হুমায়ূন আহমেদ এবং ক্রিকেট

নিজের ছেলেবেলার কথা হুমায়ূন আহমেদ বেশ ফলাও করে লিখে রেখে গেছেন। দুটি বই আমার ছেলেবেলা আর কিছু শৈশব-এর বাইরেও তাঁর রচনায় এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ছবি, যাতে আমরা শিশু হুমায়ূনকে দেখতে পাই। এই শিশুটি বেশ দুরন্ত। পাড়াময় দাপিয়ে বেড়ান। আমরা তাঁকে অনেক কিছুই করতে দেখি। কেবল খেলার মাঠে কিংবা তার আশপাশে তাঁকে কখনো দেখতে পাই না!
আদতে এটাই সত্য। হুমায়ূন কখনো সংগঠিত মেঠো খেলায় আগ্রহী ছিলেন না। ক্রিকেট ব্যাট কখনো হাতে ধরেছেন, এমন মনে হয় না। অথচ ইদানীং যখনই ক্রিকেট খেলা দেখব বলে টেলিভিশনের সামনে বসি, হুমায়ূনকে আমার পাশে বসা দেখতে পাই। অন্যভাবে বলতে গেলে—আমি যেন তাঁর পাশে বসেই খেলা দেখি।
বিশ্বকাপ থেকে পাকিস্তান আর ভারতের সঙ্গে দুটি সিরিজ। আমাদের ছেলেরা প্রতিটি খেলাতেই দিব্যি ভালো খেলেছে। আত্মম্ভরি পাকিস্তানকে তো দিয়েছে ধবলধোলাই। সবই দেখেছি হুমায়ূন আহমেদের পাশে বসে। চমকে ওঠার কারণ নেই। নিয়ত সঞ্চরণশীল সময়ের মাঝে থেকেও মানুষ কখনো কখনো বিশেষ সময়ের সঙ্গে আটকা পড়ে যায়। আমার জন্য ক্রিকেট খেলা দেখতে বসা তেমনি একটা সময়। হুমায়ূন আহমেদের উপস্থিতি যে সময়ের অনিবার্য শর্ত।
ব্যাপারটা ঘটেছে এভাবে যে হুমায়ূন কখনো মাঠের দিকে পা-ও বাড়াতেন না, জীবনের পরিণত পর্যায়ে তাঁর ক্রিকেট খেলা দেখা ছিল এক জমাটি আয়োজনের বিষয়। প্রধানত তাঁর নিজের বাসায় আর মাঝেমধ্যে বন্ধু স্থপতি আবু করিম কিংবা আলমগীর রহমানের বাসায় ঘটা করে খেলা দেখার আসর বসত। আমরা অনেকেই আমন্ত্রিত হতাম সেই আসরে। বলে রাখা দরকার, কোনো বড় দলের ভালো খেলা এমন উপলক্ষ তৈরি করত না। কেবল বাংলাদেশের খেলা হলেই এমনটা ঘটত। হারজিত নিয়ে মাথাব্যথা নেই। জিতল তো ভালোই। হারলেও হাততালি—খেলেছে-খেলেছে তো বেশ! অতএব, চালাও খানাপিনা! যার আয়োজন আগ থেকেই করে রাখা হতো।
এমন সব স্মৃতি ভোলা যায় না। ইচ্ছে করলেও ঝেড়ে ফেলা যায় না মন থেকে। বিশেষ করে যখন জানি কী গভীর দেশপ্রেমই ছিল হুমায়ূনের যাবতীয় কর্মকাণ্ডের প্রেরণা। খেলায় তিনি আগ্রহী ছিলেন না। ব্যস্ত জীবনে কালক্ষয়ী ক্রিকেটে মন দেওয়ার অবকাশও তাঁর ছিল না। তবু যেদিন থেকে বাংলাদেশ মোটামুটি ভালো খেলতে শুরু করেছে, হু্মায়ূন হয়ে উঠেছেন তার অনুরাগী। হারতে দেখলেও খুশি হয়ে উঠতেন এই ভেবে যে জেতার সময় একদিন আসবেই। এমন সম্ভাবনার গোড়ায় পানি সিঞ্চনের উদ্দেশ্যে ব্যক্তিগত পরিচয়ের তোয়াক্কা না করেই উঠতি খেলোয়াড় সাকিব আল হাসানকে উৎসর্গ করলেন একটা বই!
এই লেখাটি লিখতে লিখতেই দেখছিলাম বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের খেলাটি। খেলা শেষের মুখে নাতি-নাতনিরা যখন উল্লাসে মুখর, আমার কলজেয় মোচড় পড়ল—হায় রে, হু্মায়ূন যদি এ মুহূর্তে পাশে থাকতেন! আমাদের আনন্দে তেমন হেরফের হয়তো ঘটত না। সময় তো সব বেদনাতেই নিরাময়ের মলম বোলায়। কিন্তু নিশ্চিত জানি, মুস্তাফিজ-সৌম্যরা হুমায়ূন আহমেদের অমেয় আশীর্বাদে ধন্য হতেন।
যাবতীয় নির্মাণ আর লেখালেখিতে যেমন, তেমনি খেলাধুলার কদরদানিতেও হুমায়ূন আহমেদকে স্বতন্ত্র দেখতে পাওয়াও আমার জন্য এক তৃপ্তি
হ্যাঁ, হুমায়ূন নিজেকে উজাড় করে দেওয়ার এমন উপলক্ষই খুঁজে বেড়াতেন। মনপ্রাণ দিয়ে চাইতেন বাংলাদেশ এগিয়ে যাক। পৌঁছাক গৌরবের শীর্ষে। ছিনিয়ে আনুক যাবতীয় সম্মান। এমন স্বপ্নপূরণের সুযোগ আছে বলেই ক্রিকেট উপলক্ষ করে মেতে উঠতেও তাঁর ক্লান্তি ছিল না!
গোড়ায় বলেছি, মাঠের দিকে পা বাড়ানোর অভ্যেস বা অবকাশ কোনোটাই তাঁর ছিল না। তবু একবার অন্তত মিরপুর স্টেডিয়ামে হাজিরা দিয়েছিলেন। কোনো বড় আর নামীদামি দলের খেলা দেখতে নয়।
খেলাটি ছিল বাংলাদেশ আর ক্রিকেটের অর্বাচীন দল স্কটল্যান্ডের মধ্যে। খেলায় বাংলাদেশ হেরে যেতে পারে, এমন একটা আশঙ্কা দেখা দিতেই মাঠ ছেড়ে বেরিয়ে এলেন। বাড়ির পথ ধরলেন। কেন? না, এমন ঘটা করে, অত লোকের মাঝখানে বসে বাংলাদেশের পরাজয় দেখতে পারবেন না বলে!
এই ছিলেন আমাদের হুমায়ূন। এই বাংলার মাটি আর মানুষের সঙ্গে প্রীতির বন্ধনে এমনই একাত্ম হয়ে ছিলেন তিনি। একটা সময় ছিল যখন ক্রীড়াক্ষেত্রে একমাত্র দাবাই আমাদের কিছু সম্মান আর আন্তর্জাতিক পরিচিতি এনে দিচ্ছিল। প্রতিযোগিতামূলক দাবাও বেশ কালক্ষয়ী। পাঁচ ঘণ্টার মতো তো বটেই। হুমায়ূনকে তখন মাঝেমধ্যে দাবার আসরের পাশে বসে থাকতে দেখেছি। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যখন তাঁর কৈশোরে আন্তর্জাতিক মাস্টার খেতাব পেলেন, তখন যাঁরা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। কিশোর নিয়াজকে বাসায় ডেকে আপ্যায়িত করেই হুমায়ূন শান্ত হননি, তাঁর উদ্দেশে একটা বইও উৎসর্গ করেন। লক্ষ্য একটাই—আরও আরও গৌরব চাই। চাই দেশ ও জাতির মুখ উজ্জ্বলতর করা!
এমন একজন মানুষের বন্ধুত্ব অর্জনকে আমি আমার জীবনের এক বড় পাওয়া বলেই গণ্য করি। নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠতার শুরু। হয়তো বয়সের পার্থক্যটাকে গুরুত্ব দিতে গিয়েই ডাকতেন ‘নানাজি’ বলে। এই সুবাদে আমার কাছে দাবির হাত বাড়ানোয় তাঁর অসুবিধে ছিল না। ব্যস্ততার চাপে তাঁর পক্ষে আমার কাছে আসা আর তেমন হয়ে উঠত না। ফলে যখন-তখনই ডাক আসত—‘নানাজি, চলে আসুন।’ ক্রিকেট উপলক্ষে আয়োজিত আসরে তো বটেই। তবে আজ দেখছি, তাঁর আয়োজিত আসর আমি মাঝেমধ্যে এড়িয়ে গেলেও আমার নিঃসঙ্গ আয়োজনের দৈন্য ঘোচাতে হুমায়ূন আহমেদ আমার নিত্যসঙ্গী। তাঁকে পাশে পেয়ে আমি উল্লসিত হই, তাঁকে হারানোর বেদনায় বুকের অতলে রক্ত ঝরাই! সে আমার একান্ত গোপন বেদনা, আনন্দের সঠিক প্রেরণাদায়ী।
এই অবকাশে বলে রাখি, বাহাত্তরে ঘনিষ্ঠতার শুরু হলেও একটা পুরোনো সম্পর্কও আমাদের মধ্যে ছিল। তাঁর সাহিত্য-অন্তঃপ্রাণ পুলিশ পিতার সঙ্গেও আমার একটা সম্পর্ক ছিল। ১৯৫৬-৫৭ সালে সিলেট মিরাবাজারে ওঁদের বাসায় বেশ কয়েকবারই গিয়েছি। বাসার পাশে ছিল অনেকটা খোলা জায়গা। কয়েকজন শিশুকেই দেখতাম ওখানে জটলা পাকাতে। ছোটাছুটি-হুল্লোড় করতে। নিশ্চয়ই হুমায়ূনও থাকতেন তাদের মাঝে। তখন অবশ্য তাঁকে আলাদা করে চিনে রাখার তাগিদ বোধ করিনি। তার কোনো কারণও ছিল না। এখন যখন সবার মাথা ছাপিয়ে স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত হয়ে বিরাজমান তিনি, ওই নজর করে না দেখাটাও মনে বড় হয়ে ওঠে।
যাবতীয় নির্মাণ আর লেখালেখিতে যেমন, তেমনি খেলাধুলার কদরদানিতেও হুমায়ূন আহমেদকে স্বতন্ত্র দেখতে পাওয়াও আমার জন্য এক তৃপ্তি। ক্রিকেটপ্রীতি ছিল তাঁর দেশপ্রেমেরই এক সুন্দর অভিব্যক্তি।