হায় অদুসসেউস
ফেরা মানে হারিয়ে যাওয়াও। হায় অদুসসেউস
তুমি জানতে তার সৌন্দর্য।
যুদ্ধ শেষ হলে ট্রয়ের ঘোড়াগুলো মিশে গেল
বহিঃস্তরে, বাতুল হাওয়ায়। তার সম্পর্কের প্রতীকতা
হায় অদুসসেউস, বৈচিত্র্যভীতিকে নিয়ে তুমি
ফের পাড়ি দিতে গেলে সমুদ্রের ভয়াবহ মরুভূমিগুলো
স্নায়ুকোষ অপস্বপ্নে ছিল, ঢাকা, ছিল উৎকণ্ঠিত
তুমি তার প্রবৃত্তির গিরিপথে ছোটালে যে অশ্বখুরধ্বনি।
যুদ্ধ শেষ হলে কী থাকে আর? কী আর থাকে—
হারানো শিশ্নের গান, আর তার উদ্বিগ্ন সন্ত্রাস
অতীতের প্রকাশ্য আচরণ যা তাকে স্মৃত্যভাসে
মানবনির্জন দ্বীপে নিয়ে যায়, যৌনঘর ভেসে আসে,
গতিভঙ্গি জানতে তুমিও, জানতে—
শূন্যতাকে মনোবৃত্তি দিয়ে ঢেকে দিতে হয়,
যখন হেমন্তের পাতায় ঢেকে যায় অন্তরিত যোনিচিত্র
গোধূলিসন্ধির ঈর্ষায়, আমরা বুঝেছি অথবা কী বুঝিনি তা
অনুভূতি করোটিবিদ্যার থেকে ধার করে এনেছিল
মনোবিকাশের গ্রন্থি, স্তন, হর্ষ, ক্রোধ, উত্তেজনা
আর যৌনবিপর্যাস। হায় অদুসসেউস, তুমি তো জানতে
ফেরা মানে আরম্ভের কাছে যাওয়া, যা আজ তোমাকেই করে নিঃশেষ।