হারবিনের বরফ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ধাঁধানো সব অট্টালিকা। সমীহ জাগানো স্থাপত্য। মোহনীয় আলোকসজ্জা। ধরতে গেলেই স্রেফ জমে যাবেন! জমে যাবেন বিস্ময়ে নয়, ঠান্ডায়। কারণ, স্থাপত্যগুলো তৈরি বরফ কিংবা তুষার দিয়ে! চীনের উত্তর-পূর্বাঞ্চলের শহর হারবিনে গেলে দেখা মিলবে এমন শীতল-স্থাপত্য। প্রতিবছর জানুয়ারির ৫ তারিখ থেকে হারবিনে বসে হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল। চলে ফেব্রুয়ারি নাগাদ। উৎসবের গোড়াপত্তন হয়েছিল ১৯৬৩ সালে। তবে টানা আয়োজিত হচ্ছে ১৯৮৫ সাল থেকে। এ বছর চলছে বরফ-স্থাপত্যের জমজমাট এই উৎসবের ২৯তম আসর।সাইবেরিয়ার খুব কাছেই ‘বরফ-শহর’ হারবিন। তাই গ্রীষ্মে সেখানকার গড় তাপমাত্রা থাকে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মাইনাস ১৬ দশমিক ৮ থাকে শীতকালে। বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর হারবিন শহরের পাশ দিয়ে বয়ে গেছে সোংহুয়া নদী। সব মিলিয়ে বরফ আর তুষার দিয়ে উৎসব করার মতো যোগ্য শহরই বটে চীনের হারবিন।উৎসবে থাকা নানা আয়োজন। তার মধ্যে প্রধান আকর্ষণ হলো বরফের অট্টালিকা আর স্থাপত্যগুলো। এ ছাড়া থাকে তুষার দিয়ে গড়া পৌরাণিক সব চরিত্র, বিভিন্ন প্রাণীর অবয়ব কিংবা প্রাচীন প্রাসাদ। সোংহুয়া নদী থেকে দুই-তিন ফুট চওড়া বরফের চাঁই এনে তৈরি করা হয় অট্টালিকাগুলো। বরফ কাটতে ব্যবহূত হয় বিশেষ বিশেষ বাটালি, কুঠার ও করাত। আর বরফগুলো আলোকভেদী করার জন্য শিল্পীরা ব্যবহার করেন বিশুদ্ধ পানি। অট্টালিকাগুলো দাঁড়িয়ে গেলে সাজানো হয় বর্ণিল আলো দিয়ে। ব্যবহার করা হয় লেজার।হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যালে থাকে কয়েকটি বিভাগ। একেকটি বিভাগে চলে একেক রকম ‘শীতল প্রদর্শন’। যেমন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে গেলে দেখা মেলে দুনিয়ার সবচেয়ে বড় ও মজার মজার সব বরফ-ভাস্কর্য। ঝাওলিন পার্কে গেলে চোখ জুড়াবে বরফের বিচিত্র লণ্ঠন দেখে। তুষারের অন্য রূপ চোখে পড়ে সান আইল্যান্ড সিনিক এরিয়ায়। তুষার-জাদুঘরও আছে সেখানে!উইকিপিডিয়া ও ট্রাভেল চায়না অবলম্বনে