হলুদ রঙের স্কুল
আমাদের স্কুল-বিল্ডিংয়ের রং ছিল হলুদ। এটা আমরা শুরুতেই রঙের অর্থে খেয়াল করিনি। বরং আমরা বোধহয় রংটাকেই স্কুল ভাবতাম। অথচ জীবনের যে সময়ে আমরা সেই স্কুলে ভর্তি হই, তখন আমাদের রং-পরিচয়ও ঘটেনি। প্রথমতো অক্ষর পরিচয়ের উদ্দেশ্যে আমরা স্কুলে যাই। এই পরিচয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি, আমাদের ক্লাসরুমের কড়িবরগায়, দেয়ালে লেপ্টে থাকা রঙের নাম হলুদ। হলুদ কেন, অন্য রং নয় কেন—এই ভাবনা আমাদের ছিল না। আমরা হয়তো ভাবতাম স্কুল মানেই হলুদ হবে। অন্য কোনো স্কুল যখন অন্য রঙের দেখতাম, আমরা বুঝতাম এটা আমাদের স্কুল নয়। আর কী অদ্ভুত, হলুদ রঙের দ্বিতীয় কোনো স্কুল আমাদের চোখে পড়েনি। অথবা হলুদ রঙের অন্য কোনো ভবন থাকলেও সেখানে ক্লাসরুম থাকত না। ফলে আমরা বলে বেড়াতাম, আমাদের স্কুলের নাম হলুদ রঙের স্কুল। সেই স্কুলের জানালা-দরজার রং নীল এবং ক্লাস চলাকালে ওই জানালা দিয়ে আমাদের পাড়ায় প্রবেশের রাস্তাটা দেখা যায়। সেই রাস্তায় ফেরি করে ছড়াকাটা ফেরিওয়ালার ‘বরিশালের আমড়া ধরি ধরি কামড়া’ আমাদের কানে গুঞ্জন তোলে। আমরা ক্লাসরুমের পড়া খেয়াল করি না। সাজেদা আপার ধর্মকথা আমাদের ভেতরে বরিশালের আমড়া হয়ে নাচানাচি করে। সেই আমড়ার রং সবুজ, কিন্তু আমরা হলুদ রঙের আমড়াও দেখেছি। পেকে গেলে সেই আমড়া নাকি হলুদ হয়ে যায়। আমরা এমন একটা মিল খুঁজে পেয়ে যারপরনাই বিস্মিত হই। এই বিস্ময়ের ঘোর চোখে মেখে আমরা বাসায় যাই।হলুদ রঙের স্কুল ছেড়ে যেতে আমাদের খুব খারাপ লাগত প্রতিদিন। বাসায় যেতাম ঘুরপথে। হলুদ রং খুঁজতাম। একদিন আরেকটা হলুদ পেলাম। আমাদের ভয় ঢুকে গেল। স্কুলে যাওয়াও আমরা বন্ধ করে দেব এমন একটা সিদ্ধান্ত নিতে শুরু করেছিলাম। হলুদের এত বিচিত্র স্বভাব আমাদের মনে নানা আলোড়ন তোলে। আমরা একটা হতবিহ্বলতার মধ্যে পড়ে যাই, যখন বুঝতে পারি, হলুদ একটা রোগের নাম। এই রোগকে সবাই জন্ডিস বলে।এই রোগ আসলে শরীরে মৃত্যু হয়ে বাস করে। লাল রক্ত নাকি তখন হলুদ হতে থাকে, মুততে গেলেও হলুদ রং বের হয়। চোখ হয়ে যায় হলুদ হলুদ, নখের নিচে হলুদ জমে। সব খাবারেই গন্ধ লাগে। খাবার মুখে দিলেই বমি আসে। শরীর তখন খুব ক্লান্ত লাগে। আমাদের বন্ধুর বাবার শীর্ণ শরীরে বিকট হলুদের প্রবেশ দেখে আমরা ভীত হই। আমরা সন্দেহ করি, আসলে মনে হয় আমাদের স্কুলেরও জন্ডিস হয়েছে, তাই সে হলুদ।এরপরও হলুদ স্কুল ঘিরেই আমরা বড় হতে থাকি। এবং এই হলুদ আমাদের বিচিত্র সব অভিজ্ঞতার সম্মুখীন করে। আমরা আমাদের বন্ধুর বাবাকে আরেক দিন দেখতে যাই, তখন আমাদের সঙ্গে দেখা হয় এক কবিরাজের। তাঁর মাথার জটায় আমরা চুল খুঁজে পাই না। আমাদের মনে হতে থাকে তাঁর মাথায় বুঝি জটাই গজায়; যা আসলে দড়ি, চুলের দড়ি। সেই জটাগুলো তাঁর ঘাড়েমুখে এলোমেলো ঝুলে থাকে। কালো ক্ষয়ে যাওয়া দাঁতের ভেতর সাপের মতো তীক্ষ জিহ্বা। হাগতে বসেছে—এমন ভঙ্গিতে সে একটা বাটি সামনে নিয়ে ঝুঁকে থাকে। সেই বাটিতে কি যেন একটা তরল। খাটে শুয়ে থাকা বন্ধুর বাবার একটা হাত বাইরে ঝুলে আছে। ঘরের ভেতর কেমন আবছায়া অন্ধকার। বাতিটার আলো এত কম কেন?কবিরাজের হাঁটু পর্যন্ত উদিলা। আমড়া গেঁথে রাখে যে কাঠিগুলোতে বা আইসক্রিমের ভেতরে যেগুলো থাকে, তার পা জোড়া দেখে আমাদের সেই কাঠির কথা মনে পড়ে। অথচ সে কেমন খরখরে গলায় কথা বলে যায়। আমরা বুঝতে পারি, শুকনো পাছার কাউয়ার আসমানভরা ডাক আসলে কেমন হতে পারে। সে ওই ছোট্ট বাটি থেকে তরলটুকু তুলে নিয়ে বন্ধুর বাবার হাতে ঘষে। তারপর সেই হাত পানি দিয়ে ধোয়। হাতের নিচে গামলায় হলুদ হলুদ তরল জমা হয়। হঠাৎ হঠাৎ খেঁকিয়ে ওঠে কবিরাজ, যা বাড়া, হলুদ রং ধুয়ে মুছে যা। আবার বিড়বিড় বিড়বিড়। আবারও হঠাৎ খ্যান খ্যানে গলা যা বাড়া হাছুলু, আবারও বিড়বিড়। আমরা ভয় পাই।ঘরটায় আলো কম কেন, আমরা বুঝতে পারি। ধূপ জ্বালানো হয়েছে, ধোঁয়ায় ভরে আছে চারপাশ। সেই ধোঁয়ার আড়াল থেকে তার লালজাগা খুনে চোখ আমাদের দিকে তাকায়। আমাদের ভেতরটা ছ্যাঁৎ করে ওঠে। তার চোখ দুটো আসলে ফুটন্ত তেলের কড়াই, সেখানে আমাদের নরম কচি মনগুলোকে সে ভেজে খেতে চায় যেন। আমরা দৌড়ে চলে আসি, একবারে বাসা পর্যন্ত। কিন্তু সেই ছ্যাঁৎ শব্দ ঠিকই শুনতে পাই। পরের দিন স্কুলে আসি না আমরা অনেকেই। কারণ স্কুল নয়, বাসা-ই আসলে আমাদের জন্য নিরাপদ। সেদিন বাসায় বসে বসে ভাবি, আমরা আসলে স্কুল থেকে কী শিখি, জানি না। কিন্তু হলুদ রংকে কেন্দ্র করে আমরা অনেক কিছুই শিখছি।আমাদের স্কুলের পেছনে এক হিন্দু সামন্তের বাড়ি। দীর্ঘদিন তাঁর সাদা রঙের দোতলা প্রাসাদটি খালি ছিল। পরে আমাদের হেডমাস্টার সেখানে নিবাস গড়ে। তাঁর কাশফুলের মতো দাড়িগুলোয় লাল রং। ফলে আমাদের তাঁকে ভালো লাগে না। দাড়িতে যদি হলুদ রং থাকত, তাহলে নিশ্চয়ই আমাদের পছন্দ হতো। তাঁকে না হলেও তাঁর গাছের তেঁতুল আর কড়া কড়া জলপাই আমাদের খুব পছন্দের। যেদিন আগে ক্লাস শেষ হয়ে যেত, অথবা আমরা যেদিন দল বেঁধে ক্লাস ফাঁকি দিতাম, সেদিন আমাদের সময় কাটত তাঁর তেঁতুল অথবা জলপাইগাছের ডালে ডালে। এই ক্লাস ফাঁকি দিলে আমাদের ধরা খাওয়ার সম্ভাবনা কম থাকত। কারণ চারুকারু নামের উদ্ভট এক ক্লাসে গান-কবিতা কিছুই জানতে না পারার কারণে আমাদের কেউ পাত্তা দিত না। আমরাও এটা উপভোগ করতাম। চারু এবং কারু কী জিনিস, তা বুঝতে না পারলেও তেঁতুল আর জলপাই যে খুব চুকা এবং অতিরিক্ত খেলে পেট ব্যথা করে এটা আমরা জানতাম বেশ ভালো করেই। ফলে বেদখল তেঁতুলগাছের ডালে বসে আমরা হাছুলুর রাজ্য কল্পনা করতাম।হাছুলু নাকি হলুদ রঙের দেবতা। এটা আমাদের কেউ বলেনি। আমাদের মনে হয়েছে। সেই দিনের পর ওই কবিরাজের সঙ্গেও আমাদের দেখা হয়নি। বন্ধুর বাবা মারা যাওয়ার পর আমরা জন্ডিস সম্পর্কেও ভীতিকর কৌতূহল এড়িয়ে চলি। কিন্তু হাছুলু কী করে যেন আমাদের সঙ্গে সঙ্গে গল্প-কথায় তেঁতুলগাছে এসে হাজির হয়। বারকয়েক হাছুলু বলতে বলতে সেই কবিরাজ জটা কাঁপিয়ে মাথা দাপিয়ে ইলিবিলি গিলিগিলি বোম এমনভাবে বলেছিল যে আমরাও জায়গায় দাঁড়িয়ে ঝাঁকি খেয়েছিলাম। ফলে হাছুলু নামটা আমাদের মাথায় ঢুকে গিয়েছিল। তাই আমরা ধরে নিয়েছিলাম হয়তো হলুদ রঙের দেবতা এই হাছুলু।একদিন হাছুলু সম্পর্কে কথা বলতে বলতে কখন শেষ সন্ধ্যার আলো ছমছম অন্ধকার তেঁতুলের ঝিরি ঝিরি পাতায় এসে জমা হয় আমরা বুঝতে পারি না। হাছুলু সম্পর্কে কথা বলতে বলতে আমাদের চোখে কেবল তাঁর হলুদাভ অবয়ব ভাসতে থাকে, আমরা নিথর বাতাসে নীরব হয়ে বসে থাকি। তখন আমাদের মনেই হয় না বাসায় ফেরার কথা। হঠাৎ একটা শন শন বাতাসে আমাদের ঠান্ডা লাগতে শুরু করে, তীক্ষ স্বরে ডেকে ওঠে কী একটা পাখি, অনেকগুলো কাকের ডাক আমাদের আতঙ্কিত করে তোলে। আমরা লাফিয়ে-ঝাঁপিয়ে তেঁতুলগাছ থেকে নেমে পড়ি। যাদের ব্যাগ খোলা ছিল, তাদের কেউ কেউ কলম স্কেল কম্পাস হারিয়ে ফেলে। এক দৌড়ে বাসায় গিয়েও আমাদের আতঙ্ক কাটে না। ঠিক কী জন্য অথবা কোন স্বর কিংবা দৃশ্য আমাদের ভয়ের কারণ ছিল, আমরা বুঝতে পারি না। কিন্তু সেদিন রাতের ঘুমে আমরা সবাই হাছুলুকে স্বপ্নে দেখি।পরের দিন কে কে স্কুলে আসে আমাদের মনেই থাকে না। আসলে আমাদের স্কুলকেই আর মনে পড়ে না। আমরা একত্র হতে অথবা আমাদের অভ্যাসবশত স্কুলে যাই। আর আমরা আমাদের দেখা স্বপ্ন মিলিয়ে মিলিয়ে হাছুলুকে তৈরির চেষ্টা করি। যে স্বপ্নে হাছুলুকে আসলে ওই কবিরাজের মতোই দেখেছে, তাকে আমাদের বিশ্বাস হয় না। যে বলে সে বন্ধুর মরা বাবাকেই দেখেছে হাছুলু হয়ে যেতে, মরে গিয়ে তিনিই আসলে হাছুলু হয়ে গেছেন, তাঁকেও আমরা সন্দেহ করি। একজন বলে হাছুলু আসলে স্ফিংকসের মতো দেখতে, আমরা তার ফোলা ফোলা চোপার দিকে তাকাই। যে বলে হাছুলু হচ্ছে আসলে সারা গায়ে হলুদ রংওয়ালা একটা ষাঁড়, আমরা তাকে দূর দূর করি। আমাদের মনে পড়ে, সে একবার কোরবানির হাটে উষ্ঠা খেয়ে পড়ে গিয়েছিল। অবশেষে কিছুই মেলাতে না পেরে হাসতে হাসতে আমরা গড়াগাড়ি খাই। স্কুলের মাঠে শুয়ে আমাদের চোখে পড়ে শরতের নীল সাদা আকাশ। হঠাৎ দম ফাটানো হাসি হাসতে হাসতে একজন বলে হাছুলু আসলে ঈষের মতো। কারণ সমস্ত অদেখা, অদৃষ্ট এবং অভাবিত বিষয়ই ঈষের মতো। এই ঈষ আসলে চাষের যন্ত্র, যার রুপালি ফলার তীক্ষ ছেদনে কর্ষিত মাটি বীজ বপন এবং অবশেষে ফলনের উপযোগী হয়। আমাদের মনে এই ঈষ কত জানা-অজানা ফসলের চাষ করে যায়। তখনই আমাদের মনে হয়, ফলনের গায়ে হলুদ রং আসলে রোগের লক্ষণ। তার মানে হলুদ একটা রোগ। হাছুলু হলো এই রোগের দেবতা। যার কৃপায় কবিরাজ মানুষ ভালো করে। আমাদের স্কুলকেও কি রোগে ধরেছে। নাকি আসলে স্কুল পেকে গেছে বলেই সে হলুদ বর্ণ ধারণ করেছে।আমাদের এক বন্ধু হঠাৎ একদিন খবর দেয় যে সে সেই কবিরাজকে দেখেছে। আমরা অবাক হয়ে তাঁকে ঘিরে ধরি। সে খানিকটা উত্তেজিত এবং কথা বলার তাড়নায় শব্দ-অক্ষর-বাক্য গুলিয়ে ফেলে, ঘটনার সময়কাল গুলিয়ে ফেলে। তার কথা কানে ভরে ক্লাসরুমে বসে বসে আমরা ভাছিলাম, ঘটনার বর্ণনার জন্য আসলে কাল-বচন-বাক্য গঠন পড়ার দরকার হয় না। হাছুলুকে খুঁজে বের করার জন্য যে আমাদের কবিরাজকেই প্রয়োজন, এটা আমরা হাড়ে তন্ত্রীতে টের পাই।আমাদের সেই বন্ধু কবিরাজকে দেখতে পেয়েছে, আমাদের এত দিনের জল্পনার একটা সমাধান বোধহয় হলো। বন্ধু কী যেন এক কাজে শহরের বাসস্ট্যান্ডে গিয়েছিল। সেখানেই সে পার্শ্ববর্তী থানাগামী বাসে তাকে উঠতে দেখে। কবিরাজকে উঠিয়ে দিতে একজন লোকও এসেছিল। কবিরাজের কোমরে একটা লালসালু ঝোলানো, পৈতার মতো করে ঘাড় হতে লালসালু জড়ানো, মাথায় খালি একটা হলুদ পট্টি বাঁধা। আমাদের বন্ধুর চিনে নিতে মোটেও দেরি হয়নি। কিন্তু ততক্ষণে বাস ছেড়ে চলে যায়। বন্ধু বাসে উঠিয়ে দিতে আসা লোকটাকে জিজ্ঞেস করে, কোথায় থাকে এই কবিরাজ। লোকটা নাকি বলে, এখান থেকে বাসে উঠে আমাদের পার্শ্ববর্তী থানার বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আরেক বাসে করে মসলার বাজারে যেতে হবে। সেই বাজারে খালি মসলা বিক্রি হয়, হলুদও নাকি পাওয়া যায় অনেক সস্তায়। সেই বাজার থেকে রিকশায় বা পায়ে হেঁটে হলুদিয়া গ্রাম। বা আসলে হয়তো এই গ্রামের নাম হালদিয়া কিন্তু আমাদের বন্ধু সেই গ্রামকে হলুদিয়া নামেই উল্লেখ করে। গ্রামের নাম উল্লেখে আমাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তাহলে হয়তো ওই গ্রামেই হাছুলু থাকে বা থাকত। কবিরাজ নিশ্চিত জানে সেটা। আর নইলে এটুকু তো সে বলতে পারবে যে হাছুলু আসলে কেউ না বা কিছুই না।ফলে আমরা কবিরাজের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই। আমাদের উত্তেজনা বাড়তে থাকে। হাছুলু আসলেই কি দৃশ্যমান কোনো বিষয়। অথবা হাছুলু খুব ভয়ানক কিছু। দেখামাত্রই আমাদের খেয়ে ফেলবে-মেরে ফেলবে। কিন্তু আমাদের কৌতূহল ভীষণ হয়ে ওঠে। হলুদ রঙের স্কুল এবং রংবেরঙের বাসাগুলো আমাদের সীমানাকে গণ্ডিবদ্ধ করে ফেলেছে। ফলে আমরা কবিরাজের বাড়ি যাওয়ার বিষয়ে গভীর সংকটে পড়ি। আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা বাসা থেকেই বের হতে পারি না। আবার স্কুল শুরু হয়ে গেলে আমরা ক্লাসরুমেই আটকা পড়ি। দিন দিন একটা বিমর্ষতা আমাদের ঘিরে ধরতে থাকে শীতের কুয়াশার মতো। ফিকে হয়ে আসে হাছুলুসংক্রান্ত ভাবনা। কিছুতেই আমরা সুযোগ বের করতে পারি না। সেই কবিরাজকেও আমরা আর দেখতে পাই না। সাদা কাশফুলের দাড়িওয়ালা হেডমাস্টার তাঁর বাগানে যাওয়া নিষিদ্ধ করে দেয়। আমরা নিজেদের কোনো জায়গা খুঁজে পাই না। আমাদের বইয়ের পৃষ্ঠা বাড়তে থাকে এবং বিষয় ক্রমে জটিল হয়ে ওঠে। বইয়ে ছাপানো অক্ষরগুলো আর নিরীহ মনে হয় না আমাদের। বইয়ের কালো কালো অক্ষর-শব্দ-বর্ণ-বাক্য আসলে জোড়া দেওয়া শেকল। চার কোনা বইয়ের সীমানা ছাড়িয়ে সেই শেকল আমাদের হাতে-পায়ে পেঁচিয়ে ধরে। আমরা আসলে কবন্ধ। কারণ ঘাড়ের ওপর যা আছে, সেখানে কেবলই কালি-কাগজের খসখসানি, শুকনো। আমরা বইঘষা চোখে আমাদের বন্ধুদের দিকে তাকাই। আঁতকে উঠি। সবার ঘাড়ের ওপর কাগজের ঠোঙা, ফাঁপা। আমাদের হাতে-পায়ে কালো কালো অক্ষরের শেকল। কোথাও যেতে গেলেই টান পড়ে। আমাদের জন্য অক্ষরগুলো সীমানার শেকল হয়ে ওঠে। হাছুলুকে দেখতে পাওয়ার বাসনা বারবার সেই সীমানায় গিয়ে ফিরে এসেছে। এরপর আমাদের দিনগুলো সব ফ্যাকাসে হয়ে আসে—হাছুলুবিহীন দিনগুলোয় কেবল ক্লান্তি।