প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণের পর মায়েরা দেহ ছেড়ে চলে যান দূরের বিদেহপুরে।
তারপর প্রতিদিন ওই ব্যস্ত বিদেহনগর থেকে এসে
ঘুরে ঘুরে দেখে যান যার-যার ছেড়ে যাওয়া সোনার সংসার।
অন্তত প্রথম ত্রিশ দিন।
কী করছে আহা সোনামণিরা তাঁদের,
কেমনই বা কাটছে তাদের দিন, মাতৃহীন
বিষাদবাতাস, বাষ্পঘন দীর্ঘশ্বাস
ফাঁকা ফাঁকা ঘরদোর, আশপাশ
মায়ের অভাবে উঠানের কোণে বিষণ্ন দাঁড়ানো জবাগাছ...
নবমৃত মায়েদের কী জানি কেবলই মনে হতে থাকে
বেঁচেই আছেন তাঁরা সংসারে, হয়তো
সংসারেরই ভিন্ন কোনো সম্প্রসারে, অন্যতর মায়ায়, আবেশে।
যেমন জন্মের অব্যবহিত পরের দিনগুলি...
নবজাতকের কাছে
মনে হতে থাকে যেন সে রয়েছে তখনো মায়েরই গর্ভকোষে।