হুমায়ূনের জাদুর মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুশিল্পী এম এ জলিল একসময় হুমায়ূন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন। নানা সময় জাদু নিয়ে তাঁরা আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। পরস্পরকে জাদু দেখাতেন এবং জাদুর ওপর লেখা বিভিন্ন বই বিনিময়করতেন। প্রবাসীএই জাদুশিল্পীর স্মৃতিচারণায় ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদকে পাওয়া যায়। এম এ জলিল বর্তমানে অস্ট্রেলিয়া-প্রবাসী।নানা সময়ে হুমায়ূন আহমেদের বাসায় গিয়েছি। একবারের কথা: হুমায়ূন আহমেদ আমাকে জিজ্ঞেস করলেন, পামিং করেন? এই বলেই তিনি নিজেই কয়েন বের করে আমাকে পাম করে দেখালেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, হচ্ছে? আমি বললাম, নিখুঁত।পামিং হচ্ছে হাতের তালুতে বা আঙুলের ফাঁকে বিশেষ কায়দায় কয়েন বা সিগারেট লুকিয়ে রেখে প্রথমে দর্শকদের খালি হাত দেখাতে হয়। তারপর ওই লুকানো কয়েন বা সিগারেট কখনো বা তাস উধাও করে দিয়ে আবারও এনে দেখানো হয়। দক্ষভাবে পামিং করার জন্য প্রয়োজন হয় বছরের পর বছর একনিষ্ঠ সাধনা। হুমায়ূন আহমেদ যখন বারবার নিখুঁতভাবে পামিং করলেন, আমি তখনই বুঝতে পারলাম, তিনি অনেক বড় মাপের একজন জাদুশিল্পী। শুধু শখের জাদুশিল্পী এত নিখুঁতভাবে পামিং করতে পারবেন না কখনোই।হুমায়ূন আহমেদ আমাকে সেদিন জানালেন, তাঁর সংগ্রহে প্রচুর ম্যাজিকের বই আছে, আছে বৈঠকি ম্যাজিকের নানা সরঞ্জাম। এই বলে তিনি নিয়ে এলেন একটি বাক্স। তার ভেতর থেকে কিছু ম্যাজিকের জিনিসপত্র বের করে বললেন, ‘এগুলোর কৌশল আমি ভুলে গেছি, আপনার জানা থাকলে বলবেন কি?’ দেখিয়ে দিলাম। উনি বললেন, ‘অসংখ্য ধন্যবাদ।’এরপর হুমায়ূন আহমেদ আমার কাছে কোনো উন্নত ম্যাজিকের বই আছে কি না জানতে চাইলেন। আমি তাঁকে বললাম, পরে আরেক দিন নিয়ে আসব। পরে তাঁর জন্য নিয়ে যাই: ক্লাব ও স্টেজ ম্যাজিকের বই। বইগুলো তাঁর হাতে তুলে দিলাম এবং লক্ষ করলাম তাঁর মুখভরা হাসি। তাঁকে দেওয়া সেই বইগুলো এখন কোথায়, কীভাবে আছে, জানি না। কিন্তু তাঁর সেই হাসি এখনো আমার চোখে ভাসে। আর চোখ পানিতে ভরে যায়।