হাজার কোটি টাকার ছবি ও ফ্রান্সিস বেকনের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান’, ফ্রান্সিস বেকনের এই ছবিটি সম্প্রতি ১৪ কোটি ২৪ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে
‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান’, ফ্রান্সিস বেকনের এই ছবিটি সম্প্রতি ১৪ কোটি ২৪ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে
ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকন
ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকন

গত ১৩ নভেম্বর ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের আঁকা ট্রিপটিক বা তিন চিত্রের সমাহারে একটি বিষয়ের ছবি ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ নিলাম কোম্পানি ক্রিস্টিজের নিউইয়র্ক শাখায় ১৪ কোটি ২৪ লাখ পাঁচ হাজার ডলারে বিক্রি হয়েছে। এর মাধ্যমে ভেঙে গেছে এর আগের সর্বাধিক মূল্যের বিশ্ব রেকর্ড, যার অধিকারী ছিলেন নরওয়েজিয়ান শিল্পী এডভার্ড মুঙ্কের আঁকা ‘স্ক্রিম’ ছবির চতুর্থ সংস্করণ। ছবিটি বেকন এঁকেছিলেন ১৯৬৯ সালে আরেক বিশ্বখ্যাত চিত্রকর ও বন্ধু লুসিয়ান ফ্রয়েডকে মডেল করে।
এই ত্রি-চিত্রটি আরেকভাবেও ব্যতিক্রমী। এর শিল্পী ও মডেল নিজেরা নামি চিত্রকরই শুধু নন, দুজনই দুই বিশ্বখ্যাত মানুষের বংশধর। স্যার ফ্রান্সিস বেকন নামে আরেক ব্যক্তিকে আমরা জানি, যিনি খ্যাতিতে এ বেকনেরও বাড়া—বিশ্বের অন্যতম দার্শনিক, রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, লেখক, সমালোচক, শিল্পী বেকনের দূর-পূর্বপুরুষ। মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক, অবচেতন মানসের প্রথম ব্যাখ্যাতা সিগমুন্ড ফ্রয়েডের নাম আমরা কে না জানি, তিনি শিল্পী ফ্রয়েডের পিতামহ। পশ্চিমা শিল্পকলার ইতিহাসে ব্রিটেনের অবদান যৎসামান্য হলেও বিশ শতকের মাঝামাঝি হঠাৎ বিশ্ব শিল্পাঙ্গনের নেতৃত্বে এসে পড়েন কয়েকজন ব্রিটিশ চিত্রকর ও ভাস্কর। ভাস্কর্যে হেনরি মুর ও বারবারা হেপওয়ার্থের উত্থানের কিছু পরেই চিত্রশিল্পে বিশ্বের নজর কাড়েন ডেভিড হকনি, ফ্রান্সিস বেকন, লুসিয়ান ফ্রয়েড ও মার্কিনদেশি হলেও ব্রিটেনবাসী আর বি কিতাই। এঁদেরকেসহ আরও কিছু শিল্পীকে আখ্যায়িত করা হয় ‘স্কুল অব লন্ডন’ নামে এবং বিমূর্ততার বিরুদ্ধে আবার মূর্তিমানতায় প্রত্যাবর্তনের অন্যতম শিল্পীদল হিসেবে।
ফ্রান্সিস বেকন অবশ্য লুসিয়ান ফ্রয়েড ছাড়া অন্যদের সঙ্গে তেমন ঘনিষ্ঠ কখনো ছিলেন না। জাতিতে ইংরেজ হলেও তাঁর জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। বাবা ক্যাপ্টেন এডওয়ার্ড মরটিমার বেকন ছিলেন বিখ্যাত স্যার ফ্রান্সিস বেকনের বৈমাত্রেয় বড় ভাইয়ের উত্তর-পুরুষ এবং এটিই শিল্পী বেকনের নামের সূত্র। বাবা যুদ্ধবীর এবং পরবর্তী সময়ে রেসের ঘোড়ার প্রশিক্ষক হিসেবে কাজ করেন। আর মা ক্রিস্টিনা উইনিফ্রেড ছিলেন শেফিল্ডে পরিবারের কয়লাখনি ও স্টিল মিলের ওয়ারিশ। সে হিসেবে আর্থিকভাবে সচ্ছলই ছিল পরিবারটি।
বেকন শৈশব থেকেই ছিলেন দুর্বল স্বাস্থ্যের কিন্তু মানসিকভাবে অবাধ্য গোছের। লাজুক প্রকৃতির হলেও মেয়েলি ধরনের সাজগোজ করতে পছন্দ করতেন। একবার বেকনকে তাঁর মায়ের অন্তর্বাস পরে আয়নার সামনে অঙ্গভঙ্গি করতে দেখে তাঁর বাবা ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘোড়ার চাবুক দিয়ে পিটিয়েছিলেন বলে কথিত আছে। ক্রমেই বাবা-ছেলের দূরত্ব বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত ১৯২৬ সালে বাবা তাঁকে ঘর থেকে বের করে দেন। তাঁদের পারিবারিক বন্ধু ন্যানি জেসি লাইটফুট বেকনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং বাড়ি থেকে বহিষ্কৃত হওয়ার পর লন্ডনে বেকনের ভাসমান জীবনের অস্থিতির মধ্যেও মাতৃস্বরূপা ন্যানি লাইটফুট আমৃত্যু তাঁর সঙ্গে থেকে দেখভালের দায়িত্ব পালন করে গেছেন।
লন্ডন, বার্লিন ও প্যারিসে ভাসমান জীবনে বেকন জুয়া, বাটপারি, সমকামিতার দিকে আকৃষ্ট হতে শুরু করেন। তিনি খেয়াল করেন যে ঘন ঘন বাড়িবদলের চালাকি দিয়ে বাড়িভাড়া না দেওয়া আর ছোটখাটো ছিঁচকে চুরির পারদর্শিতা দিয়ে তিনি মোটামুটি চালিয়ে নিতে পারেন। আরও ছোট বয়স থেকে তিনি এ-ও খেয়াল করেন যে বিশেষ ধরনের বিত্তবান মাঝবয়সী ভদ্রলোকদের আকর্ষণ করার ক্ষমতা তাঁর রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে বেকন বিভিন্ন ধনী ব্যক্তির ঘনিষ্ঠ সান্নিধ্যে চলে আসেন। এমনকি তিনি লন্ডনের দ্য টাইমস পত্রিকায় নিজেকে ‘জেন্টলম্যানস কম্প্যানিয়ন’ হিসেবে বিজ্ঞাপনও দিয়েছিলেন। তবে পরিপূর্ণভাবে ছবি আঁকিয়ে হিসেবে আত্মপ্রকাশের আগে বেকন ফার্নিচার ও কার্পেট এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠা অর্জন করেছিলেন।
সমকামিতায় আসক্ত বেকনের জীবনে প্রথম বিত্তবান পুরুষ মামা-সম্পর্কিত হার্ডকোর্ট স্মিথ। ১৯২৭ সালে তাঁর বাবা ‘মানুষ’ বানানোর জন্য তাঁকে এঁর হাতে সমর্পণ করেন। ১৯২৯ সাল থেকে তিনি তাঁর পেট্রন এরিক হলের সঙ্গে সম্পর্কে জড়ান। দুজনে মিলে লন্ডনের সোহো পাড়ার অ্যাপার্টমেন্টে বেআইনি জুয়ার আসর বসিয়ে আয়-রোজগারের ভালোই পথ বের করেন। ১৯৬৪ সালে জর্জ ডায়ারের সঙ্গে তাঁর দীর্ঘ ও সংবেদী সম্পর্কের আগ পর্যন্ত এরিক অলডেন, রয় দ্য মাস্ত্র, ম্যুরিয়েল বেলচার প্রমুখ ধনী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বেকন। ৩০ বছর বয়সী ডায়ারের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার সময় বেকনের বয়স ৫৫ এবং এবারই প্রথম বয়সে ছোট কারও প্রতি তিনি আকৃষ্ট হলেন।
১৯৫১ সালে ন্যানি লাইটফুটের মৃত্যুর পর বেকনের মধ্যে জন্ম নেওয়া গভীর একাকিত্ব সম্ভবত প্রশমনের পরিসর খুঁজেছিল ডায়ারের মধ্যে। তাঁর সঙ্গে সম্পর্কের কালে বেকন যথেষ্ট খ্যাতি ও অর্থের অধিকারী হলেও নিষিদ্ধ ও অন্ধকার জগতের প্রতি আসক্ত থেকেই যান। তবে ডায়ারের সঙ্গ তাঁর ছবির জগতে এনে দেয় পরিবর্তন—ভয়াল ও বীভৎসতার পরিবর্তে আসে চারপাশের মানুষের প্রতিকৃতি, যার সিংহভাগজুড়ে থাকেন ডায়ার। প্রায়-অশিক্ষিত ডায়ার এসব ছবি পছন্দ না করলেও বেকনের খ্যাতির সঙ্গে সম্পর্ককে একই সঙ্গে উপভোগ ও ঘৃণা করতেন। বেশির ভাগ সময় থাকতেন পাঁড় মাতাল, বেকনকে বিব্রত করার জন্য তাঁর বন্ধুদের সঙ্গে অশোভন আচরণ করতেন। একবার বেকনের ফ্ল্যাটে মারিজুয়ানা রেখে পুলিশে ফোন করেন আর বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালান। ১৯৭১ সালে প্যারিসে বেকনের পূর্বাপর ছবির বড় মাপের প্রদর্শনীর প্রস্তুতি চলাকালে হোটেলের যে কক্ষে তাঁরা একত্রে ছিলেন, সেখানে অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন ডায়ার। এ ঘটনা বেকনকে নাড়িয়ে দিলেও তিনি আপাতসুস্থির থাকেন, তবে এবারও ডায়ার তাঁর ছবিতে এনে দেন পরিবর্তন। তিনি আঁকেন ডায়ারের মৃত্যু নিয়ে বেশ কিছু একক প্রতিকৃতি আর তাঁর বিখ্যাত ত্রি-চিত্র ‘ব্ল্যাক ট্রিপটিক’। তিনি স্বীকার করেন, এখন তাঁকে পায়ে পায়ে অনুসরণ করছে দুঃস্বপ্ন, বিপর্যয় ও মৃত্যু, ‘ব্ল্যাক ট্রিপটিক’ যেন তাঁর জীবনের ইউমেনিডেস (এসকিলাস-রচিত গ্রিক ট্র্যাজেডি ওরেসটিয়ার শেষ পর্ব)।
বেকনের ছবির বিষয় মূলত একক কোনো রূপ এবং সেটি একটি মঞ্চসদৃশ দৃশ্যপটে অধিষ্ঠিত, সে একক চিত্রই হোক কিংবা ট্রিপটিকই হোক। তিনি নিজেই বলেছেন, তাঁর মাথায় বিষয় কাজ করে তার একক রূপের বিভিন্নতার সিরিজ রূপে। চল্লিশের দশকে তাঁর একাকী মানব মুখাবয়ব, পঞ্চাশের সূচনায় চিৎকৃত পোপরা, এরপরের জন্তু বা মানুষ সবই একক অবয়বে জ্যামিতিক ঘূর্ণমান কোনো সার্কাসের রিঙে যেন আসীন। ষাটের দশক থেকে তিনি ট্রিপটিক বা ত্রি-চিত্রের সমাহারে বিষয় বিবৃত করার দিকে ঝুঁকতে থাকেন। বেকনের এ সময়ের ছবি আমাদের সৌন্দর্য-ধারণার বাইরে বিরাজ করে—তাঁর জগৎ অধিকার করে রাখে বিকট, বীভৎস, ভয়াল মানুষ ও পশুর নির্মম বিকৃত রূপ। ষাটের দশকের শেষ দিক থেকে তাঁর ছবি মূলত বন্ধু ও পরিচিতজনের সহমর্মী ও সংবেদী প্রতিকৃতি এবং যিশুর ক্রুশবিদ্ধের ত্রি-চিত্রের মধ্যেই ঘোরাফেরা করে। ১৯৭১ সালে জর্জ ডায়ারের আত্মহত্যার পর তিনি বন্ধুমহল থেকে নিজেকে সরিয়ে নেন এবং তাঁর ছবি হয়ে ওঠে আত্মভেদী, আত্মকেন্দ্রিক ও মৃত্যুভাবনার নানা সংকেত ও উপাদানে পূর্ণ। এর শ্রেষ্ঠতম প্রকাশ ঘটে ১৯৮৫-৮৬ সালে আঁকা ট্রিপটিক ‘স্টাডি ফর আ সেলফপোর্ট্রেট’ নামের মাস্টারপিসে।
বেকন তাঁর জীবৎকালে তীব্র ধিক্কার ও বিশাল সমাদর—দুটোরই স্বাদ ভালোভাবে পেয়েছেন। মার্গারেট থ্যাচার তাঁর প্রসঙ্গে বলেছেন, ‘দ্যাট ম্যান হু পেইন্টস দৌজ ড্রেডফুল পিকচার্স।’ অন্যদিকে তাঁর জীবদ্দশাতেই তিনি দুবার টেট গ্যালারিতে আর একবার প্যারিসের গ্র্যান্ড পালাইসে আনুপূর্বিক একক প্রদর্শনীর বিরল সুযোগ পেয়েছেন। তবে বেকন ছিলেন bon vivant বা ফুর্তিতে জীবনকে উড়িয়ে দেওয়া প্রকৃতির লোক। প্রশংসা বা নিন্দা কোনো কিছুরই ধার ধারতেন না তিনি।