হুসেনের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার, চিত্রসমালোচক কে. বিক্রম সিংয়ের লেখা মকবুল ফিদা হুসেন গ্রন্থ থেকে অনূদিত২০০৫ সালে হায়দরাবাদের একটি চায়নিজ রেস্তোরাঁয় বসে হুসেন আমাকে মারিয়া, মানে ম্যারি জরোস্লাভ জুরকোভার প্রেমে পড়ার গল্প শুনিয়েছিলেন। ১৯৫৬ সালে প্রাগের একটি গ্যালারিতে চিত্র প্রদর্শনীর জন্য হুসেনকে আমন্ত্রণ জানানো হয়। এতে শুধু ভারতীয় পটভূমিতে আঁকা শিল্পকর্ম প্রদর্শন না করে প্রাগের পটভূমিতে আঁকা কিছু কাজও তিনি উপস্থাপন করতে চেয়েছিলেন। এ কারণে প্রদর্শনীর তিন সপ্তাহ আগে প্রাগে হাজির হয়েছিলেন তিনি। উদ্দেশ্য, প্রদর্শনীর জন্য সেখানে বসে নতুন কিছু ছবি আঁকা।প্রাগে অবস্থান করার সময় মারিয়া নামের এক তরুণী বহুভাষাভাষী হুসেনের দোভাষী ও শিল্পবিশ্লেষক হিসেবে কাজ করেন। ধর্মতত্ত্ব, উপমহাদেশীয় শিক্ষা ও পশ্চিমা ধ্রুপদি সংগীতের প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল। হুসেনের ইংরেজি বলার ধরন বরাবরই ভাঙা ভাঙা ও জড়তা মিশ্রিত। তবে ভারতীয় পুঁথি, পুরাণ, লোকসাহিত্য, চিত্রকলাসহ প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অতলস্পর্শী। মোদ্দা কথা, এসব সম্পর্কে একজন ইউরোপীয়র আগ্রহ প্রশমনে যতটুকু জ্ঞান থাকা দরকার, বলা যায়, তার সবই হুসেনের মধ্যে ছিল। ফলে মারিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে সময় লাগেনি। তাঁর মাধ্যমে হুসেন পশ্চিমাদের মনন ও পশ্চিমা সংগীত সম্পর্কে সম্যক ধারণা পেয়েছিলেন। অন্যদিকে মারিয়া এই ‘অ-পশ্চিমাপন্থী’ ভারতীয়র মধ্য দিয়ে ভারতবর্ষ ও ভারতীয় দর্শন সম্পর্কে প্রগাঢ় ধারণা লাভ করেছিলেন।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে হুসেন সবাইকে অবাক করে ঘোষণা করেন, প্রদর্শনীতে আনা ৩২টি ছবির একটিও বিক্রির জন্য নয়। এর সব কটি তিনি মারিয়াকে উপহার দিয়েছেন। হুসেন আমাকে বলেছিলেন, ‘ভারতে ফিরে প্রতিদিন মারিয়াকে একটা করে চিঠি লেখা আমার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল।’তিনি বলেছিলেন, ইংরেজি ব্যাকরণে তিনি দুর্বল কিন্তু মারিয়ার প্রতি তাঁর যে ভালোবাসা, তা ছিল অত্যন্ত জোরালো। সে ভালোবাসার প্রাবল্য তিনি ইংরেজি গদ্যে কোনো দিনই প্রকাশ করতে পারবেন না। তবে কবিতার মধ্য দিয়ে তিনি সে অনুভূতি প্রকাশের চেষ্টা করেছেন। মারিয়ার কাছে চিঠি লিখতে গিয়েই হুসেন ইংরেজি ভাষায় কাব্যিক ছন্দ লেখা শুরু করেন। এ পঙিক্তগুলোর মধ্যেই মারিয়া সমৃদ্ধ দৃশ্যকল্প ও সুগভীর অর্থবহ ভাষা খুঁজে পেয়েছিলেন।পরবর্তী বেশ কয়েক বছর হুসেন প্রাগে নিয়মিত যাওয়া-আসা করেছেন। দুজন ঘনিষ্ঠভাবে মিশেছেন। এমনকি বিয়ে নিয়েও দুজনের মধ্যে ‘সিরিয়াসলি’ আলোচনা হয়েছে। মারিয়ার প্রেমে হুসেন এতই পাগল হয়ে উঠেছিলেন যে তিনি স্ত্রী ফজিলাকে তালাক দিতে চেয়েছিলেন। মারিয়াকে বিয়ে করার পর চাইলে আবার যাতে ইসলামসম্মতভাবে ফজিলাকে বিয়ে করা যায়, সে জন্য ফজিলাকে সাময়িক বিয়ে (হিল্লা বিয়ে) করার জন্য এক বন্ধুকে তিনি পীড়াপীড়ি করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে হুসেন ও মারিয়ার জীবনের পটভূমিতে ছিল বিস্তর ফারাক। মারিয়া একে তো ছিলেন ইউরোপীয়, তার ওপর খ্রিষ্টান। অন্যদিকে হুসেন একে তো ভারতীয়, তাও আবার ধর্মভীরু মুসলিম পরিবারের সন্তান। মারিয়া কোনোভাবেই ভারতে আসতে রাজি হননি। অন্যদিকে হুসেনও দেশ ছেড়ে বিদেশবিভুঁইয়ে যেতে চাননি। নিয়তির নির্মম পরিহাস, এ ঘটনার প্রায় ৫০ বছর পরে, ২০০৬ সালের গোড়ার দিকে হুসেনকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে হিন্দু মৌলবাদীদের দায়ের করা অসংখ্য মামলার কারণে দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন মকবুল ফিদা হুসেন।যা-ই হোক, ১৯৬৪ সালে মারিয়া ও হুসেনের প্রেমের পরিসমাপ্তি ঘটে। প্রাগে পড়তে আসা আইসল্যান্ডের তরুণ জ্যানস ডট্টিয়ারকে ওই বছরই বিয়ে করেন মারিয়া। তবে হুসেন ও মারিয়ার মধ্যে বন্ধুত্ব টিকে ছিল। মারিয়ার বিয়েতে হুসেন উপস্থিত হয়েছিলেন। বিয়ের পর নবদম্পতি স্থায়ীভাবে বসবাসের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং হুসেনের পেইন্টিংগুলো তাঁরা সঙ্গে নিয়ে যেতে চাইলেন। ছবিগুলো যাতে তাঁরা নির্বিঘ্নে কাস্টমস পার করে অস্ট্রেলিয়া নিয়ে যেতে পারেন, শুধুমাত্র সেকারণেই প্রাগে হাজির হন হুসেন। ২০০৫ সালের সেপ্টেম্বরে ৯০তম জন্মবার্ষিকীতে হুসেন অস্ট্রেলিয়ায় গিয়ে মারিয়া ও তাঁর স্বামীর সঙ্গে দেখা করে এসেছিলেন। এর এক বছর পর ২০০৬ সালের আগস্টে মারিয়া তাঁর নিজের দেশ চেক প্রজাতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন উপহার হিসেবে পাওয়া সব পেইন্টিং তিনি হুসেনকে ফিরিয়ে দেন। ততদিনে হুসেনের এ শিল্পকর্মগুলোর মূল্য গিয়ে ঠেকেছে কয়েক লাখ ডলারে।২০০৭ সালে হুসেনের সঙ্গে দেখা করতে দুবাই গিয়ে তাঁর বাসায় মারিয়ার ফেরত দেওয়া ৬০টি পেইন্টিংই দেখেছিলাম। এই হলো হুসেনের প্রেমকাহিনি, যা অনেকটা গল্প-উপন্যাসের মতোই। অনুবাদ: সারফুদ্দিন আহমেদ