হিলব্রাউ ও গ্রিনহিলস্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলব্রাউয়ের টেলিকমিউনিকেশন টাওয়ার
হিলব্রাউয়ের টেলিকমিউনিকেশন টাওয়ার

জোহানেসবার্গের হিলব্রাউ এলাকা থেকে কম্বিতে করে গ্রিনহিলস্ রোডে আসতে সময় লাগল ঘণ্টা খানেক, তবে ঝামেলা কিছু হলো না। জোহানেসবার্গে আমি ঘুরে বেড়ানো শুরু করেছি রোজব্যাংক বিপণিবিতান থেকে। বাহন হিসেবে ব্যবহার করছি দক্ষিণ আফ্রিকায় ‘কম্বি’ বলে পরিচিত মাইক্রোবাস। অনেকটা আমাদের দেশের কোস্টারের মতো, কম্বিতে চড়তে হয় আরও বারো-চৌদ্দজন প্যাসেনজার্সদের সঙ্গে শেয়ার করে। এতে সময় প্রচুর লাগলেও বাহনটি ট্যাক্সির চেয়ে দামে অনেক সস্তা। কম্বিতে যে ব্রিফকেস খোঁয়ানো বা বোঁচকা চুরি একেবারেই হয় না তা নয়, তবে পকেটে মানিব্যাগ সামলে রাখতে পারলে মোটমির্যা এদের নিরাপদই বলা চলে।
জোহানেসবার্গের মতো মেগা মেট্রোপলিটনের ইট-কংক্রিট, কাচ ও ইস্পাতের আর্বান গোলকধাঁধায় গ্রিনহিলসের সবুজ বাতাবরণ পর্যটকদের খর দৃষ্টিতে বুলিয়ে দেয় শ্যামল পরশ। কম্বি থেকে নেমে কয়েক পা সামনে বাড়াতেই এসে পড়ি পাক্কা এক শ বছরের পুরোনো এক বয়োবৃদ্ধ ওকগাছের সামনে। তার পেছনজুড়ে কৃত্রিম হাঁস-ভাসা হ্রদের পাড়ে পরপর আরও ছটি বয়স্ক ওক বৃক্ষ। ১৮৮৬ সালে কাছাকাছি উইটওয়াটারস্ট্যান্ড বলে এক খনিতে স্বর্ণ আবিষ্কার হলে মূলত জোহানেসবার্গ শহরের পত্তন হয়। প্রাকৃতিকভাবে এ ভূ-ভাগ সাভানা গ্রাসল্যান্ড বলে পরিচিত। এখানকার দীর্ঘ ঘাসে ছাওয়া প্রান্তরে কাঁটাময় তরুগুল্মের ঝোপঝাড় কিছু থাকলেও মূলত এ এলাকা ছিল বৃক্ষহীন ধু ধু সুনসান। স্বর্ণের আকর ডিসকভার হওয়ার আগে থেকেই এখানে ডাচ বংশোদ্ভূত বুয়ার বলে পরিচিত কয়েক ঘর হোয়াইট ফার্মার গড়ে তোলে তাদের খামারবাড়ি। আমি এ মুহূর্তে হাঁস-ভাসা যে পুকুরের পাড়ে শতাব্দী প্রাচীন ওকগাছের ছায়ায় হাঁটাহাঁটি করছি, এখানকার জমিজমা জাগা-মিরাশের প্রথম পত্তনদার হচ্ছে বুয়ার সম্প্রদায়ের বেজুইডেনহৌট ফ্যামিলি। তাদের পরিবারের নামটি বেজায় খটমটে হলেও খামারের পোশাকি নাম ‘ড্রনফনটেইন’ শব্দটি সহজেই মনে রাখা যায়। বছর তিরিশেক আগেও এখানে ছিল ওয়ালনাট ওয়াক বলে মশহুর এক সুদৃশ্য বৃক্ষবীথি। কাগজপত্র ঘাঁটলে জানা যায়, সাভানা গ্রাসল্যান্ডে বেজুইডেনহৌট পরিবার কেপটাউন থেকে গাছের বীজ আনিয়ে তৈরি করে ওয়ালনাটের খামার। এ প্রজাতির গাছপালার আয়ু বছর পঞ্চাশের বেশি নয়। তো ওয়ালনাটের কোনো পাত্তা না পেলেও আমি হাঁটতে হাঁটতে শনাক্ত করি একটি মারকুটে চেহারার বাজপোড়া ব্লু সপ্রাউস বৃক্ষ। তার কাছাকাছি একহারা ফিগারের একটি সোনালি সাইপ্রেসগাছ। আমি অবশ্য সিগ্ধ চেহারার দেওদার তরুতলায় রাখা মরচেপড়া লোহার বেঞ্চ বেছে নিই একটু জিরিয়ে নেওয়ার জন্য।
ঘণ্টা খানেক আগেও আমি হাঁটাহাঁটি করছিলাম জোহানেসবার্গের ক্রাইম-কণ্টকিত হিলব্রাউ এলাকায়। ওখানকার স্ট্রেসফুল অভিজ্ঞতা কেতলিতে বলকানো জলের মতো আমার ভেতর বাষ্পরুদ্ধ হয়ে আছে। গ্রিনহিলসের শ্যামল পরিবেশে তা রিলিজ করার কোশেসে আমি জার্নালে ওখানে কী কী ঘটেছে, তা ডিটেলেস লিখি। কম্বি আরও জনা পাঁচেক প্যাসেনজার্সদের সঙ্গে আমাকে নামিয়ে দেয় হিলব্রাউ টাওয়ারের কাছাকাছি। কংক্রিট, কাচ ও টাইলসে তৈরি ৮৮৩ ফুট উঁচু—দেখতে অনেকটা অতিকায় মাশরুমের মতো টেলিকমিউনিকেশনের টাওয়ারটি এই কিছুদিন আগেও ছিল আফ্রিকার সর্বোচ্চ স্থাপনা। গত শতকের সত্তর দশকের এপারটাইট বা বর্ণবিভাজনের আমলে হিলব্রাউ ছিল ‘হোয়াইট অনলি’ এলাকা। এখানে কৃষ্ণাঙ্গ, ভারতীয় বা চীনা বংশোদ্ভূত অথবা মিশ্রবর্ণের কালারড বা মুলাটো আদম সন্তানদের আগমন ছিল স্রেফ নিষিদ্ধ। তারপর নেলসন ম্যান্ডেলার প্রেসিডেন্সিতে দিন বদল হলো। শ্বেতাঙ্গরা পাততাড়ি গুটিয়ে পালাল, আর মিডিয়ায় এই ‘অল হোয়াইট’ এলাকার নতুন নামকরণ হলো গ্রে এরিয়া হিসেবে। অর্থাৎ শ্বেতকায়দের ফেলে যাওয়া দালান দুমেলার দখল নিল কৃষ্ণাঙ্গ জুলু, টসংগা ও সটো সম্প্রদায়ের লোকজন। তাদের সঙ্গে মিলেঝুলে সম্পদের ভাগ-বাঁটোয়ারা নিয়ে আমছইল বাধাল জিম্বাবুয়ে কিংবা মালাওয়ে থেকে আসা শরণার্থীরা। হিলব্রাউ টাওয়ারের দিকে তাকিয়ে আমার মনে প্রথম যে ইমেজটি আসে তা-ও মিডিয়ার কল্যাণে। ওই এলাকার নাগরিকেরা কোনো কারণে অসন্তুষ্ট হয়ে দুজন সিকিউরিটি অফিসারের প্যান্ট খুলে দিগম্বর হালতে শীতের রাতে ছেড়ে দিয়েছিল টাওয়ারের তলায়। উদ্ধার করতে পুলিশ এলে তাদের সঙ্গে এরা যে আচরণ করে এ ছলুককেও শোভন বলা চলে না। স্রেফ ডান্ডাপেটায় সরকারি পেয়াদাদের মেরুদণ্ড বাঁকা করে গলায় ঝুলিয়ে দিয়েছিল একটি করে সাইকেলের চাকা। আজকে অবশ্য টাওয়ারের চত্বরকে খুবই শান্ত-সুনসান দেখায়। আমাকে বিনোদন দেওয়ার জন্য মঞ্চস্থ হয় না কোনো হিংসাত্মক নাটক।
হিসাব-কিতাব করে হিলব্রাউয়ের রাজপথে পা ফেলি। থ্রিপিস-স্যুট পরা, টাই ও পকেট স্কয়ারের রুমালে লেফাফাদুরস্ত এক কৃষ্ণাঙ্গ পুরুষ—এক হাতে পাইপ ও অন্য হাতে নিউজপেপার ধরে রীতিমতো হ্যান্ডসআপ ভঙ্গিতে প্রাণভয়ে পিছু হটছেন। তাঁকে টয় রিভলবার নিয়ে তাড়া করছে বছর তিন বা চারেকের একটি বাচ্চা ছেলে। ছোট ছোট চোখ ও বোঁচা নাকে শিশুটির মুখে আমি স্পষ্ট মঙ্গোলিয়ান আদল দেখতে পাই। ভাবি, তাদের সম্পর্ক কি পিতামহ ও পৌত্রের? এ স্যুট পরা কৃষ্ণাঙ্গ প্রৌঢ়ের পুত্রবধূ কি কোরিয়ান কিংবা ফিলিপাইনস থেকে আসা অভিবাসী?
পায়ে চলার পেভমেন্টে কাপড়চোপড় ইস্ত্রি করার আয়রনিং বোর্ড খাটিয়ে তার ওপর অজানা কোনো দ্রব্য সাজিয়ে দুলে দুলে কবিগানের সুরে কিছু বিক্রি করতে চাচ্ছে গতরে শকুনের ছবি আঁকা স্যুয়েটশার্ট পরা দুই হকার। ছবি তুলতে আমি ক্যামেরা বাওছাও করলে তর্জনী তুলে নিষেধ দিয়ে র্যা পগানের কেতায় তারা গেয়ে ওঠে, ‘উই আর নাইজেরিয়ানস/উই নো ভালচার/উই হ্যাভ কালচার/আর্ট অ্যান্ড কালচার/নো পিকচার/উই আর নাইজেরিয়ানস।’ তা বেশ, ছবি তুলে কাজ নেই। তারা এখন ভ্রু নাচিয়ে চোখের ইশারায় আয়রনিং বোর্ডের পণ্য দেখিয়ে ছন্দসুরে আওয়াজ দিচ্ছে—ফা...তা তা তা। ঠিক বুঝতে পারি না, কী ছাতামাথা বিক্রির জন্য গান করছে তারা।
টাওয়ারকে প্রেক্ষাপটে রেখে লাল ডাকবাক্সের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে এক ধারালো দেহের যুবতী। মেয়েটি থাই না চীনা, সঠিকভাবে বলা মুশকিল। পায়ে তার পেনসিল শার্প হাইহিল। সে স্কার্ট তুলে কোমর ঘুরিয়ে বারবার এমন কেতায় পোজ দিচ্ছে যে তার সঙ্গী পুরুষ তো হেসে জেরবার। তিনি ফটোগ্রাফ তোলার মেকি ভঙ্গি করলে তার স্কার্টের পট্টবাস সরে গিয়ে প্রকাশ পায় গোলাপি অন্তর্বাস। ত্বক তার চকচকে চিক্কন এবং ঊরুর মসৃণ গড়ন, হয়তো সে সেক্স ওয়ার্কার, তার দিকে বারবার তাকানো হতে পারে অশোভন?

হাঁস-ভাসা হ্রদ ও ওক বৃক্ষ
হাঁস-ভাসা হ্রদ ও ওক বৃক্ষ
পুলিশ পথচারীদের চেপে ধরেছে দেয়ালে
পুলিশ পথচারীদের চেপে ধরেছে দেয়ালে

সাহস করে এসেছি যখন, এদিক-ওদিক তাকিয়ে আরও দুয়েক কদম আগ বাড়ি। ফুটপাতে কাচভাঙা কয়েকটি গাড়ি। তার পেছনের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দিন কয়েক আগে বুঝি দাঙ্গা বা রায়ট হয়ে গেছে। ভেতরে আসবাবপত্র ভাঙা, ওখানকার দুয়ারগুলো লোপাট হয়েছে, কেমন যেন নাঙ্গা দেখায় জানালায় কাচফাচ না থাকাতে। এসে পড়ি মল্লযুদ্ধ বা বক্সিংয়ের প্র্যাকটিস করা যায় এ রকমের এক জিমনেশিয়ামের সামনে। খুবই তাগড়ামতো এক কৃষ্ণাঙ্গ পুরুষ ইশারায় জানতে চান, আমি জিমনেশিয়ামে ঢুকে তাঁর সঙ্গে ঘুষাঘুষি খেলতে চাই কি না। পেশায় পালোয়ান নই, নেহাত নিরীহ মসিজীবী, তাই কালো এ নওজওয়ানের আহ্বানে সাড়া দিতে পারি না পজিটিভভাবে।
তিনি এবার ইশারায় তাঁর সামনে রাখা একটি ঠেলাগাড়ি দেখান। কয়েটি কোকাকোলার বোতল তাতে কাঠফাটা রোদে উত্তপ্ত হচ্ছে। এর ভেতর কী যে গুপ্ত হয়ে আছে বলা মুশকিল, বুঁজকুড়ি কাটছে সবুজ ফেনা। তিনি আমাকে একটি পানীয়ের শিশি কিনতে বললে আমি নেতিবাচকভাবে মাথা নাড়ি। তিনি উঠে দাঁড়িয়ে বলেন, তোমার পান করার দরকার নেই, স্রেফ কিনে দিলেই হবে, বিশ রেন্ড জাস্ট পে করো, ড্রিংকসটা আমি নিচ্ছি। টাকার জন্য হাত বাড়ালে প্যাচপেচে কাদাপাঁকে ঢুকে পড়া শোল মাছের মতো কিলবিল করে উঠে তাঁর মাসোলের বাইসেপ, পেশায় তিনি নির্ঘাত কুস্তিগীর, তার চাহনি শীতল—ধীরস্থির। আমি সম্মোহিতের মতো মানিব্যাগ বের করলে তিনি শুধু একটি বিশ রেন্ডের নোট তুলে নিয়ে বলেন, এ ড্রিংকসের দাম মাত্র বিশ রেন্ড, আমি প্রয়োজনের বেশি কাউকে চার্জ করি না। এ জিমনেশিয়াম আমার, আবার এসো, আমার কাছ থেকে অনেস্ট ব্যবহার পাবে।
হিলব্রাউ টাওয়ারের দিকে হাঁটতে গিয়ে ভাবি, স্বেচ্ছায় আজ জোহানেসবার্গ পরিক্রমা করতে বেরিয়েছি, একটু ঝুঁকি নেওয়া হচ্ছে বটে, ফুটপাতের দুর্ধর্ষ প্রকৃতির দোকানিরা উৎপাত করলেই যে কুপোকাত হব—নিজেকে আমি এতটা কাপুরুষ বিবেচনা করি না। তবে একটু হুশ করে চলতে হয়। তো আপন হিম্মতকে ভরসা করে কদম কয়েক সামনে বাড়ি। বড়সড় রাজপথের লাগোয়া দেয়ালে লাল পেইন্ট দিয়ে সোমালিয়া, সেনেগাল, রোয়ান্ডা প্রভৃতি অনেকগুলো আফ্রিকান দেশের নাম সারি দিয়ে লেখা। তার আশপাশে ঘুর ঘুর করছে গোবেচারা গোছের জনা সাতেক পথচারী। ঝুলন্ত ব্যালকনি থেকে খিলখিলিয়ে হাসে তিনটি যুবতী। তাদের ভরাট স্তন সল্প বহরের রুমাল দিয়ে প্যাঁচানো। একটি নারী চিমটা দিয়ে তুলে কাকে যেন দেখাচ্ছে সিল্কের অন্তর্বাস। অন্য মেয়ে দুটি মাথায় পোড়ামাটির ঘটি রেখে আড়চোখে তাকায়। তাদের আচরণ পথনাটকের নটীদের মতো। শরীরের প্রভোকেটিভ ভঙ্গিতে তারা শিস কেটে হিড়িক দিলেই পুলিশ এসে হাজির হয় কোথা থেকে। তারা যে নির্বিষ না, বোধ করি তা প্রমাণ করার জন্য পথচারীদের কলার টেনে চেপে ধরে দেয়ালে, সার্চ করে পকেট, এদিকে খামখেয়ালে হেঁটে যাওয়া নিরাপদ কি? এ পথে এসে তো দেখি পড়া গেল ব্যাপক মুসিবতে। আমি উল্টা দিকে দ্রুত পা চালাই।
হিলব্রাউ টাওয়ারের তলায় এসে দেখি দাঁড়িয়ে আছে একটি এক্সপেনসিভ গোছের ইয়োলো ক্যাব। চোখে পড়া মাত্র আমি হলুদ ট্যাক্সিটি পাকড়াই—কোথাও যাতায়াতের প্রয়োজনে নয়, বরং বলা যায় স্রেফ পলায়নের তীব্র তাগিদে। ট্যাক্সি ড্রাইভার গাত্রবর্ণে কৃষ্ণাঙ্গ। তাঁর চেহারা যমদূতের মতো জমকালো। জোহানেসবার্গের ট্যাক্সিতে প্যাসেনজারের কবজি মুচড়ে রিস্টওয়াচ খুলে নেওয়ার ঘটনা হামেশা পত্রিকার শেষ পাতায় ছাপা হয়। নারীদের নাক থেকে চিমটি দিয়ে নথ বা নোলক খুলে নেওয়ারও ঘটনা ঘটে অহরহ। আতঙ্কে আমি পেছনের সিটে সিঁটিয়ে বসে থাকি। কিন্তু আমার ট্যাক্সি ড্রাইভার উদাসীন, অন্যমনষ্কভাবে শিস দিয়ে সম্ভবত জুলু কিংবা শাংগান সম্প্রদায়ের দোহাতি সংগীতের সুর ভাজতে ভাজতে আমাকে নামিয়ে দেন গ্রিনহিলস রোডে।
জার্নাল লেখার পালা চুকিয়ে দিয়ে পুকুরের থির জলের দিকে তাকাই। ভাবি, এ খামার যারা তৈরি করেছিল, সে বেজুইডেনহৌট পরিবারের লোকজন কি এখনো জোহানেসবার্গের অন্য কোনো আবাসিক এলাকায় বাস করছে? নাকি নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে কৃষ্ণাঙ্গ মানুষদের রাজনৈতিকভাবে উত্থান হলে তারা অভিবাসী হয়ে পাড়ি দিয়েছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের শ্বেতাঙ্গপ্রধান ভূমণ্ডলে? পানিতে ডুব-সাঁতার কাটছে জলপ্রিয় কোনো হাঁস। ঘণ্টা খানেক আগেও আমার চারপাশের পরিবেশ কত ভিন্ন ছিল। হিলব্রাউ এলাকায় চলাচলে অঙ্গারের মতো ধিকিধিকি জ্বলছিল উদ্বেগ। সামান্য সময়ের ব্যবধানে এ স্ট্রেসফুল অভিজ্ঞতা নিভে গিয়ে ছাইয়ের ধূসর প্রলেপের মতো কী রকম যেন স্মৃতিতে পরিবর্তিত হচ্ছে।
বেশ কটি তাজাতনা কাঠঠোকরা পাখি এসে ওকগাছের ডালে ল্যান্ড করে। দেখতে দেখতে একই প্রজাতির আরও কয়েকটি খেচর এসে তাতে যোগ দেয়। সবাই সমবেতভাবে ঠোকাঠুকি শুরু করলে প্রচণ্ড আর্বান সেটিংয়ে তাদের দলবদ্ধ উপস্থিতি দেখে তাজ্জব হই। অবশ্য জোহানেসবার্গের বেশুমার ইমারতরাজি ও ল্যাম্পপোস্টের গোলকধাঁধায় সড়কদ্বীপ ও ফুটপাতে দিব্যি বেঁচেবর্তে অম্লজান ছড়াচ্ছে ৬০ লাখ বৃক্ষ। কাঠঠোকরা কুলের ঠোকাঠুকির জন্য ডালপালা অবশ্য এন্তার আছে এখানে। মরচে পড়া লোহার বেঞ্চে এসে পড়ছে দুপুরের তীব্র সূর্যরশ্মি, কাঠঠোকরার আওয়াজও হয়ে উঠছে ক্রমেই তেজস্বী, মনে হয় মগজে কেউ ঠুকছে একসঙ্গে অনেকগুলো পেরেক। এখানে আর বসা যাচ্ছে না, তাই আজকের মতো উঠে পড়ি।