
: স্যার, আসতে পারি?
: হ্যাঁ, আসুন।
: আগামীকাল আমার ছুটি চাই, স্যার।
: কেন?
: একটু জরুরি কাজ আছে, স্যার।
: কী এমন জরুরি কাজ?
: আমার বিয়ের কথাবার্তা চলছে। কাল পাত্রপক্ষ দেখতে আসবে। কথাটা শুনে ঝিম মেরে গেল আবির। যে মেয়েটাকে চাকরির প্রথম দিন থেকেই ভালোবেসে আসছে, তার বিয়ে হয়ে যাবে?
: বিয়েটা কি এখনই করা জরুরি?
: স্যার, কিছু বললেন?
: না, কিছু না। ওকে কাল আপনার ছুটি।
দরজাটা ভেজিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচল লুনা। যাক বাবা! হিটলারটা তাহলে ছুটি দিল। হিটলারের কাছ থেকে ছুটি নেওয়া আর এভারেস্ট জয় করা একই কথা। আবিরকে গোটা অফিসের সবাই তার অগোচরে হিটলার ডাকে।
২.
: স্যার, আসব?
: আসুন।
: ফাইলটা নিতে এসেছিলাম।
: আপনার বিয়ের কী খবর?
: বিয়েটা হচ্ছে না, স্যার। তারা চাকরিজীবী মেয়ে চায় না।
: থ্যাংকস।
: কী বললেন, স্যার?
: না কিছু না। নিন ফাইল নিন।
: ওকে, স্যার।
ফাইলটা নিয়ে নিজের ডেস্কে ফিরে এল লুনা। ফাইলটা খুলতেই লুনা দেখল তাতে লেখা, ‘এই মেয়ে, তুমি নাকি আমাকে হিটলার ডাকা শিখিয়েছ পুরো অফিসকে? শাস্তিস্বরূপ তোমাকে এই হিটলারের বউ হতে হবে।’
(বিঃদ্রঃ লুনা, আমাকে বিয়ে করবে, প্লিজ? যদি রাজি থাকো, তাহলে কাল অফিসে নীল শাড়ি পরে এসো। আমি অপেক্ষা করব।)
লুনা চিঠি পড়ে অবাক হয়ে হিটলারের কেবিনের দিকে তাকাল। আবিরের চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল ও। হিটলারটা এত দিন লুকিয়ে লুকিয়ে যে দেখত, সেটা লুনা জানেই না! জানাজানি পরে। আগে তাকে দ্রত নীল শাড়ি কিনতে যেতে হবে। ওর হিটলারের নির্দেশ। ওর হিটলার? হ্যাঁ, ওরই তো!
রাহিথা
ব্রাহ্মণবাড়িয়া