হাহাকার-জড়ানো উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিহাব ও নাঈমার বৈবাহিক জীবনের ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানের ভেতর দিয়ে হে চন্দনা পাখি উপন্যাসের শুরু। তৃণা নামের মেয়ে শিশুসহ শিহাব-নাঈমার যে সংসার, তা ‘ফ্রেমে বাঁধাই’ করা ছবির মতোন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবীদের উপস্থিতিতে চলছে আনন্দ-ফুর্তি, উচ্ছল উৎসব উদ্যাপন। কিন্তু হঠাৎই তাল গেল কেটে। সৌম্য নামে শিহাবের মেস-জীবনের এক বন্ধু অনুষ্ঠান থেকে একটু আগেভাগে বিদায় নিতে গিয়ে যখন বলল, ‘আজ চন্দনাকে খুব মনে পড়ছে’, তখন এই উপন্যাসের মুখ্য পুরুষ চরিত্র শিহাবের মনের গহনে উঠল ঝড়। পলকে সে চলে গেল অনতি-অতীতে—ফ্ল্যাশব্যাকে।

শুরু হলো বিশ্বজিৎ চৌধুরীর লেখা নতুন এ উপন্যাসের মূল কাহিনি। কাহিনি কখনোবা ফ্ল্যাশ ফরোয়ার্ডেও এল।
চট্টগ্রাম সরকারি কলেজে পড়ে চন্দনা ও তার সহপাঠীরা। শিহাবও ভর্তি হয়েছে সেখানে। মেধাবী ছাত্র। বেশ স্বাভাবিক অথচ নাটকীয়ভাবে তার পরিচয় হয় কলেজ দাপিয়ে বেড়ানো পাখির নামে নাম চন্দনার সঙ্গে। সেই সম্পর্ক ঘনিষ্ঠ হতে সময় লাগে না। চন্দনা এমন এক চরিত্র—চন্দনার উচ্ছলতা ও আন্তরিকতা, শিহাবের সঙ্গে তার আচরণ—সব মিলিয়ে এমনভাবে আঁকা হয়েছে তাঁকে—কোনোভাবেই মনে হয় না মেয়েটি লেখকের কষ্টকল্পিত চরিত্র।

হে চন্দনা পাখি—বিশ্বজিৎ চৌধুরী
হে চন্দনা পাখি—বিশ্বজিৎ চৌধুরী
হে চন্দনা পাখি—বিশ্বজিৎ চৌধুরী
প্রচ্ছদ: মাসুক হেলাল l
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জানুয়ারি ২০১৬
১০৪ পৃষ্ঠা l
দাম: ২০০ টাকা

শিহাব খুবই গরিব এবং চন্দনা অসম্ভব ধনীর ঘরের মেয়ে। এটা জানার পরও শিহাব-চন্দনার মধ্যে ব্যবধান সৃষ্টি হওয়া তো দূরের কথা, দিনের পর দিন তাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে। শিহাবদের কধুরখিলের গ্রামের গরিবিয়ানা হালের বাড়িতে যেতেও দ্বিধা করে না চন্দনা। শিহাবও যায় চন্দনাদের বাড়িতে। পরিচয় হয় তার ধনকুবের অথচ সাদাসিধে, সহজ-সরল বাবার সঙ্গে। এর মধ্যে এই তরুণ-তরুণীর সম্পর্ক তুইতোকারিতে নেমে আসে। ক্রমে শিহাব জানতে পারে, চন্দনা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। সবকিছু জানার পরও শিহাব একসময় স্বীকারোক্তির সুরে বলে (উল্লেখ্য, পুরো উপন্যাস প্রথম পুরুষে, অর্থাৎ শিহাবের জবানিতে লেখা), ‘হাওয়ায় পাওয়া গাছের শাখার মতো না না করেও ঝড়কে ঠেকানো গেল না। আমি প্রেমে পড়ে গেলাম।’ চন্দনার প্রেমে। ‘আর চন্দনা, ওর পক্ষপাত বুঝতে পারি।’ শিহাবের বোধসিক্ত উচ্চারণ, চন্দনা ‘আকাশে পেঁজা তুলোর মতো ওড়ে। ওই চটুলতাকে কী করে মুঠোয় ধরি আমি!’
কিন্তু চন্দনাকে নিয়ে শিহাব যতই দ্বিধায় থাকুক না কেন, চন্দনা প্রমাণ দেয় শিহাবের জন্য কতদূর যেতে পারে সে। গল্প মোড় নেয় কলেজে আকস্মিকভাবে—চন্দনার অনুপস্থিতির ঘটনা থেকে। ফলে শিহাব চন্দনার খোঁজে প্রথমে তার বান্ধবী নাঈমাকে তাদের বাড়িতে পাঠায়। কেয়ারটেকারের কাছে শোনে সে দেশে নেই, বিদেশে গিয়েছে। তারপর শিহাব নিজে যায়। গিয়ে শোনে চন্দনা কঠিন অসুখের শিকার। ক্যানসারে আক্রান্ত।
গল্প আবার নতুন করে বাঁক ফেরে। চিকিৎসা শেষে দেশে ফিরে আসে তার চন্দনা। কিন্তু একি, শিহাব মেলাতে পারে না তার চিরচেনা চন্দনাকে, ‘হঠাৎ লক্ষ করলাম চুলের স্টাইলটা পাল্টে ফেলেছে। কাঁধের ওপর পর্যন্ত ববকাট চুল।...বললাম, কী রে, চুলটা এ রকম জাপানি পুতুলের মতো করে রেখেছিস কেন? জবাবে চন্দনা বলে, ‘এটা তো উইগ, দেখবি?’ বলে এক টানে মাথা থেকে পরচুলাটা সরিয়ে নিলে চমকে উঠলাম। খাট-বিছানা, এমনকি পুরো বাড়িটা চোখের সামনে ভূমিকম্পের মতো দুলে উঠল যেন। চন্দনার মাথাটা ন্যাড়া!’ এরপর থেকেই শিহাবের মনস্তত্ত্বগত পরিবর্তনের সূচনা। চাকরি পেয়েছিল আগেই। নাঈমাও। শেষত মারা যায় চন্দনা। এর চার মাস পর শিহাব বিয়ে করে নাঈমাকে। কিন্তু ভুলতে পারে কি শিহাব চন্দনাকে?
উপন্যাসের শেষ হচ্ছে এভাবে, ‘হঠাৎ কী ঘোরের ভেতর মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে “চন্দনা...চন্দনা...” বলে ডুকরে কেঁদে উঠি। তৃণা কাঁচা ঘুম থেকে উঠে অবাক হয় বাবাকে দেখে।’ আর ‘একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিপন্ন বিস্ময়ে আমার দিকে স্থির তাকিয়ে থাকে নাঈমা।’
হে চন্দনা পাখি-এর পাঠ শেষে হাহাকারের তীব্রতায় ভরে ওঠে মন। চরিত্রাঙ্কনে, ঘটনার আবহ সৃষ্টিতে বিশ্বজিৎ চৌধুরীর পারঙ্গমতায় অভিভূত—মুগ্ধ হই! সে মুগ্ধতা সহজে কাটে না।