘পারবি না কেন? কিন্তু আগে দেখ চাচা-চাচি আপত্তি করে কি না।’
তখন আসলে সময়টা ছিল অন্যরকম। আপত্তি-অনাপত্তির ঊর্ধ্বে। আমরা দুই বোন কদিনের মধ্যেই নাজমুল ভাইয়ের সঙ্গে গিয়ে হাসপাতালে যোগ দিলাম। হাসপাতাল মানে ওই রকম আহামরি কিছু না। টানা তাঁবুর মধ্যে কয়েকটা বিছানা, ছোট্ট টেবিল, ব্যান্ডেজ আর সামান্য ওষুধপত্র। রোগী বলতে আছে বাংলাদেশ থেকে আসা রোগে ভোগা দরিদ্র শরণার্থী আর যুদ্ধে আহত মুক্তিযোদ্ধারা।
‘ওইখানে কী করতা তোমরা, মা?’
‘ডাক্তাররা যা বলে দিত সেসব করতাম। থার্মোমিটার দিয়ে রোগীদের জ্বর মাপতাম, লিখে রাখতাম। ঘড়ি দেখে সময়মতো তাদের ওষুধ খাওয়াতাম। আর পরের দিকে অনেক গুলি খাওয়া আহত মুক্তিযোদ্ধা আসত। ওদের ব্যান্ডেজ বেঁধে দিতাম।’
‘মুক্তিযোদ্ধারা কেমন ছিল? ওদের কথা মনে আছে তোমার?’
‘মুক্তিযোদ্ধারা সবাই ছিল আমাদের মতোই সাধারণ মানুষ। সেনাবাহিনীর লোকও ছিল। আমার মনে আছে, ফরিদ মিয়া বলে একজন মুক্তিযোদ্ধা আসছিল, যার গায়ে ২৮টা গুলি লাগছিল। তারপর ওহিদুল বলে একজন মাঝবয়সী মুক্তিযোদ্ধা; তার গুলি লাগছিল বাম হাঁটুর নিচে। একটা ছেলে আসছিল, নামটা মনে নাই, তার তো পায়ের হাড় একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছিল, আমাদের ফিল্ড হাসপাতালে তো আর অত ভালো অপারেশনের ব্যবস্থা ছিল না। যারা একটু বেশি সিরিয়াস রোগী, তাদের ব্যান্ডেজ-ট্যান্ডেজ করে গৌহাটি, শিলং, এরপর আরও দূরের দূরের সব মিলিটারি হাসপাতালে নিয়ে যেত। ওই কয়টা মাস, জানোস, হাসপাতালে কাজ করার সময় এত রক্ত দেখছি, আর এত রক্ত মুছছি, এত রক্ত ঘাঁটাঘাঁটি করছি যে রক্ত নিয়ে আমার ভয় একদম কেটে গিয়েছিল।’
এতক্ষণ কল্পনার এসব কথা শুয়ে শুয়ে শুনছিল কবিতা। এবার এক ঝটকায় উঠে বসে সে। যেন খুব বড় কিছু আবিষ্কার করে ফেলেছে, এমন ভঙ্গিতে বলে, ‘আচ্ছা মা, তুমি কি জানো, তুমি আসলে একজন মুক্তিযোদ্ধা?’
মেয়ের কথায় প্রথমে একটু চমকে ওঠে কল্পনা, ‘কী যে বলিস না’ ধরনের একটা মুখভঙ্গি করে সে। তারপর আবার কী ভেবে চোখ হঠাৎ ছলছল করে ওঠে তার। সেই ভেজা চোখ মুছে, হাসি-কান্না-বিস্ময়-আনন্দের মাঝামাঝি একটা চেহারা করে মেয়ের দিকে তাকায়। গত ২৯ বছরে তো একবারও এভাবে ভাবেনি কল্পনা। সব সময় মনে হয়েছে, এটা খুব স্বাভাবিক একটা কাজ, প্রতিদিন যেমন রাঁধা-বাড়া করে মায়েরা, ছাত্ররা যেমন বই নিয়ে বসে প্রতিদিন, তেমনি ওই রকম একটা সময়ে চোখের সামনে যারা জখম হয়ে আসছে, সেই আহতদের সাহায্য করতে হবে—এটাই তো নিয়ম। এ আর ব্যতিক্রম কী? এ তো আর শত্রুদের সঙ্গে বন্দুক নিয়ে যুদ্ধ করাও নয় যে নিজেকে একজন মুক্তিযোদ্ধা ভাবতে হবে।
‘মা।’ কবিতা আবার ডাকে। এবার বসা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে সে। ডান হাতটা কপালের কাছে নিয়ে স্যালুট দেওয়ার ভঙ্গি করেছে।
‘রাখ তো এসব। মুক্তিযুদ্ধ অনেক বড় জিনিস। আমরা সেসব কিছু করিনি।’
কল্পনা কপট ধমকের সুরে হাত নাড়িয়ে বলে। কবিতা এতে থামে না। তার কণ্ঠ এখন গম্ভীর, অনেকটা ঘোষণা দেওয়ার মতো গলা, ‘তুমি যাই বলো মা, ওটা তো যুদ্ধই ছিল। আর সে জন্যই আমি তোমাকে এই মুহূর্তে বীর মুক্তিযোদ্ধার খেতাব দিলাম। তুমি আমার অভিবাদন গ্রহণ করো, মা!’
হঠাৎ যেন চারপাশে বিউগল বেজে ওঠে। তোপধ্বনি হয়। শত-সহস্র আলোকবিন্দু জ্বলে ওঠে। আর এই অতি তুচ্ছ ঘটনার কারণে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না কল্পনা।