হাতের ছাপ
(খ্রিষ্টপূর্বাব্দ ৮০০০, আর্জেন্টিনা)এসব হাতের ছাপ পাওয়া গেছে কুভাস দ্য লা মানোতে (কেভ অব দ্য হ্যান্ডস)। আঁকা হয়েছে ১১,০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৭৫০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যে। আর্জেন্টিনার অন্তিম প্লাইস্টোসিন যুগ/হলোসিন যুগের প্রাক্কালে বসবাসরত পশুশিকারিদের—এরা আমেরিকার আদিতম মানবসমাজের একটি—এই গুহাচিত্র ঠিক কোন শিল্প-ঐতিহ্যের অন্তর্ভুক্ত হবে সেটা নির্ধারণ করা মুশকিল। এখানে লাল, কালো ও সাদা রঙের ব্যবহারে কয়েক ডজন হাতের ছাপের একটি পুঞ্জ আঁকা হয়েছে। হাতগুলো সাধারণভাবে গুহার দেয়ালের একটি ফাটলের দিকে নির্দেশ করছে। এখানে বাঁ হাত ও ডান হাত দুটোই দেখানো হয়েছে। অনুমান করা যায়, এগুলোর ভিন্ন ভিন্ন সংস্থানের বিশিষ্ট অর্থ থাকতে পারে। অবশ্য হাতের ছাপ ছাড়াও এখানে কিছু প্রাণী ও শিকারের ছবি পাওয়া যাচ্ছে। যেমন: গুয়ানাকো, শিকারের দৃশ্য, হেঁয়ালিপূর্ণ বিমূর্ত গড়ন। এতে সন্দেহ নেই যে, এসব আঁকা হয়েছে হাতের ছাপের অনেক পরে।ক্ষুদ্র আয়তনের সমাজে পাথরের ওপর এ রকম শিল্পকলার প্রচলন দেখা গেছে। কাজটা করা হতো দুইভাবে: ‘নেগেটিভ হ্যান্ড স্টেনসিল’ আর ‘পজিটিভ হ্যান্ড প্রিন্ট’। হাত রঞ্জিত করে পাথরের দেয়ালে ছাপ দেওয়ার পাশাপাশি আরেকটি পদ্ধতি হলো পাথরে হাত রেখে প্রতিকৃতি অঙ্কন। এ রকম কাজের উদাহরণ পাওয়া যায় আপার-প্যালিওলিথিক যুগে ফ্রান্স ও স্পেনে, অস্ট্রেলীয় আদিবাসী শিল্পে এবং সমগ্র আমেরিকাতেসূত্র: দি টেন থাউজেন্ড ইয়ারস অব আর্টঅনুবাদ: পবন চক্রবর্তী