হাইডেগার যদি সেলফি তুলতেন

সেদিন বৈশাখী মেলা থেকে ফিরে আমার এক সহকর্মী বেশ বিরক্তিই প্রকাশ করলেন। একে তো নিরাপত্তার বাড়াবাড়ি, তার ওপর সেলফি-শিকারিদের বড় উৎপাত। আমাকেও স্বীকার করতে হলো, সেলফি নামক এই ব্যাপারটা এক সর্বব্যাপী যন্ত্রণায় পর্যবসিত হয়েছে। পত্রপত্রিকায় দেখছি, মাঝেমধ্যে এ নিয়ে দুর্ঘটনাও ঘটে। সেলফি তুলতে গিয়ে উঁচু ভবন, সেতু, ছুটন্ত যানবাহন, এমনকি হেলিকপ্টার থেকে পড়ে জীবন দিচ্ছে লোকে। সেদিন দেখি সেলফি তুলতে গিয়ে এক লোক কুমিরের পেটে চলে গেছে।

স্বীকার না করে উপায় নেই সেলফি মানুষের এক বিশ্বজনীন প্রবণতা। তবে ভালো করে তাকালে চোখে পড়বে, সেলফি আসলে দুটো ভিন্ন ঘটনার উপজাত মাত্র। একটা হলো সামাজিক যোগাযোগমাধ্যমের উত্থান আর আরেকটা হলো স্মার্টফোন নামে মানুষের এক নতুন ইন্দ্রিয় প্রাপ্তি। স্মার্টফোনের মধ্যে বসানো ক্যামেরা যেদিন পেছন থেকে ফোনের সামনে চলে এসেছে, সেদিন থেকেই সেলফির যাত্রা শুরু। ভেবে দেখলাম, বিবর্তনের পথে বানর বর্গের প্রাণিকুলের চোখেরও প্রায় একই রকম স্থানবদল ঘটেছে। আগে চোখ ছিল মুখমণ্ডলের দুপাশে। ধীরে ধীরে সেটা মুখমণ্ডলের সামনে চলে এসেছে। তাতে প্রাইমেটদের কাছে জগতের চেহারাও অনেক বদলে গেছে বটে। প্রাণিকুলে শুধু বানরদের জগৎটাই নাকি ত্রিমাত্রিক।
প্রশ্ন হলো, প্রাণিজগতে চোখের এই সরণ যতটা বৈপ্লবিক ফলদায়ী, স্মার্টফোনের ক্যামেরার সম্মুখ সরণের ফল কি ততটা সুদূরপ্রসারী? জগতের রূপের কোনো আমূল বদল কি এতে ঘটেছে?
আমি বলব, ঘটেছে। আর খুব ভালো করে লক্ষ করলেই কেবল এই বদলটা আমাদের চোখে পড়বে। সেলফি মানুষের সেলফের ধারণা বা আত্মদর্শনে একটা বড় পরিবর্তন এনেছে। সেলফি তোলার আগের ও পরের মানবসমাজ এক নয়।
প্রথম কথা হলো, আমাদের এই ভুল ধারণা আগে ঝেড়ে ফেলতে হবে যে সেলফি তোলা আসলে নিছক আত্মপ্রেমের বহিঃপ্রকাশ। সেলফি কোনোভাবেই সেলফ-পোর্ট্রেট নয়। লক্ষ করুন, লোকে কিন্তু ক্যামেরা সোজা করে ধরে কোনো শূন্য দেয়ালের সামনে নিজেদের ছবি তুলছে না। তারা ছবি তুলছে ক্যামেরা কিছুটা তির্যক কোণে ধরে কোনো একটা ঘটনার সামনে দাঁড়িয়ে। ক্যামেরার এই কাত করে ধরাটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সেলফির মানুষ ব্যাকগ্রাউন্ড খোঁজে। নিজেকে তারা স্থাপন করতে চায় ঘটনার মধ্যে, ঘটমান জগতের মধ্যে। সেলফি তোলা মানুষ শুধু এটা বলে না যে ‘এই দ্যাখো আমি!’ তারা বলে, ‘এই দ্যাখো, জগতের মধ্যে আমি!’ বা ‘দ্যাখো, ইহাদের মাঝে আমি!’
এটা অনেকটা হাইডেগারের সেই ‘বিং-ইন-দ্য-ওয়ার্ল্ড’ ধারণার মতো। জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার বছর আশি আগে বেশ কিছু মাথা ঘোরানো যুক্তিটুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, মানুষের সত্তার ধারণাটা বড় গোলমেলে। জ্ঞান হওয়ামাত্র সে নিজেকে একটা জগতের মধ্যে আবিষ্কার করে। এই জগৎ একটা নিরেট, সর্বব্যাপী জগৎ। কোথাও ফাঁকফোকর নেই। রন্ধ্র নেই। মানে পালানোর পথ নেই আরকি। আরেকটা ঝামেলা হলো, জগৎটা আমাদের সামনে পুরো অর্থসমেত হাজির হয়। জগতের যা কিছুই আমরা দেখি, তা অর্থপূর্ণ। অর্থের বাইরে কিছুই নেই। এক হিসাবে দেখলে এটা একটা ভয়াবহ ছবি। জগৎ আর তার অর্থের এক বরফশীতল কারাগারে আমরা বন্দী। এই কারাগার থেকে মুক্তির কোনো পথ নেই, কেননা জগতের বাহির বলে কিছু নেই।

হাইডেগারের এই বেহুলার বাসরে আমরা ক্লসটোফোবিয়ায় ভুগি না কেন? ভুগি না, কারণ আমরা জগৎটাকে আসলে উল্টো করে ধরে আছি। আমরা জগতের মধ্যে নিজেকে না দেখে সুফিদের মতো করে এত দিন নিজেদের ভেতরে জগৎটাকে আবিষ্কার করে গেছি।
সেলফির কালে মানব সত্তা যেন প্রথমবারের মতো নিজেকে জগতের মধ্যে স্থাপন করতে শুরু করেছে। নিজেকে সে বিম্বিত দেখছে তার পরিপার্শ্বের মধ্যে। হাইডেগার বেঁচে থাকলে বলতেন, মানুষ তার রিয়ালিটির মধ্যে ফিরতে শুরু করেছে। আর আমি ম্যাট্রিক্স সিনেমার উপমা ধার করে বলব, নিয়ো প্রথমবারের মতো লাল ক্যাপসুলটা খেয়েছে।
সেভাবে ভেবে দেখলে, পশ্চিমা জ্ঞানকাণ্ডটি নিজেই এক অতিকায় সেলফি। ইউরোপে রেনেসাঁ যা করেছে, তা হলো, জগতের দৃষ্টি মানুষের দিকে নিবদ্ধ করা, মানুষকেই অনুসন্ধানের বিষয়ে পরিণত করা। এর বহিঃপ্রকাশ ঘটেছে শিল্পে, সাহিত্যে, সংগীতে, দর্শনে ও বিজ্ঞানে।
কিন্তু সেলফি তুলে তুলে আত্মের ছায়ামন্দির থেকে যে বিগ্রহটিকে আমরা রৌদ্রকরোজ্জ্বল জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছি, সেটার আসল চেহারাটি কেমন? ছয় শ বছরের এই বিগ্রহের গায়ে কি ছত্রাক-টত্রাক ধরেছে কোনো?
একটা খুব সোজা প্রশ্ন করি: আয়না আবিষ্কারের আগে মানুষের আত্ম বা সেলফের ধারণাটি কেমন ছিল? মানুষ যখন নিজেকে দেখেনি, কেবল অপরের দিকে তাকিয়েছে, তখন তাঁর আত্মের ধারণা আদৌ ছিল কি?
গহিন জঙ্গলে বানরকুলে বেড়ে ওঠা মানবশিশু টারজান ঝরনার জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েও নিজেকে চিনতে পারেনি। নিজেকে সে বানরকুলেরই সদস্য মনে করত। সে ভাবত, তার চেহারাও বানরের মতোই।
আইজাক বাশেভিস সিঙ্গারের একটা শিশুতোষ গল্প আছে, যার নাম ‘দ্য ক্যাট হু থট শি ওয়াজ অ্যা ডগ’। গল্পে এক গরিব কৃষক পরিবারের ঘটনা বলা হচ্ছে। এই পরিবারের বসবাস লোকালয় থেকে বহু দূরে এক নির্জন কুটিরে। পরিবারে একটি পোষা কুকুর ও একটি বিড়ালও আছে। গরিব বাড়িটিতে কোনো আয়না নেই। কোনোকালে ছিলও না। ফলে সেখানে কেউ কোনো দিন নিজের প্রকৃত চেহারা দেখেনি। শুধু তা-ই না, জন্মাবধি কুকুরটি অন্য কোনো কুকুর দেখেনি। বিড়ালটিও দেখেনি অন্য কোনো বিড়াল। প্রাণী দুটো কেবল একে অপরকে দেখে এসেছে। ফলে কুকুরটি ভাবত, সে আসলে একটি বিড়াল। আর বিড়াল ভাবত, সে একটি কুকুর। একদিন ওই বাড়িতে এক ফেরিওয়ালা আসে। পরিবারের লোকেরা তার কাছ থেকে একটি আয়না কেনে। কিন্তু এই আয়না সুখী পরিবারটিতে কী করে লন্ডভন্ড অশান্তি ডেকে আনে, সিঙ্গার সেই কাহিনিই বলেছেন গল্পে। কুকুরটি যখন টের পায় সে আসলে বিড়াল নয়, আর বিড়াল যখন বোঝে সে নয় কুকুর, তখন তাদের মধ্যে তুমুল বিবাদ দেখা দেয়। গৃহকর্তা শেষে আয়নাটিকে ফেরিওয়ালার কাছে ফিরিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন।
কী বোঝাতে চেয়েছেন এখানে সিঙ্গার? আয়নার বরাতে নিজের সেলফের সাক্ষাৎ পাওয়াটা একটা অশুভ মুহূর্ত? আত্মদর্শন আসলে এক দুঃসংবাদ?
এর প্রায় কাছাকাছি কথা কিন্তু জ্যাক লাকাঁও বললেন। কী করে আত্ম বা সেলফের ধারণা তৈরি হয়, সেটা বোঝাতে গিয়ে সিগমুন্ড ফ্রয়েডের শিষ্য এই ফরাসি সাইকো-অ্যানালিস্ট আয়না বা মিররের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, শিশু যখন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে, তখনই তার মধ্যে প্রথম আত্ম বা সেলফের ধারণা তৈরি হয়। আর এই সেলফের ধারণা তার সত্তাকে একটা ছুরির ফলা দিয়ে কেটে দুই টুকরো করে ফেলে। আয়নায় নিজের চেহারা দেখার আগে শিশু নিজেকে জগতের অচ্ছেদ্য অংশ বলেই মনে করত। নিজেকে সে জগৎ থেকে আলাদা করতে পারত না। কিন্তু এখন যে আত্মের ধারণা তার মধ্যে গজাল, সেটা আসলে জগতের সঙ্গে, নিজের সমগ্রের সঙ্গে এবং নিজের স্বভাবের সঙ্গে তার একটা সর্বনাশা বিচ্ছেদ। এখন তার দুটি সত্তা। একটা আয়নায় বিম্বিত ‘আমি’, আর আরেকটা তাঁর ভেতরের অদৃশ্য অচেতন বা ‘আনকনশাস’। লাকাঁ বলছেন, এই বিচ্ছেদই জগতের সব মনোরোগের উৎস।
তাহলে একটা স্বচ্ছ কাচের একদিকে পারদ লেপে দিয়েই মানুষ নিজের সর্বনাশ ডেকে এনেছে দেখা যাচ্ছে। আর্জেন্টাইন লেখক হোর্হে লুইস বোর্হেস স্বীকার করেছেন, তাঁর দুঃস্বপ্নে তীব্র ভয়ের উপকরণ হিসেবে যে জিনিসগুলো ঘুরেফিরে আসত, তার একটা হলো আয়না। আয়না কেন ভয়ের উৎস? কারণ আয়নার মধ্যে লুকিয়ে আছে অসীমের ইশারা। মুখোমুখি দুটি আয়না কীভাবে একে অপরকে প্রতিফলিত করে অনন্ত অসীম প্রতিবিম্বের সারি তৈরি করে—সেটা আমরা সবাই শৈশবে দেখেছি নাপিতের দোকানে। আর কী অদ্ভুত, সেই নাপিতের দোকানেই কি না আমরা অসীমের মধ্যে বসে থেকে ধীরে ধীরে নিজেদের চেহারা বদলে নিতে থাকি!
বোর্হেসের দুঃস্বপ্নের দ্বিতীয় উৎসটি হলো মুখোশ। কিন্তু মুখোশ আর আয়নার মধ্যে একটা যোগসূত্র লক্ষ না করে পারা যায় না। দুটোর সঙ্গেই আইডেনটিটি বা পরিচয়ের নিবিড় যোগ। একটা পরিচয় লুকানোর কাজে ব্যবহার হয়। অপরটি পরিচয় ফাঁসে। এখন চিন্তা করুন তো, একটা লোক যখন মুখোশ পরে আয়নার সামনে দাঁড়ায়, তখন আসলে কী ঘটে?
আমরা এখন যেটাকে সেলফি বলছি, তার সাহিত্যিক সমতুল বা লিটেরারি ইকুইভ্যালেন্ট খুঁজে পাওয়া যাবে বোর্হেসের গল্পে। কিছু গল্পে বোর্হেস নিজে হাজির হয়েছেন নিজের সামনে। বোর্হেস কথা বলছেন বোর্হেসের সঙ্গে। দুজনের আলাপের বিষয়বস্তু বোর্হেসের লেখালেখি এবং তাঁর নিয়তি। কিংবা বলা যায়, বোর্হেসের লেখক সত্তার নিয়তি।
আত্মদর্শনকে একটা সর্বনাশ হিসেবে জাহির করা হয়েছে গ্রিক পুরাণেও। ঝরনার পানিতে নিজের প্রতিবিম্ব দেখে সুদর্শন নার্সিসাস নিজের প্রেমে পড়ে তন্ময় হয়ে গিয়েছিলেন। নাওয়া-খাওয়া ভুলে তিনি সারাক্ষণ তাকিয়ে থাকতেন নিজের প্রতিবিম্বের দিকে।
সেলফির মানুষ তাকিয়ে থাকে তার নিজের হাতে ধরা ক্যামেরার লেন্সের দিকে। সেই ক্যামেরাকে সে নিজের থেকে যতটা সম্ভব দূরে স্থাপন করতে চায়। আর এটা করতে গিয়ে ইতিহাসে প্রথমবারের মতো মানুষ অনুভব করতে শুরু করেছে, তার হাত ততটা লম্বা নয়। নিজের অঙ্গের সীমাবদ্ধতা অনুধাবন করতে পারা চাট্টিখানি কথা নয়। আমি বলব, এ এক মাহেন্দ্রক্ষণ। সীমাবদ্ধতা কাটাতে মানুষ হাতে তুলে নিয়েছে একটি লাঠি, যার নাম সে দিয়েছে ‘সেলফি স্টিক’। সেই লাঠির ডগায় ক্যামেরা বেঁধে মানুষ নিজেকে নিজের থেকে দূরে স্থাপন করতে চায়।
এটা ৭০ হাজার বছর আগে আফ্রিকার মধ্যাঞ্চলে ঘটে যাওয়া একটি ঘটনার পুনরাবৃত্তি মাত্র। ওই দূর অতীতে আমাদেরই এক পূর্বপুরুষ হাতে তুলে নিয়েছিল একটি চ্যালাকাঠ। সেদিন থেকে ইতিহাসের গতি বদলে গেছে।