
‘দেখেন, ক্যামনে মরতে আসছে!’
বাবা-মা-ভাইবোন নিয়ে চারজনের পরিবার রাস্তা পার হচ্ছে, বাবা এক হাতে রিকশার চাকা বাঁকিয়ে, মা সিএনজিকে অন্য হাত দেখিয়ে এগোয়, কিন্তু চারজন কেউ কারও হাত ছাড়ে না।
না, আজকে রাস্তার যেমন অচলাবস্থা, তাতে একেবারে মরতে হলে ভাগ্যবান হতে হবে। মরবে না, হাত-পা ভেঙে পঙ্গু, অথর্ব হবে, হাসপাতালে থাকার বিল বাড়বে, টাকা খরচ হতে থাকবে চক্রবৃদ্ধি হারে, অভিজ্ঞতা আছে তার। সিএনজি ড্রাইভারের কথায় এই সব মাথায় এসেছিল, বলতে গিয়েও থেমে যায় সীমা। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না।
সকালবেলাটা মেঘের ছাই মেখে সন্ধ্যারাতের মেকআপ নিয়ে নিয়েছে। গুঁড়া মাছের মতো রিকশার ভিড়, কই-শিংয়ের মতো সিএনজি আর পাকা বোয়ালের মতো বাসের শব্দের ক্যাঁচাল—সবকিছু যেন এক বিশালকার গোবরে পোকায় আটকে গেছে। অথচ সীমা নিজের পলকা শরীর আর ছোট ব্যাগ নিয়ে ঝপ করে বসে পড়ার আগে সিএনজিকে বলেছিল, ‘জলদি, গাবতলীতে বাস ধরাতে হবে।’ সেই তখন থেকে আজিমপুর টু ঢাকা কলেজের কাছে আসতে লাগল আধা ঘণ্টার বেশি।
নাহ, ফ্যামিলিটা দিব্যি হাতে হাত রেখে পার হলো রাস্তা। রিকশা বা সিএনজির সঙ্গে দরদামে বনলে একটাতে উঠে পড়বে। আর এই উঠে পড়তে পারাই আসল বলে সীমার মনে হয়। ঢাকায় এখন আর কেউ গন্তব্যে পৌঁছাতে চায় না। কেবল কোথাও উঠে পড়তে চায়, তারপর আর পরোয়া নেই, যত ঢিমে-তেতালা হোক না কেন, একদিন না একদিন কোথাও পৌঁছে যাওয়ার সাধ পুষে দিব্যি মরে যেতে পারে এই শহরের সব মানুষ।
আটটায় বাস ছেড়ে যাওয়ার কথা, হাতে দেড় ঘণ্টা সময় নিয়ে বেরিয়েছিল, ঘড়ি দেখলে উৎকণ্ঠা বাড়ে। ঘাড়ের কাছে স্ট্রেস কমানোর টোটকা হলো অন্য কিছু ভাবা বা কারও সঙ্গে কথা বলা। তারেক এখনো ঘুমে, হাসপাতাল থেকে বাসায় এসেছে সপ্তাহ খানেক হয়নি। ওকে ফোন করার প্রশ্ন ওঠে না।
মাসে মাত্র দুই দিন কলেজে, তাও তারেকের অ্যাক্সিডেন্টের পরে কামাই গেছে অনেক। আজকে না গেলেই না। ঢাকা থেকে আরও দুজন যায়, দিনের বাসেই যাতায়াত তাদের।
সিএনজিওয়ালার সঙ্গে গল্প জুড়তে প্রস্তুতি লাগে না।
‘না না, এই গাড়ি আমার না...মালিকরে দৈনিক এগারো শ টাকা গুইনে দিতে হয়। কিছু নষ্ট হইলে মালিক সারায়া দেয়...এখন ধরেন গিয়া একটা সিএনজির দাম কমপক্ষে বারো লাখ টাকা। আমাগোর ক্রয়ক্ষমতার মইদ্যে আর কিছু নাই। সব ঘুষখোর দুই নম্বরের দেশ।’
বিয়েশাদি বউ-বাচ্চা প্রসঙ্গে সীমা সাবলীল। কিন্তু জবাবগুলো ক্লান্তিপূর্ণ, দূরত্ব আর কাছে থাকার আনন্দ-বিষাদ অর্থবোধক হয়ে আসে।
‘হ, ফ্যামিলি ছিল ঢাকায়, এখন রাইখে আইছি চুয়াডাঙ্গা। বাচ্চা দুটো ভ্যানগাড়ি চেপে স্কুলে যেত—টিফিনবক্স, পানির বোতল, স্কুলব্যাগ নিয়ে। বউয়ের শখ ছিল টাকাপয়সা জমলে আরও ভালো স্কুল, আরও ভালো, একদিন তো কোথাও শুনে ইংলিশ স্কুলের কথাও উচ্চারণ করে ফেলল। শালির শখের খামতি নাই।’
উত্তেজনাহীন কাহিনি। কুয়েতে থাকার সময় মা পাত্রী পছন্দ করেছিল। ছুটিতে দেশে ফিরে বিয়ে। তারপর দুইবার ছুটিতে এসে মেয়ে আর ছেলের জন্ম। বউয়ের সারাক্ষণ ফোনে কান্নাকাটি—একলা ছেলেমেয়ে মানুষ করা যায় না। সে তারপর ফিরে এসেছে, এক্কেবারে। ‘কুয়েতে কাজ আর মালিকের খাইষ্টা খাইসলতের গায়ে লাত্থি মেরে’ ফিরে আসতে আসতে অবশ্য আরও পাঁচ বছর লেগে গেছে।
কিছুদিন বসে-গড়িয়ে তার পরও হাতে যা ছিল তা দিয়ে চুয়াডাঙ্গাতে ব্যবসাপাতি কিছু করবে, নাকি ঢাকায় গিয়ে—দোনামনা ছিল। চাচাতো ভাইয়ের সঙ্গে ভাড়ার গাড়ি কেনার প্ল্যান হচ্ছিল। কিন্তু বউয়ের বুকের সঙ্গে লেপ্টে থাকা, চোখে টলটলে পানি—চাইলেই টুপ করে ঝরতে শুরু করে। একদিন ওইভাবে আবদার ধরল, ‘তুমার বাড়ির লোকের সাতে আমারে সারা জীবন থাকতে কবা না, ছেলেমেইয়েরে ঢাকায় পড়াব।’
একটা পুরোনো টু-স্ট্রোক পাওয়া গেল নগদ সোয়া তিন লাখে। বউয়ের আবদার রাখা কঠিন হয়নি। আর তারও তো রাস্তার ধুলাবালির আস্তর মেখে ঘরে ফিরে গভীর রাতে কাউকে পেতে হয়, ছেলেমেয়ে দুটোকে হাম হাম করে চুমু খেতে ইচ্ছে করে। বাসা ভাড়া হলো কাজীপাড়ায়—এক রুমের।
‘কিন্তু, টু-স্ট্রোক যখন উঠিয়ে দিল...’
‘সে তো ভালোর জন্যই, কত ধোঁয়া, দূষণ...’—সীমা যুক্তি দেখাতে চায়।
‘আহ হা, রাজনীতি না, আমার ঘরের কথা কচ্ছি।’
‘রাজনীতির বাইরে কি আর ঘর থাকে?’—বলতে গিয়ে সীমা সামলে নেয়। ধুর, সিএনজিঅলার সঙ্গে কথা খরচ করা বোকামি।
ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়িঘোড়া এক ইঞ্চিও নড়ছে না। বাস যদি ছেড়ে দেয়! অস্থিরতা কমছে না সীমার, বৃষ্টিতে বাসায় ফিরতে

চাইলেও পারবে না এখন। এতক্ষণ কথায় কথায় খেয়াল করেনি, বাঁ দিকে ঠ্যালাগাড়িতে লোহার রডের বান্ডিল, কোনো বাড়ির নির্মাণকাজে যাচ্ছে। ঠ্যালাঅলার মাথায় একফালি পলিথিন, গা বেয়ে টুপটাপ বৃষ্টির পানি ঝরছে, ড্রাইভারের বউটা বুঝি এমন করে কাঁদত!
লোহার রডগুলোর এক পাশ চোখা, বৃষ্টিতে ভিজে আরও ধারালো, মুখিয়ে আছে কিছু একটা এফোঁড়-ওফোঁড় করে দিতে, হোক না সে দেয়াল কিংবা দেয়ালবন্দী মানুষ।
পাশে থেমে থাকা যাত্রীবাহী বাসের ভেজা জানালা দিয়ে ভেতরের মুখগুলোও মোহনীয় দেখায়। হেলপার ছেলেটা বাদলার মধ্যেও ফুটপাতমুখী, তার যাত্রী-আহূত ভেঙে আসা গলার আওয়াজ আর বাসের গায়ে লাগাতার থাপ্পড় আশপাশে আছড়ে পড়ে। ঠ্যালাঅলার হর্ন থাকলে হয়তো সেও মুহুর্মুহু বাজাত। নাই দেখে ভালো লাগে সীমার। বাসে বাদুরঝোলা হেলপারের কালো শার্টে, লালচে চুলে বৃষ্টির পানি জটা পাকায়। ঠ্যালার দিকে চেয়ে সে না-কহতব্য অঙ্গভঙ্গি করতে করতে বাস থাবড়ে যায়।
সীমা আর ঘড়ির দিকে তাকায় না, যা হওয়ার হবে।
‘নিজের গাড়ি কেনার টাকা কোথায়? বারো লাখ টাকায় সিএনজি কিনতে আমার পঞ্চাশ বচ্ছর লাগবে। তাও ভালো, ড্রাইভারিডা জানা ছিল।’ বিশ-পঁচিশ গজ করে এগিয়ে স্টার্ট বন্ধ করে বসে থাকতে হচ্ছে, কথার গাঁট খুলে না দিয়ে উপায় কী?
যখন টু-স্ট্রোক উঠিয়ে দিল, তখন প্রতিদিন মার খেয়েছে তার বউ। সারা দিন খচ্চরের মতো হেঁচড়ে হেঁচড়ে একটা গাড়ি কেনার খোঁজখবর, নিদেনপক্ষে ভাড়ার গাড়ি চালানোর ধান্ধা ইত্যাদি সেরে বাসায় ঢুকলে সব রাগ গিয়ে পড়ত বউয়ের ওপর। ভাত বেড়ে দিলেও মেজাজ, না দিলেও। শেষের দিকে পাখির মতো পালক ফোলানো বউটা ঢোঁড়া সাপের মতো নির্বিষ হয়ে গেল। বেখেয়ালে তবু দু-একবার শখ-আল্লাদের কথা বলে উঠেছে।
‘শখের গুষ্টি কিলাই, আমার মায়ের সাথে না থেকে আমাগের সংসার ভাঙার ইরাদা নিয়ে তুই ঢাকা আইছিলি...।’ ঘরে লম্বমান কত ধরনের বস্তু যে বউটার পিঠে নিঃশেষ হয়েছে! একদিন তো মসলা বাটার পাটা থেকে মরিচবাটা মাখা শিলও তুলে নিয়েছিল। ছেলেমেয়ে দুটো তারস্বরে চিৎকার করত। শেষের দিকে নিজেই চুয়াডাঙ্গা ফিরে যাওয়ার জন্য হন্যে হয়ে উঠল বউটা।
‘কী মুশকিল, আপনার বউয়ের কি সাধ-আল্লাদ থাকবে না? সে একটু স্বপ্নচারী মেয়ে সে বেচারি, ওভাবে না মেরে আপনার দুরবস্থার কথা বুঝিয়ে বললে হতো না?’—সীমা বউটার পক্ষ নিয়ে নেয়।
‘আপা কি সোম্বাদপত্রে কাজ করেন?’—ইঞ্জিন বন্ধ করে ঘুরে বসেছে ড্রাইভার। ছেলেমেয়েকে চুয়াডাঙ্গা পাঠিয়ে তার মন কেমন করে। বউ যেমন ঠেস দিয়ে বলত, ‘দূরে গেলে পুড়ে মন, কাছে থাকলে ঠন ঠন।’
নারীজাতি হলো সহ্যশক্তির আধার, আর সে তো সামান্য মারধর করেছিল। আর তার বউয়ের শত শত ইচ্ছা-অনিচ্ছা—মার না খাওয়ার ইচ্ছা, ঢাকায় থাকার ইচ্ছা! শিলের ছ্যাঁচা-মার খেলেই কি মরার ভান করতে হয়? হাসপাতালে নেওয়ার মতো কেলেঙ্কারিও করেছে।
চুয়াডাঙ্গা কি আর খায়েশ করে পাঠিয়েছে সে? তবু সারাক্ষণ নিস্পৃহ, মনমরা। ফোন করলে কথা বলে যেন দূরের মরুভূমির মেয়ে মানুষ। বলে, যেদিক দু-চোখ যায় হাঁটা শুরু করবে। আর একদিন তাকে সত্যি সত্যি ভ্যাবাচ্যাকা করে দিয়ে ছেলেমেয়েকে রেখে চলে গেল তার স্ত্রী!
‘কোথায়?’—সীমার চোখ বিস্ফারিত, ভালো করে চালকটিকে দেখতে ইচ্ছে করে। খয়েরি রঙের শার্ট, মোটা ঠোঁট আর খাড়া নাকের গড়নে বদমেজাজি কোনো ছাপ নেই, তবু একটা হিম হিম ভয় গ্রাস করে সীমাকে।
‘কুথায়, বলবে কেডা, কেউ জানে না।’
‘খোঁজ করছেন না?’
‘নাহ। আমি তো দৈনিক এগারো শ টাকা মালিকরে দিয়ে ওই ছেলেমেয়ের ইসকুল, বাপ-মায়ের ওষুদপত্র, তাও ভালো চুয়াডাঙ্গায় বাড়ি ভাড়া কম...৷’
গাবতলীর প্রায় কাছাকাছি এসে পড়ছে, সীমা তবু আরেকবার ফোনে নম্বরগুলো টেপে। প্রায় ঘণ্টা খানেক লেট।
ধরে আসা বৃষ্টির মধ্যে ধাক্কিয়ে, ওভারটেক করে একটা শাদা টয়োটা করোলা পাশে এসে ফার্স্ট গিয়ারে থেকেই গররর গররর করে। পেছনে বসা তাজা ফলের মতো দেখতে তরুণ জানালা দিয়ে মাথা বের করে বৃষ্টিতে মুখ ভেজায়, আর আঙুলে বিচিত্র মুদ্রা বানিয়ে ‘আন্দালুসিয়া আন্দালুসিয়া’ বলে চিৎকার করে। তার সবগুলো বোতাম আটা জলছাপের শার্ট আর কেমন ঘোরগ্রস্ত ভারী চোখের পাতা। পাশে মা হলেও হতে পারে, মহিলা কানপাশা ঝিকমিকিয়ে ত্রস্ত হয়ে এক হাতে সামনের সিট আঁকড়ে অন্য হাতে ছেলেটিকে ভেতরের দিকে টানে, ‘না নিটোল অমন করে না বাবা, এই তো এসে পড়েছি।’ এত কাছে খোলা জানালা যে, সীমার মনে হয় সেও ওই গাড়িতে বসে আছে।
টান খেয়ে ছেলেটি আরও জোরে চিৎকার করে, ‘আন্দালুসিয়া হলো আন্ধা লুসিয়া, বুঝছ? মানে হচ্ছে লুসি অন্ধ। শি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড।’ কোনো এক লুসির প্রতি বিষোদ্গার করতে গিয়ে শ্বাসকষ্ট হয় ছেলেটির। চালককে দ্রুত গন্তব্যে পৌঁছানোর লাগাতার তাড়া দিতে দিতে মহিলারও মুখমণ্ডল লাল হয়ে ওঠে।
সিএনজিঅলার বউটারও কি এমনি কোনো নাম ছিল? জানতে চাইতে আর ভরসা হয় না, লোকটা একনাগাড়ে বলেই যাচ্ছে, ‘এখন যে বাসায় থাকি, ছয়জন একসঙ্গে, না না সবাই সিএনজি চালায় না, দুই-তিনজন মনে করেন, গার্মেন্টসে কাজ করে। আমার তো সেই কুয়েত সিটি থেকে এরম থাকার অব্যেস আছে। রাইতে কাচ্চু খেলি সবাই, সকালে টাইম থাকলে রাইতের হারজিৎ নিয়ে কথাবার্তা কয়ে দিন শুরু করি। বুজলেন, জীবনডারে জুয়ার দান হিসেবে নিয়ে নিলে আর ভেজাল থাকে না, আর সব সোময় কি জিত হবে? না হয় হাইরেই গেলাম...।’
গাবতলীতে বাসের অফিসের সামনে তখনো বাস থেমে আছে, সীমা বিদ্যুৎবেগে নামে। ইতস্তত যাত্রী। সামনে গোল হয়ে দাঁড়ানো তিন-চারজন। বৃষ্টির জন্য অনেকের দেরি। ঘাড়ের কাছের ব্যথাবোধ উধাও হয়ে গেছে।
‘রতইন্যা কাইলকা একসিডেন করছে, এইমাত্র জ্ঞান ফিরছে হসপিটালে...৷’—দীর্ঘদেহী চশমা পরা লোকটা বোধ হয় ম্যানেজার। বৃষ্টি থেমে যাওয়ায় যাত্রীদের বাসে উঠতে অনুমতি দিচ্ছে।
‘রতইন্যারে হসপিটাল থেইকা আইসা গাড়ি ধরতে কন! হ, ব্যান্ডেজ-বুন্ডেজ লইয়া ও বসলেই গাড়ি কথা শুনব, পঙ্ক্ষিরাজের মতো এক উড়ানে বীরগঞ্জ।’—হাসি-মশকরা চলার ফাঁকে সিদ্ধান্তও নেওয়া হয়।
আরেকজন ড্রাইভার গায়ের টি-শার্ট ঝাড়ে, ফুটপাতে দাঁড়িয়ে হাত উঁচু করে শরীরের গিঁট ভাঙে, রাতের রুটে বাস চালিয়ে তার চোখ লাল। কিন্তু এখন রতনের অ্যাক্সিডেন্টের কারণে ওভারটাইম, সকালের রুটও চালাতে হবে। প্লাস্টিকের চেয়ারে জমে থাকা পানি মুছে সে বসে চা খায়, মোবাইলে কারও সঙ্গে খুক খুক হাসে।
সীমা একটু এগিয়ে যায়, ‘ভাই, আপনি সারা রাত বাস চালিয়ে এসে আবার যাবেন এখন?’
ড্রাইভারের পান খাওয়া দাঁত, খাটো শরীরের নোয়াপাতি ভুঁড়িতে মারকুটে ভাব। একজন কর্মক্লান্ত, নিদ্রাহীন মানুষের আবার গাড়ি চালনার জিম্মায় নিজেকে ছেড়ে দিতে, বিশেষ করে তারেকের সড়ক দুর্ঘটনার পর আতঙ্ক লাগে। সীমা আবারও এক পা এগিয়ে স্বর নরম করে জিজ্ঞেস করে, ‘ভাই, আপনি তো টায়ার্ড, আবার এত পথ যাবেন কীভাবে?’
‘আপা, কুমিরের সর্দিজ্বর হইতে শুনছেন কোনো দিন? উইঠা বসেন।’
লোকটার ক্লান্ত হাসির সঙ্গে সিএনজিচালকের কোথায় যেন মিল।
হলুদ জ্যাকেট পরা ট্রাফিক পুলিশের ক্রমশ উত্তেজিত হুইসেলের ভেতরে বাস ছাড়ে। বৃষ্টি শেষে জমে থাকা রাস্তার পানিতে শান্তভাবে চিড় ধরিয়ে আবারও সূর্য বেরিয়ে পড়েছে। সিটে গুছিয়ে বসে এইবার সীমার ঝিমুনি আসে।
কানাডাপ্রবাসী