হরণে বিহার বা নভেলার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
হরণ
হরণ
হরণ
পারভেজ হোসেন
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী  প্রকাশক: সংবেদ, ঢাকা  প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৫
৪৮ পৃষ্ঠা  দাম: ১০০ টাকা

হরণ—পারভেজ হোসেনের একটি নভেলা। নভেলায় বা আখ্যায়িকায় আমরা অভ্যস্ত নই। যদিও আখ্যানকাব্যের দীর্ঘ জমিন থেকে চর্যা-বৈষ্ণব কবিতার ভূমিতে বাঙালির হাজার বছরের বিহার। কিন্তু এ দেশের সুপ্রচলিত আধুনিক গল্প-উপন্যাসের ফর্ম ইউরোপজাত; কেচ্ছার স্থানীয় কথাবর্ণনা পদ্ধতিকে বাতিল করে পশ্চিমা ছাঁচই আমাদের কথাসাহিত্যের প্রধান প্রকরণ। ছোটগল্প ও উপন্যাস এই দুই সুপরিচিত কাণ্ডে এত দিন বেড়ে উঠেছে। কিন্তু না গল্প, না উপন্যাস—আবার দুটোরই নির্যাস থাকে— নভেলার গড়নটি বোধ করি এমন। বাংলাদেশের সাহিত্যে এই ফর্মটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এই পরিপ্রেক্ষিতেই হরণ প্রাসঙ্গিক।

হরণ-এ গল্পের ঘনঘটা সামান্যই। বিত্তবান ঘরের এক শিক্ষিত যুবককে অপহরণ ও হরণের পর নৌকার মাঝি জিম্মাদার যুবকের দ্বৈরথই নভেলাটির মূল সুর মনে হতে পারে। ছোট এক কন্যার জনক মারজুককে অপহরণ করে বিষখালী নদীর কোনো এক মোহনায় ছোট নৌকায় বন্দী করে রাখে। কোমরে পিস্তল নিয়ে মমিন বন্দী পাহারার দায়িত্ব পায়। প্রান্তিক শিকারির সঙ্গে আটকা শিকারের অনুবেদনই এই নভেলার কেন্দ্রীয় গতি। দারিদ্র্য ও গভীর বঞ্চনা থেকে অপরাধী চক্রের সদস্য হওয়া মমিন একই সঙ্গে লালন করে কোমলতা ও হিংস্রতা। দক্ষিণবঙ্গের এই খল প্রাকৃতজন মমিনই নভেলাটিকে এগিয়ে নিয়ে যায়, যেভাবে সুচের ফোঁড়ে কাঁথা নকশা ও সেলাইয়ের গ্রন্থন এগিয়ে যায়। কিন্তু হরণ নভেলাকে আমরা স্মরণ করব কেবল একটি অপহরণসংক্রান্ত ‘সাসপেন্স’-নির্ভর গল্পের জন্য নয়; বরং প্রকৃতি-পরিস্থিতি ও প্রতিবেশের নির্লিপ্ত ও কৃচ্ছ্রসাধিত বর্ণনা এতই প্রবহমান যে, আপাত বিবেচনায় কোনোভাবেই মনে হবে না এ অপহরণের আখ্যান। মমিন ও মারজুকের নিজেদের শত্রুসম্পর্কটি কেমন যেন মায়াময়, ঠিক লাইফ অব পাইয়ের বাঘ ও বালকটির সম্পর্কের মতোই; যেন দুই সহোদর পর্যটনে এসে মূল দল থেকে একটি নৌকায় আলাদা হয়ে গিয়েছে। কেন অপহরণকারী এত মায়া, এত ঘোর তৈরি করে—জানা নেই। অপহৃত মারজুকের হুঁশ আসার পর মমিনকে দেখে, ‘কোমরে গোঁজা পিস্তল নিয়ে তারই পাশে গেলাস হাতে পরম আদরে অচেনা কদাকার দশাসই এক যুবক তাকে বারবার গরম দুধ খেতে পীড়াপীড়ি করছে’—এই যে প্যারাডক্স, এই দ্বৈরথ—এটিই হরণকে স্বতন্ত্র করেছে। শেষ অনুচ্ছেদ পর্যন্ত অদ্ভুত ঘোর তৈরি করে মমিন।
আর লেখকের সাবলীল কাহিনি-বলন পদ্ধতির সঙ্গে পাঠকও একাত্ম হয়ে পড়েন সহজেই। লেখকের ‘পয়েন্ট অব ভিউ’ কখন যে মমিন ও মারজুকের অনুচিন্তনে মিশে গেছে পাঠক তা টের পায় না ঠিক, কিন্তু গল্পবলন ধারা থাকে নিরবচ্ছিন্ন। হরণের বর্ণনাকারী, অপহরণ দলের সদস্য মমিন ও অপহৃত মারজুক—তিনজনের দৃষ্টিকোণ প্রায়ই ‘ওভারল্যাপড’ হয়েছে। মনে হতে পারে সৈয়দ ওয়ালীউল্লাহ্র কাঁদো নদী কাঁদোর চেতনাপ্রবাহ ফিরে এসেছে। এটাই পারভেজ হোসেনের সফলতার প্রধান বিন্দু।
তাঁর আরেকটি দক্ষতা, নভেলার সীমিত ব্যাপ্তির মধ্যেও ‘ডিটেইলসে’র প্রবাহ অক্ষুণ্ন রাখা। দক্ষিণবঙ্গের প্রকৃতি, নদী-সন্নিহিত যাপিত জীবন অনুপুঙ্খভাবেই বর্ণনায় উঠে এসেছে। এমন নিখুঁত বর্ণনা যে তার বাক্যধারায় দক্ষিণবঙ্গের প্রকৃতি চিত্রল হয়ে পাঠকের মগজের ক্যানভাসে ভেসে উঠছে। বলা ভালো যে হরণ-এ অতি জটিল-দীর্ঘ-ক্লান্তিদায়ক বাক্য নেই। ছোট বাক্যের প্রচুর ব্যবহারের পাশাপাশি দক্ষিণবঙ্গের ভাষা লেখক এতই সাবলীলভাবে ব্যবহার করেছেন যে মনে হবে তা সর্বজনবোধ্য। অনেকে বলেন, সমালোচকের জন্য যে সাহিত্য, সেটি পড়ে অপেক্ষাকৃত নবীন পাঠক মুগ্ধ না-ও হতে পারেন। তবে এই কথা হরণ-এর ক্ষেত্রে খাটে না। কারণ, নভেলাটি দুই শ্রেণির পাঠককেই মুগ্ধ করবে।