
হুইলচেয়ারে বসিয়ে মাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? জানি না। জানি, এটা শুধু একধরনের যাত্রা। এর কোনো গন্তব্য নেই। যেখান থেকে শুরু সেখানেই এসে শেষ হতে হবে! মাঝে শুধু কিছু মুহূর্তের জন্য বিকেল হলে আকাশের নানান রং, পাখিদের ঘরে ফেরা; আর সকাল হলে শুধু নৈঃশব্দ্যের ঘোর; তা ছাড়া গাছ, ফুল, পাখি, চেনা-অচেনা আরও কত কী আমাদের সঙ্গী হয়ে যায় চলার পথে। আমরা চলতে চলতে এসব দেখি। দেখি আর ভাবি, প্রতিটি মুহূর্তই নতুন। আজ যে বাতাস, কাল থেকে সে ভিন্ন, আজকের যে পথ কাল থেকে তা আরও ভিন্নতর; বা আমি, আমরা সবই আলাদা গতকালের চেয়ে—আমাদের অনুভূতিমালা, ভাবনা, দেখার চোখ, সময়।
মা হুইলচেয়ারে বসে আছে, আর আমি ঠেলে ঠেলে তাকে নিয়ে যাচ্ছি। মাকে বলছি, মা, দেখেছ দেখেছ আকাশের রংটা কী রকম? আচ্ছা মা বলো তো, ওই গাছটার নাম কী? আরে তুমিই তো আমাকে ওই গাছটা চিনিয়েছিলে। বলো না মা? ঠিক আছে, এই ফুলটার রং কী বলো? আমার অবিরাম প্রশ্নের মুখে মা চুপ থাকে। কিছুই বলে না। ঘাড়টা গুঁজে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কেন? তার গন্তব্য আরও কত দূর, এটাই কি সে ভাবে?
আমাদের চলার পথে, খুব সুন্দর একটা পুকুর আছে। পুকুরের চারপাশ ঘিরে রাস্তা। স্বচ্ছ নীল আকাশ সে পুকুরের বুকের ভেতর। আরও আছে সার সার নারকেল, সুপারিগাছ। সে পুকুরেই আমি সাঁতার শিখেছিলাম। মা আমাকে বলত, তুই এখনো সাঁতার শিখলি না বাবু! তোর যে কী হবে? বাবাকে বলত, তুমি ওকে সাঁতার শেখাবে না? ছেলেটা কি সাঁতার না জেনেই বড় হবে? বাবা বলত, সাঁতার তো ওকেই শিখতে হবে? সাঁতার কি শেখানো যায়? আমি প্রতিদিন হাত-পা ছুড়ি, জলের সঙ্গে ভাব-ভালোবাসা করি, কিন্তু জলের মন গলে না। একদিন প্রেম হলে, জল তার শরীরে খুনসুটি করার সম্মতি দিলে গিয়ে বলি, মা, আমি এখন সাঁতার জানি, আমার আর কোনো ভয় নেই। মা আমাকে বুকে টেনে বলে, বাবু তোকে আরও কত কী শিখতে হবে, তবেই না তুই জীবন নদীতে সাঁতরাতে পারবি! আমি কি আর তখন জীবন নদী বুঝি? সাঁতারের সব কৌশল জানি?
হা! সাঁতার! মাকে বলি, মা, মুখ তোলো, রাস্তায় কী আছে বলো? সব সময় ঘাড় গুঁজে থাকো কেন যাত্রাপথে বলো তো? বলি, একবার আকাশটা দেখো। পথ সব সময় সংকীর্ণ আর ভুলে ভরা হয় আর আকাশ হয় বিশাল, মহান। এমন করে করেই তো তোমার ঘাড়টা আর উঁচু হলো না। ঠিক আছে, তাহলে পুকুর দেখো। পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমি সাঁতারের গল্প বলি। মা তাকিয়ে থাকে। বলে না কিছুই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখি, পুকুর দেখি, তার গভীরে মাছের খেলা দেখি, আরও গভীরে কাদার মধ্যে ঘুমিয়ে থাকা শৈশব দেখি। বুক ভরে শ্বাস নিই। ভাবি, আমিই শুধু বকবক করে যাচ্ছি। এবার থামা যাক। কিন্তু মনের মধ্যে অবিরত কথার খই ফুটতে থাকে। মাকে কত কী দেখানোর বাকি থেকে যাচ্ছে, কত কী বলার বাকি থেকে যাচ্ছে। যদি আর সময় না পাই!
মায়ের পা ঘেঁষে বসি। অবিশ্বাস্য মনে প্রশ্ন করি, মা, তুমি কি কোনো কথাই আর বলতে পারো না? কোনো শব্দ? তোমার মুখ থেকে যে কথা শুনতে ইচ্ছা করে। ভালো-মন্দ, হ্যাঁ-না, কিছু তো একটা বলবে! খুব কি কষ্ট হয়, মা! মনে হয় তখন একটা ঝড় হয়, স্মৃতির ধুলাবালু ওড়ে; মায়ের চোখ থেকে জল গড়িয়ে নামে। আমি আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিই। ঠিক আছে মা, তোমাকে কথা বলতে হবে না। শুনতে তো পাও? দেখি মা, হুইলচেয়ারটাকে শক্ত করে আঁকড়ে ধরে সামনে ঝুঁকে সব শক্তিকে একত্র করে হাঁসের মতন ফ্যাসফ্যাসে স্বরে শোনা যায় কি যায় না এমনভাবে বলে ওঠে, হ্যাঁ। আমার দুই চোখের কোণেও তখন জল জমে।
হুইলচেয়ারের চাকা ঘোরে। মাকে বলি, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা কোরো না, আমি তো আছি, তোমার মনে আছে মা, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে কোলের মধ্যে জড়িয়ে কত গল্পই না করতে—পান্তা বুড়ি, সুঁচকুমার। আচ্ছা মা, আমি কি সুঁচকুমার? আমার মাঝেমধ্যে নিজেকে সুঁচকুমার মনে হয়। কত শত সহস্র কাঁটা শরীরে নিয়ে ঘুরে বেড়াই, কেউ জানে না, মা। কেউ না! মা আমার দিকে ফিরে তাকায়। তার চোখে শঙ্কা দেখি। আমি হাসতে হাসতে বলি, এসব নিয়েই তো চলছি-ফিরছি, এখন আর কোনো কষ্ট হয় না। তোমার মনে আছে মা, একটা সাইকেল কিনে দেওয়ার জন্য কত বায়না করেছি বাবার কাছে, একবার তো ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। অথচ বাবা কিছুতেই সাইকেল কিনে দিল না। বলল, বড় হও, তারপর। আমি কি তখন বড় ছিলাম না, বলো? একটা সাইকেল পেলে কত দূর যেতে পারতাম। অথচ আমার যাওয়া হলো না, দেখা হলো না কিছুই! এসব কাঁটা, মা! তুমি দুঃখ কোরো না। এখন আমি চাইলে এক শটা সাইকেল কিনতে পারি। কিন্তু সাইকেলের সময় যে চলে গেছে, মা। তাকে কি ফেরানো যায়?
বাবা, বাবা—ডাকে তাকিয়ে দেখি, আমার পাঁচ বছরের ছেলেটা দৌড়ে আসছে। এসেই ঘর্মাক্ত মুখে রাগত স্বরে, তোমাকে আমি কত খুঁজছি। কোথায় গিয়েছিলে দাদুমণিকে নিয়ে? তুমি জানো না, একা একা দাদুমণি ভয় পায়! বলেই সে আমার হাত থেকে হুইলচেয়ারের হ্যান্ডেল কেড়ে নিয়ে চলতে থাকে। আমি বলি, কোথায় চললে? সে বলে, ঘুরতে। আমি ঠিক বুঝে উঠতে পারি না, এত ছোট একটা ছেলে তার দাদুমণির সঙ্গে কী কথা বলে? কোথায় যায়? ভয় ভাঙানিয়া কোন গান শোনায়?