হার্লেমের বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে আড়াই দশক ধরে আছি, অথচ হার্লেমে এসেছি হাতে গোনা কয়েকবার। ম্যানহাটনের পশ্চিম ভাগে, আপার ওয়েস্ট সাইড ঘেঁষে একটি অংশজুড়ে এই উপশহর। একসময় হার্লেমের পরিচয় ছিল কালো মানুষদের ‘ঘেটো’ হিসেবে। টম উলফের বিখ্যাত উপন্যাস বনফায়ার অব ভ্যানিটিস, যা পরে ব্রায়ান দে পালমা ফিল্ম বানিয়েছিলেন, তাতে হার্লেম ও দক্ষিণ ব্রঙ্কস—এই দুই উপশহরের যে ছবি রয়েছে, তা নিউইয়র্কের কালো মানুষদের ‘ঘেটো’র ব্যাপারে আমাদের ভীতিকে আরও বদ্ধমূল করেছে। সময় বদলেছে, শহরের মানচিত্র বদলেছে, কিন্তু হার্লেম নিয়ে আমাদের মাথার ভেতরে যে বর্ণবাদী ছবিটি আঁকা আছে, তা কিন্তু পুরোপুরি বদলায়নি। সেই হার্লেমের সমবার্গ সেন্টারে গত ছয় এপ্রিল এক অনুষ্ঠানে এসে আমি হতবাক। হলভর্তি মানুষ, অধিকাংশই কালো আফ্রিকান-আমেরিকান। কিন্তু না, কালো মানুষ হলেও এরা সবাই বাঙালি। এখন থেকে এক শ-সোয়া শ বছর আগে বাংলাদেশের ও পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে যেসব নাবিক অথবা অন্যান্য পেশার মানুষ, যারা এ দেশে এসে থেকে গেছেন, এঁরা তাঁদেরই বংশধর। একাত্তর-পরবর্তী বাঙালিরা আমেরিকায় এসেছে দলে দলে, বসতি গড়েছে মুখ্যত বাঙালি পাড়ায়, তাদের ওঠা-বসা মোটের ওপর নিজেদের ভেতরেই। কিন্তু আমি বলছি এমন এক সময়ের কথা, যখন সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম বা সন্দ্বীপ থেকে আসা দলছুট মানুষ যে যেখানে পারে আশ্রয় নিয়েছে। ফিলাডেলফিয়া, বালটিমোর বা নিউ অরলিন্সের সমুদ্রবন্দর পেরিয়ে ঢুকে পড়েছে জনারণ্যে। অনেক পথ ঘুরে অবশেষে এসে হাজির হয়েছে মহানগর নিউইয়র্কে। পঞ্চাশ বা সত্তর বছর আগে আমেরিকা ছিল সাদা ও কালোয় বিভক্ত এক দেশ। বাঙালিরাও কালো মানুষ, এই শহরের সাদা মানুষ তাদের স্বাগত জানাবে, তার সম্ভাবনা খুবই কম। ফলে সেই সব কালো মানুষ আশ্রয় পায় অন্য কালো মানুষের কাছে। কেউ ছোটখাটো দোকানদারিতে ভিড়ে যায়, কেউ কেউ গড়ে তোলে নিজের ব্যবসা। স্থানীয় কালোদের সঙ্গে মিলেমিশে তারা গড়ে তোলে নিজেদের জগৎ। হয় প্রেম, হয় বিবাহ। এখন দুই বা তিন প্রজন্ম পরে, সেই প্রথম আসা বহিরাগত বাঙালিদের আর কেউ বেঁচে নেই। রয়ে গেছে তাদের ছেলেমেয়ে, অথবা তারও পরবর্তী প্রজন্ম। ঠিক বাঙালি বলতে যা বুঝি—চেহারায়, ভাষায়, সাংস্কৃতিক আত্মপরিচয়ে এদের ভেতর হঠাৎ করে বাঙালি হিসেবে সেসবের কিছু খোঁজ পাওয়া মুশকিল। তার পরেও এরা বাঙালি। বুকের ভেতর পুষে রাখা পিতা বা পিতামহের যে ছবিটি ঝোলানো রয়েছে, তার পুরোটাই বাঙালি। কারও কারও নামে সে পরিচয় এখনো ধরা আছে। বিবেক বলড নামের এক ভারতীয় বংশোদ্ভূত লেখক ও অধ্যাপক সম্প্রতি বেঙ্গলি হার্লেম নামের একটি গ্রন্থে এসব বাঙালির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। সেই বইয়ের সূত্র ধরেই আমরা জানলাম পূর্ব ও পশ্চিম বাংলার বাঙালিরা ১৮৮০ সালের দিকে ইংল্যান্ড হয়ে আমেরিকায় আসতেন হাতে বোনা নানা জিনিসপত্র বিক্রি করতে। তাঁদের পরিচয় ছিল ফেরিওয়ালা। সেসব ফেরিওয়ালার কেউ কেউ দেশে ফিরে গেছেন, কিন্তু অধিকাংশই রয়ে গেছেন। নাবিক হিসেবে আসা অনেক বাঙালিও ‘জাহাজ লাফিয়ে’ ঢুকে পড়েন জনারণ্যে। সমবার্গ সেন্টারে যাঁরা উপস্থিত, তাঁদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন গল্প, কিন্তু তার সুতা এক জায়গায় বাঁধা। পিতা বাঙালি, অন্য আর কিছু না হোক নিজের নামটি দিয়ে গেছেন। সেসব নামের মার্কিনকরণ হয়েছে, কিন্তু তার পরেও বোঝা যায় সেসবের উদ্ভব কোথা থেকে। অনেকের পদবি আলী, মিয়া বা মোল্লা। সেসব নামের বানানভেদ আছে, ছাপার অক্ষরে দেখে বোঝা কঠিন আসল নাম কী। কালো মানুষের পাড়ায়, কালো মানুষদের সঙ্গে তারা থেকেছে। সাংস্কৃতিক অভিজ্ঞতার প্রায় পুরোটাই আফ্রিকান-আমেরিকানদের। এমনকি ধর্মাচারেও। ক্যারল উল্লাহ তাঁর পিতার কথা বললেন। শখ করে মেয়ের নাম রেখেছিলেন জয়নাব সাকিনা। সাউথ ক্যারোলাইনায় মুসলমান নাম নিয়ে চলাফেরা অসম্ভব ছিল। ফলে ক্যারল তাঁর খ্রিষ্টান নামেই পরিচিত হন। সগর্বে জানালেন, সময় বদলেছে, তাঁর নিজের মেয়ের নাম তিনি সাকিনাই রেখেছেন।হাবিব উল্লাহর বাবা ইরশাদ উল্লাহ দ্বিতীয় মহাযুদ্ধ শেষে আমেরিকায় আসেন। ছিলেন সৈনিক, এ দেশে এসে হলেন প্রথমে রেস্তোরাঁর শ্রমিক, পরে সেই রেস্তোরাঁর মালিক। হার্লেমের সেই রেস্তোরাঁর খদ্দের ছিলেন মূলত স্থানীয় আফ্রিকান-আমেরিকান, নয়তো কৃষ্ণকায় হিস্পানিক। এঁদের বাইরে অন্য কোনো বাঙালিকে হাবিব উল্লাহ চিনতেন না। ঈদে তাঁদের বাসায় ভোজ হতো, তাতে মুসলমান-খ্রিষ্টান সবাই আমন্ত্রিত। হাসান মিয়া এখন ডেট্রয়টে থাকেন। সেখানে অধিকাংশ বাঙালিই স্থানীয় আফ্রিকান-আমেরিকানদের সঙ্গে বিয়ে-থা করে, দু-তিন প্রজন্ম পরে পুরোপুরি আফ্রিকান বনে গেছেন। কিন্তু বাঙাল হওয়ার চেষ্টার কমতি নেই। হাসান মিয়া বললেন, বাঙালি হওয়া মানে ‘কারি’ রান্না শেখা। বিয়ের পর নতুন বধূকে বাঙালি কারি শেখানোর দায়িত্ব পড়ত কোনো প্রবীণ মহিলার। এঁদের গল্প শুনে আমি বিস্মিত হই। এক অর্থে এঁরা সবাই আমার আত্মীয়, নিকটজন অথচ দেশের কাউকেই আমি চিনি না, জানি না। আমি জানতে চাই, বাঙালি বলতে আপনারা ঠিক কী বোঝেন? বাংলা ভাষা অথবা সে দেশের ইতিহাসের সঙ্গে আপনাদের কোনো পরিচয় আছে কি? মঞ্চে উপবিষ্ট বক্তারা মাথা নাড়েন। কেউ কেউ দু-চারটে শব্দ জানেন বৈকি, কিন্তু তার বাইরে বিশেষ কিছু নয়। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তেমন পরিচয় নেই। তবে যাঁর যাঁর নিজের জেলা শহরের নাম তাঁরা ঠিকই জানেন। একজন নিজের পিতার জন্মস্থান সিলেট জানালে হলঘরজুড়ে তুমুল হাততালি। আলাদিন উল্লাহ, মোটের ওপর বাংলা বলতে পারেন। একবার পিতৃভূমি নোয়াখালীতে ঘুরেও এসেছেন। স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে আলাদিনের খ্যাতি আছে, টেলিভিশনে ও ফিল্মে অভিনয়ও করেছেন। নামে মুসলমান, ফলে তাকে যেসব চরিত্র দেওয়া হতো তার সবই অভিবাসীদের ক্যারিকেচার অথবা মুসলিম ‘টেররিস্ট’। ত্যক্ত-বিরক্ত হয়ে আলাদিন এখন নিজেই একটি একক চরিত্রের নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছেন—ডিশয়াশার ড্রিম। তাঁর পিতা হাবিব উল্লাহ। হাবিব প্রথমে পুয়ের্তো রিকোর এক মহিলাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর নোয়াখালীর এক গ্রামে গিয়ে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করে আমেরিকায় ফেরেন। আলাদিন তাঁরই সন্তান। এই আলাদিনের গল্প থেকেই বিবেক বলডের গবেষণার শুরু। একজন থেকে আরেকজন, তার থেকে আরেকজন, এভাবে একের পর এক বাঙালির খোঁজ পেয়ে তাঁদের গল্পটি লিখেছেন বেঙ্গলি হার্লেম গ্রন্থে। পুরোনো যে বাঙালি অভিবাসীর কথা লিখেছেন বিবেক, তাঁর নাম ইব্রাহিম চৌধুরী। আশির দশকের শেষ মাথায় নিউইয়র্কে আসার পর তাঁর সঙ্গে আমারও পরিচয় হয়েছিল। সে সময় তিনি পরিণত বয়সের, তার পরও বাঙালি অভিবাসীদের নানা কাজে তাঁকে সব সময় পাওয়া যেত। বিবেক জানিয়েছেন, প্রথম প্রথম যেসব বাঙালি এ দেশে বসতি গড়ার চেষ্টা করেন, তাঁদের অনেকেই বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। অভিবাসনেচ্ছু ভারতীয়দের ‘শ্বেতকায়’ হিসেবে বিবেচনার একটি পুরোনো আইন ছিল। পরে সেই আইন বদলে ‘উচ্চশিক্ষিত’ এমন ভারতীয়দের অভিবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ইব্রাহিম চৌধুরী ‘সাদা মানুষ’ হিসেবে নন, ভিন্ন বর্ণের ভারতীয় কর্মজীবী হিসেবে পূর্ণ নাগরিকত্ব দাবি করেছিলেন। অভিবাসনের দাবি জানিয়ে কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে ইব্রাহিম চৌধুরী দাবি করেছিলেন, ‘এ দেশ আমাদের মতো মানুষের রক্ত ও ঘামে গড়া, এ দেশের প্রতি আমাদের পূর্ণ অধিকার আছে। আমরা এ দেশে বিয়ে করেছি, আমাদের সন্তানসন্ততি এ দেশে বাস করে। এখানে আমাদের মৃত্যু হোক, তা-ই আমরা চাই।’ দীর্ঘ লড়াইয়ের পর ইব্রাহিম চৌধুরী নাগরিকত্ব পেয়েছিলেন। কিউবার একটি মেয়েকে বিয়ে করেছিলেন, তাঁদের এক ছেলের নাম যদ্দুর মনে পড়ে, আলী। নব্বইয়ের দশকের গোড়ার দিকে এই শহরেই তিনি মারা যান। মৃত্যুর আগে তাঁর সঙ্গে একবার শেষ দেখা হয়েছিল আমার। জীবনের অধিকাংশ সময়ই এ দেশে কাটিয়েছেন, অথচ কথা বলতে ভালোবাসতেন নিজ ভাষায়, বাংলায়। বাঙালি কাউকে পেলে ভীষণ আপ্লুত হতেন। অনুষ্ঠান শেষে বাইরে বেরোতেই কয়েকজন আমার কাছে এগিয়ে আসেন। কেউ কেউ বুকে জড়িয়ে ধরেন। একজন আমার হাত টেনে নিজের বুকের কাছে রাখেন। তাঁর বাবা সন্দ্বীপের মানুষ, তাঁর খুব ইচ্ছা সন্দ্বীপের লোকজনের সঙ্গে যোগাযোগ করার। তাঁর স্ত্রী, দুই ছেলেও এগিয়ে আসেন। তাঁরা আমার হাতে হাত রাখেন, যেন খুব পুরোনো কোনো বন্ধু।নিউইয়র্ক থেকে