>

দ্য ম্যান হু লাফস
ভিক্তর হুগো
অনুবাদ: শেখ আবদুল হাকিম
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: প্রথমা প্রকাশন
জানুয়ারি ২০১৫
পৃষ্ঠা: ১০৩, দাম: ২২০ টাকা।
ঊনবিংশ শতকের বৃত্তে শুধু ইংরেজি ও ফরাসি সাহিত্যেই প্রভূত সাহিত্য-শিল্পীর দেখা পাই আমরা। একসময় অনুবাদের মাধ্যমে তাঁদের সৃষ্ট সাহিত্যকর্মের স্বাদ গ্রহণ করার যে সুযোগ পেয়েছিলাম, তার স্মৃতি এখনো আমাদের আবেগপ্রবণ করে তোলে। আমাদের তখনকার পাঠের তালিকায় অবশ্যপাঠ্য ছিল ফরাসি কথাসাহিত্যিক ভিক্তর হুগোর রচনাবলিও। তাঁর দ্য ম্যান হু লাফস উপন্যাস যেমন ফরাসি সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ, তেমনি বিশ্বসাহিত্যেরও। তাই প্রথমা প্রকাশন যখন শেখ আবদুল হাকিমের স্বচ্ছন্দ অনুবাদে উপন্যাসটির সংক্ষিপ্ত ভাষ্য প্রকাশ করে, তখন তা নিঃসন্দেহে হয়ে ওঠে আনন্দবহ সংবাদ। দ্য ম্যান হু লাফস-এর কাহিনি জটিল নয়, তবে আঁকবাঁকে ভরা; ঘটনার পর ঘটনার ঘনঘটায় ঠাসা। কাকে এ বইয়ের নায়ক বলা হবে? সেই উর্সাসকে, যে একটি পশুবাহিত গাড়ি নিয়ে ফরাসি দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে লক্ষ্য সাধনের বাহক হিসেবে ঘুরে বেড়ায়? গ্রামের গরিব মানুষের সেবা করাই তার লক্ষ্য। তার পশু-টানা গাড়ির ভেতরটা রীতিমতো একটা গবেষণাগার, ওষুধপত্র তৈরির সরঞ্জামে ঠাসা। এই উর্সাসই এই উপন্যাসের অন্যতম মধ্যমণি।

উপন্যাসের কাহিনি সংক্ষেপে ঠিক এ রকমের: ইংল্যান্ডের সবচেয়ে অভিজাত প্রেমব্রোক পরিবারের প্রধান কর্তা আর্ল গুস্তাভ। তার শিশুসন্তান অপহৃত হয় একেবারে ছোট্ট বেলায়। সেই শোকে মারা যায় ভদ্রলোকের স্ত্রী। ‘সময় ফুরিয়ে এল আর্ল গুস্তাভেরও’। নিঃসন্তান সে। তিনকুলে আপনজন বলতে কেউ নেই। সে মারা গেলে বিপুল সম্পত্তির মালিক হবে তার এক জ্ঞাতিকন্যা। সেই কন্যাও আবার নিতান্ত শিশু, আর্লের নিখোঁজ সন্তানের চেয়ে দুই বছরের ছোট। নাম অ্যামেলিয়া। আর্লের ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত আইনজীবী রাসেল। রাসেলও এই উপন্যাসের অন্যতম মধ্যমণি। তারই উদ্যোগে ধাপের পর ধাপ বেয়ে খুলতে শুরু করে উপন্যাসের জট।
আর্ল গুস্তাভ যখন জীবিত, তখন তার বাগানের পরিচর্যাকারী একজন শ্রমিককে সাধারণ অপরাধে ভয়ানকভাবে বেত্রাঘাত করে সে। এরপর সেই ব্যক্তিই অপহরণ করে আর্ল গুস্তাভের সন্তান গুইপেলম বা গিয়েলুমকে। প্রতিশোধের অন্ধ স্পৃহায় গিয়েলুমকে নিয়ে লোকটি চলে আসে ইংল্যান্ড থেকে ফ্রান্সে। অস্ত্রোপচারকারী চিকিৎসকদের টাকা-কড়ি দিয়ে গিয়েলুমের মুখে সে এমনভাবে কাটাছেঁড়া করে, বিকৃতি ঘটায় যে—সব সময় বত্রিশটা দাঁত বেরিয়ে থাকে গিয়েলুমের। মনে হয় সর্বদাই সে হাসছে। গুস্তাভের সেই প্রতিহিংসাপরায়ণ কর্মচারী পরে হয়ে ওঠে ভয়ানক এক ডাকাত—ডাকাতের সর্দার। গড়ে তোলে বিশাল বাহিনী। তারপর? সেই ডাকাত সর্দার গিয়েলুমকে ভর্তি করিয়ে দেয় এক সার্কাস দেল। সেখানে তার হাসি আর খেলা দেখার জন্য ভিড় লেগেই থাকত। এর মধ্যে ডাকাত সর্দার নিজের নাম পরিবর্তন করে নতুন একটি নামও নিয়েছিল—অ্যালারিক। এই মানুষটিই ছিল আবার উর্সাসের ভক্ত, ভীষণ কৃতজ্ঞও। কেননা, আর্ল গুস্তাভ যেদিন বেত্রাঘাতে জর্জরিত করেছিল অ্যালারিককে, সেদিন তাকে চিকিৎসা দিয়ে ভালো করে তুলেছিল উর্সাস।
ঘটনা কিন্তু এখানেই থেমে থাকে না। ডাকাত অ্যালারিক আর চিকিৎসক উর্সাসের চেষ্টায় গিয়েলুম তার সহায়-সম্পদ ফিরে পায়। বিকৃত চেহারার এই মানুষটিই সভ্য হয় লর্ড সভার। কিন্তু কিছুই ভালো লাগে না তার। ফিরে আসে সে উর্সাসের কাছে। কারণ, সার্কাসের দলে থাকার সময় গিয়েলুমকে সইতে হতো নানা রকম অত্যাচার। সেই অত্যাচার সইতে না পেরে একদিন সার্কাস পার্টির তাঁবুতে আগুন লাগিয়ে এসে ঠাঁই পেয়েছিল এই মানবদরদি চিকিৎসক উর্সাসের দুয়ারে। তার কাছেই তার শিক্ষাজীবনের হাতেখড়ি—তার সামনে খুলে যায় জীবন, জগৎ ও জ্ঞানের উজ্জ্বল দরজা।
চমকপ্রদ এই কাহিনির আরও অনেক বাকি এখনো। আসলে আলোচ্য বইটি মানসিক ঘটনার টানাপোড়েনের এক দলিল। এর প্রতিটি চরিত্রই মুগ্ধ করবে পাঠককে, বিশেষত ডাকাত সর্দার অ্যালারিকের অনুতাপসিক্তবোধ ও তার শেষ দিকের তৎপরতা; গিয়েলুমের আত্মত্যাগী মনোভাব; উর্সাস, রাসেল ও আইরিনের পাশাপাশি অন্য চরিত্রগুলোও মন ছুঁয়ে যায়। সর্বোপরি দ্য ম্যান হু লাফস বইটির অনুবাদ ঝরঝরে। ধ্রুব এষের প্রচ্ছদপটটিও মনকাড়া।