হারানো পাণ্ডুলিপি
বিশ্বসাহিত্যের আদি থেকে আধুনিক যুগ—কালের এই সুদীর্ঘ পথযাত্রায় অনেক কালজয়ী শব্দশিল্পীর মহান সৃষ্টি প্রকাশিত হওয়ার আগেই খোয়া গেছে। হারিয়ে যাওয়ায়, প্রকাশ না পাওয়ায় অথবা সংরক্ষণ না করায় এসব পাণ্ডুলিপি মহাকালের গর্ভে হারিয়ে গেছে। সেসব লেখা আর কোনদিনই কেউ পড়তে পারবে না। হোমার, শেক্সপীয়র, জেন অস্টেন থেকে আর্নেস্ট হেমিংওয়ে—এদের লেখা মহাকাব্য, উপন্যাস, ছোটগল্প ও অন্যান্য সাহিত্যকর্মের পাণ্ডলিপিও এই তালিকায় রয়েছে। ধারণা করা হয়, প্রকাশিত হলে সেগুলোও কালজয়ী সৃষ্টি হিসেবে বিশ্বসাহিত্যে প্রোজ্জল থাকতো। খোয়া যাওয়া তেমনই কয়েকটি বইহোমারের মহাকাব্য মারজিটেসভুবনবিখ্যাত পৌরানিক মহাকাব্য ইলিয়াড ও ওডিসি লেখার আগে খ্রীস্টপূর্ব ৭০০ অব্দে হোমার লিখেছিলেন কমেডি ঘরানার মহাকাব্য মারজিটেস। প্লেটোর অ্যালকিবিয়াডেস এবং অ্যারিস্টটলের নিকোমাচিন এথিকস থেকে জানা যায়, মহাকাব্যের বোকাসোকা ও অপদার্থ গোছের কেন্দ্রীয় চরিত্র যুবক মারজিসের নামে হোমার মহাকাব্যটির নামকরণ করেছিলেন। অ্যারিস্টটল ও প্লেটোর লেখায় মারজিটেসের উল্লেখ থাকলেও দুর্ভাগ্যের বিষয় হলো এই মহাকাব্যটির কোনও পাণ্ডুলিপি পাওয়া যায়নি। এই মহাকাব্য সম্পর্কে অ্যারিস্টটল তাঁর অন দ্য আর্ট অব পোয়েট্রিতে লিখেছেন, ‘কমেডি বলতে যা বোঝায় মারজিটেসের মাধ্যমে সর্বপ্রথম হোমারই তার দিকনির্দেশনা দিয়েছিলেন। ট্র্যাজেডি ফর্মের সঙ্গে ইলিয়াড ও ওডিসির যে সম্পর্ক কমেডির সঙ্গে মারজিটাসের ঠিক একই ধরণের সম্পর্ক রয়েছে।’ উইলিয়াম শেক্সপীয়রের নাটক কার্ডেনিয়কার্ডেনিয়কে শেক্সপীয়রের স্বতঃস্ফূর্ততার হোলি গ্রেইল (শেষ নৈশভোজে যীশু যে পাত্র ব্যবহার করেছিলেন এবং যেটিতে জনৈক শিষ্য ক্রুশবিদ্ধ যীশুর রক্তবিন্দু ধারণ করেছিলেন ) হিসেবে অভিহিত করা হয়। ঐতিহাসিক তথ্যমতে, ১৬১৩ সালে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা প্রথম জেমস এর সম্মানে শেক্সপীয়র তাঁর নাট্যদল কিং’স মেন দিয়ে নাটকটি মঞ্চস্থ করেছিলেন। তবে দুর্ভাগ্যক্রমে নাটকটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি। ২০০৯ সালে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় লেখা এক প্রবন্ধে ঔপন্যাসিক স্টিফেন মারশে নাটকটিকে শেক্সপীয়রের অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, আজ যদি কার্ডেনিয় থাকতো সেটি তুলনামূলক সাহিত্যের বর্তমান ধারণাকে পুনঃসংজ্ঞায়িত করতো। জেন অস্টেনের উপন্যাস স্যান্ডিশন১৮১৭ সালের ১৮ জুলাই ৪২ বছর বয়সে জেন অস্টেন মারা যান। মৃত্যুর পর তাঁর বাড়িতে পাওয়া যায় তাঁর লেখা একটি অসমাপ্ত উপন্যাসের ১১টি অধ্যায়। এ উপন্যাসে দেখা যায় সাগর উপকূলের ছোট্ট শহর স্যান্ডিশনে কেন্দ্রীয় চরিত্র শার্লট হেইউড বেড়াতে আসেন। তাঁর বেড়ানোর মুহূর্তগুলোর বর্ণনার মধ্য দিয়ে কাহিনী এগুতে থাকে। সঙ্গে আরও কয়েকটি চরিত্র ও ঘটনা বিকশিত হতে থাকে। কিন্তু গল্পের পরিনতির অংশটুকুই নেই। বহু লেখক এই উপন্যাসকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কারও লেখাকেই সমালোচকেরা জেন অস্টেনের মেজাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন নি। ১৯৭৫ সালে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে স্যান্ডিশন সম্পর্কে লিখেছে, জেন অস্টেনের এই অসমাপ্ত উপন্যাস তাঁর উত্তরসূরী লেখকদের আজন্ম এক অতৃপ্ত প্রলোভনে আচ্ছন্ন করে রাখবে। আর্নেস্ট হেমিংওয়ের পাণ্ডুলিপি হেমিংওয়ের প্রথম স্ত্রী (হেমিংওয়ের চার স্ত্রী ছিলেন) হ্যাডলি হেমিংওয়ে ১৯২২ সালে একটা স্যুটকেসে স্বামীর লেখা বেশ কয়েকটি ছোটগল্প ও একটি অসমাপ্ত উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে প্যারিস থেকে সুইজারল্যান্ডের লসানে শহরের উদ্দেশে রওনা হন। লসানে শহরে অবস্থানরত হেমিংওয়ের কাছে যাচ্ছিলেন তিনি। ট্রেনে যাওয়ার সময় অমূল্য এই পান্ডুলিপিগুলোসহ স্যুটকেসটি চুরি হয়ে যায়। এই ক্ষতির কথা জীবনের শেষদিন পর্যন্ত হেমিংওয়ে ভুলতে পারেন নি। একবার তিনি আক্ষেপ করে বলেছিলেন, এমন কোন অস্ত্রোপচার করে যদি পাণ্ডুলিপিগুলোর কথা মাথা থেকে সরিয়ে ফেলা যেত, তাহলে তিনি তাই করতেন। দ্য বুক অব লস্ট বুকস্ গ্রন্থের লেখক স্টুয়ার্ট কেলির দেওয়া তথ্যমতে, হেমিংওয়ে যখন অতিমাত্রায় মদ্যপান করতেন তখন বেসামাল হয়ে বলতেন, পাণ্ডুলিপিগুলো হারিয়ে ফেলার কারণেই তিনি হ্যাডলিকে তালাক দিয়েছিলেন। স্টুয়ার্ট কেলি বলেছেন, গল্পগুলো ও উপন্যাসটি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লিখেছিলেন হেমিংওয়ে। সিলভিয়া প্লাথের উপন্যাস১৯৬২ সালে সিলভিয়া প্লাথ একটি নতুন উপন্যাস লেখা শুরু করেন। আগে থেকেই তিনি সেটির নাম ডাবল এক্সপোজার অথবা ডাবল টেক রাখবেন বলে ঠিক করেন। কিন্তু ১৩০ পৃষ্ঠা পর্যন্ত লেখার পর হঠাৎ তিনি ১৯৬৩ সালের ১১ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্বামী কবি টেড হিউজ সিলভিয়ার সম্পত্তি ও রচনাবলীর স্বত্ত্ব লাভ করেন। ১৯৯৫ সালে প্যারিস রিভিউতে সাক্ষাৎকার দিতে গেলে সেখানে টেডকে সিলভিয়ার অসমাপ্ত সেই উপন্যাসের পাণ্ডুলিপি কোথায় তা জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, পাণ্ডুিলিপি ঘরেই ছিল। পরে তা তিনি খুঁজে পাননি। তাঁর ধারণা সিলভিয়ার মা এসে তা চুরি করে নিয়ে গেছেন। জুডিথ ক্রল নামের একজন সাহিত্য সমালোচক বলেছেন, সিলভিয়ার জীবদ্দশায় তিনি নিজের চোখে পাণ্ডুলিপিটি দেখেছেন। তিনি বলেছেন, শেষের দিকে টেড এবং সিলভিয়ার দাম্পত্য জীবন বিষিয়ে উঠেছিল। তাঁর ধারণা, উপন্যাসটি ছিল আত্মজীবনীমূলক। এতে এমন কোন তথ্য ছিল যা টেডের জন্য বিব্রতকর ছিল। এ কারণে টেড তা নষ্ট করে ফেলেন। জুডিথ ক্রল বলেছেন, টেড হিউজ প্যারিস রিভিউর কাছে স্বীকার করেছিলেন, সিলভিয়ার মৃত্যুর একমাস আগে তাঁর লেখা একটি গদ্য তিনি পুড়িয়ে ফেলেছিলেন। কারণ হিসেবে বলেছেন, লেখাটিতে তাঁদের ব্যক্তিগত এমন সব বিষয়ের বর্ণনা ছিল যা তাঁদের ছেলেমেয়ের জন্য দুর্ভোগ বয়ে আনতে পারতো। সারফুদ্দিন আহমেদসূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন