
সত্তরে পা দিলেন শিল্পী হামিদুজ্জামান খান। সেই উপলক্ষেই গ্যালি কায়ায় এই প্রদর্শনীর আয়োজন। শিরোনাম ‘স্টোন ২’ বা ‘পাথর-২’।
বয়সের হিসেবে সত্তর নেহাত কম নয়, তাই এই বয়সের কাজগুলো একটা প্রদর্শনীর ফ্রেমে বন্দী করা যায় না, বরং ব্যাপৃত হয় শিল্পীর জীবনজুড়ে। হামিদুজ্জামান খান ভাস্কর হিসেবে পরিচিত হলেও তাঁর অন্যান্য মাধ্যমের কাজগুলোও কম গুরুত্বপূর্ণ নয়।
জলরঙে তাঁর মুনশিয়ানা, ড্রয়িং ও স্থাপনায় চমক—সর্বোপরি একজন প্রাজ্ঞ ও দক্ষ শিল্পীর প্রতিচ্ছবি।
ভাস্কর্যের নানা মাধ্যমে তাঁর পদচারণ ও নিরীক্ষা আমাদের শিল্পকলার ইতিহাসকে সজ্জিত করেছে।
হামিদুজ্জামান ভাস্কর হিসেবে যখন ভাস্কর্যকে দেখেন, তখন পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গেও মিলিয়ে নেন। ফলে তাঁর কাজের স্থাপনাও একটি গুরুত্বপূর্ণ অংশ। নব্বইয়ের দশক থেকে এই শতাব্দীর প্রথম দশকে আমরা তাঁর প্রদর্শনী ও কাজে পরিবেশ সৃষ্টির কৌশলগুলোর প্রাধান্য লক্ষ করি। এর মধ্যে ‘উড়িরচর’ বা ‘একাত্তরের গণহত্যা’ উল্লেখযোগ্য।
ভাস্কর জীবনের শুরুর দিকে তিনি প্রাধান্য দিতেন দেহ অবয়বকে। পরে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ঝুঁকে পড়েন বিশুদ্ধ বিমূর্ত ফর্মের দিকে। এরপর নানা মাধ্যমে তাঁর দক্ষতা প্রতিভাত হলো নতুন নতুন ব্যঞ্জনায়।
হামিদুজ্জামানের শিল্প প্রকাশের ভাষা নানা বাঁকে পরিপূর্ণ। এই বাঁকগুলো পর্যালোচনা করতে গিয়ে প্রথমদিকে মনে হতো তিনি হয়তো দ্বিধান্বিত। কিন্তু তাঁর পথপরিক্রমাকে আজকে যখন আমরা এক ক্যানভাসে নিয়ে আসি, দেখি এরা যেন একটা গল্প, যা লেখা হয়েছে আকারের বিবর্তনের পথপরিক্রমা নিয়ে।
হামিদুজ্জামান খান শিল্পী হতে চেয়েছিলেন, তবে ভাস্কর্যকে তাঁর প্রধান মাধ্যম হয়তো করতেন না, যদি না দুর্ঘটনায় আহত হয়ে মার্কিন মুলুকে যেতেন চিকিৎসার জন্য। কিন্তু এই দুর্ঘটনা আমাদের জন্য এবং শিল্পীর জন্য খুলে দেয় নতুন দরজা। আর তিনি হয়ে ওঠেন একজন বহুমাত্রিক শিল্পী। তবে তাঁর কাজে আমাদের ঐতিহ্যের কোনো অনুপ্রেরণা খুঁজে পাওয়া দুষ্কর। বরং আমরা তাঁকে পাই একজন আন্তর্জাতিক ভাষার প্রতিনিধি হিসেবে। তবে তিনি একজন পরিপূর্ণ শিল্পী। বারবার বিশ্বকে দেখতে চেয়েছেন শিশুর সরলতায়। এই সরলতার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর দক্ষতা, যা ব্যাপৃত ধাতু, কাঠ, পাথর, সিমেন্ট, মাটিসহ আশপাশের সব উপাদানে। বাংলাদেশের ভাস্কর্যে আধুনিক ব্রোঞ্জ ঢালাইয়ে তিনিই পথিকৃৎ।
এবার আমরা আসি বর্তমান প্রদর্শনীটির আলোচনায়। প্রদর্শনীর শিরোনাম দেখলে আমাদের সবারই মনে হবে প্রদর্শনীটি বোধ হয় শুধু পাথুরে ভাস্কর্যে সাজানো কিন্তু প্রবেশমুখেই দেখতে পাই একটি বিশাল পেইন্টিং। তারপর নানা কামরায় সাজানো আছে জলরং আর পাথরের ভাস্কর্য তো আছেই।
পাথরে তাঁর দক্ষতা সেভাবেই চমকে দেয় যেমন তাঁর প্রথম দিকের ব্রোঞ্জ ঢালাই চমকে দিয়েছিল আমাদের। কখনো মসৃণ কখনো অমসৃণ করে ব্যবহার করেছেন পাথরকে।
আবার দুটি ভিন্ন রং ও বুনটের পাথরকে এমনভাবে জোড়া লাগিয়েছেন যেন একটি ত্রিমাত্রিক পেইন্টিং।
‘পাথর-১০’ শীর্ষক কাজটি যখন দেখি, অনুভব করি, রেখার সমন্বয়ে কীভাবে দৃশ্য রচনা করেন তিনি। কাজটিতে দেখতে পাই একাধারে মসৃণ-অমসৃণ তলের সমন্বয়, পাশাপাশি মনুমেন্টাল উচ্চতা।
আবার ‘পাথর-২’ কাজটি তৈরি হয়েছে দুটি ভিন্ন পাথরকে জোড়া দিয়ে, আকার-আকৃতিতে যারা একে অপরের পরিপূরক, ঠিক যেন দুই যুগল। তাঁর এই জোড়া দেওয়ার কৌশল আপাতদৃষ্টিতে গ্রিক পেট্রাডোরার কৌশলের সঙ্গে তুল্য মনে হলেও এরা ঠিক পেট্রাডোরার মতো ইনলে পদ্ধতিতে গড়ে ওঠেনি। একইভাবে এর মধ্যে আছে একধরনের গৃহী আনুভূমিকতা।
আকার তো আকারই, তাদের কাউকে মনে হয় বক্ষ, কাউকে শিং অথবা চোঙা। শিল্পকল্পনার ভার দর্শকের ওপর ছেড়ে দিয়েছেন হামিদুজ্জামান। নিবিষ্ট মনে গড়েছেন আকার। এটি মনে হবে ‘পাথর-৩’, ‘পাথর-৪’, ৬ ও ৭ দেখে।
এই প্রদর্শনীর আরও একটি কাজ নিয়ে আলোচনা না করলেই নয়। নব্বইয়ের দশকে লা-গ্যালারি নামে একটি চিত্রশালা ছিল বনানীতে, সেখানে হামিদুজ্জামানের একটি প্রদর্শনী হয়েছিল, যেখানে আমরা দেখি মেঝেতে অনেক শুকনো পাতা, তার মধ্যে ধাতব ভাস্কর্য। সব মিলিয়ে একটা অনন্যসাধারণ অনুভূতি হয়েছিল দর্শকের। তারই সামান্য প্রতিনিধিত্ব দেখলাম আলোচ্য প্রদর্শনীতে, যেখানে একটি পাথুরে ভাস্কর্যকে তিনি সাজিয়েছেন অনুরূপভাবে। ৫৩টি কাজ নিয়ে ৪ মার্চ শুরু হওয়া এ আয়োজন শেষ হয়েছে ১৮ মে।