হাঁটাগুলির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমিই জানি,
কোন অচেনা আমার ক’রে
পথের পথে হেঁটেছিলাম।
যদি বলি তোমার জন্য,
সে কথায় সূর্য আছে।
আরও বন্ধু, আরও সত্য
এবং কিছু ধীরতারূপ
দেখা আর পাবার খুব ইচ্ছে ছিল।
অনেক হাঁটা হারিয়ে গেছে,
খুঁজতে খুঁজতে ক্লান্তি নামে;
ফিরে যাব?
কিছু রাখব উঠোন ভ’রে,
শিশুর সাথে করব খরচ।
অনেক হাঁটার খোঁজ নিইনি,
কৃপণ ছিলাম স্বার্থ মেপে।

বিদায় বলা হয়নি তাদের।

তুমি ছিলে,
নক্ষত্রে হৃদ্বোধের মর্ম ছিল।
মিছিল-পায়ের সঙ্গ ছিল।

বলা হয়নি,
দ্বিধার ধুলোয় আটকে পড়া,
যেতে যেতে জন্ম নেওয়া
নতুন হাঁটা বাঁচবে কদিন?
প্রশ্নটি ভিতু লোকের।

হাঁটাও কি কাফন পরে?
অন্বেষণ যাচ্ছে বৃথা,
অন্বেষণ স্বপ্ন দেখে।

পরমার্থ বলে যদি কিছু থাকে,
যত্নে তুমি হাঁটাগুলি রেখে দিয়ো।