পথশিশু ও হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করে অপরাজেয় বাংলাদেশ। তারপর আশ্রয়, পড়াশোনাসহ নানাবিধ সুযোগ করে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় তাদের। প্রতিষ্ঠানটি ঘুরে এসে তাদের কার্যক্রমের কথা জানাচ্ছেন রোকেয়া রোহিঙ্গা সম্প্রদায়ের মেয়ে। জন্ম মিয়ানমারে। বেশ কয়েক বছর আগে, যখন সে ছোট, একরাতে মানসিক ভারসাম্যহীন মায়ের হাত ধরে মিয়ানমার থেকে চোরাপথে এসেছিল বাংলাদেশে। রোকেয়ার মা জানতেন, তাঁর দুই মেয়ে কাজ করে মধ্যপ্রাচ্যে। তিনিও রোকেয়াকে নিয়ে বাংলাদেশে এসে যাবেন মধ্যপ্রাচ্যে। বাংলাদেশে এ-ঘাট ও-ঘাট ঘুরে তাঁরা থিতু হন ঢাকায়। মধ্যপ্রাচ্যে যাওয়ার খরচ জোগাড়ের জন্য ছোট রোকেয়াকে নিয়ে ঢাকার রাস্তায় ভিক্ষা শুরু করেন তিনি। কিন্তু এভাবে কি আর মধ্যপ্রাচ্যে যাওয়ার খরচ জোগাড় সম্ভব! উল্টো মেয়ে রোকেয়াকেই তিনি হারিয়ে ফেললেন।অচেনা ঢাকা শহরে ছোট্ট রোকেয়া তখন পথশিশু, পথে পথে ঘোরে। সে বাংলা ভাষা জানত না, তাই কথাও বলতে পারত না কারও সঙ্গে। এ কারণে সে সময় তাকে পথের মানুষেরা চিনত ‘বোবা মেয়ে’ নামে। এসব দূর অতীতের নয়, ২০০৪ সালের কথা। পরে ২০০৫ সালে রোকেয়া পেল ভালোভাবে বাঁচা ও খাওয়া-পরার জন্য নিরাপদ এক আশ্রয়। প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখাও শুরু হলো তার। আর ২০১৩ সালে সেই রোকেয়ার বয়স ১৫ বছর। মিরপুরে ইউসেফ টেকনিক্যাল স্কুলে ইলেকট্রিক্যাল বিষয়ের ওপর কারিগরি প্রশিক্ষণ নিয়ে এখন সে দেখছে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। রোকেয়াকে পথ থেকে উদ্ধার করে আশ্রয় দিয়ে, লালন ও পরিচর্যার মাধ্যমে নতুনভাবে আবার জীবনের স্বপ্ন দেখিয়েছে একটি বেসরকারি সংস্থা—অপরাজেয় বাংলাদেশ।রোকেয়ার মতো আরও অনেক পথশিশুর আশ্রয় এখন এই প্রতিষ্ঠানে। এখানে তারা শুধু মাথা গোঁজার ঠাঁই ও শিক্ষাদীক্ষাই নয়, পায় মৌলিক অধিকার নিয়ে মানুষ হিসেবে বেঁচে থাকার নিশ্চয়তা। বিভিন্ন কারণে যেসব পথশিশু আশ্রয়হীন হয়ে পড়ে, মূলত তাদের উন্নয়নেই কাজ করে অপরাজেয় বাংলাদেশ। সম্প্রতি রানু নামের ১৩ বছর বয়সী হারিয়ে যাওয়া এক কিশোরীকে নারায়ণগঞ্জে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিয়ে খবরের শিরোনাম হয়েছে প্রতিষ্ঠানটি। আর সেই সূত্রেই নতুন করে আলোয় এসেছে রোকেয়ার মতো অসংখ্য ভাগ্যাহত শিশুর জীবনের গল্প।অপরাজেয় বাংলাদেশ নামের যে প্রতিষ্ঠানে রোকেয়ারা দিনে দিনে বড় হচ্ছে, ঢাকার মোহাম্মদপুরের ৩/২০ হুমায়ুন রোডে তার প্রধান কার্যালয়ে ঢুকতেই দেখা গেল বড় ফ্রেমে বাঁধানো শিশুতোষ হাতে আঁকা বেশ কয়েকটি ছবি। এই ছবিগুলোর শিল্পী নাজমা বয়াতি। ছিন্নমূল শিশু হিসেবে তিনিও একদিন এ সংস্থায় আশ্রয় নিয়েছিলেন। শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ার পর এখন দুবাইয়ে একটি বিউটি পারলারে কাজ করছেন—যেন জাদুর ছোঁয়ায় বদলে গেছে তাঁর জীবন!পথশিশুদের জীবন বদলে দেওয়ার এ সংগ্রাম অপরাজেয় বাংলাদেশ শুরু করেছিল ১৯৯৫ সালে। তবে পথশিশুদের নিয়ে বাংলাদেশে এ ধরনের কার্যক্রম প্রথম শুরু হয় ১৯৭৪ সালে, সুইজারল্যান্ডভিত্তিক টেরিডেজ হোমসের মাধ্যমে। তখন তারা ঢাকা ও কুড়িগ্রামে কাজ করত। ১৯৯৪ সালে সংস্থাটি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর টেরিডেজ হোমসের ঢাকা অঞ্চলটি ‘অপরাজেয় বাংলাদেশ’ নামে নতুন সংস্থায় রূপান্তরিত হয়।সমাজসেবা অধিদপ্তর, টেরিডেজ হোমস, ইউনিসেফ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বস্তির সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে নানা রকম কাজ করে অপরাজেয় বাংলাদেশ। এর মধ্যে প্রধান কর্মসূচি হলো শিশুদের পুনর্বাসন, রক্ষণাবেক্ষণ ও শিশুর মতামত সাপেক্ষে তাকে পরিবারের কাছে হস্তান্তর। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগীয় শহরগুলো ছাড়াও জামালপুরে কাজ করছে এ প্রতিষ্ঠান। এসব এলাকায় রয়েছে তাদের একাধিক পুনর্বাসনকেন্দ্র, তাদের ভাষায় যা ‘ড্রপ ইন সেন্টার’ নামে পরিচিত। এই ড্রপ ইন সেন্টারের মধ্যেও আছে আবার রকমফের—এর কোনোটা আবাসিক, কোনোটা অনাবাসিক। অনাবাসিক কেন্দ্রের মধ্যে ‘ওপেন ইয়ার স্ট্রিট স্কুল’-এ প্রতিদিন তিন ঘণ্টা ও ‘চাইল্ড ফ্রেন্ডলি স্পেস’-এ আট ঘণ্টা করে শিশুদের নানামুখী শিক্ষা দেওয়া হয়। এমনকি পড়ালেখায় দুর্বল শিশুদের জন্য কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে।অন্যদিকে, আবাসিক পুনর্বাসনকেন্দ্রকে এরা বলে ‘শেল্টার’। সাধারণত শেল্টারে স্থান পায় এমন শিশুরা, যারা বিপদগ্রস্ত এবং পরিবারকে পুরোপুরি হারিয়ে ফেলেছে; যাদের আসলেই কোনো আশ্রয় নেই। এখানে মূলত ছয় থেকে আট বছর বয়সী শিশুদের পুনর্বাসিত করা হয় এবং তারা থাকে ১৮ বছর পর্যন্ত। এই সময়ের মধ্যে সবাইকে প্রাতিষ্ঠানিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি দেওয়া হয় বিভিন্ন কারিগরি শিক্ষা। এ ছাড়া মানসিক উৎকর্ষ গঠনের জন্য আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড—নাচ, গান, নাটক, ছবি আঁকাসহ দাবা, ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলাধুলার নিয়মিত চর্চা।এর প্রমাণও পাওয়া গেল হাতেনাতে। মেয়েশিশুদের পুনর্বাসনের জন্য ঢাকার ফার্মগেট এলাকায় অপরাজেয় বাংলাদেশের একটি কেন্দ্র আছে। সেখানে গিয়ে দেখা গেল বর্ণিল এক চিত্র। ছোট ছোট দলে ভাগ হয়ে মেয়েদের কেউ পড়ালেখা করছে, কারও মন সেলাইয়ের কাজে, কেউ আবার একমনে ছবি আঁকছে।তাদেরই একজন ভোলার বিবি আয়েশা। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। ‘বড় হয়ে ভালো শিক্ষক হব।’ নিজের জীবনের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ছোট আয়েশা আরও বলল, ‘অপরাজেয় বাংলাদেশ আমাকে বাঁচিয়ে তুলেছে। শিক্ষক হয়ে আমিও তাই আমার মতো অনেক শিশুকে বাঁচাতে চাই।’ময়না নামের আরেক শিশু পুনর্বাসনকেন্দ্রে বসবাস করেই ২০০৯ সালে জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। ছবি আঁকাতেও পেয়েছে এ রকম আরও অনেক পুরস্কার।তবে কেবল নারী নয়, এখান থেকে পরিচর্যা পেয়ে নতুন দিনের স্বপ্ন এঁকে চলেছে অসংখ্য ছেলেও। তাদের কেউ কেউ এখন মিরপুরে ‘স্বাবলম্বী’ নামে মুদি, ফাস্টফুড ও দর্জির দোকান চালাচ্ছে, কেউ বা ভিন্ন কোনো পেশায় হেঁটে চলেছে অপরাজেয় জীবনের দিকে।