হট্টগোলহীন বইমেলা

ফেব্রুয়ারি আসি আসি করতেই বইমেলা নিয়ে কথা বলা একটা রেওয়াজ। বই নিয়েই যখন কথা, খারাপের কিছু দেখি না। স্বীকার করতে হবে, দেশে বছরব্যাপী এত টানাপোড়েনের মধ্যেও ফেব্রুয়ারি মাসটা অলিখিতভাবে হলেও বইয়ের। রাজধানী ঢাকায় তো বটেই, ইদানীং বাইরের বড়-মাঝারি শহরেও। বইয়ের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই, তাঁরাও এ মাসটাকে বইয়ের মাস বলে সহ্য করে যান—মোটে তো এক মাসের ব্যাপার! মাসটা আবার ছোটও। অন্যদিকে ঘোরতর বইপোকাদের থেকে শুরু করে বইপত্র নিয়ে কম-বেশি যাঁরা আগ্রহী, তাঁরা কোনো বিপুল জনগোষ্ঠী না হলেও অপেক্ষাকৃত হ্রস্ব এই মাসটির জন্য যে অপেক্ষা করেন, এটা পেশ করার মতো কোনো তথ্য নয়। প্রতিবছর বাংলা একাডেমির শ্বাসরোধক গিজগিজ ভিড়ই এর প্রমাণ, যদিও ভিড় আমাদের কারণে-অকারণে টানে, এও সত্য। জনপ্রিয়তার লক্ষণও বটে।
স্বস্তির কথা, এ বছর থেকে জনপ্রিয়তার মাপকাঠির বিচারে ভিড়কে মেলা কর্তৃপক্ষ বিবেচনা করছে না। দেরিতে হলেও এ এক বাস্তব বোধোদয়। আসলে বাস্তবতা এমনই এক নিয়ামক, যাকে সাময়িকভাবে অস্বীকার করে হয়তো গোঁজামিল দেওয়া যায়, কিন্তু একটা পর্যায়ে এর প্রয়োজন ও কার্যকারিতা অনিবার্য হয়ে পড়ে। সত্যটা মেনে নেওয়ার জন্য বাংলা একাডেমিকে সাধুবাদ।
বইমেলাকে বাংলা একাডেমি চত্বর থেকে রাস্তার ওপারে সোহরওয়ার্দী উদ্যানের খোলামেলা পরিসরে সরিয়ে নেওয়া নিয়ে একটা বিতর্ক কয়েক বছর ধরে চলে আসছিল। মেলা স্থানান্তরে যাঁদের ঘোরতর আপত্তি তাঁদের যুক্তি, বাংলা একাডেমি এ মেলার আঁতুড়ঘর। সদ্য স্বাধীন দেশে মুক্তধারার তখনকার কর্ণধার চিত্তবাবুর হাত ধরে একাডেমি-প্রাঙ্গণের পুব দিকের দেয়াল ঘেঁষে একটি মাত্র স্টল নিয়ে যে ঐতিহাসিক যাত্রার শুরু, সেই ঐতিহ্য ধরে রাখা জরুরি। সে কারণে তাঁদের কারও কারও মতে, মেলার জায়গাবদল এক অর্থে মেলা উচ্ছেদেরই শামিল। যুক্তিতে আবেগ আছে, সার নেই। বেয়াল্লিশ বছরে বইমেলা কলেবরে কয়েক শ গুণ বেড়েছে, উপায়ান্তর না দেখে কয়েক বছর আগে বাংলা একাডেমি কষ্টেসৃষ্টে কিছু বাড়তি জায়গার ব্যবস্থা করেছে বটে, কিন্তু এতে কার্যত কোনো ফায়দা হয়নি। বইমেলা মানে ধুলো আর মানুষ, ঠেলা-ধাক্কায় বইয়ের দেখা পাওয়া ভার। ছুটির দিনে সাধ করে নাগরিক মধ্যবিত্তের স্ত্রী-সন্তানসহ মেলায় আসার একটাই প্রাপ্তি—ভোগান্তি।
একাডেমি চত্বর পাড়ি দিয়ে মেলাকে রাস্তার ওপারে নিয়ে যাওয়ার সুফল হয়তো খুব তাড়াতাড়ি মিলবে না। পয়লাবার হিসাবে এ বছর তেমন আশা করা ঠিক হবে না। প্রথমত সিদ্ধান্তটা যে অত্যন্ত বাস্তবানুগ, এ নিয়ে সংশয়ের কোনো ফাঁকফোকর থাকা উচিত নয়। ভবিষ্যতে কর্তৃপক্ষের অন্যতম কাজ হবে সিদ্ধান্তটিকে দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার অংশ করে নেওয়া। আশা করা যায়, সুপরিসর জায়গার অভাব দূর হওয়ায় পরিকল্পনাও অনেকাংশে সুবিবেচনাপ্রসূত হবে। বড় পরিসরে প্রকাশকদের স্থানসংকুলানের সমস্যা না থাকায় বইমেলাকে হট্টগোলমুক্ত একটা রুচিসম্মত চরিত্র দেওয়াই হবে কর্তৃপক্ষের বড় কাজ।
মেলা উপলক্ষে মাসব্যাপী যেসব আলোচনা সভার আয়োজন করা হয়, সেসব একাডেমি-প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়াই সমীচীন। সেই সঙ্গে যুক্ত হতে পারে অন্যান্য আয়োজনও—নতুন বইয়ের প্রকাশনা উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানাদি, কবিতাপাঠ, নাটক মঞ্চায়ন, নানা ধরনের প্রদর্শনী।
এত দিন দায়সারাভাবে বইয়ের স্টল বলে প্রকাশকদের যেসব খুপরি বরাদ্দ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সংগত কারণেই এ থেকে তাঁরা মুক্তি চাইবেন। একটা স্টলের জন্য প্রয়োজনীয় জায়গা বরাদ্দ যে কেবল প্রকাশকদেরই সুবিধা করে দেবে তা নয়, ক্রেতা-দর্শনার্থীরাও সুস্থির হয়ে বই দেখা বা বাছাবাছির সুযোগ পাবেন। সেই সঙ্গে স্টল-স্থাপত্যের বিষয়েও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে হয়। এ ছাড়া বড় বড় প্রকাশক, যাঁদের বইয়ের সংখ্যা অনেক, তাঁরা হয়তো স্টলের বদলে চাইবেন প্যাভিলিয়ন। চাইতেই পারেন। তেমন ব্যবস্থা করলে মেলার আকর্ষণও নিশ্চয় বাড়বে।
মেলাকে হট্টগোলমুক্ত রাখার একটাই উপায়—টিএসসি মোড় থেকে দোয়েল চত্বর পর্যন্ত গোটা সড়ক ও ফুটপাত দখলদারদের অনাচার থেকে মুক্ত রাখা। আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব নয়। আপাতদৃষ্টিতে সড়ক ও ফুটপাত উপচানো বারোয়ারি পণ্যের পসরা ও মাইকবাজির উৎপাতই মনে হয় বইমেলার সবচেয়ে বড় বিপদ। প্রতিবছর এ নিয়ে বিস্তর কথা হয়, কিন্তু অবোধগম্য কারণে কিছুই করা হয় না।
পরিশেষে একটা নিবেদন। টিকিট কেটে—যৎসামান্য দর্শনীর বিনিময়ে—ক্রেতা-দর্শনার্থীদের মেলায় প্রবেশের শর্তারোপ কি বিধিনিষেধের পর্যায়ে চলে যায়? কর্তৃপক্ষকে তো বিস্তর বিষয়-আশয় নিয়ে ভাবতে হচ্ছে। এও না-হয় একটা।