হারিয়ে যাওয়ার গল্প
আলোকচিত্রগুলোর সব কটিতেই হারিয়ে যাওয়ার নানা বৃত্তান্ত—কখনো মানুষ হারিয়ে যাচ্ছে, কখনো বা মানুষের হাসিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো আলোকচিত্রে আবার দেখা যায়, বিভিন্ন পারিপার্শ্বিক চাপের মুখে আমাদের জীবনযাপন-পদ্ধতিই আমাদের কাছ থেকে আমূল বদলে গেছে। আলোকচিত্রী মারুফ হাসানের আলোকচিত্রগুলোতে এই বদলে যাওয়া ও হারিয়ে যাওয়ার ব্যাপারটি খুব বিশদ করে ধরা আছে বলেই বোধহয় তাঁর দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম ‘লস্ট’।মোট ২০টি আলোকচিত্রের ওপর চোখ বোলাতেই হারিয়ে যাওয়া জীবনচিত্র আমাদের স্মৃতিতে ফিরে আসে। ‘লস্ট ইন অ্যা মেট্রো’ নামে একটি ছবিতে দেখা যায়, ওপর থেকে নিচে রাস্তার ওপর চলমান গাড়ি ও রিকশার ওপর ক্যামেরা তাক করা হয়েছে। ছবিতে ফুটে উঠেছে রিকশার হুডের উপরিতল কিংবা রং-বেরঙের গাড়ির মসৃণ ছাদ। গল্প এখানেই ফুরায়। এই আলোকচিত্র কোনো প্রকার ভাষ্যই আমাদের জানায় না। তবু ক্যামেরার ভাষায় এখানে যা কিছু ব্যক্ত হয়, সেখান থেকে আমরা আমাদের আকাঙ্ক্ষার নগরকে হারিয়ে যেতে দেখি। প্রান্তিক মানুষজন, যাঁরা নগরে এসে একসময় হারিয়ে ফেলেন তাঁদের চেনাজানা জীবন—সেই মানুষদের অস্তিত্বও এই আলোকচিত্রের মধ্যে টের পাওয়া যায়। প্রদর্শনীর আরেকটি আলোকচিত্র ‘আফটার গ্লো’। এখানে ক্যামেরা ফোকাস করা হয়েছে সূর্যাস্তের ওপর। আর তার মধ্যে ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে (চলতি বাংলায় যাকে নছিমন বলা হয়) বসে আছে কয়েকজন। তাদের মুখগুলো ছবিতে স্পষ্ট হয়ে ওঠে না; বরং আলোকচিত্রী ক্যামেরার আলোছায়ার খেলায় তাদের এখানে কালো আবরণে ঢেকে রেখেছেন। এতে তাঁর হারিয়ে যাওয়ার বৃত্তান্ত বেশ জমে ওঠে। আলোকচিত্রী মারুফ হাসানের প্রদর্শনীর ছবিগুলোতে একটি ঐক্য আছে। এসব ছবির মধ্য দিয়ে তিনি আমাদের দেশের গ্রাম ও নগরের সামাজিক ভারসাম্যহীনতা তুলে ধরেন। ভারসাম্যহীনতার ফাঁপরে পড়ে অনেক কিছু হারিয়ে যাওয়ার গল্পও বলে চলেন একই সঙ্গে।৭ জানুয়ারি আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হয়। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।